ইসরায়েলে হামলার অন্তত ১০টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান




কনটেন্ট ক্রিয়েটরদের মনিটাইজেশন নিয়ে সুখবর দিলো ফেসবুক

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নতুন কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম নিয়ে এসেছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

নতুন এ সংস্করণে কনটেন্ট ক্রিয়েটররা একক প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন ধরনের কনটেন্ট থেকে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন।

সম্প্রতি মেটা তার ওয়েবসাইটে জানিয়েছে, নতুন এই সংস্করণে ইন-স্ট্রিম অ্যাডস, রিল অ্যাডস এবং পারফরম্যান্স বোনাসকে একটি একক প্ল্যাটফর্মে একত্রিত করা হয়েছে। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা রিল, লং-ফরম্যাট ভিডিও এবং অন্যান্য পোস্ট থেকে উপার্জন করতে পারবেন। এটি কেবল রিল বা ছোট ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ফটো এবং টেক্সট পোস্টও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়াও নতুন এই প্রোগ্রামে ‘পারফরম্যান্স বোনাস’ সিস্টেম চালু করা হয়েছে। এটি ক্রিয়েটরদের কাজের গুণগত মান ও দর্শকদের ওপর নির্ভর করে বোনাস দেবে। এর মাধ্যমে ক্রিয়েটররা তাদের কাজের মান উন্নত করতে পারবে এবং যোগ্যতার মাধ্যমে আয় বাড়াতে পারবে।

ফেসবুক এই নতুন মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে ক্রিয়েটরদের জন্য আয় আরও সহজ করার উদ্দেশ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং টুলস জড়ো করছে। নতুন ইন-স্ট্রিম অ্যাডস ক্রিয়েটরদের দীর্ঘ ফরম্যাটের ভিডিও থেকে উপার্জন করতে সহায়তা করবে।

অন্যদিকে, রিল অ্যাডস শুধু ছোট ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং অন্যান্য মিডিয়া পোস্টও এতে অন্তর্ভুক্ত হবে। তবে নতুন এই মনিটাইজেশন প্রোগ্রামটি উন্মুক্ত হবে ২০২৫ সালে।

তবে, বর্তমানে এটি শুধু নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের বিটা ভার্সনে চালু করা হয়েছে। বিটা ভার্সনে ১০ লাখ ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাবেন।




লেবাননে স্থল অভিযান চালিয়ে হুমকির মুখে ইসরায়েলি বাহিনী

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননে স্থল অভিযান চালিয়ে ভয়াবহ হুমকির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। একদিকে যখন ইসরায়েলি সেনারা অভিযানের জন্য লেবাননে ঢুকছে তখনই অন্যদিকে ফাঁদ পেতে ইসরায়েলি সেনাদের দলগুলোকে আক্রমণের মুখে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলকে লক্ষ্য করে ক্রমাগত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি বাহিনী প্রযুক্তি ও মার্কিন অস্ত্রের বলে শক্তিশালী অবস্থানে থাকলেও স্থল অভিযানে লেবাননের মাটিতে তারা বিপাকে পড়বে। বলা হচ্ছে ইসরায়েলি সেনারা ট্যাংক অথবা বিমান থেকেই ভালো যুদ্ধ পরিচালনা করতে পারে। স্থল অভিযানে তাদের কোনো রকম আশ্রয় ছাড়া জীবন বাঁচানোর জন্যই দৌড়াতে হবে। এরআগে ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে একপ্রকার পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা।

স্থল অভিযান শুরুর পর দক্ষিণ লেবাননের ওদাইশেহ শহরে ঢোকার মুখে হিজবুল্লাহর প্রবল প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা। এ ছাড়াও সীমান্তের অন্যান্য স্থানে গেরিলা কায়দায় ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের যোদ্ধারা। এতে আহত সেনাদের নিয়ে পিছু হটতে বাধ্য হয় নেতানিয়াহু বাহিনী।

