ক্ষেপণাস্ত্র কর্মসুচী ‍নিয়ে ইরানকে কঠোর হুঁশিয়ারি ইসরায়েলের

চন্দ্রদ্বীপ ডেক্স: ইরান চূড়ান্ত ঘোষণা দিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো দেশ বা পক্ষের সঙ্গে আলোচনা হবে না।এতে বেজায় চটেছে ইসরাইল এবং আমেরিকা ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ ইরানকে তাঁদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করতে দেবে না। গত সোমবার তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই ধরনের হুমকি দেওয়ার কয়েক দিন পরই নেতানিয়াহু এই হুঁশিয়ারি দিলেন।

আইনপ্রণেতাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমরা ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শিল্প পুনর্গঠন করতে দেব না। আর অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি

আবার শুরু করতে দেব না, যেটির ব্যাপক ক্ষতি আমরা করেছি।’ তিনি আরও বলেন, ‘যদি আমাদের ওপর হামলা চালানো হয়, তবে ইরানের জন্য এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।’




যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর চাঞ্চল্যকর দাবি

মাদক-সন্ত্রাসবাদ সংক্রান্ত গুরুতর অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটান ফেডারেল আদালতে হাজির হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুনানির একপর্যায়ে তিনি বিচারকের উদ্দেশে বলেন, তিনি একজন সৎ মানুষ এবং একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্ট। একই সঙ্গে দাবি করেন, তাকে জোরপূর্বক অপহরণ করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।

আদালতে পরিচয় জানতে চাইলে মাদুরো স্প্যানিশ ভাষায় নিজের বক্তব্য উপস্থাপন করেন এবং নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেন। তবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তার এই দাবি স্বীকার করেনি। তারা বলছে, মাদুরো দেশটির বৈধ প্রেসিডেন্ট নন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ যথেষ্ট শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

শুনানিতে মাদুরো স্পষ্ট ভাষায় অভিযোগ অস্বীকার করে বলেন, আদালতে উপস্থাপিত অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার দাবি অনুযায়ী, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই আদালতে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও যুক্তরাষ্ট্রের আনা মাদক-সংক্রান্ত অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যালভিন হেলারস্টাইনের এজলাসে এই শুনানি অনুষ্ঠিত হয়। আদালত সূত্রে জানা গেছে, হাজিরার সময় নিকোলাস মাদুরো কারা-পোশাক পরিহিত ছিলেন এবং তার পায়ে শিকল বাঁধা ছিল। তবে হাত বাঁধা না থাকায় তিনি আইনজীবীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে ও হাত মেলাতে পেরেছেন। তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও কারা-পোশাকে আদালতে উপস্থিত হন, তবে তাদের কারও হাতেই শিকল ছিল না।

ফেডারেল আদালতের নথি অনুযায়ী, মাদুরোর পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যারি জোয়েল পোলাক। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত একজন আইনজীবী এবং উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের পক্ষে আইনি লড়াইয়ে যুক্ত থাকার কারণে আলোচনায় ছিলেন।

অভিযোগপত্রে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মোট চারটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মাদক-সন্ত্রাসবাদে ষড়যন্ত্র, অবৈধ অস্ত্র সরবরাহে জড়িত থাকা এবং মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখার মতো অপরাধ। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ত।

শুনানি শেষে বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোকে আগামী ১৭ মার্চ পরবর্তী শুনানির জন্য আবারও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এই মামলাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




জাপানে শক্তিশালী ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিম উপকূলের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই কম্পন অনুভূত হয়, যা মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, শিমান প্রিফেকচারের আশপাশের এলাকায় সকাল ১০টা ১৮ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বলা হলেও পরবর্তীতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের অপেক্ষাকৃত অল্প গভীরে, যার ফলে কম্পন বেশ স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় ইয়াসুগি শহরসহ আশপাশের এলাকায় জাপানের শিন্দো স্কেলে কম্পনের মাত্রা ৫-এর ওপরে উঠে যায়। এই মাত্রায় ভারী আসবাবপত্র নড়ে পড়তে পারে, ঘরের ভেতরে থাকা মানুষ ভারসাম্য হারাতে পারেন এবং যানবাহন চালানোর সময় চালকদের জন্য নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। ভূমিকম্পের সময় অনেক মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, মূল ভূমিকম্পের পর একই অঞ্চলে একাধিক পরাঘাত বা আফটারশক অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৪ এর মধ্যে। তবে প্রতিটি ক্ষেত্রেই সুনামি সৃষ্টির কোনো আশঙ্কা দেখা যায়নি। এজন্য দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। হাসপাতালগুলোকে সতর্ক থাকতে বলা হলেও আহত বা হতাহতের কোনো নিশ্চিত তথ্য এখনো সামনে আসেনি।

