পাক-ভারত উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাব

ওয়াশিংটন/ইসলামাবাদ: পাকিস্তান ও ভারতের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সকালে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। খবর পাকিস্তানি গণমাধ্যম ডন-এর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, রুবিও তার ফোনালাপে উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ভবিষ্যৎ সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দেন।

রুবিও বলেন, “এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক উত্তেজনার ফলে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়, তাই মানবিক দিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।”

সম্প্রতি কাশ্মীর সীমান্তে গোলাগুলি ও সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে পাকিস্তান-ভারত সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে মার্কিন হস্তক্ষেপকে আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “দুই দেশের সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তবে অবশ্যই করব।”

বিশ্লেষকদের মতে, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মহলের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রসহ জি-৭ দেশগুলোর

চন্দ্রদ্বীপ ডেস্ক : সংঘাত ক্রমেই বেড়ে চলেছে পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। চলমান এ সংঘাত বন্ধ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য দেশদুটিকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি-৭।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘গঠনমূলক আলোচনার’ জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন।




পাকিস্তানে হামলার সময় ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত

চন্দ্রদ্বীপ ডেস্ক : পাকিস্তানে হামলায় ভারত এসব ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলার জন্য পাঠানো ভারতীয় ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইসরায়েলিদের তৈরি এসব হারোপ ড্রোন বিভিন্ন জায়গায় ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আত্তা তারার শুক্রবার (৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।

৭৭টি ড্রোনের মধ্যে ২৯টি ড্রোন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এবং বাকি ৪৮টি ড্রোন শুক্রবার সারাদিন পর্যন্ত ভূপাতিত করা হয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউন একই প্রতিবেদেন জানিয়েছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাদের গোলাবর্ষণে পাঁচ বেসামরিক মানুষ মারা গেছেন। ভারত বিনা উস্কানিতে গোলাবর্ষণ করছে এমন দাবি করে সংবাদমাধ্যমটি বলেছে, পাকিস্তানি সেনারা পূর্ণশক্তি দিয়ে এসব উস্কানির জবাব দিচ্ছে।

মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ আজাদ কাশ্মির ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তান সঙ্গে সঙ্গে যুদ্ধবিমান দিয়ে ভারতের হামলা প্রতিহতের চেষ্টা চালায়। এ সময় পাকিস্তানের হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। গতকাল বৃহস্পতিবার ভারতের সংবাদমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তান তাদের বিভিন্ন শহর লক্ষ্য করে মিসাইল ছুড়েছে। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করেছে।




গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১০৬ ফিলিস্তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় চার শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫২ হাজার ৮০০ জনে পৌঁছে গেছে।

এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ২৬৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ১০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৭৬০ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।




ভারত-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ৯টার দিকে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৯টার কিছু আগে জম্মু-কাশ্মিরজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেছেন। এর পরপরই শহরে সাইরেন বাজিয়ে ও ব্ল্যাকআউট করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করা পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও এনডিটিভির কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ভিডিওতে দেখা যায়, জম্মু-কাশ্মিরের আকাশে আলোর ঝলকানির পর বিস্ফোরণ ঘটছে। ভারতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বাধা দেওয়ার সময় এই দৃশ্য দেখা যায় বলে ধারণা করা হচ্ছে।




পাকিস্তানে ২৫টি ইসরায়েলি-নির্মিত ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান দাবি করেছে, তারা এখন পর্যন্ত ইসরায়েলের তৈরি ২৫টি ভারতীয় হেরোপ ড্রোন ভূপাতিত করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব ড্রোন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করছিল।

বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সফট-কিল (ইলেকট্রনিক পদ্ধতিতে) ও হার্ড-কিল (অস্ত্র ব্যবহারে) প্রযুক্তি ব্যবহার করে এসব ড্রোন ধ্বংস করা হয়। ধ্বংস হওয়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে এবং সেগুলো সংগ্রহ করা হচ্ছে।

এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে জানান, ৭ ও ৮ মে রাতে ভারতের পাঠানো ১২টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্তে ভারতের পক্ষ থেকে ড্রোন ও বিমান হামলার চেষ্টা অব্যাহত রয়েছে এবং পাকিস্তান প্রতিটি হামলার উপযুক্ত জবাব দিচ্ছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারত ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করছে, যা তাদের ভীতি ও উদ্বেগের বহিঃপ্রকাশ। পাকিস্তান দাবি করে, ভারতের এসব ড্রোন আগ্রাসী মনোভাবের প্রমাণ এবং এগুলো প্রতিহত করতে তারা সর্বোচ্চ প্রস্তুত।

ভারত এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তান দাবি করেছে, তারা লাহোরের আকাশে একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই ড্রোনটি ওয়ালটন বিমানবন্দরের কাছাকাছি ভূপাতিত করে বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, ড্রোনটি ভারতের ভেতর থেকে পরিচালিত হচ্ছিল এবং তা বিস্ফোরক বহন করছিল। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনটির আকার প্রায় ১.৫ থেকে ১.৮ মিটার এবং এটি লাহোর শহরের সংবেদনশীল এলাকাগুলোর দিকে অগ্রসর হচ্ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত হওয়ার আগে শহরে বিস্ফোরণের একটি শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, বিস্ফোরণের ঘটনাটি শহরের অনেক এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায়।

এর আগে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরসহ একাধিক এলাকায় ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় অন্তত ৩১ জন। এই ঘটনার পরপরই ড্রোন ভূপাতিতের দাবি সামনে আসলো, যা দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

পাকিস্তান এখন এই ঘটনার তদন্ত করছে এবং সীমান্তবর্তী নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




অপারেশন ‘সিন্দুরে’ শতাধিক সন্ত্রাসী নিহত: ভারতের দাবি

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীর অঞ্চলে চালানো সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুরে’র মাধ্যমে শতাধিক সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দিল্লিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকে এই তথ্য দেন প্রতিরক্ষামন্ত্রী। বৈঠকে তিনি বলেন, “অপারেশন সিন্দুরে একটি চলমান অভিযান এবং ভারত কোনো নতুন হামলার ইচ্ছা পোষণ করে না। তবে পাকিস্তান যদি সংঘাত বাড়ানোর চেষ্টা করে, তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে।”

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এবং একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নেওয়া বিরোধী দলগুলোর নেতাদের সামনে সরকার পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এর মধ্যে কিছু তথ্য গোপনীয় বলে উল্লেখ করা হয়।

বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, “সরকারের বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনেছি। জাতীয় নিরাপত্তা ইস্যুতে আমরা সবাই একসাথে আছি।”

ভারতের পক্ষ থেকে এই ধরনের সামরিক পদক্ষেপের ফলে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনার সৃষ্টি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ভারতের ১২টি ড্রোন গুলি করে ভূপাতিত করল পাকিস্তান




কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকে মোদি সরকার

পাক-অধিকৃত কাশ্মীরসহ নয়টি লক্ষ্যবস্তুতে ভারতের সফল সামরিক হামলার পর পরিস্থিতি নিয়ে জরুরি সর্বদলীয় বৈঠকে বসেছে ভারতীয় সরকার

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় ভারতের রাজধানী দিল্লিতে এ বৈঠক শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের শীর্ষ রাজনীতিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতা।

বৈঠকে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, ভারতের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়, যেন জাতীয় সংকটের এই মুহূর্তে ঐক্য বজায় রাখা হয়

বৈঠকের আগে এনএসএ অজিত দোভাল প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। একই দিনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেন এবং ‘অপারেশন সিঁদুর’-এর অগ্রগতি সম্পর্কে জানান।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের সেনাবাহিনী বুধবার ভোরে পাকিস্তান ও পাক-শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অপারেশনে পাকিস্তানপন্থি জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে নয়টি স্থানে আঘাত হানা হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /