পরমাণু চুক্তি না মানলে ইরানে বোমাবর্ষণ, হুমকি ট্রাম্পের

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইরান পরমাণু চুক্তি না করলে দেশটিতে যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি টিভি-কে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা জানিয়েছেন।

বিপরীতে ইরান জানিয়েছে, তারাও ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে।

মূলত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি এখনও বিশ বাঁও জলে। এরও আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হতে পারে না। রোববার তার প্রত্যুত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বোমাবর্ষণ এবং অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে “বোমাবর্ষণ” করা হবে। তিনি বলেন, “আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ না হলে বোমা নিক্ষেপ করা হবে।”

এমনকি, এই আক্রমণের তীব্রতা অভূতপূর্ব হবে বলেও জানিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়। তাদের সঙ্গে চুক্তি না হলে অতিরিক্ত শুল্কও চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “আমি চার বছর আগে যে শুল্ক চাপিয়েছিলাম আবার তা ফিরিয়ে আনব”। তিনি মনে করিয়ে দেন, এর ফলে চাপের মুখে পরবেন সাধারণ ক্রেতারা।

এদিন এয়ার ফোর্স ওয়ান ক্যাম্পে ট্রাম্প আরও বলেন, “আমরা আলোচনার জন্য আর সপ্তাহ দুয়েক সময় দেব। তাতে কাজ না হলে আমরা চাপ সৃষ্টি করব। আজ থেকে ছয় বছর আগেও আমি তাই করেছিলাম। তাতে কাজ হয়েছিল।”

অন্যদিকে ইরান তাদের অবস্থানে আপাতত অনড়। রোববার ইরানের এক টিভি চ্যানেলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, “আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি কথা বলবে না তেহরান। তবে পরোক্ষ আলোচনার সুযোগ রয়েছে।”




ঈদের দিনেও দখলদার ইসরায়েলের হামলা, প্রাণ গেল ২০ ফিলিস্তিনির

চন্দ্রদ্বীপ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিনেও অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববারের এই হামলায় গাজায় কমপক্ষে ২০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে; যাদের বেশির ভাগই নারী এবং শিশু।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় আজ পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন পালন করা হচ্ছে। এই দিনে ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনিরা আনন্দ উদযাপন করে থাকলেও এ বছর একেবারে ভিন্ন চিত্র দেখা গেছে। গাজায় বোমা বিস্ফোরণ, কামানের গোলার শব্দের মাঝে ফিলিস্তিনিদের বেঁচে থাকার আর্তনাদ বিলীন হয়ে যাচ্ছে।

গাজার মধ্যাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় রোববর সকালের দিকে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান থেকে গুলি চালানো হয়েছে। আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজজুম গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে বলেছেন, ‘‘আমি এই মুহূর্তে ইসরায়েলি বিমান থেকে গুলির শব্দ শুনতে পাচ্ছি। দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।’’




২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদান পাবে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : চীনা সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঐতিহাসিক সফরের ফলস্বরূপ এ প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার (২৮ মার্চ) এ তথ্য জানান।

বাংলাদেশি কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, প্রায় ৩০টি চীনা কোম্পানি বাংলাদেশে এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগে চীনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার পর এ প্রতিশ্রুতি এসেছে।

চীন মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের জন্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার ঋণ, চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তার জন্য ১৫০ মিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণের মাধ্যমে আসবে।




মিয়ানমারে ভূমিকম্পে অন্তত ১৪৪ জনের মৃত্যু

চন্দ্রদ্বীপ ডেস্ক : মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩০ জন। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে দেশটি বড় দুটি ভূমিকম্পে কেঁপে উঠে।

মৃত্যুর সংখ্যাটি নিশ্চিত করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। এই সংখ্যা আরও বাড়তে পারে। সামরিক সরকারের কর্মকর্তা জেনারেল মিন অং হ্লাইং টেলিভিশন ভাষণে বলেছেন, “নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।”

মিয়ানমার ছাড়াও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। সেখানে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি। ব্যাংককে একটি নির্মাণাধীন উঁচু ভবন ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

এপি জানিয়েছে, মিয়ানমারের রাজধানী নেপিডোতে তোলা ছবিতে দেখা গেছে, সরকারি কর্মচারীদের ব্যবহৃত বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা সেখানে আটকে পড়াদের বের করার চেষ্টা করছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয় রাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এক উদ্ধারকারী জানিয়েছিলেন, মান্দালয়ের অবস্থা বেশ খারাপ। সেখানে শত শত মানুষের মৃত্যুর শঙ্কা করেছিলেন তিনি।

কম্পনের তীব্রতা বেশি হওয়ায় মান্দালয়ের বিভিন্ন সড়ক, সেতু ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীর এখন ওই আক্রান্ত এলাকায় কীভাবে পৌঁছাবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দেশটিতে ২০২১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। এতে সেখানে মানবিক বিপর্যয় চলছিল। এই ভূমিকম্প পরিস্থিতি আরও জটিল করে তুলবে।

মান্দালয়ের সড়কের পাশাপাশি মা সো ইয়েন নামের একটি মঠ ধসে পড়েছে। এটি দেশটির সবচেয়ে বড় মঠ। এছাড়া ভেঙে পড়েছে পুরোনো রাজপ্রাসাদও। এরমধ্যে দাতব্য সংস্থা ক্রিষ্টান এইড জানিয়েছে, সেখানে একটি বাঁধ ফেটে গেছে। এতে করে নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে।

শুক্রবার দুপুরে আঘাত হানা জোড়া ভূমিকম্পের প্রথমটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৭। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪।

মিয়ানমারের স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। গৃহযুদ্ধের মধ্যে থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এখন সামনে আসা শুরু করেছে।

বার্তাসংস্থা আনাদোলু স্থানীয় সংবাদমাধ্যম খিত তিতের বরাতে জানিয়েছে, ভূমিকম্পে মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদ ধসে পড়েছে। এছাড়া সেখানে আরও অন্তত তিনটি মসজিদ ভেঙে পড়েছে। মসজিদ ধসে পড়ে এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন।

একজন উদ্ধারকর্মী বলেছেন, “আমরা যখন নামাজ পড়ছিলাম তখন এটি ধসে পড়ে। তিনটি মসজিদ ধসে পড়েছে। মানুষ আটকে আছেন। এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেশি হতে পারে। শি ফো শিং মসজিদও ধসে পড়েছে।”

এছাড়া তুয়াঙ্গো সিটির মঠ ধসে পাঁচ উদ্বাস্তু শিশু নিহত হয়েছে। তারা সেখানে আশ্রয়ে ছিল। সময় যত গড়াচ্ছে চারদিক থেকে ততই মৃত্যুর তথ্য আসছে।




মিয়ানমারে ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যুর শঙ্কা

চন্দ্রদ্বীপ ডেস্ক মিয়ানমারে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মান্দালয়ের অবস্থা বেশ শোচনীয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এক উদ্ধারকারী জানিয়েছেন ‘সেখানকার ক্ষয়ক্ষতি বিশাল’। তিনি বলেছেন, “মৃত্যুর সংখ্যাও অত্যাধিক। এখন পর্যন্ত আপনাদের আমরা এতটুকুই বলতে পারব। কারণ এখনো উদ্ধার অভিযান চলছে।” তিনি আরও বলেন, “হতাহতের সঠিক সংখ্যাটি এখনো জানা যায়নি। কিন্তু এটি অন্তত কয়েকশ হবে।”

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে আঘাত হানা জোড়া ভূমিকম্পের প্রথমটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৭। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪।

মিয়ানমারের স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। গৃহযুদ্ধের মধ্যে থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এখন সামনে আসা শুরু করেছে।

এখন পর্যন্ত অন্তত ৫৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহত হয়ে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া অনেকে ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

বার্তাসংস্থা আনাদোলু স্থানীয় সংবাদমাধ্যম খিত তিতের বরাতে জানিয়েছে, ভূমিকম্পে মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদ ধসে পড়েছে। এছাড়া সেখানে আরও অন্তত তিনটি মসজিদ ভেঙে পড়েছে। মসজিদ ধসে পড়ে এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন।




থাইল্যান্ডে ৩০ তলা ভবন ধস, ভেতরে আটকা ৪৩ কর্মী

চন্দ্রদ্বীপ ডেস্ক : মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের ব্যাপক ধাক্কা লেগেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে পড়েছে এবং এতে আটকা পড়েছেন অন্তত ৪৩ জন নির্মাণ কর্মী।

ব্যাংকক পুলিশ জানিয়েছে, রাজধানী শহরের চাতুচাক মার্কেটের কাছে ছিল এই ভবনটির অবস্থান। ভূমিকম্পের সময় ৫০ জন কর্মী ছিলেন ভবনটিতে। ভূমিকম্পের সময়ে তাদের মধ্যে ৭ জন ভবনটির বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন, বাকিরা বের হতে পারেননি।

ভবন ধসের চিত্রটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন একজন নেটিজেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সে ভিডিওটি।




কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ ভারতীয় পুলিশ নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এতে চার পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

সংঘর্ষে দুজন বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছেন। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, জম্মু ও কাশ্মিরের কাঠুয়া জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘর্ষে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। দুই বিচ্ছিন্নতাবাদীও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং তিন থেকে চার বিচ্ছিন্নতাবাদী এখনও লুকিয়ে আছেন।

এছাড়া পুলিশের একজন ডেপুটি সুপারিনটেনডেন্টসহ পাঁচজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

এনডিটিভি বলছে, ভারতীয় সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা রক্ষী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, বিশেষ অভিযান গোষ্ঠী এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর দল গত পাঁচ দিন ধরে কাশ্মিরের ওই এলাকায় তল্লাশি চালিয়ে আসছিল। গত রোববার সেখানে গুলিবিনিময় হয় এবং মঙ্গলবার স্থানীয় এক বাসিন্দা পুলিশকে জানান, সেনাবাহিনীর পোশাক পরা দুই ব্যক্তি এলাকায় খাবার খাওয়ার সময় তার কাছে পানি চেয়েছিল।




৩ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক : তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা জানিয়েছেন।

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদের দমনে ট্রাম্প প্রশাসন যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে ভিসা বাতিলের বিষয়টিও রয়েছে। শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদের দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে আমেরিকা কমপক্ষে ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

গায়ানা সফরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, “হয়তো এই মুহূর্তে ৩০০ জনেরও বেশি। আমরা প্রতিদিনই এটা করছি, যখনই আমি এই পাগলদের কোনও একজনকে পাই (ভিসা বাতিল করে দিই)।”

মূলত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল-বিরোধী বলে বিবেচিত বক্তৃতা দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে কতজন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এমন প্রশ্ন করা হলে রুবিও এসব কথা বলেন। টাফ্টস বিশ্ববিদ্যালয়ে পড়া একজন তুর্কি শিক্ষার্থীকে অভিবাসন কর্মকর্তারা আটক করার পর মার্কিন পররষ্ট্রমন্ত্রীর পক্ষ এই মন্তব্য করা হয়েছে। এমনকি ওই শিক্ষার্থীকে গ্রেপ্তারের পক্ষেই রয়েছেন রুবিও।




৩ বছরে ইউক্রেনে নিহত ১২ হাজার ৮ শতাধিক বেসামরিক : জাতিসংঘ




র’এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার, যা বলল ভারত

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং- ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার যে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার।

মঙ্গলবার ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) এর বার্ষিক প্রতিবেদন ২০২৫ প্রকাশিত হয় যেখানে ‘র’ এর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি।

বুধবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ভারত শুধু মার্কিন কমিশনের ওই বিবৃতিকে খারিজই করেনি, ইউএসসিআইআরএফ-কে আন্তর্জাতিকভাবে একটি ‘উদ্বেগের সংস্থা’ (এনটিটি অফ কনসার্ন) হিসেবে চিহ্নিত করারও দাবি তুলেছে।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ওই সংস্থা যেভাবে পরিস্থিতির ‘পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়ন’কে তাদের প্যাটার্ন করে তুলেছে এবং ‘তথ্যকে বিকৃত করে পেশ করছে’ তাতে ওই বর্ণনাই তাদের প্রাপ্য।

সরাসরি না বললেও ভারত ওই রিপোর্টটিকে কার্যত ‘ফেইক’ বলেই দাবি করেছে। ২০২৩ সালে নিউইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিক হত্যাচেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং- ‘র’ এর একজন কর্মকর্তা ও দেশটির ছয়জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ আবারো সামনে এনেছে যুক্তরাষ্ট্র ওই সংস্থা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মার্কিন ওই কমিশনের ২০২৫ সালের বার্ষিক রিপোর্ট তাদের নজরে এসেছে– কিন্তু আরও একবার সেখানে তাদের পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক দুরভিসন্ধিমূলক প্যাটার্নই পরিলক্ষিত হচ্ছে।

যেসংস্থা এরকম ‘এজেন্ডা-ভিত্তিক’ দাবি করে থাকে, তাদের অথেন্টিসিটি বা বৈধতা কতটা, সে প্রশ্নও তোলা হয়েছে।

‘ইউএসসিআইআরএফ যেভাবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে বারবার ভুলভাবে তুলে ধরতে চাইছে এবং ভারতের প্রাণবন্ত ও বহুত্ববাদী সমাজকে নিয়ে প্রশ্ন তুলতে চাইছে, তাতে বোঝা যায় ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাদের সত্যিকারের উদ্বেগ নেই– বরং এর পেছনে একটা ইচ্ছাকৃত ডিজাইন আছে’, মন্তব্য করা হয়েছে ওই বিবৃতিতে।

ভারত আরও দাবি করেছে, ওই প্যানেল যে ভারতের আসল চিত্রটা তুলে ধরবে তারা সেটা আশাও করে না।

‘১৪০ কোটি মানুষ এই দেশে থাকেন এবং পৃথিবীতে যতগুলো ধর্মের অস্তিত্ব আছে, তার সবগুলোর প্রতিনিধিত্ব এখানে আছে। কিন্তু ভারতের এই বহুত্ববাদী কাঠামো এবং বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতিতে ভরা সহাবস্থানকে ইউএসসিআইআরএফ স্বীকৃতি দেবে, এটা আমরা কখনও আশাও করি না,’ বলা হয়েছে ওই বিবৃতিতে।