চীনের সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করার আহ্বান

চন্দ্রদ্বীপ ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের সৈন্যদের যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি জোরদার করার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে তিনি এই আহ্বান জানান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনীর বৃহৎ আকারের সামরিক মহড়ার কয়েকদিন পর জিনপিংয়ের এই আহ্বান সামনে এলো। শনিবার (১৯ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারকারী সিসিটিভি অনুসারে, গত বৃহস্পতিবার পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শন করার সময় প্রেসিডেন্ট শি জিনপিং তার এই মন্তব্য করেন।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সামরিক বাহিনীকে “বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত (এবং) নিশ্চিত করা উচিত যে, সৈন্যদের দৃঢ় যুদ্ধের সক্ষমতা রয়েছে”।

তিনি আরও বলেছেন, সৈন্যদের অবশ্যই “তাদের কৌশলগত প্রতিবন্ধকতা এবং যুদ্ধের সক্ষমতা বাড়াতে হবে।”

চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করে থাকে এবং সাম্প্রতিক বছরগুলিতে স্ব-শাসিত এই দ্বীপের চারপাশে বেইজিং তার শক্তি প্রদর্শন ব্যাপকভাবে বাড়িয়েছে। চীনের কমিউনিস্ট নেতারা জোর দিয়ে বলেছেন, তারা তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ করতেও অস্বীকার করবেন না।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শি বৃহস্পতিবার বলেছেন, চীনের সামরিক বাহিনীকে অবশ্যই “দেশের কৌশলগত নিরাপত্তা এবং মূল স্বার্থ রক্ষা করতে হবে”।

উল্লেখ্য, তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

১৯৪৯ সালে চীনে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। এরপর থেকে তাইওয়ান নিজস্ব সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।




হামাসের পরবর্তী প্রধান সিনওয়ারের ভাই নাকি খালেদ মেশাল?

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সম্ভবত ইয়াহিয়া সিনওয়ারের স্থানে তাদের শীর্ষ নেতা হিসেবে গাজার বাইরে থেকে নতুন একজন রাজনৈতিক নেতাকে নির্বাচিত করবে। তবে সদ্য নিহত সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় আরও বড় ভূমিকা গ্রহণ করবেন বলে ধারণা বিশেষজ্ঞদের।

নতুন নেতা নির্বাচনের আলোচনায় হামাসকে অবশ্য তার প্রধান সমর্থক ইরানের পছন্দগুলোর পাশাপাশি পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারের স্বার্থও বিবেচনা করতে হবে। গোষ্ঠীটির পলিটব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার মতো প্রধান প্রার্থীদের সবাই বর্তমানে কাতারে বসবাস করছেন।

হামাসের একটি সূত্র ও বিশ্লেষকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজার বাইর থেকে নতুন নেতার নাম ঘোষণা করতে পারে হামাস। তাছাড়া বিশ্লেষকরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। তবে সিনওয়ারের ডেপুটি খলিল আল-হাইয়াকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার তিনি বলেন, ইসরায়েলি সৈন্যদের গাজা থেকে প্রত্যাহার না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না ও জিম্মিদেরও ফিরিয়ে দেওয়া হবে না।

এদিকে হামাসের প্রভাবশালী নেতাদের একজন খালেদ মেশাল। তিনি সংগঠনের রাজনৈতিক শাখার সাবেক প্রধান। সিনওয়ার হত্যাকাণ্ডের পর হামাসের হাল তিনিও ধরতে পারেন। আবার শুরা কাউন্সিলের চেয়ারম্যানের স্বল্প পরিচিত নেতা মোহাম্মদ দারবিশও বিবেচনায় আছেন।




কালকেই যুদ্ধ থামিয়ে দিতে পারি যদি…!’ হামাস প্রধানের মৃত্যুর পর কী বার্তা দিলেন নেতানিয়াহু?

চন্দ্রদ্বীপ ডেস্ক: কালই তিনি যুদ্ধ থামিয়ে দিতে পারেন, কিন্তু কয়েকটি শর্তও রাখলেন, সঙ্গে দিয়ে রাখলেন প্রচ্ছন্ন হুঁশিয়ারিও। ইজ়রায়েলি হামলায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই গাজ়াবাসীর উদ্দেশে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বার্তা দিলেন, গাজ়ায় যুদ্ধ এখনও শেষ হয়নি। শেষের শুরু হয়েছে।

গাজ়াবাসীর উদ্দেশে নেতানিয়াহুর বার্তা, ‘‘ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু হয়েছে। আমাদের সেনার হামলায় রাফায় নিহত হয়েছেন সিনওয়ার। যদিও যুদ্ধ এখনও শেষ হয়নি। শেষের শুরু হয়েছে সবে। গাজ়াবাসীদের বলতে চাই, এই যুদ্ধ কালই শেষ হতে পারে যদি হামাস অস্ত্র পরিহার করে এবং পণবন্দিদের আমাদের হাতে তুলে দেয়।’’




বিশ্বের চরম দরিদ্র মানুষের প্রায় অর্ধেকই ভারতের

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিশ্বজুড়ে ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে দিন কাটাচ্ছেন, এবং তাদের মধ্যে প্রায় অর্ধেকই সংঘাতপূর্ণ দেশগুলোতে বসবাস করছেন। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের চরম দারিদ্র্যের মধ্যে প্রায় অর্ধেক ভারতীয় নাগরিক। ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ২৩ কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্র্যে জীবনযাপন করছেন। ভারতের পরেই দারিদ্র্যের শীর্ষে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। এই পাঁচ দেশের মধ্যে প্রায় অর্ধেক দারিদ্র্যের শিকার।

গত ১৭ অক্টোবর প্রকাশিত ইউএনডিপি ও অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (ওপিএইচআই) যৌথ গবেষণার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংঘাতপূর্ণ দেশগুলোতে দারিদ্র্যের হার অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এসব দেশে পুষ্টি, পানি, বিদ্যুৎ এবং পয়ঃনিষ্কাশনের মতো মৌলিক সেবাগুলোতে বড় ধরনের ঘাটতি রয়েছে।

গবেষণায় দেখা গেছে, ৪৫ কোটি ৫০ লাখ মানুষ সরাসরি সংঘাত বা দ্বন্দ্বপূর্ণ অঞ্চলে বসবাস করছেন। এর মধ্যে ৫৮ কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্র্যের শিকার, যার বড় অংশই শিশু। সংঘাতময় দেশগুলোতে শিশু মৃত্যুর হার শান্তিপূর্ণ দেশগুলোর তুলনায় আট গুণ বেশি।

অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (ওপিএইচআই) পরিচালক সাবিনা আলকির বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে দারিদ্র্য নিরসনের গতি খুব ধীর। এ কারণে এসব অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠী পিছিয়ে পড়ছে। ইউএনডিপির প্রধান পরিসংখ্যানবিদ ইয়ানচুন ঝাং বলেন, এসব দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য মৌলিক চাহিদা পূরণ একটি কঠিন এবং চ্যালেঞ্জিং প্রক্রিয়া। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শান্তি ছাড়া দারিদ্র্য দূর করা সম্ভব নয়।




কিউবার প্রধান বিদ্যুৎকেন্দ্র বিকল, অন্ধকারে প্রায় এক কোটি মানুষ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: কিউবার প্রধান বিদ্যুৎকেন্দ্র আন্তোনিও গুইতেরাসের পাওয়ার গ্রিড ভেঙে পড়ার পর দেশটির প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে অন্ধকারে দিন কাটাচ্ছে। কিউবার জ্বালানি ও শক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।

কিছু ঘণ্টার জন্য বিদ্যুৎ ফিরলেও শনিবার (১৯ অক্টোবর) আবারও একই সমস্যা দেখা দেয়। ফলে, দেশটির অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎবিচ্ছিন্নতার পরিস্থিতি চলতে থাকে, এবং কখন বিদ্যুৎ আসবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্রিড কর্মকর্তারা জানান, বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য কত সময় লাগবে, তা জানাতে অক্ষম।

কিছু মাস ধরে কিউবা বিদ্যুৎ বিপর্যয়ের শিকার হয়ে আসছে। এই পরিস্থিতিতে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ বিদ্যুৎখাতে ‘জরুরী অবস্থা’ ঘোষণা করেন। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল বলেন, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ সরবরাহের প্রধান লাজারা গুয়েরার বলেন, বিদ্যুৎ পুনরুদ্ধারের প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী মারেরো বলেছেন, অবকাঠামোর অবনতি, জ্বালানির ঘাটতি ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা বিদ্যুৎ বিপর্যয়ের প্রধান কারণ।

