প্রবাসে বাংলাদেশিদের বিক্ষোভ-গ্রেফতারে ‘বিব্রত’ সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু দেশে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন দেশটির একটি আদালত। বিষয়টি নিয়ে ‘বিব্রত’ সরকার।

কোটা সংস্কার আন্দোলন শুরুর পর বিভিন্ন দেশে সংহতি জানিয়ে বিক্ষোভ করেন প্রবাসীরা। গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকটি সড়কে বড় ধরনের বিক্ষোভ হয়। দেশটির আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ বা স্লোগান দেওয়া নিষিদ্ধ। জনগণের মধ্যে অস্থিরতা, আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ করা, গুজব বা অপপ্রচার চালানো কিংবা এ ধরনের কোনো বক্তব্য, ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এদেশে সম্পূর্ণ নিষিদ্ধ।

নিয়ম ভেঙে সেখানে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সৌদিতেও বিক্ষোভের কারণে কয়েকজনকে গ্রোফতারের খবর পাওয়া যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিদেশে নিয়ম ভেঙে সরকারবিরোধী এমন বিক্ষোভের ফলে আটক ও শাস্তির বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সরকার। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিক ভিসা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে সরকারের তরফ থেকে এটি সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে।

 এসব ক্ষেত্রে আইন-কানুন খুবই কঠিন। সৌদি ও আরব আমিরাতে এ ধরনের আন্দোলন করা যায় না। তারা এটি জেনে করেছে নাকি না জেনে সেটি একটি বিষয়। তবে এটি অবশ্যই বিব্রতকর।- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব সাব্বির আহমেদ চৌধুরী

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাংবাদিকদের বলেন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনের সঙ্গে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকেই আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার তাদের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। এ বিষয় ঘিরে আমাদের অন্য প্রবাসীরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন একটি ভিডিওবার্তায় বলেন, গুজবের ফাঁদে পা দিয়ে সাধারণ প্রবাসীরা রাস্তায় নেমেছে, মিছিল করেছে, ভাঙচুর করেছে, এদেশের আইন ভঙ্গ করেছে। অনেকের এরই মধ্যে জেল-জরিমানা হয়েছে। যারাই সক্রিয়ভাবে এ ধরনের কর্মকাণ্ডে অংশ নিয়েছেন প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবেন। এখানকার সাধারণ প্রবাসী বাংলাদেশিরা সাধারণভাবে অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত পরিশ্রমী এবং এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।




‘আন্দোলনে ৩২ শিশু নিহতের তথ্য সরকারের কাছে নেই’

চন্দ্রদ্বীপ ডেস্ক : জুলাই মাসে বিক্ষোভের সময় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে ইউনিসেফ যে বিবৃতি দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার (৩ আগস্ট) এই কথা বলা হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকে গতকাল (২ আগস্ট) জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা (ইউনিসেফ)-এর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরার দেওয়া বিবৃতি বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সঞ্জয় উইজেসেকেরার বিবৃতিতে বলা হয়েছে, ‘জুলাই মাসে বিক্ষোভের সময় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। এ ছাড়া অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের কাছে ৩২ জন শিশু নিহত হওয়ার এ মুহূর্তে কোনো তথ্য নেই। তাছাড়া ইউনিসেফের এশিয়া অঞ্চলের পরিচালকের এ বিবৃতিতে কোনো নির্ভরযোগ্য তথ্য সূত্রের উল্লেখ নেই এবং নিহতদের নাম, পরিচয়, প্রোফাইল বা তালিকা উল্লেখ নেই। তবে ইউনিসেফের পক্ষ থেকে নির্ভরযোগ্য তথ্য সূত্রের উল্লেখসহ ৩২ জন শিশু মৃত্যুর তালিকা সরবরাহ করা হলে বাংলাদেশ সরকার এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। শিশুসহ বাংলাদেশের মানুষের অনাকাঙ্ক্ষিত একটি মৃত্যুও কোনোভাবেই সরকারের কাম্য নয় এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রতিটি মৃত্যুর ঘটনা স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে তদন্ত করে সরকার এর ন্যায়বিচার নিশ্চিত করবে।

ইউনিসেফের বিবৃতিতে শিশু বেআইনিভাবে আটকের বিষয়ও উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গে সরকারের সুস্পষ্ট বক্তব্য হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জ্ঞাতসারে কোনো শিশুকে বেআইনিভাবে আটক করেনি। তদুপরি কোথাও এ সংক্রান্ত ভুলভ্রান্তি হয়ে থাকলে তা জানা মাত্রই যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।




ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি দিলেন বাইডেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান থেকে আসা সব হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক ফোনালাপে তিনি এই অঙ্গীকারের কথা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের পর বাইডেন এই প্রতিশ্রুতি দিয়েছেন।

