প্রথমবারের মতো ইরানের সঙ্গে যৌথ মহড়ায় ওমান

চন্দ্রদ্বীপ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং ওমানের মধ্যে প্রথম যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইরানি সেনাবাহিনীর নৌ ইউনিট, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং ওমানের নৌ বাহিনী এই মহড়ায় অংশ নিয়েছে।

ইরানের সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, ওমানের আয়োজনে ভারত মহাসাগরের উত্তরে এবং হরমুজ প্রণালীতে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই মহড়া ইরান এবং ওমানের যৌথ সামরিক মহড়ায় মূলত সাগরের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এতে ইরানের জামারান ডেস্ট্রয়ার ও ক্ষেপণাস্ত্রবাহী অত্যাধুনিক যুদ্ধ জাহাজসহ কয়েকটি নৌযান অংশ নেয়। সেইসঙ্গে ওমানের নৌযানও এতে অংশ নেয় এবং নৌবাহিনীর বিমান ইউনিট সহযোগিতা করে।

বিভিন্ন সূত্র বলছে, এবারের মহড়ায় ইরান সাগরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা স্পষ্ট ভাবে তুলে ধরেছে।

সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় দিক থেকে ওমান ও ইরানের মধ্যে অনেক মিল রয়েছে। বহু বছর ধরেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।




থাড ক্ষেপণাস্ত্র চালাতে ইসরাইলে মার্কিন সৈন্য!

চন্দ্রদ্বীপ ডেস্ক: থাড (থারমিনাল হাই অ্যালটিচুড এরিয়া ডিফেন্স) বিমান প্রতিরক্ষাব্যবস্থা চালাতে ইসরাইলে মার্কিন সৈন্য পাঠানো হচ্ছে বলে এন১২ মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে থাড ক্ষেপণাস্ত্র বসানো হচ্ছে বলে জানা গেছে।
প্রকাশিত খবর অনুযায়ী, থাড সিস্টেম পরিচালনার জন্য ইসরাইলে মার্কিন সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

ইরানের ওপর ইসরাইল হামলা চালালে তেহরানও বসে থাকবে না। সেক্ষেত্রে সম্ভাব্য ইরানি হামলা প্রতিহত করার জন্য থাড বিমান প্রতিরক্ষাব্যবস্থা দরকার বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলে থাড সিস্টেম মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন বলে ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্র্যাসিস (এফডিডি) জানিয়েছে।

এফডিডি জানা, ওই সময় মার্কিন বাহিনীর সুরক্ষার জন্য মধ্যপ্রাচ্যজুড়ে আরো প্যাট্রিয়ট ব্যাটালিয়ন মোতায়েনের আহ্বান জানিয়েছিলেন।

থাড সিস্টেমকে মার্কিন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় মধ্যস্তর বিবেচনা করা হয়। এই মোবাইল সিস্টেমের মাধ্যমে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়।




৮১ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতায় চে-সুন হুয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার চে-সুন হুয়ার বিশ বছর বয়সের স্বপ্ন বাস্তবে রূপ পেতে সময় লাগলো পাঁচ দশক। ৮১ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স কোরিয়া’য় সর্বজ্যেষ্ঠ প্রতিযোগী হিসাবে অংশ নিয়ে ইতিহাস গড়লেন তিনি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মিস ইউনিভার্স কোরিয়ায় অংশগ্রহণের বয়সসীমা ছিল ১৮ থেকে ২৮ বছর। তবে এবার বয়সসীমা উঠিয়ে নেওয়ায় এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান চে-সুন হুয়া।
চে-সুন হুয়া বলেন, ‘বয়সসীমা ওঠানো হয়েছে শুনে ভাবলাম, এটাই সুযোগ। এ সুযোগ হাতছাড়া করা যাবে না।’ যদিও তিনি বিজয়ী হতে পারেননি, তবে চূড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছে গিয়ে জিতে নিয়েছেন ‘বেস্ট ড্রেসড অ্যাওয়ার্ড’।
কম বয়সী প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রমাণ দিয়েছেন তিনি।

তরুণ বয়সে চে-সুন হুয়া ফ্যাশন মডেল হওয়ার স্বপ্ন দেখলেও জীবনের বাস্তবতায় তাকে চাকরি করতে হয়। সন্তানের দেখাশোনা ও আর্থিক সচ্ছলতার কারণে তিনি হাসপাতালের পরিচর্যা কর্মী হিসেবে কাজ নেন। একদিন এক রোগী তাকে পরামর্শ দেন যে ৭২ বছর বয়সে তিনি মডেল হিসেবে আবেদন করতে পারবেন। সেই পরামর্শ তার জীবন বদলে দেয়।




প্রথম বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করলেন পেজেশকিয়ান-পুতিন

