শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।’

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

শেখ হাসিনার প্রত্যর্পণ বা বাংলাদেশ অন্যান্য যেসব বিষয় তুলে ধরেছে সেসব বিষয়ে ভারত কী ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শুরুতে ভারতের ধারণা ছিল এটা একটা ‘স্টপওভার’ আর তার মেয়াদ বড়জোর ছয়-সাত ঘণ্টা। সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি। প্রায় ৮ মাস হতে চললেও শেখ হাসিনাকে এখনও পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে– এবং রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি আজও ভারতেই অবস্থান করছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। এর আগে গতকাল বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।




প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে রাজি হয়েছে মিয়ানমার

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রত্যাবর্তনের যোগ্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে।

বাংলাদেশের পক্ষ থেকে ২০১৮-২০ সালের মধ্যে ছয় ধাপে এ সংক্রান্ত মূল তালিকা সরবরাহ করা হয়েছিল।




যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ চীনের

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে চীন। দেশটি জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে সকল মার্কিন পণ্যের ওপর বাড়তি ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে বিরল কিছু পণ্য রপ্তানিতেও বিধিনিষেধ দিয়েছে দেশটি। যা ক্রমবর্ধমান বাণিজ্যিক যুদ্ধকে আরও গভীর করবে।

গত মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন চীনা পণ্যে যুক্তরাষ্ট্র আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে। আগে থেকেই দেশটির পণ্যে আরও ২০ শতাংশ শুল্ক থাকায় মোট শুল্কের পরিমাণ ৫৪ শতাংশে পৌঁছায়।

শুক্রবার (৪ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় ১০ এপ্রিল নতুন শুল্ক কার্যকরের ঘোষণা দেয়। এর আগে ট্রাম্পের শুল্ক বাড়ানোর জেরে মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল বেইজিং। এর ওপর নতুন করে আরও ৩৪ শতাংশ শুল্ক বসল।

এদিকে চীনের এ ঘোষণার পর নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, “চীন ভুল খেলেছে। তারা আতঙ্কিত। তবে একটি বিষয় হলো তাদের এটি করার সামর্থ্য নেই।”

অপর একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তিনি উচ্চ শুল্ক আরোপের পর মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে আলোচনার ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। তার দাবি, দেশটি জানিয়েছে, প্রয়োজনে মার্কিন পণ্যে শুল্ক শূন্য শতাংশে নিয়ে আসা হবে। এর আগে শুল্ক কার্যকরের আগে ট্রাম্প প্রশাসনের কাছে তিন মাসের সময় চেয়েছিল ভিয়েতনাম। একইসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর প্রস্তাবও দিয়েছিল দেশটি।




৪০ মিনিটের বৈঠক, আলাপ হলো কী নিয়ে

চন্দ্রদ্বীপ ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের শেষ দিন বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গত বছর আগস্টে ড. ইউনূস ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বৈঠক হলো বাংলাদেশ ও ভারতের দুই শীর্ষ নেতার।

এটি অবশ্য নির্ধারিত কোনো বৈঠক ছিল না; অর্থাৎ নরেন্দ্র মোদি কিংবা ড. মুহম্মদ ইউনূস— কারো সফরসূচিতেই এ বৈঠকের উল্লেখ ছিল না। দুই দেশের কূটনৈতিক কর্মকর্তাদের প্রচেষ্টার ফলেই সম্ভব হয়েছে দুই নেতার সাক্ষাৎ।

সূত্রের বরাত দিয়ে ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, ড. মুহম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির এই দ্বিপাক্ষিক বৈঠকের স্থায়িত্ব ছিল ৪০ মিনিট। পরে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিক্রম মিশ্রি মন্ত্রণালয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, “বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত সবসময় সহযোগিতা করবে। তিনি আরও বলেছেন যে ভারত দুই দেশের জনগণকেন্দ্রীক সম্পর্ক চায় এবং বিশ্বাস করে যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকলে সবচেয়ে বেশি উপকৃত হবে দুই দেশের জনগণ।”

“প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারপ্রধানকে অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কলুষিত করতে পারে— এমন মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন।”

প্রসঙ্গত, সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ৭ রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছিলেন ইউনূস। ভারতের রাজনীতিবিদরা বিষয়টি ভালোভাবে নেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর ব্যাপক সমালোচনা করেছেন। ড. ইউনূসের সঙ্গে বৈঠকের সময়ে সেদিকেই ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদি।

এদিকে ড. মুহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বর্তমানে সেখানে আশ্রিত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ, তাকে উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান, সীমান্তে হত্যা বন্ধ করা, গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তা চুক্তি স্বাক্ষরসহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংক্রান্ত ইস্যু উত্থাপন করেছেন ইউনূস।

এসব ইস্যুর মধ্যে শেখ হাসিনাকে প্রত্যার্পণের ব্যাপারটি বিশেষভাবে উল্লেকযোগ্য। শিক্ষার্থী-জনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে টিকতে না পরে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে নয়াদিল্লির একটি সুরক্ষিত এলাকায় আছেন তিনি।

তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য গত ছয় মাসে কূটনৈতিক পন্থায় একাধিকবার চেষ্টা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু সেসব সফল হয়নি।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের মধ্যে কী আলোচনা হয়েছে তা জানতে চান সাংবাদিকরা।

জবাবে বিক্রম মিশ্রি স্বীকার করেন যে এ ইস্যুতে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, তবে কী কথা হয়েছে— সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি।




প্রেসিডেন্ট ইউনকে অপসারণ করল আদালত, নির্বাচন ৬০ দিনের মধ্যে

চন্দ্রদ্বীপ ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার একটি আদালত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার পদ থেকে অপসারণ করেছে। শুক্রবার (৪ এপ্রিল) দেশটির সাংবিধানিক আদালত এই রায় দেয়।

এই রায়ের অর্থ দক্ষিণ কোরিয়াকে এখন দুই মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে। আদালত বলেছে, গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারি করে ইউন সুক-ইওল জনগণের অধিকার “লঙ্ঘন” করেছেন।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত গত বছরের শেষের দিকে সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার পদ থেকে অপসারণের রায় দিয়েছে। শুক্রবারের এই রায়ের অর্থ এখন দেশটিকে ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

মূলত গত বছরের ৩ ডিসেম্বর সন্ধ্যায় ইউন সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন ঘোষণা করেন। সেসময় তিনি দাবি করেন, রাষ্ট্রবিরোধী এবং উত্তর কোরিয়ার শক্তি সরকারে অনুপ্রবেশ করেছে।

কিন্তু দেশের জাতীয় পরিষদ বন্ধ করে দেওয়ার জন্য পাঠানো ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন, তৎকালীন প্রেসিডেন্ট ইউন তার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদদের আটক করতে এবং তার সামরিক শাসনের আদেশ প্রত্যাহারের জন্য সংসদকে ভোটদান থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছিলেন।

এদিকে সামরিক আইন জারিকে ঘিরে সংসদে আইনপ্রণেতাদের ভোটাভুটিতে অভিশংসিত হওয়া ইউন সুক-ইওলকে গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছিল।




সরকারি দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক

চন্দ্রদ্বীপ ডেস্ক : মার্কিন সরকারের ব্যয় কমানো সংক্রান্ত বিভাগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফেসেন্সির (ডিওজিই) দায়িত্ব ছাড়ছেন ধনকুবের ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প গত বছর প্রেসিডেন্ট হওয়ার পর এ পদে আসীন হন মাস্ক। তিনি বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হচ্ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের গতকাল বুধবার (২ এপ্রিল) ইলন মাস্কের দায়িত্ব ছাড়ার ব্যাপারে অবহিত করেছেন। মাস্কের এ সরকারি নিয়োগটি ছিল চার মাসের। তবে তিনি কী চার মাস পূর্ণ হওয়ার আগেই সরে যাবেন নাকি মেয়াদ শেষ করে যাবেন সেটি নিশ্চিত নয়। যা মে মাসের শেষ দিকে শেষ হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ফক্স নিউজকে জানিয়েছেন, ইলন মাস্ক দায়িত্ব ছাড়লেও তিনি ট্রাম্প এবং তার ‘বন্ধু’ ও ‘পরামর্শক’ হিসেবে থাকবেন। এছাড়া ডিওজিই-র কাজও এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ভান্স।




ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য : রাশিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাশিয়ার মিত্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে মস্কো। একই সঙ্গে সতর্ক করে দিয়ে রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা ফেলা হলে তা সম্ভাব্য বিপর্যয়কর ফলাফলের দিকে ধাবিত হতে পারে। বৃহস্পবিার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দিয়েছেন।

এর আগে, গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনও চুক্তিতে না পৌঁছায় তাহলে ইরানে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেন। এই হুমকির পর ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের পারমাণবিক কর্মসূচি ও বর্তমান পরিস্থিতির বিপদ সম্পর্কে জানতে চাইলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান খুঁজে বের করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ মস্কো। তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারে সম্মান জানায় রাশিয়া।

মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘‘পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ইরানের বিরোধীদের সামরিক বাহিনীর ব্যবহার অবৈধ এবং অগ্রহণযোগ্য।’’

‘‘বাইরে থেকে ইরানের পারমাণবিক অবকাঠামো স্থাপনায় বোমা হামলার হুমকি অনিবার্যভাবে এক অপরিবর্তনীয় বৈশ্বিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। এসব হুমকি একেবারে গ্রহণযোগ্য নয়।’’




ঈদের ৩ সিনেমার জয়জয়কার

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খানের ‘বরবাদ’, ‘অন্তরাত্মা’, আফরান নিশোর ‘দাগি’, সিয়ামের ‘জংলি’, সজলের ‘জ্বীন-৩’ ও মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ সিনেমা। এর মধ্যে দর্শক ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’ নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত। ঈদের দিন থেকেই হাউসফুল যাচ্ছে এই তিন সিনেমার। মাল্টিপ্লেক্সগুলোতে আগামী দুই দিনের টিকিটও পাওয়া যাচ্ছে না।