এদিকে, হিজবুল্লাহর সঙ্গে প্রবল সংঘাতের মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ‘ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণের শহরতলিগুলোতে ৪টি খুবই ভয়ংকর হামলা চালানো হয়েছে এবং একটি হামলা হয়েছে চুয়েফাত এলাকায়।

স্যাটেলাইটের ছবিতে বার্জ আল-বারাজনেহ, হারেত হারিক ও চুয়েফাত আল-আমরুসিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলা হওয়ার ছবি ফুটে উঠেছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে স্থলাভিযানে তারা ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ধ্বংস করেছে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে প্রায় দুই হাজার সুনির্দিষ্ট লক্ষ্যস্থল।




ভারত ছেড়ে আরব আমিরাতে শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি। দুই মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি। সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ধারণা করা হচ্ছে, আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন।

এর আগে একাধিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে, শেখ হাসিনা কীভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন? জবাবে ভারত বলেছে, খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন।

তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে শ্রেফ মানা করে দেয়।

এদিকে, কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোন তথ্য এখনো নিশ্চিত করা যায়নি। আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও জানা যায়নি।




সবচেয়ে বেশি বয়সে নোবলে জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নোবেল পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে নোবেল জিতেছেন বিজ্ঞানী জন বি গুডেনাফ।

লিথিয়ান-আয়ন ব্যাটারিসহ ব্যাটারির সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি ২০১৯ সালে ৯৭ বছর বয়সে রসায়নে নোবেল পুরস্কার পান।

২০২৩ সালের ২৫ জুন রোববার নিজের ১০১তম জন্মবার্ষিকীর মাত্র এক মাস আগে মারা যান এই বিজ্ঞানী।

লিথিয়াম-আয়ন ব্যাটারির বিকাশে জন গুডেনাফের গুরুত্বপূর্ণ ভূমিকার কল্যাণে বিশ্বজুড়ে এখন লাখ লাখ বিদ্যুৎ-চালিত গাড়ি চলছে।

জন গুডেনাফ ১৯২২ সালের ২৫ জুলাই জার্মানিতে জন্ম নেন। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি নেন। পরে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেন।

তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) একটি গবেষণা দলের নেতৃত্ব দেন। পরে তার তত্ত্বাবধানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অরগানিক কেমিস্ট্রি গবেষণাগার পরিচালিত হয়। এছাড়া তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ৩৭ বছর শিক্ষকতা করেন।

সূত্র : বাসস




বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিলেন নেতানিয়াহু

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরাইলের সিজারিয়াতে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সংবাদমাধ্যম ওয়ালা নিউজ ওয়েবসাইটের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তখন নেতানিয়াহু সিজারিয়াতে নিজ বাসভবনে ছিলেন। এ সময় প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় নেতানিয়াহু নিজ বাসভবন ছেড়ে ভূগর্ভস্থ একটি স্থানে আশ্রয় নেন।

ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, লেবানন থেকে রকেট সালভো উৎক্ষেপণের সাথে সাথে ভোরবেলা থেকে মার্গালিওট, মিসগাভ আম, হানিতা, হাইফা, ক্রায়োট, একর, নাহারিয়া, বেইট শেয়ান উপত্যকা, গেশের এবং মেনাহেমিয়াতে সাইরেন বেজে উঠেছে।

স্থানীয় গণমাধ্যম আরো জানিয়েছে, নেতানিয়াহু এবং বেশ কয়েকজন মন্ত্রী ইসরাইলের উপর ইরানের হামলার সময় জেরুজালেম শহরের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থানে লুকিয়েছিলেন। এ সময় প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট তেল আবিবের মন্ত্রণালয়ের অন্তর্গত একটি ভূগর্ভস্থ ভবনে নিজেকে ব্যারিকেড করেছিলেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর




ভারতে রাসূল সা: কে নিয়ে কটূক্তিকারী পুরোহিত আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ভারতে ইসলাম ও রাসূল সা: কে নিয়ে কটূক্তিকারী পুরোহিত নরসিংহানন্দ আটক করা হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আটক নরিসংহানন্দ উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে আছেন।

বিতর্কিত এই ব্যক্তি গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবী সা:-কে নিয়ে অশোভন কথা বলেন। এরপরই তার বিরুদ্ধে এফআইআর করে সিহানি গেট থানার পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নরসিংহানন্দকে পুলিশ আটক করেছে। তবে এখনো তারা এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে পুলিশের এক কর্মকর্তা তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির এমএলএ নন্দ কিশোর গুরজার অভিযোগ করেছেন, গত শুক্রবার ওই বিতর্কিত পুরোহিতের মন্দিরে হামলা চালানো হয়েছে। আর যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের গুলি করে হত্যা করা উচিত।

তবে পুলিশ মন্দিরে হামলার কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।




ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা, যেকোনো সময় ইসরায়েলের হামলার শঙ্কা




ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু এ ঘোষণা দেন।

শনিবার (৫ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরই জবাব দিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। এক এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, ইরান আমাদের অঞ্চল এবং আমাদের শহরগুলোতে দুবার ইতিহাসে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের দায়িত্ব এবং অধিকার রয়েছে আত্মরক্ষা করার এবং এই হামলার জবাব দেওয়ার এবং আমরা তা করব।

এ সময় গাজায় গণহত্যায় ব্যবহৃত ইসরায়েলে অস্ত্র পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁরও সমালোচনা করেছেন নেতানিয়াহু।

এছাড়া প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং অন্যান্য পশ্চিমা নেতারাও ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু এই চাপকে ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, ইসরায়েল তাদের সমর্থন ছাড়াই এ যুদ্ধে জয়ী হবে।

প্রসঙ্গত, ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত ৩০ তারিখ থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থল বাহিনী। এ অভিযান শুরুর ২৪ ঘণ্টার মধ্যে, ১ অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সেদিন সন্ধ্যার পর থেকে ২ অক্টোবর ভোর পর্যন্ত প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি।




লেবাননে ৬ দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: লেবাননে ইসরায়েলের স্থল বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে গত ৬ দিনে সেখানে নিহত হয়েছেন ৪৪০ জন হিজবুল্লাহ যোদ্ধা। নিহত এই সেনাদের মধ্যে ৩০ জন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন।

শনিবার রাজধানী জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।

সংবাদ সম্মেলনে হাগারি বলেন, “আমরা হিজবুল্লাহ’র সন্ত্রাসীদের লেবাননের উত্তর দিকে ঠেলছি। সন্ত্রাসীদের একটি অংশ এলাকা থেকে পালিয়েছে, বাকিরা আমাদের সেনাসদস্যদের কাছে পরাজিত ও নিহত হয়েছে।”

একই দিন এক বিবৃতিতে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, “প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্যপূরণ হওয়ার আগ পর্যন্ত অভিযানে কোনো বিরাম আসবে না, হিজবুল্লাহকেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

ইরানের সমর্থন ও মদতপুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবাননভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। প্রতিষ্ঠাকাল থেকেই এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এই অঞ্চলটি হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং গোষ্ঠীটির অধিকাংশ সামরিক স্থাপনার অবস্থান এখানে। গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও। গত এক বছরে উভয় পক্ষের সংঘর্ষে লেবাননে প্রাণ হারিয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। এই নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৫ শতাধিক।

গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। প্রায় ১০ দিনের সেই অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডের সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়েছে।

বিমান অভিযান পর্বের পর গত ৩০ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে আইডিএফের স্থল বাহিনী।

এর আগে এক বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছিল, ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সীমিত ও স্থানীয় পর্যায়ে অভিযান চালানো হবে। তবে কতদিন এ অভিযান চলবে, সে সম্পর্কিত কোনো তথ্য বা ইঙ্গিত এখনও দেয়নি আইডিএফ।