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাশিয়া ও ইরান আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয়ভাবে একসঙ্গে কাজ করছে এবং উভয়ের মূল্যায়ন প্রায়ই এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয়ভাবে একসঙ্গে কাজ করছি এবং বিশ্বের চলমান ঘটনাগুলোতে আমাদের মূল্যায়ন প্রায়ই একই রকম হয়’।

পুতিন বৈঠকে রাশিয়া ও ইরানের কৌশলগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং উভয় দেশের সহযোগিতাকে আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী করার কথা বলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান। পেজেশকিয়ানও কৃতজ্ঞতার সঙ্গে তার আমন্ত্রণ গ্রহণ করেন।

পরে ক্রেমলিন সহকারী ইউরি উশাকভ জানান, বৈঠকে প্রধানত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

ইরানী গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে পেজেশকিয়ান বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আন্তরিক এবং কৌশলগত। সেইসঙ্গে অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে আমাদের সম্পর্ক দিন দিন আরও মজবুত হচ্ছে।

ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতার এই বৃদ্ধি দুই দেশের শীর্ষ নেতাদের ইচ্ছার সঙ্গে মিল রেখে দ্রুততর করা উচিত এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন পেজেশকিয়ান।

ইরান ও রাশিয়ার মধ্যে পারস্পরিক এবং পরিপূরক সক্ষমতা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, বিশ্বে আমাদের অবস্থান অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি কাছাকাছি।

রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াকে দ্রুততর করার আশা প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সহযোগিতার উন্নয়নের ওপর জোর দেন। তিনি বলেন, আমি আশা করি আমরা আসন্ন ব্রিকস সম্মেলনে রাশিয়ায় এই চুক্তি চূড়ান্ত করতে পারব।




হিজবুল্লাহকে সহায়তায় নিজেদের স্বর্ণালঙ্কার দিলেন ইরানি নারীরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং দেশটির সাধারণ মানুষকে সহায়তায় নিজেদের স্বর্ণালঙ্কার দান করছেন ইরানি নারীরা। শনিবার (১২ অক্টোবর) রাজধানী তেহরানের একটি মসজিদে এমন চিত্র দেখা যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

সেখানে স্বর্ণালঙ্কার ছাড়াও নগদ অর্থ সংগ্রহ করছে একটি ফান্ডরাইজার প্রতিষ্ঠান। সেখানে গিয়ে অনেক নারীকে নিজেদের ব্যবহৃত স্বর্ণ দিতে দেখা যায়। যেখানে এসব দান সংগ্রহ করা হচ্ছিল সেখানে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর বিভিন্ন পোস্টার লাগানো ছিল।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এতে যোগ দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

তবে ওই সময় হিজবুল্লাহর হামলা দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত দুই-তিন সপ্তাহ ধরে যুদ্ধের গতিপথ পুরোপুরি বদলে গেছে। যা এই মুহূর্তে হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধে পরিণত হয়েছে। এমন সময়েই লেবাননের সাধারণ মানুষের পাশে এগিয়ে আসছেন ইরানের সাধারণ মানুষ।




শেখ হাসিনার ‘ট্রাভেল ডকুমেন্ট’ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্টস দেওয়ায় বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদী সেবা সংঘে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘ট্রাভেল ডকুমেন্টস যেকোনো দেশ ইস্যু করতে পারে। আমাদের ঠেকানোর কোনো উপায় নেই।

কোনো মামলায় যদি তাকে (হাসিনা) আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
তিনি আরো বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটা কাটিয়ে উঠার চেষ্টা করব। আমাদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে, সেটা বজায় থাকবে। সম্পর্ক উন্নয়ন উভয়েরই দরকার।

ভারতের যেমন আমাদের দরকার, তেমনি আমাদেরও তাদের (ভারতের) দরকার।’

পূজা উদযাপনের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পূজা উদযাপন সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে। ছোটখাটো কোনো ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমরা আশাবাদী যে বাকি দিনগুলোতেও কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে পূজা উদযাপন সম্পন্ন হবে।




ইসরায়েলি বাসিন্দাদের সেনাবাহিনী থেকে দূরে থাকতে সতর্ক করল হিজবুল্লাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ l

উত্তর ইসরায়েলের আবাসিক এলাকার বাসিন্দাদের ইসরায়েলি সেনা অবকাঠামো থেকে দূরে থাকতে সতর্ক করে দিয়েছে লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ। গতকাল শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এ হুঁশিয়ারি দেয়।

হিজবুল্লাহ আরবি ও হিব্রু ভাষায় লেখা এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি শত্রুসেনারা উত্তর ইসরায়েলে সাধারণ মানুষের বাড়িঘরকে যুদ্ধের জন্য ব্যবহার করছেন। হাফিয়া, তিবেরিয়াস, একরসহ বিভিন্ন আবাসিক এলাকায় তাঁদের ঘাঁটি রয়েছে। তাই জীবন নিয়ে নিরাপদে থাকার জন্য ইসরায়েলের বাসিন্দাদের সেনাবাহিনীর আশপাশে না থাকতে সতর্ক করেছে হিজবুল্লাহ।




