আবার ও অস্থির তেলবাজার বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

চন্দ্রদ্বীপ নিউজ:পৃথিবীর মানুষের জীবনযাত্রার মান আবারও হুমকির মুখে , কাতারে ইসরায়েলি হামলা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের পর বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। আর তেলের দাম বেড়ে গেলে তা মানুষের সামগ্রিক জীবনের উপর প্রভাব ফেলে। তবে বাজারে দুর্বল চাহিদা এবং সামগ্রিক মনোভাবের কারণে দাম বৃদ্ধির গতি ছিল সীমিত।
এই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ৬৭ ডলারে দাঁড়িয়েছে। অপরদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুড তেলের দামও ৬১ সেন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে ৬৩.২৪ ডলারে পৌঁছেছে।
বিশ্ববাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, কাতারে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তিনি জানান, যদি ওপেকপ্লাস সদস্যদের তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্য হয়, তবে তা স্বল্পমেয়াদে তীব্র সরবরাহ সংকট সৃষ্টি করতে পারে।
ইসরায়েল হামলায় দাবি করেছে, তারা হামাস নেতৃত্বকে লক্ষ্য করেছে, তবে কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে শান্তি আলোচনার জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।
হামলার পর প্রথম দিকে তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে গেলেও, যুক্তরাষ্ট্রের আশ্বাসে যে সরবরাহে কোনো তাৎক্ষণিক বিঘ্ন ঘটবে না, তা বাজারকে স্থিতিশীল করে তোলে।
এদিকে, ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন যাতে তারা চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। তার লক্ষ্য হচ্ছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। চীন এবং ভারত বর্তমানে রাশিয়ার প্রধান তেল ক্রেতা।
বিশ্লেষকদের মতে, চীন ও ভারতের মতো বৃহৎ ক্রেতাদের ওপর শুল্ক আরোপ করা হলে রাশিয়ার তেলের রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে, যা বিশ্বব্যাপী সরবরাহ সংকোচনের মাধ্যমে তেলের দাম আরও বৃদ্ধি করতে পারে।
সূত্র: রয়টার্স