দেশের সর্বোচ্চ ১২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স দুইখানেই দাপটের সঙ্গে চলছে। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে ৩৪টি শো দিয়ে শুরু হওয়া ‘বরবাদ’ সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন থেকে ৪৪টি শো চলেছে, যা এখনও চলমান। ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রতিটা শোয়ের টিকিট শেষ। মুক্তির দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে আরও শো বাড়বে বলে জানা গেছে। এ ছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ঈদের দিন থেকে ৩টি শো দিয়ে শুরু হলেও বর্তমানে ৯টি শো চলছে। লায়ন সিনেমাসে ঈদের দিন ৪টি দিয়ে শুরু করলেও এখানে ৯টি শো চলছে। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে নিয়মিত ৪টি শোয়ের পাশাপাশি দর্শকের চাপে রাত ১২টায় নতুন শো চালু হয়েছে। সারাদেশে প্রতিদিন ৫০০ শো চলছে ‘বরবাদ’ সিনেমায়। প্রতিটা প্রেক্ষাগৃহে ‘হাউজফুল’।

রিভেঞ্জ থ্রিলার ঘরানার সিনেমা ‘বরবাদ’ তৈরি হয়েছে প্রতিশোধ ও প্রতারণার গল্প নিয়ে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের ইধিকা পাল। আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবুসহ অনেকেই।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ জানান, স্টার সিনেপ্লেক্স সবসময় নিজেদের দেশের সিনেমা প্রদর্শনে গুরুত্ব দিয়ে থাকে। এবার ঈদেও তার ব্যত্যয় ঘটছে না। ঈদের ছবি নিয়ে আমরা আশাবাদী। দর্শক রেসপন্সে আমরা খুশি। বরবাদ, দাগি, জংলির দর্শক রেসপন্স খুবই ভালো।

দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন ‘দাগি’ নিয়ে আফরান নিশো। মাল্টিপ্লেক্সের সবকটি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। ঈদের দিন মুক্তির পর থেকেই ‘দাগি’ সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে। সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ‘ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে।’

আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমাটি ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে। আগামী কয়েক দিন এমন যাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। আরও আছেন সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ মোট ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এখন সারাদেশের মাল্টিপ্লেক্সে সর্বমোট ১৮টি শো চলছে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় ৩টি, মিউজিয়াম শাখায় ২টি, সীমান্ত সম্ভার শাখায় ২টি, উত্তরা শাখায় ২টি ও চট্টগ্রাম শাখায় ৩টি করে শো চলছে। অন্যদিকে ব্লকবাস্টার সিনেমাস শাখায় ৩টি ও লায়ন সিনেমায় ৩টি করে শো চলছে।

ঈদের তৃতীয় দিন পর্যন্ত ‘জংলি সিনেমার প্রতিটা শো হাউজফুল। এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দীঘি। শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা। আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

‘অন্তরাত্মা’ ১৩টি সিঙ্গেল স্ক্রিন ও আটটি মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি হলে মুক্তি পেয়েছিল। প্রচার-প্রচারণার অভাবে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। গতকাল সিনেপ্লেক্সে থেকে নেমে গেছে সিনেমাটি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ভারতের দর্শনা বণিক। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।




নৈশভোজের টেবিলে পাশাপাশি ইউনূস-মোদি

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে নৈশভোজে তাদের দু’জনকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে।

এ দিন সন্ধ্যায় নৈশভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। কিছুটা দূর থেকে তোলা ছবিগুলো পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নৈশভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে ছবি তুলতে দেখা যায়। এছাড়া সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও গ্রুপ ছবি তোলেন।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে ব্যাংককে অবস্থান করছেন ড. ইউনূস। শুক্রবার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।




কর্মসূচি জানিয়ে মোদির পোস্ট, বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ নেই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড সফরে গেছেন। ৩ এপ্রিল বৃহস্পতিবার তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান। সম্মেলন শেষে, তিনি শ্রীলঙ্কা সফর করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (আগের টুইটার) মোদি তার সফরের কর্মসূচি ঘোষণা করেছেন।

মোদি তার পোস্টে উল্লেখ করেছেন যে, তিনি থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার সাথে ভারতের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি জানান, ব্যাংককে থাই প্রধানমন্ত্রী পায়েটোংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে ভারতের-থাইল্যান্ড সম্পর্ক এবং বন্ধুত্বের বিষয় নিয়ে আলোচনা করবেন। পরবর্তীতে তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের সাথে বৈঠক করবেন।

তবে, মোদির পোস্টে বাংলাদেশের কোন উল্লেখ ছিল না। বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে গেছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (৩ এপ্রিল) সকালে তিনি ঢাকা ত্যাগ করে ব্যাংককের উদ্দেশে রওনা দেন। তিনি সম্মেলনে গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং বিকেলে বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে বক্তব্য রাখবেন।

এছাড়া, সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এটি তাদের মধ্যে প্রথমবারের মতো বৈঠক হতে যাচ্ছে।

তবে, মোদির পোস্টে বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম বা তার সাথে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়নি, যা রাজনৈতিক পর্যায়ে কিছুটা মনোযোগ আকর্ষণ করেছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম