বরিশালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত, আহত ৮

খোকন আহম্মেদ হীরা,বরিশাল :: ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উড়ে গেছে হানিফ পরিবহনের একটি বাসের ছাদ। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত ও বাসের আটজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

খবরপেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।

আহতরা হলেন- পিরোজপুরের স্বরূপকাঠী এলাকার বাসিন্দা সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ দেলোয়ার হোসেন, একই জেলার আব্দুল আউয়াল, উজিরপুর উপজেলার বাসিন্দা ও ঢাকা মেট্রোপলিটন এলাকার নারী পুলিশ কনষ্টবল উজিরপুর উপজেলার বাসিন্দা নিপা আক্তার, একই উপজেলার অনিমেষ, দশমিনা উপজেলার বাবলু হোসেন, আমতলী উপজেলার মশিউর রহমান, শরিয়তপুরের ঘোষাইরহাট এলাকার বাসিন্দা ও বরিশালের অপসোনিন কোম্পানীর কর্মকর্তা নাসির উদ্দীন, একই কোম্পানীর কর্মকর্তা ও ঝালকাঠীর বাসিন্দা মশিউর রহমান।

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন গুরুত্বর আহত আটজনকেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নিহতের নাম ও পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

দূর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকা অতিক্রমকালে হানিফ পরিবহনের বাসটি ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা লাগে। এতে মুহুর্তের মধ্যে বাসের ছাদ উড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি গুরুত্বর আহত আটজন যাত্রীকে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, হতাহতদের উদ্ধারের পর দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।




বরিশালে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল অফিস:: বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের নদীবন্দর এলাকা ও সোনামিয়ার পোল বাজার, রায়পাশা-কড়াপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিজা বীসরাত হোসেন ও মুহাম্মদ মারজানুর রহমান।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূলে বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে পাঁচটি মামলায় পাঁচ ব্যবসায়ীকে মোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর তিনটি দলের সহযোগিতায় অভিযানে জরিমানার পাশাপাশি নির্ধারিত দামে পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিজা বীসরাত হোসেন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।




২১০০ সালের মধ্যে প্রায় প্রতিটি দেশের জনসংখ্যা কমবে, বলছে গবেষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশে জনসংখ্যা কমছে বলে জানা যাচ্ছে। তবে ২১০০ সাল নাগাদ বিশ্বের প্রায় প্রতিটি দেশের জনসংখ্যা কমবে বা সঙ্কুচিত হবে। এমন তথ্য সামনে এনেই সতর্ক করা হয়েছে নতুন এক গবেষণায়।



ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়?

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসলামিক বর্ষপঞ্জি বা হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান হলো সবচেয়ে পবিত্র মাস। রমজানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী রোজা রাখেন।



দুমকিতে ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ১২ বছরের এক শিশু। ইতোমধ্যে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুলাল খন্দকার, তার স্ত্রীও স্বীকার করেছেন স্বামীর অপকর্মের কথা।

ধর্ষণের শিকার হয়ে আট মাসের অন্তঃসত্ত্বা শিশুটিকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। সেখানে করা হয়েছে নানা পরীক্ষা- নিরীক্ষা।

ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ছেন। তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বাবা ও স্বজনরা। সামনের কঠিন সময়ের কথা ভেবে এক রকম বাকরুদ্ধ তারা।

আগে থেকেই কঠিন পরিস্থিতি মধ্যে বড় হতে হচ্ছিলো শিশুটিকে। আড়াই বছর বয়সে সংসার ছেড়ে চলে যায় তার মা। তখন থেকে তাকে লালন পালন করে আসছেন দাদি।
আর পেশাগত কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকে বাবা। সেই সুযোগে শিশুটিকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে তিন সন্তানের জনক প্রতিবেশী দুলাল খন্দকার।

ভুক্তভোগী শিশু ও দাদির সঙ্গে কথা বলেন জানা গেছে, গত ১৭ মার্চ শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এরপরই ধর্ষণ ও অন্তঃসত্ত্বার খবর জানাজানি হয়।

এরপর মামলা তার বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন দুলাল খন্দকার।

অভিযুক্ত দুলালের স্ত্রীও স্বীকার করেছেন তার স্বামীর অপরাধের কথা।

তবে বিষয়টি পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টা করেছিলেন স্থানীয় এক ইউপি সদস্য। যদিও এখন তা অস্বীকার করছেন তিনি।

এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে আত্মীয় স্বজন ও স্থানীয়রা। এমন বর্বরতার জন্য তারা আপোস- মীমাংসার বদলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।




মির্জাগঞ্জে হনুমানের আক্রমণে ২ স্কুলছাত্রী আহত

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী মির্জাগঞ্জে একটি দলছুট কালোমুখো হনুমানের আক্রমণে দুই স্কুলছাত্র আহত হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মনোহরখালি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী তিশা আক্তার ও আরিফা।

এছাড়া কয়েক দিন আগে মির্জাগঞ্জ বাজারের রিপন চন্দ্র দাস (৩৫) নামে এক ব্যবসায়ীকে কামড়ে গুরুতর আহত করে হনুমানটি। বর্তমানে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

মনোহরখালি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক বাবু নিখিল চন্দ্র মিত্র বলেন, ‘কালোমুখো হনুমানকে নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি কয়েকজনকে কামড়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার কয়েক ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছিল। ঠিক ওই সময় হনুমানটি তাদের দিকে তেড়ে যায় এবং দুজনকে কামড়ে গুরুতর আহত করে। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আলাউদ্দিন মাসুদ বলেন, দলছুট হনুমান খাবারের সন্ধানে লোকালয়ে আসে। তারা শুধু প্রাণীদের চিকিৎসার বিষয়টি দেখভাল করেন, প্রাণী সংরক্ষণের দায়িত্ব বন বিভাগের। আর কেউ যেন হনুমানটির আক্রমণের শিকার না হয়, সে জন্য বন বিভাগকে অবহিত করে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন, ‘হনুমানের আক্রমণের কথা অনেকদিন পর্যন্ত শুনছি। হনুমানের আঁচড় ও কামড়ে জলাতঙ্ক হওয়ার ঝুঁকি রয়েছে। গুরুতর হলে ভ্যাকসিন নিতে হবে।’

 




ক্যান্সারে আক্রান্ত সাইদুল বাঁচতে চান

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর দুমকিতে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন মো. সাইদুল (২৫) নামের এক যুবক। তিনি বাঁচতে চান; কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। ছেলের এমন অবস্থা দেখে পাগলপ্রায় সাইদুলের বাবা। তিনি বিত্তবানদের সাহায্য চেয়েছেন।

সাইদুল উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মালেক শরীফের ছেলে। তিনি উপজেলার সরকারি জনতা ডিগ্রি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেছেন। বর্তমানে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

চিকিৎসক জানিয়েছেন, সাইদুল টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

সাইদুলের বাবা বলেন, চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৭ লাখ টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। আমার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করছি।

জানা যায়, সাইদুলের পিতা এলাকায় অটো গাড়ি চালাতেন এবং সাইদুল ডিগ্রি পাশ করে চাকরি না পেয়ে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করতেন। বাবা-ছেলের রোজগার দিয়েই তাদের সংসার চলত। হঠাৎ দুই মাস আগে সাইদুলের শারীরিক অবনতি হলে চিকিৎসকের শরণাপন্ন হন। একপর্যায়ে সাইদুলের টিউমার ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে সাইদুলের বাবা অটোরিকশা বিক্রিসহ ধারদেনা করে ৭ লক্ষাধিক টাকা জোগাড় করে ঢাকা ক্যান্সার হাসপাতালে ছেলের অপারেশন করান। এখন সাইদুলকে কেমোথেরাপি দিতে হচ্ছে যার অর্থ পরিবার বহন করতে পারছে না।

প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, সাইদুল অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার বাবা একজন অটোচালক। তার বাবার সামর্থ্য নাই সাইদুলের চিকিৎসা করার।




কুকুরের কামড়ে বাউফলে ব্যবসায়ীর মৃত্যু

পটু্য়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে জালাল সিকদার (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্য হয়েছে। জালাল সিকদার বাউফল পৌর শহরের শেরেবাংলা সড়কের বাসিন্দা।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসার সামনে মুদি মনোহরীর দোকান আছে জালাল সিকদারের। রমজানের আগে তাকে বাসার সামনেই একটি কুকুরে কামড় দেয়। এরপর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন। পরে বাইরের একটি ফার্মেসী থেকে তিনি ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ ক্রয় করে প্রয়োগ করেন। কিন্তু ভ্যাকসিন প্রয়োগের পরও জালাল সিকদারের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, জালাল সিকদারের স্ত্রী ও ৩ সন্তান রয়েছেন। ঢাকা থেকে এখন পর্যন্ত তার লাশ বাড়িতে এসে পৌঁছেনি। তবে জালাল সিকদারের লাশ সতর্কতার সাথে দাফন করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