বিশেষজ্ঞরা বলছেন, জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্প একটি স্বাভাবিক ভূতাত্ত্বিক ঘটনা। দেশটি চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় প্রায়ই ছোট-বড় কম্পন অনুভূত হয়। প্রায় ১২৫ মিলিয়ন মানুষের বসবাসকারী এই দ্বীপ রাষ্ট্রে প্রতি বছর গড়ে দেড় হাজারের মতো ভূমিকম্প রেকর্ড করা হয়, যার বেশিরভাগই কম মাত্রার।

তবে মাঝেমধ্যে শক্তিশালী ভূমিকম্প দেশটির জন্য বড় ঝুঁকি তৈরি করে। সে কারণেই জাপানে উন্নত সতর্কতা ব্যবস্থা, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ এবং নিয়মিত মহড়া চালু রয়েছে। এবারের ভূমিকম্পেও সেই প্রস্তুতির সুফল মিলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ওসমান হাদি হত্যা মামলায় ভারতে আটক হামলাকারীর দুই সহযোগী

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত হামলাকারীর দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, মোটরসাইকেল, ভুয়া নম্বরপ্লেট, অটোরিকশা এবং ৫৩টি অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই প্রধান হামলাকারী ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে পালিয়ে প্রথমে আমিনবাজার, পরে মানিকগঞ্জের কালামপুর হয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। সীমান্ত পার হওয়ার আগে ফিলিপ ও সঞ্জয় নামে দুই ব্যক্তি তাদের সহায়তা করে। পরে মেঘালয়ের পুত্তি ও ট্যাক্সিচালক সামীর মাধ্যমে তারা তুরা এলাকায় পৌঁছায়।

ডিএমপি জানায়, অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে মেঘালয় পুলিশের কাছ থেকে জানা গেছে—পুত্তি ও সামীকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আসামিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিল।

এই মামলায় গ্রেপ্তারদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ৪ জন সাক্ষী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে বলে আশা করছে পুলিশ।

হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত—এ বিষয়ে পুলিশ জানায়, মূল আসামিকে গ্রেপ্তার করা গেলে পেছনের পরিকল্পনাকারীদের বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তদন্তের স্বার্থে সম্ভাব্য নামগুলো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলযোগে হামলার শিকার হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

হাদির মৃত্যুর পর মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বেঙ্গালুরুতে গভীর রাতে উচ্ছেদ, ঘর হারাল ৪০০ মুসলিম পরিবার

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বিনা নোটিশে উচ্ছেদ অভিযানে অন্তত ৪০০ মুসলিম পরিবার গৃহহীন হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, রাতের আঁধারে চালানো এই অভিযানে প্রায় ২০০টির বেশি বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে শত শত মানুষ মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়েছেন।

স্থানীয় সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২২ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে বেঙ্গালুরুর কোগিলু গ্রামের ফকির কলোনি ও ওয়াসিম লেআউট এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেডের একটি দল, যাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

শীতের তীব্র সময়ে এমন অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম মানবিক সংকটে পড়েছে। উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অভিযোগ, তারা গত ২০ থেকে ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। প্রত্যেক পরিবারের কাছেই বৈধ আধার কার্ড, ভোটার আইডি ও অন্যান্য সরকারি নথিপত্র ছিল। তবে কোনো ধরনের পূর্বঘোষণা বা লিখিত নোটিশ ছাড়াই পুলিশ তাদের ঘর থেকে বের করে দেয়। অনেক পরিবার প্রয়োজনীয় কাগজপত্র, আসবাব কিংবা শিশুদের শীতবস্ত্র পর্যন্ত সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি।

