ব্রিটিশ ক্রাইম এজেন্সিকে শেখ হাসিনা সরকারের দুর্নীতি তদন্তে দেশটির এমপির চিঠি চিঠি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা বেগম এবার সরব হয়েছেন শেখ হাসিনা সরকারের দুর্নীতির তদন্তে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তিনি ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রীম বিগারকে একটি চিঠি দিয়ে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী যাদের বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত, ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা, অপরাধীদের আইনের আওতার আনার জন্য।

তিনি চিঠিতে উল্লেখ করেন, গত ৫ আগস্টের আগে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করে ছাত্রদের বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালান শেখ হাসিনা।

চিঠিতে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম ফাইনান্সিয়াল টাইমস, কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার তথ্যের সূত্র দিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিষয়ে অভিযোগ উঠেছে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনে ১৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জন করার।

ব্রিটিশ ল্যান্ড রেজিস্টার তথ্য বলছে, সাইফুজ্জামান চৌধুরী ২৮০টি প্রপার্টি কিনেছেন।

আপসানা বেগম চিঠিতে আরও উল্লেখ করেন, খুব দুঃখজনকভাবে ৭১ বাড়ির সন্ধান পাওয়া গেছে শুধু আমার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউজে।

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই বিষয়ে তদন্ত করছে। ব্রিটিশ সরকারও প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে পূর্ণ সহায়তা করার।

আপসানা বেগম চিঠির শেষাংশে লিখেন, ব্রিটেন যদি বাংলাদেশের দুর্নীতিবাজদের চিহ্নিত করতে না পারে তাহলে ব্রিটেনের মান সম্মান আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ন হবে।




ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে যা বলছে হোয়াইট হাউস




নতুন নারী প্রধানমন্ত্রী পেল শ্রীলংকা

চন্দ্রদ্বীপ ডেস্ক: শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনুরা কুমারা দিশানায়েকে। এরপর নতুন নারী প্রধানমন্ত্রী পেল দেশটি। তিনি হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) দলের এমপি ড. হরিণী অমরাসুরাইয়া।

আজ বুধবার শ্রীলংকা মিরর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এছাড়াও অমরাসুরাইয়া আইন, শিক্ষা, শ্রম, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য এবং বিনিয়োগ বিষয়ক মন্ত্রণালয়ের-ও দায়িত্ব পেয়েছেন।

শ্রীলংকার পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে মাত্র তিনটি আসন রয়েছে এনপিপির হাতে। দলটির সদস্য নমল করুণারত্নে এক বিবৃতিতে বলেছেন, শ্রীলংকার ইতিহাসে আমাদের সবচেয়ে ছোট মন্ত্রিসভা হবে এবার। ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়া হতে পারে।

কলম্বোভিত্তিক গণমাধ্যমগুলো জানিয়েছে, অমরাসুরিয়া (অমরসূর্য) শ্রীলংকার ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

লিঙ্গ সমতা, সংখ্যালঘু অধিকারের, বেকারত্ব নিরসন, শিশু সুরক্ষা ও দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয়ে সক্রিয়তার জন্য ব্যাপকভাবে পরিচিত অমরাসুরিয়া। চার বছর আগে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।




রোহিঙ্গা সংকট সমাধানে ড. ইউনূসের তিন প্রস্তাব

বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি প্রস্তাব দিয়েছেন।সেগুলো হলো-

১. জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে একটি সব স্টেকহোল্ডারকে সম্মেলন আহ্বান করতে পারেন। সম্মেলনের সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা উচিত এবং উদ্ভাবনী ও অগ্রসর উপায়ে পরামর্শ দেওয়া উচিত।

২. ইউএন সিস্টেম ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান, শক্তিশালী করা দরকার। স্লাইডিং ফান্ডিং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিসোর্স বাড়ানোর প্রক্রিয়াকে আরও রাজনৈতিক চাপ দিতে হবে।

৩. আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যামূলক অপরাধ মোকাবিলায় ন্যায়বিচার ও জবাবদিহির ব্যবস্থাকে গুরুত্বসহকারে সমর্থন করা। আমি আইসিসিতে মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছ থেকে শুনানির অপেক্ষায় আছি। সামরিক জান্তা দ্বারা সংঘটিত অন্যায়ের প্রতিকার মিয়ানমার দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি।

বৈঠকে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




ইসরাইলের জন্য আরেকটি ৭ অক্টোবর অপেক্ষা করছে’

