স্বামীর মরদেহের পাশে নিখোঁজ হাইকারকে বাঁচিয়ে রাখলো কুকুর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: কিছু দিন আগে স্বামীকে নিয়ে হাঁটতে বেরিয়ে পথ হারিয়েছিলেন পামেলা হেলমস্ট্যাডটার। মার্কিন হাইকার দম্পতিকে বেশ কয়েক দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ওয়াশিংটন কাউন্টির আলেকজান্ডারের জঙ্গল থেকে ৭২ বছর বয়সী এই নারীকে উদ্ধার করা হয়।

পামেলাকে তার স্বামীর মরদেহ থেকে প্রায় ২০০ গজ দূরে পাওয়া যায়। উদ্ধারের সময় তার পাশে ছিল লুচি নামে তাদের পোষা কুকুরটি, যা পামেলাকে বুকে জড়িয়ে রেখে নিরাপদ রাখার চেষ্টা করছিল।

মাইন ওয়ার্ডেন সার্ভিসের কর্মকর্তা জোশ বিল পোষা কুকুরটির সম্পর্কে জানান, “কে-নাইন টিম যখন পামেলাকে খুঁজে পায়, তখন তার কুকুরটি তার প্রতি খুব যত্নশীল ছিল।” তিনি বলেন, উদ্ধারের মুহূর্তে কুকুরটি পামেলার বুকের ওপর শুয়ে থেকে তাকে উষ্ণ রাখার চেষ্টা করছিল এবং এভাবেই সে তার মালিককে বাঁচিয়ে রেখেছিল।




ইরানে হামলায় আকাশসীমা ও ভূমি ব্যবহার করতে দেবে না প্রতিবেশীরা

ইচন্দ্রদ্বীপ ডেস্ক: রানে হামলায় নিজেদের আকাশসীমা ও ভূমি ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরানের প্রতিবেশী দেশগুলো। কুয়েত সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মঙ্গলবার এ দাবি করেন।

কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে আজ এক সংবাদ সম্মেলনে আব্বাস আরাগচি বলেন, ‘আমাদের সব প্রতিবেশী নিশ্চয়তা দিয়েছে যে ইরানের বিরুদ্ধে (হামলায়) তারা তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর তৎপরতা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ইসরায়েল যদি ইরানে হামলা করে, তাহলে এর পাল্টা সমুচিত জবাব দেবে তেহরান।’

ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পর থেকে ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলো সফরে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কুয়েতের আগে বাহরাইন, সৌদি আরব, কাতার, ওমান, ইরাক, মিসর ও তুরস্ক সফর করেছেন আরাগচি।




তেল আবিবে জরুরি অবস্থা জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের তেল আবিবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বেন গুরিওন বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে নিরিত এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে করে বিশাল বিস্ফোরণ ঘটেছে। এতে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।




ইসরায়েলে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘থাড’ মোতায়েন

চন্দ্রদ্বীপ নিউজ :: মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ (THAAD) ইসরায়েলে অবশেষে মোতায়েন করা হয়েছে। সপ্তাহখানেক জানানো হয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে ‘থাড’ সরবরাহ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২২ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট এ খবর জানায়।

খবরে বলা হয়, সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

১ অক্টোবর ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমান বাহিনীর ঘাঁটি এবং দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদ-এর ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে করে ইসরায়েলের বিমান বাহিনীর ঘাঁটির ব্যাপক ক্ষতিসাধিত হয় বলে ইসরায়েল স্বীকার করে।

এ হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালে এবং সে হামলার জবাবে ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলার হাত থেকে রক্ষা করতে এ ‘থাড’ সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র।

‘থাড’ এবং এর বৈশিষ্ট্য

ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত নাম- ‘থাড’ (THAAD)। এর পুরো নাম- ‘টার্মিনাল হাই-অল্টিচিউড এরিয়া ডিফেন্স’।

এতে অত্যাধুনিক রাডার ব্যবহার করা হয়। এতে রয়েছে, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ‘থাড’ নিজের ১শ ৫০ থেকে ২শ কিলোমিটারের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিমেষেই ধ্বংস করে দিতে পারে। এর সক্ষমতা বলা চলে একেবারে নিখুঁত।

‘থাড’ ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ এবং আকাশ থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র ছোড়া ধ্বংস করে দিতে পারে। এটি মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনস তৈরি করে।

সাংবাদিকেরা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের কাছে জানতে চান, ‘থাড’ কাজ শুরু করেছে কি না। এর জবাবে লয়েড বলেন, খুব দ্রুত এটি স্থাপনসহ প্রত্যাশিতভাবেই কাজ করতে সক্ষম ‘থাড’।

সপ্তাহখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইসরায়েলে ‘থাড’ স্থাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে।




লেবাননের যোদ্ধাদের মিলিয়ন ডলারের গোপন ভান্ডারের খোঁজ মিলল

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর গোপন সম্পদের ভান্ডারের খোঁজ পাওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, বৈরুত হাসপাতালের নিচে বাঙ্কারে বিপুল সম্পদ লুকিয়ে রেখেছে তারা।

সোমবার (২১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার হিজবুল্লাহর অর্থ কেন্দ্রের গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দক্ষিণ বৈরুতের একটি হাসপাতালের নিচে লুকানো একটি বাঙ্কার রয়েছে যেখানে কয়েক মিলিয়ন ডলার নগদ অর্থ এবং স্বর্ণ মজুদ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল রোববার রাত থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে। তারা ইরান-সমর্থিত গোষ্ঠীটির অর্থায়নের ক্ষমতা হ্রাস করার জন্য একটি সিরিজ হামলা শুরু করেছে।

আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডম্যাড ড্যানিয়েল হাগারি টেলিভিশনে এক বক্তব্যে বলেন, ইসরায়েলি বিমান বাহিনী হিজবুল্লাহর শক্তিশালী আর্থিক ঘাঁটিতে বেশ কয়েকটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

তিনি বলেন, গত রাতে আমাদের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল কোটি কোটি ডলার নগদ এবং স্বর্ণসহ একটি ভূগর্ভস্থ ভল্ট। এসব সম্পদ ইসরায়েলের ওপর হিজবুল্লাহর হামলার অর্থায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। হামলার বিষয়টি উল্লেখ করলেও এতে স্থাপনাটি পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে কিনা তা জানানো হয়নি।

হাগারি এছাড়াও রাজধানী বৈরুতের একটি হাসপাতালের নিচে নগদ অর্থ ও স্বর্ণে ভরা একটি পৃথক বাঙ্কারের কথা উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, ভল্টটি আইডিএফ এখনও লক্ষ্যবস্তু করা হয়নি।

হাগারি আরও বলেন, আমাদের ধারণা এই বাঙ্কারে কমপক্ষে অর্ধবিলিয়ন ডলারের ডলার অর্থ এবং সোনা মজুদ রয়েছে। এই অর্থ লেবানন রাষ্ট্র পুনর্গঠনে ব্যবহার করা যেতে পারে এবং তা এখনও ব্যবহৃত হতে পারে।

এদিকে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে। তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলআবিব।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে; কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে। মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়। আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে ওই দৃশ্য দেখা যায়। এ হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এ হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে।

তারও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটিকে লক্ষ্য করে পর পর অসংখ্য ওয়াকিটকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ৩২ জন নিহত এবং তিন হাজার জনের বেশি মানুষ আহত হয়েছিল।




ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানকে গত ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে সেখানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল কান ১১-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির একজন সরকারি কর্মকর্তা।

সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, “ইরানে একটি বড় হামলার প্রস্তুতি ইসরায়েল নিচ্ছে। এছাড়া ইরানের যে কোনো সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য (ইসরায়েলের) প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে।”

গত ১ অক্টোবর রাতজুড়ে ইসরায়েলে প্রায় ২০০ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সেনাবাহিনী এলিট শাখা ইসলামি রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলার ২ দিন পর ৩ অক্টোবর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বলেন, ইসরায়েল যদি গাজা এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে অদূর ভবিষ্যতে এ ধরনের হামলা আরও ঘটবে।

ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্রদের সঙ্গে নিজেদের সুরক্ষা ও মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নিবিড় আলোচনা শুরু করে ইসরায়েল। এই আলোচনার ভিত্তিতেই গত শনিবার ইসরায়েলে নিজেদের ক্ষেপণাস্ত্র সুরক্ষা বিষয়ক সমরাস্ত্র থাড মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী এবং অভিজাত সমরাস্ত্রগুলোর মধ্যে থাড অন্যতম।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেলক্ষেত্র বা পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে তেহরানও হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের ভূখণ্ডে হামলা ঘটলে তার ‘যন্ত্রণাদায়ক’ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে ইসরায়েলকে।

মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান এবং ইসরায়েল পরস্পরের প্রতি ব্যাপকমাত্রায় বৈরীভাবাপন্ন। হিজবুল্লাহ, হামাস, হুথি, প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে গত চার দশক ধরে নিয়মিত আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ইরান। এসব গোষ্ঠীর প্রধান এবং একমাত্র লক্ষ্য ইসরায়েলকে নির্মূল করা।

সূত্র : আনাদোলু এজেন্সি




এবার নতুন নেতার নাম গোপন রাখবে হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: সরায়েলের হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে নতুন নেতার নাম-পরিচয় জানানো হবে না বলে বিবিসি-কে জানিয়েছে গোষ্ঠীটি।

সৌদি আরবের মালিকানাধীন পত্রিকা আশারক আল-আসওয়াতও শনিবার এ খবর জানিয়েছে। পত্রিকাটিকে হামাসের কযেকটি সূত্র জানান, “এ বিষয়ে দলের ভেতরে আলোচনা হয়েছে।

হামাস নেতৃবৃন্দ দলের নতুন রাজনৈতিক ব্যুরোর প্রধানের পরিচয় এবং নাম গোপন রাখা নিয়ে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণের দিকে অগ্রসর হচ্ছে। হামাস নিরাপত্তায় যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে খুব সম্ভবত সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”

হামাস সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, নতুন নেতার নাম গোপন রাখা নিয়ে গাজা এবং বিদেশের হামাস নেতাদের মধ্যে প্রায় মতৈক্য হয়ে গেছে।

ভবিষ্যতে হামাস নেতাদের খুঁজে বের করা এবং তাকে হত্যা করা যাতে ইসরায়েলের পক্ষে সহজ না হয় সে চেষ্টাই নিয়েছে গোষ্ঠীটি। নাম গোপন থাকলে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি বিষয়ক আলোচনার ক্ষেত্রে কে সিদ্ধান্ত নেবে সেটি নিয়ে ইসরায়েল ধাঁধায় পড়বে।

সিনওয়ারের মৃত্যুতে এখন হামাসের নেতৃত্ব যারা দিতে পারেন সে তালিকায় আছেন-মোহম্মদ সিনওয়ার, খলিল আল-হায়া, খালেদ মেশাল, মাহমুদ আল-জহর, মোহাম্মদ শাবানা, মারওয়ান ঈসা ও রওহি মুশতাহা।

হামাসের রাজনৈতিক এবং সামরিক দুই শাখারই বহু শীর্ষ নেতাই সম্প্রতি কয়েক মাসে ইসরায়েলের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার গাজায় ইসরায়েলের হামলায় নিহত হন ইয়াহিয়া সিনওয়ার, যাকে গতবছর ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার ঘটনার হোতা বলে মনে করা হয়।

এর আগে গত জুলাইয়ের শেষদিকে নিহত হন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া। তিনি নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকেই দায়ী করা হয়। যদিও ইসরায়েল কখনওই হানিয়াকে হত্যার দায় স্বীকার করেনি।




