গণমাধ্যমে জীবিতদের ছবি নিষিদ্ধ করল আফগানিস্তান

চন্দ্রদ্বীপ ডেস্ক: আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোকে নতুন এক নির্দেশনা জারি করেছে দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকার। সেখানে বলা হয়েছে, দেশের কোনো সংবাদমাধ্যম জীবিত প্রাণী বা মানুষের ছবি প্রকাশ করতে পারবে না।

তালেবান সরকারের পাপ ও পূণ্যবিষয়ক মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, ইসলামকে কোনোভাবে অসম্মান করে— এমন কোনো লেখাও ছাপা যাবে না।

মন্ত্রণালয়ের মুখাপাত্র সাইফুল ইসলাম খাইবার জানিয়েছেন, আপাতত কয়েকটি প্রদেশে বলবৎ হবে এ আইন; পরে পুরো আফগানিস্তানে কার্যকর করা হবে।

এএফপিকে খাইবার বলেন, “আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার জবরদস্তি করা হবে না। এই আইন আসলে এক ধরনের পরামর্শ, কিংবা আপনি বলতে পারেন জনগণকে এটা বোঝানোর একটি প্রয়াস যে শরিয়া আইনের সঙ্গে যেসব বিষয় সাংঘর্ষিক, তা অবশ্যই এড়িয়ে চলতে হবে।”

তালেবান কর্তৃপক্ষ যে এই আইনটি বাস্তবায়নে আপাতত জোর-জবরদস্তি করবে না, তার আভাস পাওয়া গেছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমেও। আইনটি পাস হওয়ার পরও তালেবান নেতা ও যোদ্ধারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি আপলোড করে যাচ্ছেন।




ফুরিয়ে আসছে প্রতিরোধ মিসাইল, ভীষণ চিন্তায় ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে এক বছর পেরিয়ে গেছে এই যুদ্ধের। এই যুদ্ধে গাজার সঙ্গে সংহতি জানিয়ে যুক্ত হয়েছে প্রতিবেশি লেবানন, আরব দেশ ইয়েমেন ও ইরানও। সংঘাত এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, দীর্ঘ এই যুদ্ধে নিজেদের অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রয়োজনী মিসাইলের ঘাটতি দেখা দিয়েছে। এতে ভীষণ চিন্তায় পড়েছে ইহুদিবাদী দেশটি।

মঙ্গলবার একটি ব্রিটিশ পত্রিকা ‘ফিন্যান্সিয়াল টাইমস’ এক প্রতিবেদনের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ইরানে প্রতিশোধমূলক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে হামলা চালানোর পর ইরান যদি শক্তভাবে পাল্টা হামলা চালায়, সেক্ষেত্রে প্রতিরক্ষা নিয়ে সমস্যায় পড়তে পারে ইসরায়েল।

কেননা, এই মুহূর্তে ইসরায়েলে প্রতিরোধ মিসাইলের সংকট দেখা দিয়েছে।
সামরিক বিশেষজ্ঞ এবং প্রাক্তন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, ওয়াশিংটন ইসরায়েলের বিষয়টির সমাধান হিসেবে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স মিসাইল সিস্টেম (থাড) পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে তারপরও ইসরায়েল ক্রমবর্ধমানভাবে নিজের প্রয়োজন অনুযায়ী মিসাইল সংগ্রহের চেষ্টা করছে। কেননা, নিজেদের প্রতিরক্ষা খাতকে অগ্রাধিকার দিতে চায় তারা।

প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ডানা স্ট্রউল বলেছেন, “ইসরায়েলের যুদ্ধাস্ত্রের সংকট গুরুতর। ইরান যদি ইসরায়েলের হামলার জবাব দেয় এবং হিজবুল্লাহও যদি একই সঙ্গে হামলায় অংশ নেয়, সেক্ষেত্রে ইসরায়েলের বিমান প্রতিরক্ষার পরিসর অনেক বেড়ে যাবে। ”

তিনি আরও বলেন, শুরু থেকেই এসব মিসাইলের সরবরাহ অসীম ছিল না এবং বর্তমানে ওয়াশিংটন সেই একই গতিতে ইউক্রেন এবং ইসরায়েলে এর সরবরাহ অব্যাহত রাখতে পারবে না।
প্রতিরোধ মিসাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সিইও বোয়াজ লেভি বলেছেন, “আমাদের সংশ্লিষ্ট খাত দিনে ২৪ ঘণ্টা এবং সপ্তাহে সাত দিনই কাজ করছে। আমাদের লক্ষ্য হল আমাদের সমস্ত বাধ্যবাধকতা পূরণ করা।

ইসরায়েলের বহু-স্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে আয়রন ডোম, যা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয়; ডেভিড স্লিং, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেয়; এবং অ্যারো সিস্টেম, যা দীর্ঘ-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।

সামরিক পরিসংখ্যান অনুসারে, গত বছর ৭ অক্টোবরের পর থেকে গাজা এবং লেবানন থেকে ২০ হাজারেরও বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করা হয়েছে, ইসরায়েলি বিমান প্রতিরক্ষা সফলভাবে জনবহুল অঞ্চলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ধ্বংস করেছে।

শুধু তাই নয়, দু দফা ইরানি ক্ষেপণাস্ত্র হামলাও প্রতিরোধ করেছে ইসরায়েল। এর একটি ছিল এপ্রিলে। সবশেষ গত অক্টোবরে ভয়াবহ মিসাইল হামলা চালায় ইরান। সবশেষ হামলায় ইসরায়েলি ভূখণ্ডে ১৮০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। তবে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদের সহায়তায় সেগুলোর বেশির ভাগই ঠেকাতে সক্ষম হয়। ইসরায়েল যথাসময়ে এবং নিজস্ব পদ্ধতিতে অক্টোবরের ইরানি হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। আর সেটি হলে তেহরান এবং তার প্রক্সিদের দ্বারা আরও বেশি আক্রমণাত্মক হামলার সম্ভাবনা রয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সাবেক জেনারেল আসাফ ওরিয়নের মতে, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এখনও তার সম্পূর্ণ সক্ষমতা প্রকাশ করেনি। সুতরাং ইসরায়েল এখনও পরীক্ষায় সম্পূর্ণভাবে উতরে যায়নি।

তিনি বলেন, “হিজবুল্লাহ তার সক্ষমতার মাত্র এক দশমাংশ ব্যবহার করছে। তারা দিনে দু হাজার রকেট নিক্ষেপের সক্ষমতা রাখে। কিন্তু তারা সেই সক্ষমতার খুব অল্প সংখ্যক ব্যবহার করছে। ”

জেনারেল আসাফ ওরিয়ন বলেন, হিজবুল্লাহ এখনও ইসরায়েলি হামলার পুরোপুরি জবাব দেয়নি বলেই মনে হয়। এখনও একটি শক্তিশালী অভিযান চালানোর জন্য যথেষ্ট সক্ষমতা আছে তাদের। সূত্র: টাইমস অব ইসরায়েল




বিরল সফরে পাকিস্তানে পৌঁছালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে বিরল এক সফরে পাকিস্তানে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর। মঙ্গলবার সকালে ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করেছে তাকে বহনকারী উড়োজাহাজটি।

এর আগে পাকিস্তানে ভারতের কোনো মন্ত্রীর সর্বশেষ সফর হয়েছিল ২০১৫ সালে। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফর ছিল সেটি। সেই সফরের গত প্রায় ১০ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলেন ভারতের কোনো মন্ত্রী।

সফরের কয়েক দিন আগে অবশ্য এক সংবাদ সম্মেলনে এস. জয়শঙ্কর বলেছিলেন যে এই সফরে শুধু এসসিওর সম্মেলনেই ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো বৈঠক হবে না।

উপমহাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের সম্পর্ক বরাবরই বৈরী। তবে এই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলোয়ামায় ভারতীয় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার হামলার পর থেকে। সেই হামলায় অন্তত ৪০ জন সেনা প্রাণ হারিয়েছিলেন।

সেই হামলার পর প্রথমে পাকিস্তানের বালাকোটে ঝটিকা অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী। তারপর ওই বছরই আগস্টে জম্মু-কাশ্মিরের সাংবিধানিক স্বায়ত্বশাসিত মর্যাদা বাতিল করে। ভারতের কেন্দ্রীয় সরকারের এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারত তা আমলে না নেওয়ায় চরম তিক্ততায় পৌঁছায় দু’দেশের সম্পর্ক।