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুদ্ধবাজ ও দখলদার ইসরাইলের জন্য গত বছরের ৭ অক্টোবরের মতো আরও একটি আক্রমণ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি আইন পরিষদের (পিএলসি) ডেপুটি স্পিকার হাসান খরাইশেহ। 

তবে এবার সেটি দক্ষিণ লেবানন থেকে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি কুদস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির (কুদস প্রেস) সঙ্গে এক সাক্ষাৎকারে খরাইশেহ ইসরাইলি সামরিক অবস্থানের ওপর হিজবুল্লাহর আক্রমণের প্রশংসা করেছেন।

তিনি হিজবুল্লাহর কয়েক ডজন রকেট নিক্ষেপের কথা উল্লেখ করে বলেছেন, রোববার সকালের এ অভিযান স্পষ্টভাবে প্রমাণ করে যে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এখনও যথেষ্ঠ শক্তিশালী।

পিএলসির ডেপুটি স্পিকার ওই সাক্ষাৎকারে বলেন, ‘ইসরাইলের অবশ্যই গত ৭ অক্টোবরের মতো আরেকটি নতুন অভিজ্ঞতা হবে। তবে এবারেরটি আর গাজা থেকে নয়, দখলকৃত ফিলিস্তিনের উত্তরে এবং লেবাননের দক্ষিণ থেকে হবে’।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ‘আল-আকসা ঝড়’ নামে একটি অভিযান চালিয়েছিল। অভিযানটি দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর বহু বছর ধরে চালিয়ে আসা আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছিল বলে জানায় হামাস।

তবে এর পর থেকেই ইসরাইল গাজায় তার গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, যাতে এ পর্যন্ত ৪২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৯৬ হাজার জন আহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।




ইসরায়েলের আগ্রাসনে লেবাননে লাশের স্তূপ

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে লাশের স্তূপ জমেছে দেশটিতে। গত দু’দিনের হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮। এর মধ্যে অন্তত ৫০ শিশু রয়েছে। আগ্রাসনে আহত হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

১৯৯০ সালে লেবাননের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী সময় পার করছে মধ্যপ্রাচ্যের সংকটাপন্ন মুসলিমপ্রধান দেশটি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, লেবাননে ১ হাজার ৫০০ হামলায় ২ হাজার অস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের দাবি, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ধ্বংস করার জন্য তারা এ অভিযান চালাচ্ছে।

অন্যদিকে, লেবানন থেকে সোমবার রাতে হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, সোমবার রাতে লেবানন থেকে আফুলা এলাকা ও উত্তর ইসরায়েলের উপত্যকাগুলো নিশানা করে ২০০টির বেশি রকেট ছোড়া হয়েছে। রাতভর এসব অঞ্চলে হামলার সতর্কতার ‘সাইরেন’ বেজেছে। হামলায় আহত হয়েছেন অন্তত দুই ইসরায়েলি। দক্ষিণ ইসরায়েলের সাফেদ এলাকার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুই দফা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, বেশির ভাগ রকেটের টার্গেট ছিল উত্তর ইসরায়েলের লোয়ার গ্যালিলি ও হায়ামাকিম এলাকা। সামরিক বাহিনী আরও বলেছে, বেশির ভাগ ক্ষেপণাস্ত্র বাধা দেওয়া হয়েছে। তবে হামলায় ভবনের ক্ষতি হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের ক্রুদের প্রকাশিত ভিডিওতে হামলার কারণে সৃষ্ট আগুন নেভাতে কাজ করতে দেখা যায়।

পাল্টা হামলার আশঙ্কায় গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশির ভাগ স্কুল বন্ধ রাখা হয়েছে বলে জানায় টাইমস অব ইসরায়েল। লেবাননেও সব স্কুল বন্ধের নির্দেশনা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
হামলার কারণে দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। ফলে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় অন্য ফ্রন্টেও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি হামলার জেরে বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা বৈরুতে উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে l




লেবাননকে গাজার মতো হতে দেওয়া যাবে না: ইরানি প্রেসিডেন্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননে গাজার মতো পরিস্থিতি হতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না। খবর এএফপির।

সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার ঘটনাকে কেন্দ্র করে এমন মন্তব্য করেছেন মাসুদ পেজেশকিয়ান। ২০০৬ সালের পর লেবাননে এটাই ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলার ঘটনা।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে পেজেশকিয়ান বলেন, আমরা অবশ্যই ইসরায়েলের হাতে লেবাননকে আরেকটি গাজা হতে দিতে পারি না।

ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯২ জনে। তাছাড়া আহত হয়েছেন আরও ১৬৪৫ জন। নিহতদের মধ্যে ২৪ জন শিশু, ৩৯ জন নারী ও দুজন প্যারামেডিক সদস্য রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলা চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ লেবাননে যত অবকাঠামো তৈরি করেছিল, তা ধ্বংসের অভিযানে নেমেছে ইসরায়েল।




ইউনূস-ট্রুডো বৈঠক

চন্দ্রদ্বীপ ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় দুই রাষ্ট্রপ্রধান সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। কানাডা স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলা ও তরুণদের নিয়ে কাজ করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এসময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্র-জনতার নতুন বিজয়কে কেন্দ্র করে বিপ্লবের সময় এবং পরে শিক্ষার্থী এবং তরুণদের আঁকা দেয়ালচিত্রের ওপর একটি আর্ট বই জাস্টিন ট্রুডোকে উপহার দেন।

 




শান্তি ও উন্নয়নের স্বার্থে সংস্কার জরুরি: মোদি

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মানবতার সাফল্য নির্ভর করে সকলের সম্মিলিত শক্তির ওপর, সংঘাতের ওপর নয়। জাতিসংঘের সামিট অব দ্য ফিউচারে বক্তব্য প্রদানে তিনি এ কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে যে সংস্থাগুলো রয়েছে তার সংস্কার প্রয়োজন যার মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি ও উন্নয়ন আসবে। মানব-কেন্দ্রিক পদ্ধতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দীর্ঘকালীন উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানিয়েছেন মোদি।

নরেন্দ্র মোদি বলেন, ‘আজ আমি এখানে মানবতার ছয় ভাগের এক ভাগের মানুষের কণ্ঠস্বর নিয়ে এসেছি। আমরা ভারতে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছি এবং আমরা দেখিয়েছি যে, নিরন্তর উন্নয়ন সফল হতে পারে। আমরা সাফল্যের এই অভিজ্ঞতা গ্লোবাল সাউথের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘মানবতার সাফল্য আমাদের সম্মিলিত শক্তির মধ্যে রয়েছে, যুদ্ধের ময়দানে নয়। বিশ্ব শান্তি ও উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। সংস্কারই প্রাসঙ্গিকতার চাবিকাঠি। সন্ত্রাসবাদ বিশ্বের শান্তির ক্ষেত্রে একটা বড় হুমকি, সেই সঙ্গেই সাইবার সিকিউরিটির ক্ষেত্রে, মহাকাশে নতুন করে একটা সংঘাত দেখা যাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের জন্য ভারসাম্য নিয়ন্ত্রণ প্রয়োজন। আমরা এমন বিশ্বব্যপী ডিজিটাল শাসন চাই যেখানে সার্বভৌমত্ব ও অখণ্ডতা অক্ষুণ্ণ থাকবে। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) একটি সেতু হওয়া উচিত, বাধা নয়। বিশ্বের মঙ্গলের জন্য, ভারত তার ডিপিআই ভাগ করে নিতে প্রস্তুত। ভারতের জন্য ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ একটি অঙ্গীকার।

এর আগে গত রবিবার নরেন্দ্র মোদি নিউইয়র্কের নাসাউ কলিজিয়ামে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন। প্রবাসী ভারতীয়দের প্রশংসা করে সেসময় মোদি বলেন, ‘আমি সর্বদাই প্রবাসী ভারতীয়দের সামর্থ্যের কথা বুঝি। আমি যখন কোনো সরকারি পদে ছিলাম না তখনো আমি এটি বুঝতে পেরেছিলাম। আমার কাছে আপনারা সকলেই ভারতের শক্তিশালী ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এজন্য আমি আপনাকে ‘রাষ্ট্রদূত’বলে ডাকি।’




জাপানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ জাপানে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ভূমিকম্প সৃষ্ট হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে দেশটির ইজু দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামির সতর্কতা জারি করেছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে প্রতিবেদেন উল্লেখ করা হয়েছে, ভূমিকম্পের জেরে ইজু দ্বীপপুঞ্জে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার দিকে এক মিটার (৩.৩ ইঞ্চি) উচ্চতার সুনামি আশঙ্কা করা হচ্ছে।