এই ঘটনার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কর্ণাটকে ক্ষমতাসীন কংগ্রেস এবং কেরালার বাম ফ্রন্টের মধ্যে প্রকাশ্য বাগযুদ্ধ শুরু হয়েছে। বিরোধীদের দাবি, উত্তর ভারতে বিজেপি সরকারের সময়ে আলোচিত ‘বুলডোজার রাজনীতি’ এখন কর্ণাটকেও অনুসরণ করা হচ্ছে।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, কর্ণাটকের বর্তমান সরকার সংখ্যালঘুবিরোধী রাজনীতির পথে হাঁটছে। তার ভাষায়, ভয় ও বলপ্রয়োগের মাধ্যমে শাসন চালালে তা সাংবিধানিক মূল্যবোধ ও মানবিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিভিন্ন রাজ্যে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের বসতি, ধর্মীয় স্থাপনা ও সামাজিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বেঙ্গালুরুর এই উচ্ছেদ অভিযান সেই উদ্বেগকে আরও গভীর করেছে বলে মনে করছেন মানবাধিকারকর্মীরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




ভয়াবহ তুষারঝড়ে জাপানে মহাসড়কে গাড়ির পর গাড়ি সংঘর্ষ, নিহত ১

জাপানে প্রবল তুষারপাতের মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন। দুর্ঘটনায় অর্ধ-শতাধিক গাড়ি একের পর এক সংঘর্ষের কবলে পড়ে, যা দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মহাসড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। জাপানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বছরশেষের ছুটির মৌসুম শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ ছিল বেশি। এর মধ্যেই শুরু হয় ভারী তুষারপাত, যা চালকদের জন্য পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে।

গুনমা প্রিফেকচারের হাইওয়ে পুলিশের তথ্যমতে, রাজধানী টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিনাকামি শহরের কান-এৎসু এক্সপ্রেসওয়েতে প্রথমে দুটি ভারী ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। তুষারে ঢাকা পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুটি ট্রাকের ধাক্কার পর পেছন থেকে আসা একের পর এক গাড়ি এতে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো এক্সপ্রেসওয়ে পরিণত হয় দুর্ঘটনাস্থলে।

পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়, এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে আগামী কয়েকদিন আরও ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে অপ্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলা এবং মহাসড়কে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




মিয়ানমারগামী পাচার ঠেকাল নৌবাহিনী, বোটসহ ১১ জন আটক

শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে মিয়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারের সময় একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ পাচারযোগ্য পণ্য জব্দ করা হয়েছে।

নৌবাহিনী সূত্র জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) বঙ্গোপসাগরে নিয়মিত টহল চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী জানতে পারে, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র ইঞ্জিনচালিত বোট ব্যবহার করে অবৈধভাবে মিয়ানমারে সিমেন্ট ও ডিজেল পাচারের প্রস্তুতি নিচ্ছে। এর পরপরই সেন্ট মার্টিন ও আশপাশের সমুদ্র এলাকায় টহল জোরদার করা হয়।

টহলকালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪২ নটিক্যাল মাইল দূরে একটি সন্দেহজনক মাছ ধরার বোট শনাক্ত করে। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে সেটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি সন্দেহজনক হওয়ায় নৌবাহিনী দ্রুত ধাওয়া চালিয়ে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামের বোটটি আটক করতে সক্ষম হয়।

তল্লাশি চালিয়ে বোটটি থেকে প্রায় ১ হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট এবং পাচারে ব্যবহৃত ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়। এ সময় বোটে থাকা ১১ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, অধিক মুনাফার আশায় তারা এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

নৌবাহিনী জানায়, জব্দ করা মালামাল ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ পাচার রোধে সমুদ্র এলাকায় নৌবাহিনীর টহল ও নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




যুক্তরাষ্ট্র চাইছে না ভারত ও চীন সম্পর্কের উন্নয়ন

চন্দ্রদ্বীপ নিউজ : বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই অভিযোগ  করে বলেন যে,ভারতের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান উন্নতি ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করার জন্য যুক্তরাষ্ট্র সুপরিকল্পিতভাবে বেইজিংয়ের প্রতিরক্ষা নীতিকে বিকৃত করছে ।

সীমান্ত সমস্যাটি একান্তই চীন ও ভারতের মধ্যকার অভ্যন্তরীণ বিষয় এবং এতে অন্য কোনো দেশের হস্তক্ষেপ বা অযাচিত মন্তব্য করার কোনো সুযোগ নেই। লিন জিয়ান হুঁশিয়ারি দিয়ে জানান, কোনো তৃতীয় দেশ এই স্পর্শকাতর সমস্যা নিয়ে নিজেদের মতো করে রায় বা মূল্যায়ন দিলে চীন তাতে তীব্র আপত্তি জানাবে।

