গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় গাছের ডাল কাটকে গিয়ে বশির হাওলাদার (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পূর্ব টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বশির ওই গ্রামের বারেক হাওলাদারের পুত্র।

আরো পড়ুন : দুমকিতে রাস্তা সংস্কার বন্ধ দুবছর

নিহতের চাচাতো ভাই রফিক হাওলাদার জানান, দুপুরে তার বাড়িতে একটি চাম্বল গাছের ডাল কাটতে ওঠেন বশির। এ সময় আচমকাই তিনি নিচে ছিটকে পড়ে যান। তাৎক্ষনিক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেনন।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




গলাচিপায় স্ত্রীর সামনে স্বামীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর সামনেই তাল গাছ থেকে নিচে পড়ে স্বামী মো: জহিরুল ইসলাম মুন্সি (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার দুপুর সাড়ে ৩টার দিকে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মো: জহিরুল ইসলাম মুন্সি ওই এলাকার মরহুম হাকিম আলী মুন্সির ছেলে।

আরো পড়ুন : পটুয়াখালীতে ঝড়ে মৃত্যু বেড়ে তিন, নিখোঁজ এক

সূত্রে জানা গেছে, মো: জহিরুল ইসলাম মুন্সি পেশায় একজন কৃষক ছিলেন। দুপুরে নিজ ধান ক্ষেতে ওষুধ প্রয়োগ শেষে বাড়িতে আসেন। দুপুর সাড়ে ৩টায় স্ত্রী নাজমা বেগমকে সাথে নিয়ে ঘরের পিছনে তাল গাছ থেকে রস কাটতে যান। এ সময় স্ত্রীকে নিচে রেখে তিনি (জহিরুল ইসলাম) তাল গাছ উঠেন। হঠাৎ গাছ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে কি কারণে হঠাৎ গাছ থেকে পড়ে যান তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘সোমবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’




মির্জাগঞ্জে নসিমনের চাপায় পথচারী নিহত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে ট্রলি গাড়ির ধাক্কায় এক মাহেন্দ্রা চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক (৪০)। তিনি উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের আব্দুল মাজেদ সিকদারের ছেলে।

আজ রবিবার (৭ এপ্রিল) সকালে মির্জাগঞ্জ-বেতাগী সড়কের সুবিদখালী সরকারি কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন : পটুয়াখালীতে ঝড়ে মৃত্যু বেড়ে তিন, নিখোঁজ এক

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মালেক তার মাহেন্দ্র গাড়িটি রাস্তার পাশে পার্কিং করে, রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ বেপরোয়া গতিতে পূর্ব দিক থেকে আসা একটা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




পটুয়াখালীতে ঝড়ে মৃত্যু বেড়ে তিন, নিখোঁজ এক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে কালবৈশাখী ঝড়ে রাতুল (১৪) নামের এক কিশোর ও সুফিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। পরে ইব্রাহিম ফরাজী (৪৫) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয় তেতুলিয়া নদী থেকে। অপর জেলে ইসমাইল রারী (৪০) এখনও নিখোঁজ রয়েছেন। এ দুই জেলের বাড়ি বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে।

নিহত রাতুলের বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতের কাঠি গ্রামে। তার বাবার নাম জহির সিকদার। তাকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে বজ্রপাতে তিনি মারা গেছেন। আর সুফিয়া বেগমের বাড়ি উপজেলার দাশপাড়া ইউনিয়েনর চরআলগী গ্রামে। তাঁর স্বামীর নাম মৃত আহম্মেদ প্যাদা। ঘরের উপর গাছ চাপা পরে তিনি নিহত হন।

আরো পড়ুন : বাউফলে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ২ জনের মৃত্যু

এদিকে, নিহত ইব্রাহিম ফরাজী ও নিখোঁজ ইসমাইল রারীর গ্রামের বাড়ি চন্দ্রদ্বীপ ইউনিয়নে। তারা দু্ইজন একই নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন বলে জানা যায়।

এ ছাড়াও ঝড়ে উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা ৫ মিনিট পর্যন্ত ৩৫ মিনিট স্থায়ী এ ঝড়ে কাঁচা বাড়ি-ঘর, গাছ গাছালি উপরে গেছে। বাউফলের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক আধাপাকা বাড়ি বিধস্ত ও কয়েক হাজার গাছগাছালি উপড়ে পরার খবর পাওয়া গেছে। এসময় ব্যপক শীলা বৃষ্টি ও বিরামহীন  ভাবে বজ্রপাত হয়েছে।

আরো পড়ুন : ঘূর্ণিঝড়ে দুমকিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