বাইডেনের সঙ্গে ওই ফোনকলের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয়, বাইডেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টার ওপরও জোর দিয়েছেন।

হোয়াইট হাউজের বিবৃতিতে আরও বলা হয়, বাইডেন ইরান সমর্থিত হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকি থেকেও ইসরাইলকে রক্ষা করবেন।




ইউনিসেফের বিবৃতি : বাংলাদেশে সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু

চন্দ্রদ্বীপ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় শিশু নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইজেসেকের এক বিবৃতিতে উদ্বেগ জানান।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জুলাই মাসে আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে নিহত শিশুর পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়।




প্যারিস অলিম্পিক : ফুটবল আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে সেমিফাইনালে ফ্রান্স

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মাতেতা।

শুক্রবার বোর্দোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। বল দখলেই হোক কিংবা লক্ষ্যে শট নেওয়া, সব দিকে এগিয়ে ছিল তারা। কিন্তু ফল নির্ধারক গোলটি শুরুতেই হজম করে হাভিয়ের মাসচেরানোর দল। সেই ক্ষতি আর পুষিয়ে নিতে পারেনি আকাশি-সাদা জার্সিধারীরা।

ম্যাচ শুরর মাত্র ৫ মিনিটে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফ্রান্স। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে বল জালে জড়ান জ্যা ফিলিপ্পে মাতেতা। ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিতে যথেষ্ট ছিল। অবশ্য ৮৩ মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল। ওলিসের বাঁ পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে বোর্দোর গ্যালারি। কিন্তু ভিএআর গোলটি বাতিল করে দেয়।

পুরো ম্যাচে আর্জেন্টিনা বল দখলে রেখেছিল ৭০ শতাংশ সময়। আর্জেন্টিনা শট নিয়েছিল ১৬টি, এবং ১০টি শট নিয়েছিল ফ্রান্স। আর্জেন্টিনার চারটি শট ছিল লক্ষ্যে। অপরদিকে ফ্রান্সের দুটি শট ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মিশর। শেষ চারের ম্যাচে তারা খেলবে ফ্রান্সের বিপক্ষে। শেষ আটের ম্যাচে ৭১ মিনিটে গোল হজম করে মিশর। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে সেই গোল শোধ দেয় তারা। ৯০ মিনিট শেষে ১-১ গোলের সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়েও গোল পায়নি কোনো দল। পরে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৫-৪ গোলে হারিয়ে সেমিতে পা রাখে মিশর।




কাতারে চিরনিদ্রায় শায়িত ইসমাইল হানিয়া

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন হামাসপ্রধান ইসমাইল হানিয়া। শুক্রবার (২ আগস্ট) কাতারের সবচেয়ে বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে জানাজা শেষে লুসাইল রয়্যাল কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

হামাসের এসব নেতা গতকাল বৃহস্পতিবার দোহা বিমানবন্দরের টার্মাকে হানিয়াকে বহনকারী কফিন গ্রহণ করতে আসেন। হানিয়ার জানাজায় হামাসের উচ্চপদস্থ নেতারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন খালিদ মিশালও, যাকে হানিয়ার উত্তরসূরী বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৩১ ‍জুলাই) ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকান হন ইসমাইল হানিয়া। আগের দিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। অনুষ্ঠান শেষে তেহরানের একটি গেস্ট হাউজে ওঠেন হানিয়া। সেখানেই আগে থেকে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। এ ঘটনায় নিহত হন তার এক দেহরক্ষীও।

এদিকে, হানিয়াকে হত্যায় ইসরায়েলকে অভিযুক্ত করেছে ইরান ও দেশটির মিত্ররা। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আলোচনায়ও বসার কথাও জানিয়েছেন তারা। জানা গেছে, এ বিষয়ে আলোচনা করতে ইরানের শীর্ষ কর্মকর্তারা লেবানন, ইরাক ও ইয়েমেনের মিত্রদের সঙ্গে বৈঠক করবেন।

সূত্র: আল জাজিরা, 




হানিয়া হত্যার জবাবে সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ খামেনির




গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯ হাজার ৪৪০ ছাড়িয়ে গেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৪৪৫ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।




হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত




বৈরুতে ইসরায়েলের বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

চন্দ্রদ্বীপ ডেস্ক : লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর ধোঁয়া দেখা যায়।

লেবাননের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, হিজবুল্লার একজন সিনিয়র কমান্ডারকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। যদিও ওই কমান্ডারের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

তিন দিন আগেও ইসরায়েলি বাহিনীর রকেট হামলায় ১২ লেবানিজ শিশু কিশোরের প্রাণ গিয়েছিল। এবারের হামলায়ও অনেকের প্রাণহানি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর পার্শ্ববর্তী এলাকা হারেত হ্যারিকে হিজবুল্লার সুরা কাউন্সিলকে লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লার কমান্ডারকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের দায় তাকেই নিতে হবে।

সূত্র : রয়টার্স