সম্প্রতি পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে লিন জিয়ানকে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি চীনের অবস্থান পরিষ্কার করেন।

পেন্টাগনের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, চীন সম্ভবত ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা হ্রাসের বিষয়টিকে কৌশল হিসেবে ব্যবহার করে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করতে চাইছে।

পেন্টাগনের মতে, বেইজিংয়ের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলায় বাধা দেওয়া এবং দক্ষিণ এশিয়ায় ওয়াশিংটনের প্রভাব কমিয়ে আনা।

পেন্টাগনের এমন পর্যবেক্ষণকে ভিত্তিহীন ও উসকানিমূলক হিসেবে আখ্যা দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

মুখপাত্র লিন জিয়ান জোর দিয়ে বলেন যে, চীন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মিত্রতাকে কেবল সাময়িক কোনো স্বার্থের জায়গা থেকে নয়, বরং একটি সুদূরপ্রসারী কৌশলগত ও দীর্ঘমেয়াদী পরিপ্রেক্ষিত থেকে মূল্যায়ন করে। দুই প্রতিবেশী দেশের মধ্যকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এ অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি জানান, বেইজিং ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্কের স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে বিতর্কিত করার যে চেষ্টা ওয়াশিংটন চালাচ্ছে, তা মূলত আঞ্চলিক ভূ-রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখার একটি অপপ্রয়াস মাত্র।

বিরোধপূর্ণ সীমান্ত এলাকা নিয়ে গত কয়েক বছরে ভারত ও চীনের মধ্যে যে চরম উত্তেজনা বিরাজ করছিল, তা সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে কিছুটা স্তিমিত হয়েছে। দুই দেশই সীমান্তে শান্তি ফেরাতে এবং বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।

এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ পাওয়ায় চীন বিষয়টিকে তাদের সার্বভৌম অধিকার ও স্বাধীন পররাষ্ট্র নীতির ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে। বেইজিং মনে করে, ভারত ও চীন নিজেরাই তাদের দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে সক্ষম এবং সেখানে তৃতীয় কোনো পক্ষের উসকানি সম্পর্কের উন্নয়নকে ব্যাহত করতে পারে।




অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে পাকিস্তানের আইসিসি অভিযোগ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের যুব ক্রিকেটারদের বিরুদ্ধে ভারতীয় খেলোয়াড়দের অশোভন আচরণের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি

দীর্ঘ ১৩ বছরের শৈল্পিক আক্ষেপ ঘুচিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জয় করা পাকিস্তান দল প্রধানমন্ত্রী শাহবাহ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পিসিবি সভাপতি। নকভি জানিয়েছেন, ভারতীয় দলের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না।

তিনি বলেন, “অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতীয় খেলোয়াড়রা আমাদের ক্রিকেটারদের উত্তেজিত করছিল। আমরা এই বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাবো। রাজনীতি এবং ক্রীড়াকে সব সময় আলাদা রাখা উচিত।”

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে দু’দল খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই কয়েকবার হয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়েছে। তবে মাঠে ব্যাটে ভারত যথাযথ প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হয়ে ১৯১ রানে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে

এর আগে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ আহমেদও ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ বিএসএফ সদস্য, ত্রিপুরা সীমান্তে

ত্রিপুরার ধর্মনগরে ডিউটির সময় একটি দুর্ঘটনায় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক সদস্য নিজের অস্ত্র থেকে গুলিবিদ্ধ হয়েছেন। আহত বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার (৩৫)। ঘটনা ঘটেছে গত সোমবার গভীর রাতে।

বিপিন কুমার বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য এবং ধর্মনগরের মাহেশপুর এলাকায় দায়িত্বে ছিলেন। আহত অবস্থায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১২:৩০ মিনিটে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, তিনি পুরো রাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য সকালে তাকে জি বি প্যান্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিএসএফ কর্মকর্তাদের বরাতে পুলিশ জানিয়েছে, এটি একটি দুর্ঘটনাজনিত ঘটনা। ডিউটির সময় বহন করা অস্ত্র থেকে হঠাৎ গুলি বের হওয়ায় তিনি আহত হয়েছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