সাঁকো থেকে খালে পড়ে ৫ম শ্রেণির স্কুলছাত্রী নুসরাতের মৃত্যু

বরিশালের মুলাদী উপজেলার চরকোলানিয়া এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাঁকো পারাপারের সময় খালে পড়ে নুসরাত (৯) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। নুসরাত চরকোলানিয়া গ্রামের নজরুল ইসলামের কন্যা এবং পার্শ্ববর্তী হিজলা উপজেলার কোলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, প্রাথমিক বিদ্যালয়ের ২য় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষা দিতে স্কুল যাচ্ছিল নুসরাত সহ অন্যান্য শিক্ষার্থী। পথে একটি সাঁকো পারাপারের সময় নুসরাত পিছলে খালে পড়ে যায়। সহপাঠীদের চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রীর বাবা নজরুল ইসলাম বলেন, নুসরাত সাঁতার জানত না এবং কিছু দিন আগে টাইফয়েড জ্বরে শারীরিকভাবে দুর্বল ছিল। এর ফলে সাঁকো থেকে পড়ে যাওয়াই মৃত্যুর কারণ বলে মনে করছেন তিনি।

মুলাদী থানার এসআই মো. মাসুদ জানিয়েছেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক সুরতহাল করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




কালকিনিতে নসিমন উল্টে চালক নিহত

মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা মজিদবাড়ি কন্ডুবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এক নসিমন দুর্ঘটনায় মো. শাহাদাত হোসেন সরদার (৩৫) নামে একজন চালক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে ঘটেছে।

নিহত শাহাদাত হোসেন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার ইল্লা গাইনেরপাড় গ্রামের আফসার আলী সরদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, কুন্ড বাড়ির সামনে রাস্তার বড় গর্তের কারণে নসিমনটি উল্টে পড়ে। দুর্ঘটনার সময় পিছন থেকে আসা যাত্রীবাহি পরিবহনের চাকার নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কালকিনি থানার ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান। সঙ্গে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলনের সুফল পাচ্ছেন রোগীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির নেতৃত্বে শুরু হওয়া শিক্ষার্থী ও জনতার আন্দোলন প্রথম দিকে খুব একটা গুরুত্ব না পেলেও এর ইতিবাচক প্রভাব এখন স্পষ্ট। দীর্ঘদিন অচল থাকা বরিশাল হাসপাতালের বহু যন্ত্রপাতি পুনরায় সচল হওয়ায় সরাসরি উপকৃত হচ্ছেন রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই ৯৫টি যন্ত্রপাতি চালু করা হয়েছে। আগে এসব মেশিন অচল থাকার সুযোগে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো লাভবান হলেও বর্তমানে রোগীরা সরকারি হাসপাতালে সেবা পাচ্ছেন।

এখনও ১টি এনজিওগ্রাম, সিটি স্ক্যান, এক্স-রে, লেসিক, ওসিটি, লেথোরিপটর, এন্ড্রোস্কপি মেশিনসহ আরও প্রায় ২০টি যন্ত্রপাতি সচল করার প্রক্রিয়া চলছে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে একটি এমআরআই, ক্যাথ-ল্যাব এবং সি-আর্ম মেশিন চালু করার প্রস্তুতিও রয়েছে।

এছাড়া হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। পূর্বে রোগী ও মৃতদেহ পরিবহনে সিন্ডিকেটভুক্ত অ্যাম্বুলেন্স মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করত। এখন সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারে উৎসাহিত করতে ভাড়ার হার নির্ধারণ করে হটলাইন (০১৭৮২৭৫৫৫০০) চালু করা হয়েছে। তবে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা দাবি করেছেন, এ উদ্যোগ রোগীদের জন্য ভোগান্তি বাড়াতে পারে।

সংস্কারের অংশ হিসেবে অস্বাস্থ্যকর ভবন থেকে মেডিসিন ওয়ার্ডগুলো মূল ভবনে স্থানান্তর করা হয়েছে। অথচ এসব সংস্কার দাবি করার কারণেই আন্দোলনকারীরা হাসপাতাল কর্মচারীদের হামলার শিকার হয়েছিলেন।

জানা গেছে, বরিশাল হাসপাতালকে ঘিরে শতাধিক বৈধ ও অবৈধ অ্যাম্বুলেন্স সক্রিয় ছিল। এর মধ্যে প্রায় ২০টি পুরানো মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে রোগীদের সেবা দেওয়ার নামে অতিরিক্ত ভাড়া আদায় করা হতো। বর্তমানে নিয়ম করা হয়েছে— বাইরের থেকে রোগী আনা অ্যাম্বুলেন্স রোগী নামানোর পর দ্রুত হাসপাতাল কম্পাউন্ড ত্যাগ করবে।

অন্যদিকে, বরিশালের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও স্বাস্থ্য পরিচালক সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে এসে আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