সীমান্ত অচলাবস্থার অবসানে অবশেষে ভারত-চীনের চুক্তি

চন্দ্রদ্বীপ ডেস্ক: দু’দেশের সীমান্ত এলাকাগুলোতে টহলদারীর ক্ষেত্রে গত চার বছর ধরে যে অচলাবস্থা বিরাজ করছিল, তা থেকে বেরিয়ে আসতে চুক্তি করেছে ভারত এবং চীন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর।

সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, “আমরা চীনের সীমান্ত সংলগ্ন আমাদের অঞ্চলগুলোতে টহলের জন্য বেইজিংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এখন থেকে সীমান্ত অঞ্চলে ভারত এবং চীনের সীমান্তরক্ষীরা আগের মতোই টহল দিতে পারবেন। গত চার বছর ধরে এক্ষেত্রে যে অচলাবস্থা চলছিল, এই চুক্তির ফলে তা দূর হবে বলে আমরা আশা করছি।”

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য হিমাচল এবং জম্মু-কাশ্মির রাজ্যের লাদাখের সঙ্গে সীমান্ত রয়েছে চীনের। ১৯৬২ সালের যুদ্ধের পর একটি চুক্তি স্বাক্ষর করেছিল নয়াদিল্লি এবং বেইজিং। সেই চুক্তির প্রধান শর্ত ছিল যে সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্তরক্ষী ও সেনাদের কেউ আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে পারবেন না।




ইসরায়েলি হামলায় লেবাননের ৩ সেনা নিহত, ক্ষমা চাইলো ইসরায়েলি সামরিক বাহিনী

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে তিনজন সেনাকে হত্যা করার পর ক্ষমা চেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার (২০ অক্টোবর) ইসরায়েলি বাহিনী লেবাননের সেনাবাহিনীর একটি গাড়িতে বিমান হামলা চালায়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

লেবাননের সেনাবাহিনী জানায়, রোববার সীমান্তবর্তী গ্রাম আইন এবেলকে হানাইন শহরের সাথে সংযোগকারী একটি সড়কে ইসরায়েলি বাহিনী তাদের গাড়িকে “লক্ষ্য” করে হামলা চালায়। এতে তিনজন সেনা সদস্য নিহত হন।

এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে সোমবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, তারা লেবাননের সেনাবাহিনীর সাথে লড়াই করছে না। তাদের সৈন্যরা বিশ্বাস করেছিল যে তারা হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্যবস্তু করছিল। খবরটি প্রকাশ করেছে আরব নিউজ।

গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন সেনা নিহত হয়েছে। এছাড়াও, গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে দুই হাজার ৪৬৪ জন নিহত এবং সাড়ে ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।




জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলা, চিকিৎসকসহ নিহত ৭

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ভারতের জম্মু-কাশ্মিরের গান্দেরবাল জেলায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যেখানে ৬ জন নির্মাণ শ্রমিক এবং একজন চিকিৎসক নিহত হয়েছেন। রোববার (২০ অক্টোবর) রাতে সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্পে কর্মীদের ওপর অতর্কিত গুলি চালায়। খবরটি প্রকাশ করেছে এনডিটিভি।

হামলায় নিহত চিকিৎসকের নাম ডা. শাহনওয়াজ, যিনি রাজ্যের বাধগামের বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে অন্যরা হলেন পাঞ্জাবের গুরমিত সিং, মোহাম্মদ হানিফ, ফাহিম নাসির, বিহারের কলিম, মধ্যপ্রদেশের মেকানিক্যাল ম্যানেজার অনিল কুমার শুকলা এবং জম্মুর শশী আবরোল।

রাজ্যের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই হামলাকে নৃশংস ও কাপুরুষোচিত উল্লেখ করে বলেন, এই এলাকায় শ্রমিকেরা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন। তিনি নিরস্ত্র লোকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে, এই ঘৃণ্য কাজের পেছনে যারা রয়েছেন, তারা শাস্তি পাবেন। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।