এদিকে, শুক্রবার কর্মকর্তারা ঘোষণা করেন, নাইটক্লাবসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অপ্রয়োজনীয় কার্যক্রম সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। কিউবাবাসীদের পিক আওয়ারে ফ্রিজ ও ওভেনের মতো সরঞ্জামের ব্যবহার বন্ধ রাখার আহ্বানও জানানো হয়েছে।




ট্রাম্পকে হারাতে মাঠে নেমেছেন বিল ক্লিনটন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের হয়ে ট্রাম্পের বিপক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি বিল ক্লিনটন।

বারাক ওবামার পর বিল ক্লিনটন প্রচারণী মাঠে নেমে ‘স্যুইং স্টেট’ হিসেবে চিহ্নিত ৭ স্টেটে সভা-সমাবেশ করছেন। এই স্টেটগুলো হলো জর্জিয়া, আরিজোনা, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারলিনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন।

জর্জিয়া থেকে কমলার বিজয় ত্বরান্বিত করতে বিল ক্লিনটনের সঙ্গে নেমেছেন ওবামাও। যুক্তরাষ্ট্রে নারী নেতৃত্বে আগ্রহী নন বহু ভোটার। এমন মনোভাবাপন্নদের অনুধাবনে আরও সক্ষম করতে ইতিহাসের আলোকে বক্তব্য দিচ্ছেন এই দুই সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

এছাড়াও তাদের ভাষ্যমতে, আমেরিকার মানবিক মূল্যবোধ ধ্বংস হবে যদি ট্রাম্পের মতো গোঁয়ার্তুমি করা প্রেসিডেন্ট পুনরায় ক্ষমতায় আসেন।

যদিও গাজা পরিস্থিতি নিয়ে জো বাইডেনের ভূমিকার কারণে এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের চিরচেনা ভোট ব্যাংকে ফাটল ধরেছে বলে অনুমান করা হচ্ছে। মুসলিম আমেরিকানদের সাথে নতুন প্রজন্মের বড় একটি অংশ কমলার মতো ট্রাম্পকেও বর্জনের পক্ষে অনড় রয়েছে বলেও জানা গেছে। অর্থাৎ তারা এই দু’প্রার্থীর কাউকে ভোট দেবেন না বলে ঘোষণা দিয়েছেন। এই মনোভাব অব্যাহত থাকলে ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা প্রবল হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ মুসলিম আমেরিকান ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভোটারের সিংহভাগই ডেমোক্র্যাট।

উল্লেখ্য, বিভিন্ন জরিপে স্পষ্ট হয়েছে যে যুক্তরাষ্ট্রের স্বল্প শিক্ষিত, কৃষ্ণাঙ্গ এবং প্রত্যন্ত অঞ্চলের শ্বেতাঙ্গ ভোটাররা এখনো কমলা হ্যারিসের ব্যাপারে সন্দিহান। যদিও কমলার পক্ষে প্রচারণা চালানো সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন জর্জিয়ায় তার ক্যাম্পেইন শুরু দিনে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন ব্যালট যুদ্ধে অবতীর্ণ হতে।




যুক্তরাষ্ট্রের এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ পুতিনের

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তিনি বলেন, এর ফলে ইউরোপীয় দেশগুলোকে চীনের সঙ্গে সংঘাতে জড়াতে বাধ্য করা হচ্ছে। পুতিন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র দেশগুলোকে তুলনা করেছেন “দড়িতে বাঁধা ছোট কুকুর ছানা” হিসেবে।

শুক্রবার (১৯ অক্টোবর) ব্রিকসভুক্ত দেশগুলোর গণমাধ্যম বিষয়ক প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। পুতিন বলেন, চীন ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতার মূল ভিত্তি হিসেবে কাজ করছে এবং এই সম্পর্ক ‘সমতার’ ভিত্তিতে গঠিত।

তিনি যুক্তরাষ্ট্রের এশিয়ায় নীতির সমালোচনা করে বলেন, ইউরোপীয় দেশগুলোকে তাদের মতামত জিজ্ঞাসা না করেই উত্তেজনা বাড়ানোর কাজে যুক্ত করা হচ্ছে, যা চীনসহ ওই অঞ্চলের দেশগুলোর উদ্বেগ সৃষ্টি করছে। পুতিনের মতে, ইউরোপীয় দেশগুলো আসলে এশিয়ায় জড়াতে চায় না, তবে যুক্তরাষ্ট্র তাদের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে।

পুতিন বলেন, “তাদের যেন দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যেন, বাপের বড় ভাই তার সঙ্গে একটি ছোট কুকুর টেনে নিয়ে যাচ্ছেন।” তিনি আরও উল্লেখ করেন, চীনের উন্নয়ন ঠেকাতে যুক্তরাষ্ট্রের চেষ্টা এখন অসম্ভব, এবং ওয়াশিংটন ১৫ বছর দেরি করে ফেলেছে চীনের অগ্রগতি থামাতে।

পুতিনের এই মন্তব্যগুলো ইঙ্গিত দেয় যে, রাশিয়া ও চীন বৈশ্বিক রাজনীতিতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে, যা বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।




লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত ৫ ইসরায়েলি সেনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে ৫ ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সেনা কর্মকর্তা ও তিন সেনা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এ তথ্য। নিহত সেনা কর্মকর্তা ও সদস্যদের নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এরা হলেন মেজর ওফেক বাচার (২৪), ক্যাপ্টেন ইলাদ সিমান তোভ (২৩), স্টাফ সার্জেন্ট এলায়াশিভ এইতান ওইদার (২২), স্টাফ সার্জেন্ট ইয়াকোভ হিলেল (২১) এবং স্টাফ সার্জেন্ট ইয়েহুদা দিরোর ইয়াহালম (২১)।

নিহতদের মধ্যে মেজর ওফেক বাচার ইসরায়েলের নেস জিওনা, ক্যাপ্টেন ইলাদ সিমান তোভ তিজোফিম স্টাফ সাজেন্ট এলায়াশিভ এইতান ওইদার জেরুজালেম, স্টাফ সার্জেন্ট ইয়াকোভ হিলেল জেরুজালেম এবং স্টাফ সার্জেন্ট ইয়েহুদা দিরোর ইয়াহালম হেবরনের বাসিন্দা ছিলেন। নিহত এবং আহতদের সবাই ইসরায়েলের স্থলবাহিনীর গোলান ব্রিগেডের সদস্য ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইডিএফ।

পৃথক এক বার্তায় আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে মুখোমুখী যুদ্ধে নিহত হয়েছেন এই ৫ ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্যরা। এ অভিযানে বেশ কয়েক জন হিজবুল্লাহ যোদ্ধাকে বন্দি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ইরানের সমর্থন ও মদতপুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবাননভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। প্রতিষ্ঠাকাল থেকেই এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।




নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের শহর কেসারিয়াতে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর এই হামলার ঘটনা নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার সময় নেতানিয়াহু ওই ভবনে ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, শনিবার ভোরের দিকের উপকূলীয় শহর কেসারিয়া লক্ষ্য করে তিনটি ড্রোনের মাধ্যমে হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্যে দুইটি প্রতিহত করা গেলেও একটি ভবনে আঘাত হেনেছে।

এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, শুক্রবার রাতে লেবানন থেকে ছোড়া অন্তত ৫৫টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূখণ্ড অতিক্রম করেছে। এদের মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং বেশ কিছু খোলা মাঠে পড়েছে।

তাছাড়া হাইফাতে একটি গাড়ি রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হলে এতে দুইজন আহত হয়।




নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কেসারিয়াতে এই হামলা ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, নেতানিয়াহুর দপ্তর এই হামলার ঘটনা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় নেতানিয়াহু ওই ভবনে উপস্থিত ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী, শনিবার ভোরের দিকে কেসারিয়া লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়। এর মধ্যে দুইটি ড্রোন প্রতিহত করা হলেও একটি ভবনে আঘাত হানে।

এছাড়া, শুক্রবার রাতে লেবানন থেকে ছোড়া অন্তত ৫৫টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূখণ্ড অতিক্রম করেছে। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কিছু খোলা মাঠে পড়েছে। হাইফাতে একটি গাড়িতে রকেটের আঘাত লাগলে সেখানে দুইজন আহত হন।