বাউফল পৌর শহরের থানার সামনে সালেহিয়া ফাজিল মাদ্রাসার একটি ভবনের টিনের চালা উপরে রাস্তায় পরে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পশু হাসপাতাল রোডে গাছ ভেঙে সড়কের উপর পরায় সেখানেও চলাচল বন্ধ রয়েছে।
গোসিংগা গ্রামের আফসেরের গ্রেজ এলাকায় ঘরের উপর গাছ ভেঙ্গে পরে মা সাবিহা (৩০) তার মেয়ে ইভা (১২) ও দুই বছর বয়সী শিশু মারাত্মক আহত হয়েছে। ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিড়ে গেছে। এছাড়া বেশ কয়েকটি খাম্বা ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শীলা বৃষ্টিতে তরমুজসহ রবি ফসল ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী বলেন, ‘ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য কৃষি বিভাগ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে।’




ঘূর্ণিঝড়ে দুমকিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে আকস্মিক ঘূর্ণীঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তান্ডবে পল্লীবিদ্যুৎ সঞ্চালন লাইনের খুটি ভেঙ্গে উপড়ে ও তারছিড়ে লন্ডভন্ড হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড বেগের আকস্মিক ঝড়ে বাঁশবুনিয়ার নুর ইসলাম মৃধা, নলদোয়ানীর আঃ কাদের হাং ও চরবয়েড়ায় মফিজ উদ্দিন, শ্রীরামপুরের সেলিম হাওলাদারের, দুমকি আনোয়ার হোসেন হওলাদার চেয়ারম্যানের বসত ঘরসহ বিভিন্ন এলাকায় শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানের ছাউনী উড়ে ও গাছচাপা পড়াসহ ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের তান্ডবে জলিশা কদমতলা কলেজের ছাউনী উড়িয়ে নিয়ে গেছে, এল.এ এম কলেজের টিনশেড অংশ বিধস্ত হয়েছে।

আরো পড়ুন : রাঙ্গাবালীতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

এছাড়া গাছপালা কলা বাগান, রবি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তান্ডবে বিভিন্ন স্থানে পল্লীবিদ্যুৎ এর খুটি ভেঙে ও উপড়ে তার ছিড়ে লন্ডভন্ড হয়ে গেছে।

রাজাখালী, মুরাদিয়া, আংগারিয়া ও পাঙ্গাশিয়ায় অন্তত অর্ধশতাধিক স্পটে তার ছিড়েছে, ৪০টি পয়েন্টে মেইন লাইনের ওপরে গাছ পরে থাকার খবর পাওয়া গেছে। ঝড়ের পড়ে বিদ্যুৎ কর্মীরা সব জনবল নিয়ে মাঠে নেমে কাজ শুরু করলেও কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে তা বলা যাচ্ছে না।

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার বলেন, ঝড়ে তার ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে কিছু ঘরবাড়ির ক্ষয় ক্ষতির খবর পেয়েছি। সরেজমিন দেখে ক্ষয় ক্ষতি নিরুপণ তালিকা করা হবে।

দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ বলেন, ঝড়ের পর পরই বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতি নিরুপণের নির্দেশনা দেয়া হয়েছে।




বাউফলে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ২ জনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় বজ্রপাতে রাতুল (১৩) নামে এক শিশু ও গাছের নিচে চাপা পড়ে সাফিয়া রহমান (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১ টায় উপজেলার তাতেরকাঠি গ্রামে ওই শিশুর ও দাশপাড়া ইউনিয়নের চরালকী গ্রামে ওই বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে অনেককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বর্তমানে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। উপড়ে পড়ে রয়েছে প্রায় শতাধিক গাছপালা।

এসময় সদর উপজেলার আউলিয়াপুরে একটি গরুরও মৃত্যু হয়।

ঝড় চলাকালীন সময়ে বাউফল উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক গাছপালা উপড়ে পড়েছে বলে জানা গেছে এবং অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম জানান, ঠিক কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে।




স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব অর্জন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে




বিশ্ব স্বাস্থ্য দিবস : চ্যালেঞ্জ বাড়াচ্ছে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ

চন্দ্রদ্বীপ ডেস্ক : দেশে সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার অগ্রগতি হলেও বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধ ও তা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ বাড়ছে।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত সোডিয়াম বা লবণ গ্রহণ, তামাকের ব্যবহার, কায়িক শ্রমের অভাব, বায়ুদূষণ প্রভৃতি কারণে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার, কিডনি বিকল, শ্বাসতন্ত্রের সমস্যার মতো সমস্যাগুলো ক্রমবর্ধমান হারে বাড়ছে।

দেশে বর্তমানে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই হচ্ছে এসব রোগে। মহামারির মত ছড়িয়ে পড়া এসব অসংক্রামক রোগ ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবার লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এমন বাস্তবতায় সারা বিশ্বের মতো আজ (রোববার) দেশে পালিত হচ্ছে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৪।’ এ বছর দিবসের প্রতিপাদ্য নিধারণ করা হয়েছে ‘মাই হেলথ, মাই রাইট’ অর্থাৎ স্বাস্থ্য অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে।’ প্রতিপাদ্যে গুণগত স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তির মতো মৌলিক অধিকারের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বৈশ্বিক অঙ্গীকারের সঙ্গে একাত্ম ঘোষণা করেছে।

সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। এজন্য স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বাণীতে বলেন, সরকার গত পনেরো বছরে চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা শিক্ষা ও জনশক্তি, জনবল নিয়োগ, স্বাস্থ্য খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার আইন নীতিমালা প্রণয়নসহ এ খাতের উন্নয়নে কাজ করছে। স্বাস্থ্যসেবা বিভাগের একাধিক কর্মকর্তা যুগান্তরকে বলেন, বাংলাদেশ গত কয়েক দশকে শিশু, মাতৃমৃত্যু ও জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস এবং গড় আয়ু বৃদ্ধিতে সক্ষম হয়েছে।

ইপিআই কর্মসূচির আওতায় শিশু, কিশোরী ও নারীদের ১১টি রোগের টিকাদানে সফলতা পেয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে মোট জনগোষ্ঠীর ৯৪ শতাংশ মানুষকে টিকা দিয়েছে। ২০১৪ সালে পোলিওমুক্ত, ২০২৩ সালে কালাজ্বর ও ফাইলেরিয়াসিস নির্মূল স্বীকৃতি পেয়েছে।

বর্তমানে দেশীয় চাহিদার ৯৮ ভাগ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদনের পাশাপাশি বিশ্বের ১৯৭টি দেশে রপ্তানি করছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য সুরক্ষার অধিকার মানুষের মৌলিক অধিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সর্বজনীন স্বাস্থ্য কভারেজের লক্ষ্য প্রত্যেক মানুষ যেন অর্থ ব্যয় ছাড়াই প্রয়োজনীয় মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা সহজে পেতে পারে। কিন্তু বাংলাদেশ অংসক্রামক রোগ মোকাবিলায় হিমশিম খাচ্ছে।
এর সঙ্গে জলবায়ু পরিবর্তন, বায়ু ও শব্দ দূষণের কারণে সৃষ্ট রোগসহ ওষুধ প্রতিরোধী যক্ষ্মা ও মানসিক স্বাস্থ্য সমস্যাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে একজন মানুষের ৭৮ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে। বিপর্যয়মূলক চিকিৎসা ব্যয় অসংখ্য রোগীকে দারিদ্রসীমায় ঠেলে দিচ্ছে।

সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জন করতে হলে ২০৩০ সালের মধ্যে এই ব্যয় ৩০ শতাংশে নামিয়ে আনতে হবে। এখন যেভাবে চলছে তাতে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবার উন্নয়নে জোর দিয়ে এখনই স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের মধ্যে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত চ্যালেঞ্জ হবে।




পটুয়াখালীতে ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ফেসবুকে পোস্ট দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত তাওরিন আহমেদ (২০) উপজেলা ডাকুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়চত্রা গ্রামের মাহাতাব হাওলাদারের ছেলে।

তার চাচা জালাল হাওলাদার জানান, তাওরিন ঢাকার উত্তরায় একটি কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। কিছুদিন আগে তিনি পরিবারের কাছে মোটরসাইকেলে কেনার জন্য বায়না ধরেন। পরে শুক্রবার বাবা-মা চিকিৎসার জন্য বাড়ির বাইরে থাকার সুযোগে তিনি আত্মহত্যা করেন। আমরা ধারণা করছি, সে অভিমানেই এমন কাজ করেছে। শনিবার সকালে বাড়ি ফিরে বাবা-মাসহ স্বজনরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।

জালাল হাওলাদার আরও জানান, তাওরিন মাদকাসক্ত ছিলেন। প্রায় দুই বছর আগে তাদে মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছিলো।

আরো পড়ুন : দুমকিতে অচেনা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এদিকে ঘটনার দিনগত রাত দুইটার দিকে তাওরিন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ভালো থেকো আব্বু-আম্মু। তোমাদের অনেক কষ্ট দিছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তোমাদের আর কষ্ট দিতে চাইনা আমি তাই তোমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, ভালো থেকো। তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমাদের কষ্ট দেওয়ার জন্য।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আলম খান জানান, মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।




দুমকিতে অচেনা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীতে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, তার পরিচয় জানা যায়নি।

শনিবার দুপুরে দুমকি থানা পুলিশের একটি দল মুরাদিয়া ইউনিয়নের রাস্তার মাথা লঞ্চঘাটের কাছের লোহালিয়া নদী থেকে ২৩ থেকে ২৪ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এসময় তার পরনে ছিলো ফুলপ্যান্ট ও গেঞ্জি।

আরো পড়ুন : গলাচিপায় ডায়রিয়ার প্রাদুর্ভাব

মুরাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার জানান, শনিবার সকালের দিকে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দেহটি উদ্ধার করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানান, ওই যুবকের পরিচয় মেলেনি। পুলিশ ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখছে।