কেরালার ভয়াবহ ভূমিধসে নিহত ৪৩, আটকা পড়েছে কয়েকশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার ওয়ানাড়ে প্রবল বৃষ্টির পর ব্যাপক ধস নেমেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন। এ ছাড়া কয়েকশ মানুষ আটকে পড়েছেন।

মঙ্গলবার জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাত ২টা থেকে ৪টার মধ্যে এই ধস নামে। ওয়ানাড়ের মেপ্পাডির কাছে পাহাড়ি এলাকায় ধস নেমেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুন্ডাকাই ও চোরালমালা এলাকা। দুর্গত মানুষকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। এনডিআরএফসহ একাধিক সংস্থা ঘটনাস্থলে কাজ শুরু করে দিয়েছে। বিমানবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।




বিতর্কিত নির্বাচনের পর ভেনেজুয়েলায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়েছে। এরপরই দেশটিতে ছড়িয়েছে বিক্ষোভ। প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

জবাবে পুলিশও তাদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় গত রোববারের বিতর্কিত নির্বাচনী ফলাফলের প্রতিবাদে রাস্তায় নামা বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসের রাস্তায় নেমে আসেন। তাদের কেউ কেউ আবার কয়েক মাইল হেঁটে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে রওনা হন।

গত রোববারের এই নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ী হয়েছেন বলে দাবি করার পরদিনই ভেনিজুয়েলার রাজধানীতে বিক্ষোভ শুরু হয়। বিরোধীরা মাদুরোর বিজয়ের দাবিকে জালিয়াতি বলে আখ্যায়িত করেছে। বিরোধীদের দাবি, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৭৩.২ শতাংশ ভোট পেয়ে এই নির্বাচনে বিশ্বাসযোগ্যভাবে জয়ী হয়েছেন।

নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপও মাদুরোর এই প্রতিদ্বন্দ্বীর স্পষ্ট জয়ের ইঙ্গিত দিয়েছিল।




ইসরায়েলি হামলার হুমকির মুখে অবস্থান খালি করেছে হিজবুল্লাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরায়েল প্রতিশোধমূলক হামলার হুমকি দেয়ার পর হিজবুল্লাহ গ্রুপ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তাদের অবস্থান খালি করেছে।
হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্র রোববার এই কথা জানিয়েছে।
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে লেবানন থেকে ছোঁড়া রকেট হামলায় ১২ জন নিহত হওয়ার পর দেশটি রোববার এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়।
যদিও এর আগে ইরান প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে  বলেছে, লেবাননে যে কোন নতুন হামলা অপ্রত্যাশিত পরিণাম বয়ে আনবে।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস গোলান মালভূমিতে শনিবারের হামলার নিন্দা জানিয়ে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
কিন্তু গোলান মালভূমিতে এই হামলার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্রের সফর সংক্ষিপ্ত করে দেশে এসেই জরুরি কেবিনেট বৈঠক ডাকেন। এই সময়ে তিনি বলেন, হিজবুল্লাহকে এর জন্যে চড়া মূল্য দিতে হবে। যা আগে কখনও তাদের দিতে হয়নি।
একইসঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট হামলাস্থল পরিদর্শন করেন এবং এর কড়া জবাব দেয়ার কথা জানান।
ইসরায়েল গোলান মালভূমির মাজদাল শামসের দ্রুজ শহরে হামলার জন্যে তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে দায়ী করছে।
তবে হিজবুল্লাহ ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করে আসছে।




মাদুরো তৃতীয় বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে মাদুরোর জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারের প্রতি অনুগত নির্বাচনী সংস্থা সিএনএ’র প্রেসিডেন্ট এলভিস আমরসো বলেছেন, রোববার অনুষ্ঠিত নির্বাচনে মাদুরো  ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন। গঞ্জালেজ পেয়েছেন ৪৪ দশমিক ২ শতাংশ ভোট।




ইসরায়েলে ঢুকতে পারে তুরস্ক : এরদোয়ান

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ৯ মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এমনকি ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগও। এমন অবস্থায় ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক। এমন কথাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তিনি বলেছেন, অতীতে আজারবাইজানের নাগোরনো কারাবাখ এবং লিবিয়াতে যেভাবে প্রবেশ করেছিল তুরস্ক, এবার ইসরায়েলেও সেভাবে ঢুকতে পারে তার দেশ। সোমবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে লিবিয়া এবং নাগোরনো-কারাবাখের মতো এবার তুরস্ক ইসরায়েলে প্রবেশ করতে পারে বলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রোববার জানিয়েছেন। যদিও তিনি কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তা উল্লেখ করেননি তুর্কি এই প্রেসিডেন্ট।

রয়টার্স বলছে, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই তীব্র সমালোচনা করে চলেছেন প্রেসিডেন্ট এরদোগান। রোববার তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে দেওয়া বক্তৃতার সময় এই যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন তিনি।

নিহ শহর রিজে এরদোয়ান তার ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে বলেন, ‘আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে যাতে ফিলিস্তিনের সাথে ইসরায়েল এই হাস্যকর কাজগুলো করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা তাদের (ইসরায়েলের) ক্ষেত্রেও একই কাজ করতে পারি।’

টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, ‘আমরা এটি না করার কোনো কারণ নেই… আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি।’

অবশ্য এরদোয়ানের মন্তব্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে কল করা হলেও একে পার্টির প্রতিনিধিরা সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া ইসরায়েলও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

তবে প্রেসিডেন্ট এরদোয়ান রোববারের ভাষণে তুরস্কের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন বলে মনে হচ্ছে। ২০২০ সালে লিবিয়ার জাতিসংঘ-স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছিল তুরস্ক।

লিবিয়ার ত্রিপোলি-ভিত্তিক জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আব্দুলহামিদ আল-দাবিবাহকে তুরস্ক সমর্থন করে।

এছাড়া নাগোরনো-কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করে থাকে তুরস্ক। কিন্তু গত বছর তুরস্ক বলেছে, তারা তার এই ঘনিষ্ঠ মিত্রকে (আজারবাইজান) সহায়তা করার জন্য সামরিক প্রশিক্ষণ এবং আধুনিকীকরণসহ ‘সকল উপায়’ ব্যবহার করছে।

 




ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের হামলা, নিহত ১২

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ শিশু-কিশোর নিহত হয়েছে। তারা সবাই আরবিভাষী ‘দ্রুজ’ আদিবাসী জনগোষ্ঠীর সদস্য। ফুটবল খেলার সময় গোলানের মাজদাল শামস শহরে শনিবার এ হামলা হয়। এর জন্য ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে হামলার বিষয়টি অস্বীকার করা হয়েছে। বিবিসির খবর।

রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, হিজবুল্লাহর হামলার পর লেবাননে গোষ্ঠীটির সাতটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই পাল্টাপাল্টি হামলার মাধ্যমে দুই পক্ষ সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অবশ্য গত অক্টোবরে ‘গাজা যুদ্ধ’ শুরুর পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। ইসরায়েলে হামাসের ওই হামলার পর হিজবুল্লাহর এই আঘাতটি এখন পর্যন্ত সবচেয়ে বড়।

একটি ভিডিওতে দেখা গেছে, গোলানে রকেট হামলার পর ফুটবল মাঠে আতঙ্কিত মানুষ ছোটাছুটি করছে। হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এ এলাকায় দ্রুজ জাতিগোষ্ঠীর ২ হাজার ৫০০ সদস্য বাস করে।

হামলার পর রোববার যুক্তরাষ্ট্র সফর থেকে তড়িঘড়ি দেশে ফেরেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, হিজবুল্লাহকে এজন্য চড়া মূল্য দিতে হবে।

আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারির অভিযোগ, হিজবুল্লাহ হামলায় ফালাক-১ রকেট ব্যবহার করা হয়েছে, যা ইরানের তৈরি। দ্রুজ সম্প্রদায়ের নেতারা হামলাটিকে ‘ভয়াবহ গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননে ইসরায়েল ফের হামলা চালালে পরিণতি খারাপ হবে।

এদিকে গোলানে হামলার সঙ্গে হিজবুল্লাহ জড়িত বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, গোলানে আঘাত হানা প্রতিটি রকেটই হিজবুল্লাহর। আমরা ইসরায়েলি নাগরিকদের অধিকার রক্ষার পক্ষে। গাজায় যুদ্ধবিরতিই শুধু ইসরায়েল-লেবানন সীমান্তে শান্তি ফেরাতে পারে। আমরা সংঘাত বাড়াতে চাই না। এ ব্যাপারে ব্লিংকেন ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন।

তবে গোলানে হিজবুল্লাহ হামলা চালিয়েছে, তা বিশ্বাস করেন না লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বোহাবিব। তিনি বিবিসিকে বলেন, তিনি মনে করেন না হিজবুল্লাহ ওই হামলা চালিয়েছে। বেসামরিক নাগরিকের ওপর যে কোনো হামলা নিন্দনীয়। তিনি বলেন, এ হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা উচিত। সীমান্তে শান্তি ফেরাতে ইসরায়েল ও হিজবুল্লাহকে সংযমী হতে হবে। প্রতিশোধপরায়ণ মনোভাব থেকে হিজবুল্লাহর সরে আসা উচিত।

গোলানে হামলার ঘটনায় লেবানন সরকার ইসরায়েলের দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছে। দেশটির আশঙ্কা, এ যুদ্ধ এখন সর্বাত্মক যুদ্ধে রূপ নেবে, যার বিপর্যয়কর পরিণতি হতে পারে। গাজার সঙ্গে ইসরায়েল যা করছে, বৈরুতের সঙ্গেও একই আচরণ করতে পারে বলে শঙ্কা দেশটির। আগে থেকেই লেবানন সরকার সীমান্তে হিজবুল্লাহর হামলাকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়ে আসছে। ইসরায়েল এখন কী পদক্ষেপ নেবে, সেদিকেই দেশটির নজর। লেবাননের কর্মকর্তারা মনে করেন, এত দিন হিজবুল্লাহর সঙ্গে অঘোষিত যুদ্ধ চালাচ্ছিল ইসরায়েল। গোলানে হামলার পর এবার যুদ্ধ আনুষ্ঠানিক রূপ পেতে পারে।

জানা যায়, দ্রুজ জনগোষ্ঠীর বেশির ভাগ সদস্য উত্তর ইসরায়েল, লেবানন, জর্ডান ও সিরিয়ায় বাস করেন। এ জনগোষ্ঠীর লোকেরা ইসরায়েলে পূর্ণ নাগরিকত্ব পায়। তারা ইসরায়েলের জনসংখ্যার ১.৫ শতাংশ। ১৯৮১ সালের দিকে দ্রুজদের ইসরায়েলি নাগরিকত্ব দেওয়া শুরু হয়। ইসরায়েলি সেনাবাহিনীতেও এ জাতিগোষ্ঠীর অনেক সদস্য রয়েছেন।




রাশিয়ান নৌবাহিনী দিবসের প্যারেডে অংশ নিচ্ছে প্রায় ২০০টি যুদ্ধ জাহাজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাশিয়ান নৌবাহিনী দিবসের প্যারেডে ২০০টি যুদ্ধ জাহাজ এবং নৌযান প্রতিরক্ষা সরঞ্জামগুলো প্রদর্শন করে।

২৮ জুলাই নৌবাহিনী দিবসে সেন্ট পিটার্সবার্গে একটি নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসব,ক্যাস্পিয়ান ফ্লোটিলার নিজ ঘাঁটিতে এবং ভূমধ্যসাগরে নৌ টাস্ক ফোর্সের ঘাঁটিতে প্রতিরক্ষা সরঞ্জামগুলো প্রদর্শন করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ‘২৮ জুলাই, ২০২৪-এ রাশিয়ান নৌবাহিনীর দিবস উপলক্ষে নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসব সেন্ট পিটার্সবার্গে, উত্তর বাল্টিক এবং প্যাসিফিক ফ্লিট,ক্যাস্পিয়ান ফ্লোটিলা এবং ভূমধ্যসাগরে রাশিয়ান নৌবাহিনীর স্থায়ী টাস্ক ফোর্সের প্রধান ঘাঁটিগুলোর জলসীমায় অনুষ্ঠিত হয়।’

সেন্ট পিটার্সবার্গ এবং রাশিয়ান নৌবাহিনীর প্রধান ঘাঁটিগুলিতে নৌবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানগুলোতে কনসার্ট, সামরিক ব্যান্ডের পারফরম্যান্স এবং উৎসব আতশবাজি প্রদর্শনের মধ্যে শেষ হয়।

মন্ত্রণালয় বলেছে,‘২০২৪ সালে নৌবাহিনীর উৎসবের অংশ হিসাবে প্রধান নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসবে বিভিন্ন শ্রেণীর ২০০টি জাহাজ এবং নৌযান অংশ নেয়। ১০০ টিরও বেশি সামরিক সরঞ্জাম এবং ১৫,০০০ সেনা সদস্যও এতে নিযুক্ত রয়েছে।’




শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের শুভসূচনা

বরিশাল অফিস :: শ্রীলঙ্কার মাটিতে নতুন যুগের শুরু হলো ভারতের। অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব এসেছেন, কোচ হয়ে এসেছেন গৌতম গম্ভীর।

সে যুগের শুরুটা ভালোভাবেই করল ভারত। শুরুতে ব্যাট করে ২১৩ রানের পাহাড় গড়ল। এরপর শ্রীলঙ্কাকে আটকে রাখল ১৭০ রানে। দারুণভাবে তুলে নিল ৪৩ রানের জয়।

পাল্লেকেলে স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাট করতে নামা ভারতের সর্বোচ্চ ইনিংসটা ছিল ৫৮ রানের। সূর্য সেটা করলেন ২৬ বলে, স্ট্রাইক রেটটা ২২৩+! তার আগে শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালও খেলেছেন অমন ঢঙেই। দুজন করেছেন যথাক্রমে ৩৪ আর ৪০, তাদের স্ট্রাইকরেটও ২১২ আর ১৯০!

ঋষভ পান্ত শুরুতে খানিকটা রয়েসয়ে খেললেও শেষমেশ ৩৩ বলে তিনি করেন ৪৮। শেষ দিকে ব্যাটাররা দ্রুত রান তোলার তাড়নায় উইকেট খুইয়েছেন বেঘোরে। নাহয় ভারতের রানটা আরও বড় হতেই পারত। তবে তারপরও সব মিলিয়ে ৭ উইকেট খুইয়ে ২১৩ রান ভালোই তো!

জবাবে শ্রীলঙ্কাও শুরুটা নেহায়েত মন্দ করেনি। ওপেনিং জুটি থেকে এসেছে ৮৪ রান। কুশল মেন্ডিস ২৭ বলে ৪৫ রান করে ফেরেন।

এরপর পাথুম নিসাঙ্কার ব্যাটে আশা টিকে ছিল শ্রীলঙ্কার। তিনি যতক্ষণ ছিলেন, লঙ্কানদের রান ছিল ওভারপ্রতি ১০ করে। যেই না নিসাঙ্কা ফিরলেন ৪৮ বলে ৭৯ রান করে, শ্রীলঙ্কাও মুখ থুবড়ে পড়ল রীতিমতো।

কুশল-নিসাঙ্কার পর দুই অঙ্ক ছুঁতে পারলেন আর মোটে দুজন, কুশল পেরেরা আর কামিন্দু মেন্ডিস, সে ইনিংস দুটোও মোটে ২০ আর ১২ রানের। এরপরের বাকি সবাই রান করলেন ফোনের ডিজিটে, এক অঙ্কে। ফলটা যা হওয়ার তাই হয়েছে। শ্রীলঙ্কা শেষমেশ ১৭০ রানে অলআউট হয়েছে। ভারত ম্যাচটা জিতেছে ৪৩ রানের বড় ব্যবধানে।




গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ৩০

বরিশাল অফিস :: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজারি একটি স্কুলে ইসরায়েলি হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এই স্কুলে আশ্রয় নিয়েছিলেন।

শনিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের কাছে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটে। ওই স্কুলে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দেইর আল-বালাহ শহরের খাদিজা স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ওই স্কুলে হামলায় নিহতদের মধ্যে ১৫ জন শিশু ও আটজন নারী রয়েছেন এবং আরও ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে বলেছে, খাদিজা স্কুলের ভেতরে হামাসের একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল। তাদের দাবি, হামাস হামলার নির্দেশনা ও পরিকল্পনা এবং অস্ত্র মজুদ করার জন্য গোপন স্থান হিসাবে ওই কম্পাউন্ড ব্যবহার করেছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ফুটেজে দেখা গেছে নিহতরা বেসামরিক নাগরিক এবং তাদের বেশিরভাগই শিশু। বিবিসি একটি ভিডিও যাচাই করেছে, যাতে আহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে দেখা গেছে।

মোস্তফা রাফাতি নামে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, বিস্ফোরণে তার শরীর কেঁপে ওঠে এবং তিনি পড়ে যান। ভয় পেয়ে তিনি স্কুলের ভেতরে দৌড়ে গিয়ে যান এবং সেখানে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পড়ে থাকার মতো ‘ভয়ঙ্কর দৃশ্য’ দেখতে পান। তিনি বলেন, ‘আমি বিস্মিত হয়ে গেছি।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল থেকে দেইর আল-বালাহ এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি সামরিক বহিনীর বোমা হামলায় ৫৩ জন নিহত ও আরও ১৮৯ জন আহত হয়েছেন।




বিদেশে সাজাপ্রাপ্তদের বিষয়ে সরকার খুবই উদ্বিগ্ন: তথ্য প্রতিমন্ত্রী

চন্দ্রদ্বীপ নিউজ: সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি দেখাতে গিয়ে অনেকেই আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রবাসীর ব্যাপারে খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

শনিবার (২৭ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনা ঘিরে আমাদের অন্য প্রবাসীরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।

এর আগে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির আদালত। এদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।