আল আকসা অভিযানের পর ইসরাইলে তুর্কি ইস্পাত রপ্তানি ১০০ গুণ বেড়েছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: যদিও তুর্কি রাষ্ট্রনায়করা দাবি করেছেন যে তারা ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর কাছে ইস্পাত রপ্তানি সীমিত করেছে তবে প্রাপ্ত পরিসংখ্যানগুলোর মাধ্যমে এটা দেখা যাচ্ছে যে ইসরাইলের কাছে দেশটির ইস্পাত রপ্তানি ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে।

তুর্কি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা টিআইএম একটি প্রতিবেদনে ঘোষণা করেছে যে গত ৮ মাসে ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর কাছে তুরস্কের ইস্পাত রপ্তানি ১০০ গুণ বেড়েছে। পার্সটুডে জানাচ্ছে যে তুর্কি সাংবাদিক মেতিন জেইহান এই প্রসঙ্গে বলেছেন, তুরস্ক ইসরাইলি সেনাবাহিনীর জন্য ইস্পাতের চাহিদা সরবরাহ অব্যাহত রেখেছে। তবে শুল্ক নথিতে ফিলিস্তিনের নামে রপ্তানির মিথ্যা নথিভুক্ত করেছে।

মিডল ইস্ট আই ওয়েবসাইটও এক প্রতিবেদনে দাবি করেছে যে তুর্কি ব্যবসায়ীরা ইসরাইলে কিছু পণ্য রপ্তানি বাড়িয়েছে। কারণ সরকার এ বিষয়ে কঠোর নয়। আল-আকসা তুফান অভিযানের কয়েকদিন পর তুর্কি সরকার ঘোষণা করেছিল যে তারা ইসরাইলে ইস্পাতসহ কিছু পণ্য রপ্তানির মাত্রা কমিয়ে আনবে। ইসরাইল তার গণবিধ্বংসী অস্ত্র তৈরিতে ইস্পাত ব্যবহার করে। প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ইহুদিবাদী ইসরাইলের ইস্পাত চাহিদার ৬৫ ভাগ তুরস্ক সরবরাহ করে।




সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিবের আলোচনা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: যুক্তরাষ্ট্র সফরে থাকা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) প্রাপ্ত এক বিবৃতিতে জানা যায়, মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কার, মানবাধিকার রক্ষা, রোহিঙ্গা সংকট সমাধান এবং শ্রম অধিকার নিয়ে আলোচনা করেন। এই বৈঠকটি দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও শক্তিশালী করার প্রতিফলন ছিল।

রাজনৈতিক বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাস এবং মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মার সঙ্গেও পৃথক বৈঠকে বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, শ্রম আইন সংস্কার এবং মার্কিন কারিগরি ও আর্থিক সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হোয়াইট হাউসে প্রেসিডেন্টের বিশেষ সহকারী লিন্ডসে ডব্লিউ ফোর্ডের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটের বিষয়ে আলাপ করেন।

এছাড়া, ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে রফতানিতে বৈচিত্র্য আনতে সহযোগিতা, ওষুধ পণ্যের নিবন্ধন ফি হ্রাস এবং শ্রম আইন সংস্কার নিয়ে আলোচনা করা হয়।

এসময় মার্কিন কর্মকর্তাদের মধ্যে অ্যাম্বাসেডর ডোনাল্ড লু, মার্টা সি. ইয়ুথ এবং নিকোল চুলিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব ১৪ অক্টোবর ওয়াশিংটন ত্যাগ করবেন বলে জানা গেছে।

খবর: বাসস




ইরানে হামলা নয়, কৌশলে চ্যালেঞ্জ মোকাবিলা করবে ইসরাইল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানে হামলা নয়, কৌশলে দেশটির চ্যালেঞ্জ মোকাবিলা করবে ইসরাইল। গত সপ্তাহে ইসরাইলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
একজন ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, জেরুজালেম ও ওয়াশিংটনের মধ্যে এ বিষয়ে সমন্বয় অব্যাহত থাকায় এখনো কোনো বড় সিদ্ধান্ত নেয়া হয়নি।
একটি ইসরাইলি সূত্র টাইমস অফ ইসরাইলকে বলেছে, প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করার ইচ্ছা ইসরাইলের। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কৌশলগত আলোচনা অব্যাহত রয়েছে।

চ্যানেল ১২ জানিয়েছে, বৈঠকের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে প্রতিক্রিয়ার সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেয়া হয়নি। প্রয়োজনে মন্ত্রীদের ফোনে এ ধরনের ব্যবস্থা অনুমোদন করতে বলা হতে পারে।

সূত্র : টাইমস অফ ইসরাইল