যথাযথভাবে চিকিৎসাসেবা দেওয়ার পরও জলাতঙ্কে জালাল সিকদারের মৃত্যুর প্রশ্নে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, বাইরের ফার্মেসীগুলোতে ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ কোড অনুসরন করা হয় না। হয়তো ভ্যাকসিনের ক্ষেত্রেও তাই হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের পর ফলপ্রসু না হওয়ায় জালাল সিকদারের মৃত্যু হতে পারে বলে তিনি ধারনা করছেন।




কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঈনুদ্দিন বয়াতী (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুতলীতে টিউবয়েল বসানোর সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে মাঈনুদ্দিনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মাঈনুদ্দিন ওই ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের হাবিব বয়াতির ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানায়, মৃত মাঈনুদ্দিন টিউবয়েল বসানোর কাজ করতো। ঘটনার সময় একটি টিউবয়েল বসানোর কাজ শেষ করে মালামাল ভ্যান গাড়িতে উঠাতে ব্যস্ত ছিলো। একটি লোহার পাইপ উঠাতে গেলে উপরে থাকা বিদ্যুৎ লাইনের সাথে লেগে মৃত্যবরন করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, লাশ থানায় আনা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 




রাসুল (সা.) কেমন খেজুর দিয়ে ইফতার করতেন

চন্দ্রদীপ ডেস্ক : সতেজ বা তরতাজা খেজুর দ্বারা ইফতার করা সুন্নত। তরতাজা খেজুর না পেলে শুকনা খেজুর দ্বারা ইফতার করবে। কিন্তু ইফতারিতে খেজুর অবশ্যই রাখতে হবে। কেননা এটি রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত এবং রোজাদারের জন্য অত্যন্ত উপকারী খাবার।

হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) তরতাজা খেজুর দিয়ে ইফতার করতেন। না পেলে শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। তাও না পেলে তিনি এক অঞ্জলী পানি দ্বারা ইফতার করতেন। (আবু দাউদ, হাদিস : ২৩৫৮; তিরমিজি, হাদিস : ৬৯৬)। খেজুর পবিত্র খাবার।
সালমান বিন আমির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ ইফতার করলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। সে খেজুর না পেলে যেন পানি দিয়ে ইফতার করে। কারণ তা পবিত্র। (ইবনে মাজাহ, হাদিস : ১৬৯৯) 

খেজুর ইসলামী খাদ্য-সংস্কৃতির অংশ হওয়ার পাশাপাশি এর আছে স্বাস্থ্য উপকারিতা।

খেজুরে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরকে ডিটক্সিফাই করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। 

শরীরে আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে খেজুর। একই সঙ্গে খেজুরের মিষ্টতা চিনির বিকল্প হিসেবে কাজ করে। খেজুরে আছে পটাসিয়াম, যা হৃদ্‌রোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খেজুর শরীরের খারাপ ধরনের কোলেস্টেরল কমায় (এলডিএল) এবং ভালো কোলেস্টেরলের (এইচডিএল) পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে।

খেজুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন। এই আয়রন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। শরীরে রক্তাল্পতা দেখা দিলে বা হিমোগ্লোবিনের কমতি হলে খেজুর খাওয়া শুরু করুন। এর ফলে শরীরে আয়রনের মাত্রা বজায় থাকবে। হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক হবে এবং রক্তের কোষ উৎপন্ন হবে।

খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক। যেমন—বি১, বি২, বি৩ ও বি৫। এ ছাড়া ভিটামিন এ১, সিসহ নানা ভিটামিনের পাওয়ার হাউস বলা যেতে পারে খেজুরকে।

নিয়মিত খেজুর খাওয়ার মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানো যায়। খেজুরের নানা উপাদান শরীরে বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিহত করতে পারে। খেজুর হাড়ের স্বাস্থ্য উন্নত করে। ক্যালসিয়াম হাড় গঠনে সহায়তা করে। আর খেজুরে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে। সেই সঙ্গে মাড়ির স্বাস্থ্যও সুরক্ষিত রাখে।

সূত্র : ফার্মইজি ও বিভিন্ন ওয়েবসাইট