প্রসঙ্গত, এসসিও বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। মোট ৯টি দেশ এই জোটের সদস্য। এই সদস্যরাষ্ট্রগুলো হলো রাশিয়া, চীন, ভারত,পাকিস্তান, ইরান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এই জোটটি। আজ ১৫ অক্টোবর থেকে ইসলামাবাদে এসসিওর সম্মেলন শুরু হয়েছে, ১৬ তারিখ শেষ হবে।

সম্মেলন শেষ হওয়ার পর অতিথিদের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ডিনারেও যোগ দেওয়ার কথা রয়েছে জয়শঙ্করের।

সূত্র : রয়টার্স




বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি চায় প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোসের সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই কথা বলেন।

এ সময় স্টিভেন কোবোস অধ্যাপক ইউনূসকে স্বাগত জানিয়ে বলেন, তার নেতৃত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে আমেরিকান কোম্পানিগুলোর আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকটি শীর্ষ মার্কিন কোম্পানি বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।

স্টিভেন কোবোস আরও বলেন, এক্সিলারেট এনার্জি বাংলাদেশে জ্বালানি খাতে এবং ডিকার্বোনাইজেশনে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে। কোম্পানিটি বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে।

বর্তমানে এক্সিলারেটের বাংলাদেশে দুটি অফশোর ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট রয়েছে, যা দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ যোগান দেয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি সম্প্রতি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন। এছাড়া কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং, র‌্যামন ওয়াংডি এবং কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বৈঠকের অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং জ্বালানি সচিব সাইফুল ইসলাম।




রাজপথে ফিলিস্তিনপন্থি মিছিলের নেতৃত্ব দিলেন কিউবার প্রেসিডেন্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা এক বছরেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এমন অবস্থায় ক্যারিবিয়ান দেশ কিউবাতে ফিলিস্তিনপন্থি বিশাল বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজপথে হাজারও মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল।

এসময় তিনি ও তার সহযোগীরা ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরেছিলেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজার ফিলিস্তিনিদের সাথে নিজেদের সংহতি প্রকাশ করতে এবং ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানাতে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এবং কমিউনিস্ট-পরিচালিত এই দ্বীপ রাষ্ট্রটির অন্যান্য নেতাদের নেতৃত্বে হাজার হাজার কিউবান নাগরিক রাজধানী হাভানায় মিছিল করেছেন।

কিউবায় বসবাসরত প্রায় ২৫০ ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীও এই মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিলে বিক্ষোভকারীরা একটি বড় ব্যানার বহন করেন যাতে লেখা ছিল, “স্বাধীন ফিলিস্তিন দীর্ঘজীবী হোক”। এছাড়া মিছিলের নেতৃত্ব দেওয়া প্রেসিডেন্ট মিগুয়েলসহ তার সহযোগীরা ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরেছিলেন।




১১ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলেন চীনের প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানে পা রাখলেন চীনের কোনো প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ইসলামাবাদের রেড জোনে ১৫-১৬ অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিতে লি কিয়াং ইতোমধ্যেই রাজধানীতে পৌঁছেছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, এসসিও সম্মেলনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সরকার রাজধানীজুড়ে লকডাউন জারি করেছে।

দেশজুড়ে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও বাণিজ্য কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

রাজধানীজুড়ে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর টহল শুরু হয়েছে। বর্তমানে পাকিস্তানে চীনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প চলছে, যেখানে চীনা কর্মকর্তারা কাজ করছেন। তবে গত কয়েক মাসে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মার্চ মাসে সন্ত্রাসী হামলায় ৫ জন চীনা নাগরিক নিহত হন এবং গত সপ্তাহেও ২ জনের মৃত্যু হয়েছে।




ভারত ও কানাডার মধ্যে উত্তপ্ত কূটনৈতিক সম্পর্কের নতুন মোড়

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ভারত এবং কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় কানাডা ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কানাডার দাবি, ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা এবং অন্যান্য কূটনীতিকরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে ভারত এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এবং এটিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে।

সোমবার (১৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার ভারতকে কলঙ্কিত করার রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কানাডা এই হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ এখনও উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।

এদিকে, কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রও খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের হত্যাচেষ্টার ষড়যন্ত্রের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করেছে। যদিও ভারত এই অভিযোগকে অবাস্তব বলে উড়িয়ে দেয়নি, বরং তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত কানাডার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে এবং দিল্লি কানাডার এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালে কানাডা ৪০ জনেরও বেশি ভারতীয় কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় এবং বর্তমানে কানাডা থেকে ভারতের হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের মতে, ট্রুডো সরকারের পদক্ষেপ কূটনীতিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।

 




ইসলামাবাদে লকডাউন ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: গুরুত্বপূর্ণ বৈশ্বিক আন্তঃসরকার জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ইসলামাবাদজুড়ে লকডাউন জারি করেছে পাকিস্তানের সরকার। সেই সঙ্গে দেশজুড়ে তিন দিন সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। ইসলামাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা রেড জোনে আগামী ১৫-১৬ অক্টোবর এই সম্মেলন হবে । সম্মেলনে যোগ দিতে আজ সোমবার রাজধানীতে এসে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

তার এই আগমণের মাধ্যমে দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলেন চীনের কোনো প্রধানমন্ত্রী। লি কিয়াংকে অভ্যর্থনা জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে সরকারি ছুটির তিন দিন ইসলামাবাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও বাণিজ্যকেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই রাজধানীজুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের টহল শুরু হয়েছে।

গত ৬ দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র চীন। পর্তমানে পাকিস্তানে চীনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলছে এবং এসব প্রকল্পের কাজ দেখাশোনা করতে চীনের বেশ কয়েকজন কর্মকর্তা পাকিস্তানে অবস্থান করছেন।

গত বেশ কয়েক মাস ধরে তাদের নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। মার্চ মাসে সন্ত্রাসীদের বন্দুক হামলায় ৫ জন চীনা নাগরিক নিহত হয়েছিলেন। গত সপ্তাহে নিহত হয়েছেন আরও ২ জন।

সোমবার এক ব্রিফিংয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে চীনের প্রধানমন্ত্রীর পাকিস্তানের আগমণ একটি ‘ল্যান্ডমার্ক সফর’ হবে।

তবে সোমবার লি কিয়াং পাকিস্তানে পা রাখার কিছুক্ষণ পর দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশেল বান্নু জেলায় বন্দুক হামলা চালিয়েছে ইসলামপন্থি জঙ্গিরা। এতে তিন জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সূত্র : রয়টার্স




ইরানের সামরিক কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে ইরানের কিছু সামরিক কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (১৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের সেনাবাহিনীর কমান্ডার আব্দুর রহিম মুসাভি এবং ইরানের বিমান বাহিনীর কমান্ডার হামিদ ভাহেদি। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তাদের সম্পদ জব্দ করা হবে। এ ছাড়া, ইরানের প্রযুক্তি উন্নয়নের সঙ্গে জড়িত ইরানি স্পেস এজেন্সির সম্পদও জব্দ করা হবে।

গত ১ অক্টোবর গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার প্রতিশোধে ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান তেল আবিবকে লক্ষ্য করে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যদিও এর বেশিরভাগই প্রতিহত করেছে ইসরাইল। এ ঘটনার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধের হুঁশিয়ারি দেন।

 




পাকিস্তানে পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, ৩ পুলিশ নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার পুলিশের সদরদপ্তরে জঙ্গি হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার পুলিশের সদরদপ্তরে জঙ্গিদের সঙ্গে পুলিশ সদস্যদের লড়াইয়ের সময় এ ঘটনা ঘটে। পাকিস্তানের পুলিশের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের উচ্চ-পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা বান্নু জেলা পুলিশের সদরদপ্তরের প্রধান ভবন ও একটি আবাসিক ভবনে হামলা চালায়। পুলিশের সঙ্গে জঙ্গিদের লড়াই এখনও চলমান রয়েছে এবং হামলাকারী জঙ্গিরা আত্মঘাতী ছিলেন। পুলিশ এই সংঘর্ষে তিন হামলাকারীকে হত্যা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ওই কর্মকর্তা জানান, হামলার সময় পুলিশ লাইন্সে হামলা প্রতিরোধ করতে গিয়ে তিন সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। হামলার পর পুলিশের অভিযান চলমান আছে এবং হামলাকারীদের নিষ্ক্রিয় করার জন্য সদরদপ্তরের প্রধান ভবন ও আবাসিক ভবনের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

বান্নু জেলা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত। চলতি সপ্তাহে আঞ্চলিক এক সম্মেলনের জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।