এমডি ডিগ্রি অর্জনে চিকিৎসক ডা. মশিউর রহমানকে সংবর্ধনা

বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের কৃতি সন্তান ও লিভার-পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেছেন। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী বেসরকারি এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এর উদ্যোগে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— হাসপাতালের চেয়ারম্যান মো. আনিসুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ খন্দকারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ডা. মশিউর রহমানের এ অর্জন শুধু পরিবারের গর্ব নয়, বরং বরিশালবাসীর জন্য এক বড় সম্মান। চিকিৎসা ক্ষেত্রে তার অবদান ভবিষ্যতে দেশকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

“এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কিডনির পাথর প্রতিরোধে জীবনধারায় সতর্কতা জরুরি

কিডনি শরীরের রেচন প্রক্রিয়ার অন্যতম প্রধান অঙ্গ। অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে কিডনিতে পাথর তৈরি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। কিডনিতে লবণ ও খনিজ জমে তৈরি হওয়া এসব পাথর চিকিৎসা না করলে তীব্র ব্যথা, অস্বস্তি ও জটিলতা সৃষ্টি করে।

ভারতের চিকিৎসক ডা. মোহিত খিরবাত জানান, সামান্য কিছু পরিবর্তন এবং খাদ্যাভ্যাসে সচেতনতা কিডনিকে সুস্থ রাখতে পারে। কিডনিতে পাথর এড়াতে তিনি কিছু পরামর্শ দিয়েছেন—

১. প্রচুর তরল পান করুন
প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। এতে প্রস্রাব পাতলা হয় এবং পাথর হওয়ার ঝুঁকি কমে। যাদের ওজন বেশি, তাদের আরও বেশি পানি পান করা উচিত।

২. লবণ গ্রহণ কমান
অতিরিক্ত লবণ শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট করে পাথরের ঝুঁকি বাড়ায়। প্রক্রিয়াজাত ও অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলা জরুরি।

৩. অক্সালেটসমৃদ্ধ খাবার পরিহার করুন
পালং শাক, বিটরুট, বাদাম ও চকোলেটে থাকা অক্সালেট ক্যালসিয়ামের সঙ্গে মিশে পাথর তৈরি করে। যাদের আগে কিডনিতে পাথর হয়েছে, তাদের এসব খাবার এড়ানো দরকার।

৪. উদ্ভিদভিত্তিক প্রোটিন বেছে নিন
প্রাণিজ প্রোটিন ইউরিক অ্যাসিড বাড়িয়ে পাথর তৈরি করে। তাই ডাল, বিন, টোফুর মতো উদ্ভিজ্জ প্রোটিন খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

৫. কোমল পানীয় থেকে দূরে থাকুন
কোলা, সোডা ও চিনিযুক্ত কোমল পানীয়তে ফসফরিক অ্যাসিড বেশি থাকে, যা কিডনির ক্ষতি করে। পরিবর্তে পানি ও প্রাকৃতিক ফলের রস পান করা ভালো।

৬. স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন
স্থূলতা প্রস্রাবের অ্যাসিড-বেস ভারসাম্য নষ্ট করে পাথরের ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস কিডনি সুস্থ রাখতে কার্যকর।


মো:আল-আমিন



গৌরনদীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীর চিকিৎসা

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মিনলায়তনে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প। এতে গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ও সাভার সুপার মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. রাজিব গাজী।

গৌরনদীর টরকী বাসস্ট্যান্ডস্থ খান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বারের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।

ক্যাম্পের সঞ্চালনা করেন খান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বারের চেয়ারম্যান মো. রুহুল আমিন। এসময় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কাজী জুয়েল, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, হাসান মাহমুদ ও রাজিব ইসলাম তারিমসহ অনেকে বক্তব্য রাখেন।

গ্রামীণ সাধারণ মানুষের জন্য এই ধরনের উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বাউফলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, ১০ যাত্রী আহত

পটুয়াখালীর বাউফলে ঢাকা গামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে শনিবার (১৬ আগস্ট) রাত ১টার দিকে আফসারের গ্যারেজ এলাকায়।

আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, গলাচিপা ও দশমিনা থেকে যাত্রা শুরু করা এই রুটের বাসগুলোতে একই চালককে দিনে-রাতে দুইবার চালাতে বাধ্য করা হয়। এর ফলে প্রায়ই এই রুটে দুর্ঘটনার ঘটনা ঘটছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। গুরুতর আহত এক যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




দেশের চিকিৎসা মানসম্মত নয়; মানুষ বিরক্ত হয়েই বিদেশগামী হচ্ছে: আসিফ নজরুল

বাংলাদেশের মানুষ বিরক্ত ও নিরুপায় হয়ে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রাইভেট হাসপাতাল মালিকদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, “চিকিৎসা খাতে ৪-৫ বিলিয়ন ডলারের বাজার আছে। কিন্তু আপনারা সেই বাজার দখল করতে পারছেন না। কেন মানুষ চিকিৎসার জন্য বিদেশে যাবে? ভারত বা ব্যাংককে এমন লোকও যায়, যারা কখনো ঢাকায় আসেনি। তারা বিরক্ত ও নিরুপায় হয়ে যায়। সঠিক সেবা দিলে কেউই বিদেশে যাবে না।”

তিনি চিকিৎসকদের অপ্রয়োজনীয় টেস্ট দেওয়ার প্রবণতা এবং রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করার সমালোচনা করে বলেন, “আমার বাসার এক গরিব হেল্পিং হ্যান্ডকে ঢাকার একটি হাসপাতালে ১৪টি টেস্ট দেওয়া হয়েছিল। সে রাগ করে গ্রামে চলে যায় এবং টেস্ট ছাড়াই সুস্থ হয়ে ফিরে আসে। এই ধরনের অনর্থক খরচ বন্ধ করতে হবে।”

আসিফ নজরুল আরও বলেন, “নার্সরা যদি ১২ হাজার টাকা বেতন পায়, তাহলে তারা কীভাবে ভালো সেবা দেবে? অনেক হাসপাতালের মালিক কোটি টাকার বাগানবাড়ি করেন, অথচ নার্সদের ন্যায্য বেতন দেন না। করোনাকালে আপনারা প্রমাণ করেছেন—চিকিৎসা দেওয়ার সক্ষমতা আছে। সামান্য লাভ কম হলেও উন্নত সেবা দিলে দীর্ঘমেয়াদে সেই ক্ষতি পূরণ সম্ভব।”




ভোলায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

ভোলায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক মো. ইউছুফ হোসেন (২৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইউছুফ ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ইউছুফ বাংলাবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলের পেছনে আরও একজন আরোহী ছিলেন। বিশ্বাসবাড়ী এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউছুফের মৃত্যু হয় এবং অপর আরোহী আহত হন।

এসআই জামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারের আপত্তির কারণে ময়নাতদন্ত ছাড়াই রাত প্রায় দেড়টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




হার্ট ফাটলের ক্লিপ: ওপেন-হার্ট সার্জারি ছাড়াই জীবন রক্ষা

বছরের পর বছর ধরে হৃদরোগীদের জন্য ওপেন-হার্ট সার্জারি ঝুঁকিপূর্ণ ও জটিল সমাধান হিসেবে বিবেচিত হতো। তবে আধুনিক কার্ডিওভাসকুলার প্রযুক্তি এই ধারণা পাল্টে দিয়েছে। সম্প্রতি মার্কিন হৃদরোগ বিশেষজ্ঞ ড. দিমিত্রি ইয়ারানোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, হার্টের ফুটো বা লিক হওয়া ভালভ ঠিক করতে এখন আর অপারেশন থিয়েটারে যাওয়ার প্রয়োজন নেই। শিরার মাধ্যমে ঢুকিয়ে দেওয়া একটি ছোট ক্লিপই এখন রোগীর জীবন বদলে দিচ্ছে।

ড. ইয়ারানোভ ব্যাখ্যা করেন, হৃদপিণ্ডের ‘মাইট্রাল’ ও ‘ট্রাইকাস্পিড’ ভালভকে বলা হয় ইনলেট ভালভ। এই ভালভগুলো রক্তকে সঠিক দিকে প্রবাহিত রাখতে অবিরাম কাজ করে। কিন্তু যখন এই ভালভে রিগার্জিটেশন বা লিক দেখা দেয়, তখন রক্ত পিছনের দিকে প্রবাহিত হয়। ফলে হার্ট দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে হার্ট ফেইলিওরের দিকে অগ্রসর হয়। পূর্বে এই সমস্যার সমাধানের জন্য ওপেন-হার্ট সার্জারি করা হত। তবে বয়স, শারীরিক অবস্থা বা অন্যান্য স্বাস্থ্যঝুঁকির কারণে অনেক রোগী এই অস্ত্রোপচারের উপযুক্ত হতেন না।

ড. ইয়ারানোভ জানান, আধুনিক প্রযুক্তি ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতি এনেছে। পায়ের শিরা দিয়ে ক্যাথেটারের মাধ্যমে ভালভের জায়গায় একটি ছোট ক্লিপ বসানো হয়। এই পদ্ধতি সম্পন্ন হওয়ার পর রোগী পরের দিনই বাসায় ফিরে যেতে পারেন। এটি শুধু হার্ট ফেইলিওরের হার কমাচ্ছে না, রোগীর জীবনমানও উল্লেখযোগ্যভাবে উন্নত করছে।

অতীতে ওপেন-হার্ট সার্জারিতে বুকে বড় ছেদ কেটে হার্টে পৌঁছাতে হত এবং প্রায়ই হার্ট-লাং বাইপাস মেশিন ব্যবহার করতে হতো। করোনারি ধমনী রোগ, ত্রুটিপূর্ণ ভালভ বা জন্মগত হৃদরোগের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হলেও ঝুঁকিপূর্ণ এবং সময়সাপেক্ষ। নতুন ক্লিপ পদ্ধতির কারণে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং জটিলতার ঝুঁকি তুলনামূলকভাবে কমে যায়।

ড. ইয়ারানোভ বলেন, “এই প্রযুক্তির অগ্রগতি শুধু চিকিৎসকদের হাত শক্ত করছে না, রোগীদের জীবনমানও বদলে দিচ্ছে। এখন হার্টের রোগীদের জন্য নিরাপদ, দ্রুত এবং কার্যকর সমাধান সম্ভব হয়েছে।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম