নাইজেরিয়ায় সহিংসতা: নামাজের সময় গুলিতে বহু প্রাণহানি

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাত ৪টার দিকে মালুমফাশি এলাকার উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে নামাজ আদায়রত মুসল্লিদের ওপর সশস্ত্র ডাকাতরা গুলি চালায়। এতে অন্তত ২৭ জন নিহত ও আরও কয়েকজন আহত হন।

স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তারা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

রাজ্যের নিরাপত্তা কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, ঘটনার পর সেনা ও পুলিশ বাহিনী ওই এলাকায় মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো হামলা না ঘটে।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে দীর্ঘদিন ধরে পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানির প্রবেশাধিকার নিয়ে সংঘাত চলছে। এর আগে গত জুনে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে এক হামলায় শতাধিক মানুষ প্রাণ হারান।




রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তিতে সমঝোতার পথে ভূখণ্ড ছাড়ার শর্ত

রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ অবসানে সম্ভাব্য শান্তিচুক্তির জন্য উভয় পক্ষকেই ভূখণ্ডগত ছাড় দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, “এটা সহজ নয়, হয়তো ন্যায্যও নয়, কিন্তু যুদ্ধ শেষ করতে হলে রাশিয়া ও ইউক্রেনকে কিছু ভূখণ্ড ত্যাগ করতেই হবে।”

তিনি আরও জানান, শান্তিচুক্তির সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে তাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করা।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তার জন্য ইউরোপীয় মিত্রদের পাশাপাশি অ-ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও কাজ করছে। তার ভাষায়, “শান্তিচুক্তি কার্যকর হওয়ার পরই এই নিরাপত্তা নিশ্চয়তা চালু হবে, যাতে ইউক্রেন ভবিষ্যতে সুরক্ষিত বোধ করে।”

তিনি উল্লেখ করেন, অনেক দেশই ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে আগ্রহী। তবে ইউক্রেনীয়দের মতে, তাদের সবচেয়ে বড় নিরাপত্তা ভরসা হবে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা।




জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিফা বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায়

বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় স্থান করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সাবিতা বিনতে আজাদ শিফা। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি করপোরেশন ‘রোসাটম’-এর অধীনে ‘অবনিন্সক টেক একাডেমি’ তাকে ‘ভিজিবল পাওয়ার ফিমেল লিডারশিপ’ ক্যাটাগরিতে মনোনীত করেছে।

বাছাই প্রক্রিয়ায় শিফার পূর্ববর্তী কর্ম অভিজ্ঞতা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, অর্জিত পুরস্কার-স্বীকৃতি এবং গবেষণাকর্মকে মূল্যায়ন করা হয়েছে। নির্বাচিত ৫০ নারী নেত্রী অংশ নেবেন রাশিয়ার ওয়ার্ল্ড অ্যাটমিক উইক ও আন্তর্জাতিক নারী নেতৃত্ব কর্মশালা ‘ফিমেল লিডারশিপ ক্যাম্প’-এ। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।

শিফা রাশিয়ায় একাধিক কনফারেন্স ও সামিটে অংশগ্রহণ করেছেন। ভারতের মেঘালয়ের নর্থ-ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে গবেষণাসংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এ প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অধীনে রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পের লিড প্রোগ্রাম অফিসার হিসেবেও কাজ করেছেন। বর্তমানে দেশের তরুণদের সফট স্কিল ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে কাজ করছেন এবং প্রতিষ্ঠা করেছেন ‘ভিলেজ ইমপাওয়ারমেন্ট’ নামের একটি সংগঠন, যেখানে তিনি প্রতিষ্ঠাতা ও সিইও।

শিফার পরিবারও শিক্ষাবিষয়ক পটভূমি সম্পন্ন। তার বাবা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ দুইবার জাতিসংঘ স্কলারশিপ পেয়েছেন, মা সোহরাত বেগম ছিলেন গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

শিফা বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯-২০ সালে তিনি টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব পাবলিক স্পিকিংয়ে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্পিচ কনটেস্ট চ্যাম্পিয়ন হন। তিনি বাংলাদেশের প্রথম অ্যাডভান্সড টোস্টমাস্টার্স ক্লাবের নারী সভাপতি ছিলেন।

বর্তমানে তিনি রাশিয়ার ‘ডাইরেক্টোরেট অব দ্য ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভাল’-এর প্রতিনিধিত্বকারী ‘ন্যাশনাল প্রিপারেটরি কমিটি অব বাংলাদেশ’-এর শিশু কমিটির প্রধান। ভবিষ্যতে তিনি ‘ভিলেজ ইমপাওয়ারমেন্ট’ কর্মসূচির মাধ্যমে ২০২৭ সালের মধ্যে এক লাখ শিশুকে কমিউনিকেশন, প্রেজেন্টেশন ও স্পিকিং দক্ষতায় পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্য রেখেছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রোহিঙ্গা সংকট মোকাবিলায় আসিয়ান নেতৃত্বে মালয়েশিয়ার ভূমিকা চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে বাংলাদেশ। বিশেষ করে আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমাধানের উদ্যোগ জোরদার করতে চায় ঢাকা।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এ প্রত্যাশার কথা জানান।

তিনি বলেন, রোহিঙ্গা আশ্রয়দানের অভিজ্ঞতা এবং আসিয়ানে নেতৃত্বের অবস্থান মিলিয়ে মালয়েশিয়া এ সংকট সমাধানে অনন্য ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারি বাহিনীর সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর ফলে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন।

ড. ইউনূস জানান, গত ১৮ মাসে নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বর্তমানে আগে থেকে অবস্থানরত ১২ লাখ শরণার্থীর সঙ্গে মিলে এ সংখ্যা আরও বেড়েছে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গাদের জন্য বরাদ্দ তহবিল পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যা আমাদের জন্য বড় সংকট তৈরি করেছে।”

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে বাংলাদেশ আগামী কয়েক মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এর মধ্যে একটি চলতি মাসের শেষ দিকে কক্সবাজারে, দ্বিতীয়টি সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে এবং তৃতীয়টি বছরের শেষের দিকে দোহায় অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়া ১৯৫১ সালের জাতিসংঘের শরণার্থী সনদ বা ১৯৬৭ সালের প্রোটোকলে স্বাক্ষরকারী না হলেও মানবিক কারণে দেশটিতে বর্তমানে প্রায় দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

রোহিঙ্গা সংকট ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মধ্য দিয়ে শুরু হয়েছিল। এরপর থেকে বাংলাদেশসহ আসিয়ানের বিভিন্ন দেশ এই দীর্ঘস্থায়ী মানবিক সমস্যার ভার বহন করে আসছে।




স্বাধীনতা দিবসে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেছেন, দেশ কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদী বলেন, “ভারতের পানি শত্রুর জমি সেচে ব্যবহার হয়েছে, অথচ আমাদের ভূমি শুকনা থেকেছে। ভারত ও ভারতীয় কৃষকরা এখন নিজেদের প্রাপ্য পানির অধিকার পাবে। কৃষক ও দেশের কল্যাণে আমরা আর সিন্ধু পানি চুক্তিতে সম্মত নই।”

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৭৮তম স্বাধীনতা দিবসের আগের দিন সেনাবাহিনীর জন্য আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দেন। তিনি দাবি করেন, এই বাহিনী শত্রুকে “সব দিক থেকে” আঘাত হানতে সক্ষম।

শাহবাজ শরিফ বলেন, “ঐক্য, ঈমান ও শৃঙ্খলার দর্শনই পাকিস্তানকে একত্রিত করেছে, আর সেটিই আজও দেশের ভিত্তি। রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকল পক্ষকে আমরা ‘চার্টার অব স্ট্যাবিলিটিতে’ যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি, যা কেবল অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নয়, বরং জাতীয় স্বার্থের মূল ভিত্তি।”

পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসে জাতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি মুক্তিযুদ্ধের শহীদ ও দেশের প্রতিষ্ঠাতাদের ত্যাগকে স্মরণ করেন এবং পাকিস্তানের জন্মকে দ্বি-জাতি তত্ত্বের বিজয়ের প্রতীক হিসেবে বর্ণনা করেন। এছাড়া মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবালসহ পাকিস্তান আন্দোলনের সকল নেতার প্রতি শ্রদ্ধা জানান।




ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অনিয়মিত অভিবাসনে শীর্ষে বাংলাদেশিরা

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট পর্যন্ত সমুদ্রপথে দেশটিতে পৌঁছেছেন ৩৮ হাজার ২৬৩ জন অভিবাসনপ্রত্যাশী—যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি। এদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক, সংখ্যা ১২ হাজার ৮৬ জন।

২০২৩ সালের একই সময়ে এ সংখ্যা ছিল প্রায় এক লাখ (৯৯ হাজার ৫২২ জন)। যদিও ২০২৪ সালে তা নেমে এসেছিল ৩৭ হাজার ৬৪৪ জনে, কিন্তু এ বছর সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশিদের পরেই রয়েছে ইরিত্রিয়ার নাগরিকরা (৫ হাজার ২১৫ জন), এরপর মিসর, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান ও সোমালিয়ার অবস্থান।

সার্ডিনিয়ায় নৌকাডুবি

ইতালির দক্ষিণ সার্ডিনিয়ার উপকূলে আটজন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। একজনের মরদেহ উদ্ধার এবং একজনকে জীবিত পাওয়া গেলেও বাকিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। এতে অংশ নিচ্ছে ফিন্যান্স গার্ড ও কোস্টগার্ডের টহল নৌকা এবং একটি হেলিকপ্টার।

গত কয়েকদিনে ৩৪ জন অভিবাসী সার্ডিনিয়ায় পৌঁছেছেন, যাদের সবাইকে কাগলিয়ারি প্রদেশের মোনাস্তির আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

লাম্পেদুসায় আগমন

রোববার ৫৮ জন অভিবাসী ইতালির দক্ষিণের দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছেন, যাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। এরা মিসর, ইরিত্রিয়া, সিরিয়া এবং ইরানের নাগরিক। তারা লিবিয়ার জুওয়ারা বন্দর থেকে যাত্রা শুরু করেছিলেন।

লাইফসাপোর্টের উদ্ধার অভিযান

বেসরকারি সংস্থা ইমার্জেন্সির অভিবাসী উদ্ধারকারী জাহাজ ‘লাইফসাপোর্ট’ ৬ ও ৭ আগস্ট তিনটি অভিযানে মোট ১৪৬ জন অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে ইতালির সাভোনায় পৌঁছে দিয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সুদানের নাগরিক সংখ্যা সবচেয়ে বেশি, এরপর আফগানিস্তান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ক্যামেরুন, আইভরি কোস্ট, ইরিত্রিয়া, গাম্বিয়া, ঘানা, গিনি, মালি, নাইজেরিয়া, সেনেগাল ও সোমালিয়ার নাগরিক রয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাংলাদেশে বিচার ‘প্রহসন’ দাবি টিউলিপ সিদ্দিকের, অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে বিচার শুরু হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রভাব খাটিয়ে নিজের মা, ভাই ও বোনকে প্লট পাইয়ে দিয়েছেন তিনি। যদিও টিউলিপের নিজের নামে কোনো প্লট বরাদ্দ নেই, তবে প্রভাব ব্যবহারের মাধ্যমে এ সুবিধা আদায়ের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

বিচার শুরু হওয়ার পর, এক প্রতিক্রিয়ায় মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি পোস্টে টিউলিপ সিদ্দিক এ বিচারকে ‘প্রহসন’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, এই মামলা ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিচালিত হচ্ছে।

টিউলিপ বলেন, “ঢাকায় এখন যে তথাকথিত বিচার চলছে তা একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। এটি বানানো অভিযোগের উপর ভিত্তি করে তৈরি এবং রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা পরিচালিত।”

তিনি অভিযোগ করেন, গত এক বছরে বারবার অভিযোগের ধরণ পরিবর্তন হলেও, বাংলাদেশের কর্তৃপক্ষ কখনও তার বা তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেনি। “আমি কখনও কোনো আদালতের সমন পাইনি, সরকারের পক্ষ থেকেও কোনো সাড়া পাইনি,”— বলেন টিউলিপ।

তিনি আরও বলেন, “যদি এটি একটি প্রকৃত আইনি প্রক্রিয়া হতো, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রমাণ উপস্থাপন করত। বরং তদন্তকারীরা সংবাদমাধ্যমে মিথ্যা ও হয়রানিমূলক তথ্য ছড়াচ্ছে, যেগুলো কখনও আনুষ্ঠানিকভাবে আমার কাছে উপস্থাপন করা হয়নি।”

৪২ বছর বয়সী এই ব্রিটিশ এমপি আরও দাবি করেন, তিনি নিজের নির্দোষিতা প্রমাণে প্রস্তুত এবং যে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণের জবাব দিতে রাজি আছেন।

এছাড়া, তিনি উল্লেখ করেন, লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেটি প্রত্যাখ্যান করা হয়।

উল্লেখ্য, দুদকের অনুসন্ধানে জানা গেছে, পূর্বাচল প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের ছয় স্বজন—যাদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী রয়েছেন—তাদের নামে ছয়টি প্লট বরাদ্দ করা হয়েছে।

টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ লেবার পার্টির একজন সক্রিয় রাজনীতিবিদ ও এমপি।




কুয়েতে বিষাক্ত মদপানে ১০ প্রবাসীর মৃত্যু

কুয়েতে বিষাক্ত মদ্যপানের ঘটনাতে অন্তত ১০ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস বুধবার (১৩ আগস্ট) প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রবাসীরা ভেজাল মদ্যপানের ফলে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। মৃতরা আল-আহমাদি গভর্নরেটের জলিব আল শুয়ুখ ব্লক ৪ থেকে মদ কিনেছিলেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই এই প্রাপ্তবয়স্কদের মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যারা মারা গেছেন তারা সবাই প্রবাসী এবং ওই অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গত রোববার রাতে বিষাক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন প্রায় ১৫ জন প্রবাসী। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয় ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে। তবে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু ঘটে।

মৃত প্রবাসীদের নাগরিকত্ব সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কাশ্মির সীমান্তে ফের উত্তেজনা: উরি সেক্টরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের উরি সেক্টরে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর দাবি, সন্ত্রাসীরা পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সীমান্ত অতিক্রমের চেষ্টা চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, এ ঘটনাকে সাধারণ অনুপ্রবেশ নয় বরং একটি সমন্বিত হামলা হিসেবে দেখছে সেনাবাহিনী। তাদের দাবি, অনুপ্রবেশকারীরা পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের সহায়তা পেয়েছিল। পাল্টা গুলি চালালে সংঘর্ষে এক ভারতীয় সেনা গুরুতর আহত হন এবং পরে মারা যান।

সংঘর্ষের পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়। অনুপ্রবেশের চেষ্টাটি ব্যর্থ করা হলেও ভারতীয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তান পরস্পরের ভূখণ্ডে পাল্টা হামলা চালায়। পরবর্তীতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও কাশ্মির সীমান্তে এটি ছিল সাম্প্রতিক সময়ের প্রথম বড় ধরনের উত্তেজনার ঘটনা।

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিতে পারে।




৬.১ মাত্রার কম্পনে কেঁপে উঠলো তুরস্ক, ধসে পড়লো ১৬টি ভবন

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় সিন্দিরগিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, এতে কমপক্ষে একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ইস্তাম্বুল ও পর্যটনকেন্দ্র ইজমিরসহ পশ্চিমাঞ্চলের বহু শহরে কম্পন ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পরপরই ৮১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত ২৯ জনের কারও অবস্থা গুরুতর নয়। ভূমিকম্পে সিন্দিরগি ও আশপাশের এলাকায় ১৬টি ভবন ধসে পড়ে, যার মধ্যে চারটিতে লোকজন বসবাস করছিলেন। শহরের কেন্দ্রস্থলের একটি তিনতলা ভবন ধসে পড়লে সেখান থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়।

এএফএডি জানিয়েছে, উদ্ধারকাজে প্রায় ৩১৯ জন কর্মী মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পের পর ৩.৫ থেকে ৪.৬ মাত্রার অন্তত ২০টি আফটারশক আঘাত হানে।

তুরস্ক ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৫৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং ঐতিহাসিক আন্তাকিয়া নগরী ধ্বংস হয়ে যায়। এছাড়া গত জুলাইয়ের শুরুতে একই অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্পে একজন নিহত ও ৬৯ জন আহত হয়েছিলেন।