একটি ওষুধের দাম ২২ কোটি টাকা

চন্দ্রদ্বীপ নিউজ: যদি থাকে নসিবে আপনি  আপনি আসিবে এ কথা টা সত্যি প্রমান করে রাইয়ান মোস্তাকিন দুই বছর বয়সে খবরের শিরোনাম হয়েছিল একটি ওষুধ নেওয়ার কারণে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ২০২২ সালের অক্টোবর মাসে রাইয়ানের শরীরে ওষুধটি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়।

বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিসের এই ওষুধ কিনতে চাইলে বাংলাদেশি ২২ কোটি টাকা ব্যয় করতে হবে। তবে রাইয়ান ওষুটি পেয়েছিল লটারিতে।

মানিকগঞ্জের মো. রফিকুল ইসলাম ও রিনা আক্তারের সন্তান রাইয়ান মোস্তাকিন। ২০২০ সালের ২৬ নভেম্বর ওর জন্ম। রাইয়ানের মা ও দাদি খেয়াল করেন শিশুটি কিছুটা অস্বাভাবিক। হাত–পা খুবই নরম, পেশি বলে কিছুই নেই।

মানিকগঞ্জ ও সাভারে একাধিক চিকিৎসক দেখানোর পর নয় মাস বয়সে তাকে আনা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে। শনাক্ত হয় স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি বা এসএমএ নামের বিরল রোগ। এটি জিনগত রোগ। বিরল এই রোগের ওষুধ দুনিয়ায় কোথাও সহজে পাওয়া যায় না।

নোভার্টিসের ওষুধটির নাম জোলজেনএসএমএ। নোভার্টিস সূত্রে জানা গেছে, ২০২০ সাল থেকে বৈশ্বিক কর্মসূচি ‘গ্লোবাল ম্যানেজড অ্যাক্সেস প্রোগ্রাম’–এর মাধ্যমে দরিদ্র পরিবারের রোগীদের এই অতি মূল্যবান ওষুধটি দেওয়া হতো। এটা লটারির মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা হয়। রোগীদের হয়ে কোনো প্রতিষ্ঠানের চিকিৎসকেরা লটারিতে অংশ নিতেন।

শিশুর বয়স হবে দুই বছরের কম এবং জিন পরীক্ষার মাধ্যমে এসএমএর ব্যাপারে নিশ্চিত হতে হবে। এ ছাড়া সেই দেশের শিশুরাই ওষুধটি পাবে যে দেশে ওষুধটির অনুমোদন নেই। ২০২৪ সালের ডিসেম্বরে নোভার্টিস এই কর্মসূচি বন্ধ করে দেয়। ওই বছর পর্যন্ত ৪০টি দেশের ৩০০ এসএমএ শিশু ওষুধটি বিনা মূল্যে পেয়েছিল। রাইয়ান তাদের একজন এবং লটারির মাধ্যমে পাওয়া একমাত্র বাংলাদেশি শিশু।

রাইয়ানের হয়ে লটারিতে অংশ নিয়েছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের সহকারী অধ্যাপক (শিশু স্নায়ুরোগ বিভাগ) জুবাইদা পারভীন। তিনি প্রথম আলোকে বলেন, ছয়টি শিশুর হয়ে তিনি লটারিতে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ভাগ্যবান রাইয়ান।

গত ২৩–২৪ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে এসএমএ রোগী ও তাদের অভিভাবকদের জন্য আয়োজিত কর্মশালায় রাইয়ান এসেছিল তার বাবা–মা ও দাদিকে সঙ্গে নিয়ে। চিকিৎসক ও তার বাবা–মা জানিয়েছেন, জিন থেরাপি পাওয়ার পর শিশুটির অনেক পরিবর্তন হয়েছে, হচ্ছে। হাত–পা শক্ত হচ্ছে। সে এখন বসতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওর জিনগত ত্রুটি দূর হতে থাকবে, ও স্বাভাবিক হবে।

তবে হাসপাতাল ও নোভার্টিস সূত্রে জানা গেছে, বাংলাদেশের আরও একটি শিশু এই ওষুধটি পেয়েছে। শিশুটির বাবা একজন সরকারি কর্মকর্তা। তিনি ওষুধটি সমঝোতা মূল্যে কিনেছেন। এই সমঝোতায় সহায়তা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল।

 




স্বাস্থ্য ও ঘুমের জন্য কখন গোসল করা উচিত?

গবেষকরা বলছেন, গোসলের সময় নির্ভর করে ব্যক্তিগত জীবনধারা ও কাজের ধরনের ওপর। সকালে গোসল করলে মন সতেজ থাকে এবং কাজের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়া যায়। রাতে গোসল করলে সারাদিনের ঘাম, ধুলোময়লা ও ব্যাকটেরিয়া দূর হয়ে পরিষ্কার শরীরে ঘুমানো সম্ভব।

লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট প্রিমরোজ ফ্রিস্টোন বলেন, রাতের গোসল হলেও রাতভর ঘাম ও মৃত কোষ ত্বকের উপর থেকে যায়, যা ধুলোমাইটের খাদ্য হিসেবে কাজ করতে পারে। হাল বিশ্ববিদ্যালয়ের গবেষক হলি উইলকিনসন আরও বলেন, ‘গোসলের চেয়ে চাদর ধোয়া বেশি গুরুত্বপূর্ণ’।

গরম পানিতে রাতে গোসল করলে ঘুম ভালো হয়। গবেষণা অনুযায়ী, ঘুমানোর এক থেকে দুই ঘণ্টা আগে ১০ মিনিটের গোসল ঘুমকে দ্রুত এবং শান্তিশীল করতে সাহায্য করে। তবে দিন শেষে দিনে একবার গোসল করলেই যথেষ্ট।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় এক দিনে ডেঙ্গুতে কেড়ে নিল চারজনের প্রান

চন্দ্রদ্বীপ ‍নিউজ: জীবন যেন কচু পাতার পানি একটু   এদিক ওদিক হলে গড়িয়ে পরে।শনিবার সকাল আটটা পর্যন্ত বরগুনার পাথরঘাটায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের  মৃত্যু হয়েছে।  এর মধ্যে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং স্থানীয় ক্লিনিকে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বরগুনার সিভিল সার্জন আবু ফাত্তাহ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি হিসাবে এ নিয়ে চলতি বছর জেলার ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেলেন। এর মধ্যে বরগুনার জেনারেল হাসপাতালে মারা গেছেন ৯ জন।

সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাথরঘাটা উপজেলার উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুক্লা ঢালী (১৩), আমড়াতলা এলাকার হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার সিদ্দিক মোল্লা (৪৫) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিত এলাকার নুরজাহান বেগম (৭৫)।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাখাল বিশ্বাস অপূর্ব জানান, গত কয়েক দিন বৃষ্টি ছিলে। বৃষ্টি কমে যাওয়ার পর থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। প্রতিনিয়ত জ্বর নিয়ে রোগী আসছেন চিকিৎসা নিতে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরগুনায় ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জুনের মাঝামাঝি সময়ে বরগুনায় এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম চালায়। গত ২৬ জুন এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর জরিপের ফলাফল প্রকাশ করে জানায়, বরগুনা পৌরসভার ৩১ শতাংশ এবং গ্রামাঞ্চলের ৭৬ শতাংশ বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেছে।




সাড়ে ৩ হাজার চিকিৎসকের যোগদান প্রক্রিয়া চুড়ান্ত স্বাস্থ্য অধিদফতর

চন্দ্রদ্বীপ নিউজ:   স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মো: আবু জাফর জানিয়েছেন অচিরেই সাড়ে তিন হাজার চিকিৎসক যোগদান করবেন বলে জানিয়েছেন। আরো তিন হাজার ৮০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ চূড়ান্ত করা হবে।’তিনি বলেন, ‘কিছু প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রুতই সাড়ে তিন হাজার ডাক্তার যোগ দিচ্ছেন।’

বুধবার (১৭ সেপ্টেম্বর) মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি থেকে স্পেশাল বিসিএস থেকে তাদের নিয়োগের বিষয়ে ইতোমধ্যেই সুপারিশ করা হয়েছে।’

পুলিশ ভেরিফিকেশন এবং অন্যান্য কিছু প্রশাসনিক কাজ সম্পন্ন করে এ মাসেই তারা যোগদান করতে পারবে বলে আশা প্রকাশ করেন এই পেডিয়াট্রিক সার্জন এবং স্বাস্থ্যসেবা প্রশাসক।

বাংলাদেশের সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সর্বোচ্চ পদস্থ এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে ১২ হাজার ৩৯৭ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে।

৩৮তম বিসিএসে সুপারিশ করা হয়েছে তিন হাজার ১২০ জন। এর মধ্যে ৩০০ জন রয়েছে ডেন্টাল। বাকি দু’ হাজার ৮২০ জন সহকারী সার্জন।

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে চিকিৎসকদের শূন্য পদ পূরণ করা হবে। এ বিষয়ে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক।’




বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নববধূর

বরিশালের উজিরপুর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নববধূ। স্বামীর মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগরারপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারাসি গ্রামের বাসিন্দা মেহেদী হাসান তার নববধূ খাদিজা আক্তার (১৯)কে সঙ্গে নিয়ে সাতলা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় খাদিজা আক্তার গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক মাস আগে মেহেদী হাসান ও খাদিজা আক্তারের বিয়ে হয়। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ইন্দুরকানীতে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল বারেক শেখ (৪৮) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বারেক শেখ মৃত হাতেম আলী শেখের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ দোকানে ফ্রিজ পরিষ্কার করার সময় হঠাৎ শট সার্কিট হয়ে তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মহিপুরে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, তিন জেলে দগ্ধ

পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করে রাখা একটি মাছধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিন জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহিপুর মৎস্য বন্দর এলাকার আলমগীর মৃধার তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ জেলেদের মধ্যে সবচেয়ে গুরুতর আহত হয়েছেন জহির হোসেন (৫৫)। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য দুই জেলে শহিদুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলাম (৩০) মহিপুরেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী জেলে আবদুল মালেক বলেন, “আমরা ট্রলারের পাশে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে না আনলে পুরো ট্রলারই পুড়ে যেত।”

আরেক জেলে জাকির হোসেন জানান, বিস্ফোরণের শব্দ শুনে তারা ছুটে যান। তখনই দেখেন জহির হোসেনের শরীরের বড় অংশ দগ্ধ হয়ে গেছে। দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নামবিহীন ফারুক মাঝির মালিকানাধীন ট্রলারটি নদীতে নোঙর অবস্থায় ছিল। রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেশ হালদার বলেন, “ঘটনার বিষয়ে গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা চন্দ্রা পরিবহনের একটি বাস ঘটকচরে পৌঁছালে বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চন্দ্রা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এ ঘটনায় দুই বাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও নিকটবর্তী বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। তাদের মধ্যে চন্দ্রা পরিবহনের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্রীনভিউ পরিবহনের বাসটি একটি ভ্যানকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, “আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় সড়ক দুর্ঘটনায় কনে পক্ষের যাত্রীসহ ১৫ জন আহত

বরগুনার মানিকঝুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় কনে পক্ষের যাত্রীসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল ‘সাকুরা পরিবহন’ নামের একটি বাস। বাসটি মানিকঝুড়িতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নামানোর জন্য থামানো একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশার ৭ যাত্রী আহত হন।

এরপর দ্রুতগতির ওই বাসটি সামনে থাকা বিয়ের কনে পক্ষের আরেকটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। এতে উভয় অটোরিকশার ১৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইউসুফ খাঁন (৬৫), কালাম হাওলাদার (৪০), মোশাররফ (৪৫), আবু সালেহ খাঁন (৪০), আফজাল খাঁন (৩৫), রহিম খাঁন (২৫), শামীম হাওলাদার (৩৫), মোসা জেসমিন আক্তার (৪৫), ফেরদৌস (১৮), এমি (২০) এবং আজিজ খাঁন রয়েছেন।

আহত শামীম হাওলাদার জানান, “সাকুরা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে আমাদের অটোরিকশার ওপর উঠে যায়। এতে আমরা সবাই আহত হই।”

আহতদের স্বজন রাসেল মোল্লা জানান, “আমতলী ফেরিঘাট জামে মসজিদের বিয়েতে কনে পক্ষের ১০ জন যাত্রী অটোরিকশায় যাচ্ছিলেন। বাসটি ধাক্কা দেয়ায় ৮ জন আহত হন, তাদের মধ্যে পাঁচজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।”

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, গুরুতর আহত পাঁচজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, “দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি বাস চরপ্রসন্নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘আমাদের পরিবহন’-এর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন, অন্যরা স্থানীয় ক্লিনিকে ভর্তি হন।

দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। পরে দুপুর ১২টার দিকে বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গোপালগঞ্জের মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