ভোলায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবি, এক জেলে নিখোঁজ

ভোলার মেঘনা নদীতে একটি বালুবাহী নৌযানের (বাল্কহেড) ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গিয়ে, এতে মো. দুলাল মাঝি নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনা ঘটে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে, সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে। নিখোঁজ জেলে মো. দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলাম মাঝির ছেলে।

ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটনার দিন সন্ধ্যায়। দুলাল মাঝি মেঘনা নদী থেকে মাছ শিকার করে ঘাটে ফিরছিলেন, এ সময় একটি বালুবাহী বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। ধাক্কা খাওয়ার পর নৌকাটি ডুবে যায় এবং দুলাল মাঝি নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান।

ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন, ইলিশা নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে এখনও নিখোঁজ দুলাল মাঝি উদ্ধার হয়নি।

এদিকে, দুলাল মাঝি নিখোঁজের ঘটনায় তার পরিবারসহ এলাকার মানুষের মধ্যে শোকের মাতম চলছে। স্বজনরা নদীর তীরে এসে আহাজারি করছেন।

ইলিশা নৌ-থানার ওসি জানান, উদ্ধার অভিযান চলছে এবং ঘাতক বাল্কহেডটিকে আটক করার চেষ্টা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

 




ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টে গর্তে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে রাকিব জমাদ্দার (২৩) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সুব্রত হালদার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাকিব জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত হালদার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।

স্থানীয় মিরুখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মনির হাওলাদার বলেন, রাত ১১ টার দিকে চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল ইকড়ি-ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক রাকিব মারা যায়। পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ আসার আগেই নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে যায়। আহত সুব্রতকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাকিব জমাদ্দারের বন্ধু সাইফ ইমন বলেন, রাকিব ও তার বন্ধু সুব্রত ভাণ্ডারিয়ার আনসার খালি এলাকায় ঘুরতে গিয়েছিল। ঘোরাফেরা শেষে মঠবাড়িয়ার ভগীরথপুর যাওয়ার পথে দুর্ঘটনায় রাকিব মারা যায়। ১৮ জানুয়ারি রাকিব বিয়ে করেছিল, বিয়ের মেহেদী শুকনোর আগেই এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, তবে মরদেহ ঘটনাস্থলে পাওয়া যায়নি। নিহত রাকিব জমাদ্দারের পরিবার এসে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। যেহেতু নিহতের বাড়ি পার্শ্ববর্তী মঠবাড়িয়া থানা এলাকায়, আমরা মঠবাড়িয়া থানায় যোগাযোগ করেছি। পরিবারের সাথে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি ভাণ্ডারিয়া থানা এলাকায় ঘটেছে, তবে নিহতের বাড়ি মঠবাড়িয়ায়। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না

চন্দ্রদ্বীপ ডেস্ক: মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল, তা অনেকটা কেটেছে। বলা যায়, পরিস্থিতি উন্নতির দিকে। তাঁর শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। এটি ঝুঁকিপূর্ণ কাজ, স্থাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে। বয়সও বড় ফ্যাক্টর। তিনি বলেন, শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল, তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকত। অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন, তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসায় বিদেশ পাঠাতে। সেটি সম্ভব হয়নি।




বরগুনার আমতলীতে আগুনে ১৮টি দোকান পুড়ে, ক্ষতি ১ কোটি টাকা

বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানি বাজারে সোমবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

ভস্মীভূত দোকানগুলোর মধ্যে ফার্মেসি, মুদি, সেলুন, চা দোকান, স্টেশনারি এবং কম্পিউটার দোকান ছিল। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাত ২টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দুই দিকে ছড়িয়ে পড়ে এবং দ্রুতই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোর অনেকাংশ পুড়ে ছাই হয়ে যায়।

একটি দোকান মালিক শামীম জানান, রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত দুইটার দিকে স্থানীয়দের চিৎকারে তার ঘুম ভাঙে এবং পাশের দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তখন তিনি ও স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি। আগুনের তাণ্ডবে তার দোকানসহ ১৮টি দোকান পুড়ে গেছে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অন্য এক ব্যবসায়ী নূর আলম জানান, তার মুদি দোকান ছিল। আগুনের ঘটনায় তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হানিফ জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে খেকুয়ানি বাজারের ঝুঁকিপূর্ণ সেতুতে বাধা পাওয়ায় আগুন নেভাতে কিছুটা সমস্যা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এই অগ্নিকাণ্ডের পর এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পিরোজপুরে ট্রাক্টরের ফালে বিঁধে বাবার সামনেই ছেলের করুণ মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বাবার সামনে ট্রাক্টরের ফালে বিঁধে প্রাণ হারিয়েছেন মো. আব্দুল্লাহ (১৪) নামের এক কিশোর। রবিবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে জমি চাষের সময় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছিল যখন আব্দুল্লাহ মাটিতে পড়া ট্রাক্টরের ফালের দড়ি খুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক্টর চালক হাসান ট্রাক্টরের ইঞ্জিন নিউট্রাল অবস্থায় এনে আব্দুল্লাহ দড়িটি খুলতে চেষ্টা করলে ট্রাক্টরের ফাল ঘুরে তিনটি কাচি তার শরীরে ঢুকে পড়ে। এর পরপরই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার বাবা হাফিজ পঞ্চায়েত ও অন্যরা উপস্থিত ছিলেন। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাক্টরের ফাল থেকে তাকে বের করা হয় এবং তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

স্থানীয় মাদরাসা শিক্ষক শাহীন হাওলাদার বলেন, ‘ঘটনাটি ছিল অত্যন্ত হৃদয়বিদায়ক। আব্দুল্লাহ তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল, এবং তার বাবা তার সন্তানকে এমন অবস্থায় দেখে একেবারে ভেঙে পড়েছেন।’

এই মর্মান্তিক ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিশোর আব্দুল্লাহর পরিবার শোকাহত।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি আরো বলেন, ‘এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, যা পুরো গ্রামকেই স্তব্ধ করে দিয়েছে।’

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ভিটামিন ডি: সুস্থতার মূলমন্ত্র

সুস্থ শরীর ও সজীব মনের জন্য ভিটামিন ডি অপরিহার্য। এটি এমন একটি প্রাকৃতিক উপাদান যা হাড় ও পেশি শক্তিশালী করতে সহায়তা করে এবং মন-মেজাজও ভালো রাখে। ভিটামিন ডি-এর অভাবে পেশি দুর্বল হয়ে পড়ে, অস্টিওপোরোসিসসহ বিভিন্ন জটিল রোগের শিকার হওয়ার ঝুঁকি বাড়ে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দৈনন্দিন কাজ করার ইচ্ছাও হারিয়ে যায়।

আজকের কর্মব্যস্ত জীবনে সূর্যালোকে সময় কাটানোর সুযোগ কমে গেছে। তবে, ভিটামিন ডি-এর ঘাটতি পূরণের জন্য সাপ্লিমেন্ট ও খাবারের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সম্ভব।

ভিটামিন ডি-এর ভালো উৎস

বিশেষ কিছু খাবারে ভিটামিন ডি পাওয়া যায়, যেমন:

দুগ্ধজাত খাবার: দুধ, মাখন, এবং পনির।

ডিমের কুসুম: প্রোটিন ও ভিটামিন ডি-এর সমৃদ্ধ উৎস।

তৈলাক্ত মাছ: স্যামন, সার্ডিন, টুনা।

তবে কিছু নির্দিষ্ট শাকসবজিও ভিটামিন ডি গ্রহণের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিচে এমন কয়েকটি শাকসবজি তুলে ধরা হলো:

1. করলা: করলার ভাজা কিংবা রস শরীরের ভিটামিন ডি শোষণ ক্ষমতা বাড়ায়।

2. পালং শাক: শীতের মৌসুমে পালং শাকের পুষ্টিগুণ শরীরকে শক্তি জোগায়।

3. লাউ: লাউয়ের রস বা চিংড়ির ঘণ্ট শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে সহায়তা করে।

4. মিষ্টি আলু: ফাইবারে ভরপুর মিষ্টি আলু ভিটামিন ডি-এর একটি ক্ষুদ্র উৎস।

5. কুমড়া: নিয়মিত কুমড়া খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি মেলে।

6. ডাঁটা: ডাঁটা দিয়ে চচ্চড়ি বা ঝোল খেলে শরীর পায় ভিটামিন ডি।

7. মাশরুম: বিশেষত সূর্যালোকে বাড়া মাশরুম ভিটামিন ডি তৈরিতে সক্ষম।

 

ভিটামিন ডি-এর ঘাটতি দূর করতে এই খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন। পাশাপাশি, প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট রোদে থাকা নিশ্চিত করুন। এতে শরীর ও মন দুটিই সুস্থ থাকবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, আসন ৫৩৮০টি

চন্দ্রদ্বীপ ডেস্ক :দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার বিকেলে প্রকাশ করা হয়েছে। বিকেল সাড়ে চারটার পর এ ফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলে দেখা গেছে, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন প্রথম আলোকে বলেন, আজ দুপুরে ফল প্রকাশ–সংক্রান্ত সভায় আজ ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। এরপর বিকেল সাড়ে চারটার পর ফল প্রকাশ করা হয়েছে।

**ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আবেদনকারী শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলবিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মুঠোফোন নম্বরে ফল পাওয়া যাবে।

এবার কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর একটি আসনের জন্য ২৫ (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে ১ লাখ ৪ হাজার ৪৪ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। সেই হিসাবে ওই বছর আসনপ্রতি ১৯ দশমিক ৩৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এ বছর আসনপ্রতি ছয়জন প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী বেড়েছে।

দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। আর ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।




উচ্চ রক্তচাপের লক্ষণ ও প্রতিকার: জানুন বিপদের ইঙ্গিত

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি নীরব ঘাতক রোগ হিসেবে পরিচিত। এই সমস্যার কারণে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, মানুষের স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০ মিলিমিটার পারদ চাপ। তবে, রক্তচাপ যদি ১৪০/৯০ মিলিমিটার পারদের বেশি হয়, তখন তা উচ্চ রক্তচাপ বলে বিবেচিত হয়।

উচ্চ রক্তচাপের কয়েকটি সাধারণ লক্ষণ রয়েছে। এগুলো হলো:

দৃষ্টি ঝাপসা হওয়া

বুকে ব্যথা বা চাপ অনুভূত হওয়া

শ্বাসকষ্ট বা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া

নাক দিয়ে রক্ত পড়া

মাথা ব্যথা বা মাথা ঘোরা

অনিদ্রা ও ক্লান্তি

প্রস্রাবে রক্ত যাওয়া

শরীরের কোনো অঙ্গ বিশেষ দুর্বল বা অবশ হয়ে যাওয়া

অনিয়মিত হৃদস্পন্দন

অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে খিঁচুনি

চোখের সমস্যা ও উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপের লক্ষণ অনেক সময় চোখে ফুটে ওঠে। এটি অবহেলা করলে বড় বিপদের কারণ হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’। এর ফলে চোখের রেটিনার রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যায় আক্রান্তদের স্ট্রোকের ঝুঁকি থাকে বেশি।

চোখে রক্তনালিগুলো ফেটে গেলে চোখ লাল হয়ে যেতে পারে। এটি উচ্চ রক্তচাপের একটি গুরুতর লক্ষণ। অনেক সময় চোখ পরীক্ষা না করলে এই সমস্যাগুলো ধরা পড়ে না। তাই নিয়মিত চোখ পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এর পেছনে মূল কারণ হলো রেটিনার রক্তনালিগুলোর ক্ষতি, যা চোখের রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে।

করণীয়

উচ্চ রক্তচাপ প্রতিরোধে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাবার গ্রহণ, ধূমপান ও অ্যালকোহল বর্জন, এবং পর্যাপ্ত ব্যায়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




লেবুখালীতে বাসচাপায় সেনাসদস্য ও তার স্ত্রী নিহত, শিশু গুরুতর আহত

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লেবুখালী সেনানিবাস সংলগ্ন এলাকায় বাসচাপায় সেনাসদস্য ল্যান্স কর্পোরাল মো. বুলবুল (৩৮) ও তার স্ত্রী হোসনেয়ারা (৩৩) নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাদের ছোট মেয়ে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দুধলমৌ সাইনবোর্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সেনাসদস্য মো. বুলবুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। বাসটিকে আটক করা হয়েছে এবং ঘটনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় তাদের ২ বছর ৬ মাস বয়সী মেয়ে আদিয়ান গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




হিউম্যান মেটাপনিউমোভাইরাস থেকে বাঁচতে যা করবেন

হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) প্রথম শনাক্ত হয়েছিল ২০০১ সালে, এবং এটি আবারও হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। সব বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এইচএমপিভি মূলত শ্বাসযন্ত্রের ফোঁটার মাধ্যমে ছড়ায়। এর বিস্তার রোধে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এই ভাইরাস থেকে বাঁচতে করণীয়গুলো তুলে ধরা হলো।

১. হাত পরিষ্কার রাখুন

ভাইরাস ছড়ানো রোধে ঘন ঘন সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন। হাত ধোয়ার সুযোগ না থাকলে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। পাশাপাশি, চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।

২. মাস্ক ব্যবহার করুন

মাস্ক ব্যবহার ভাইরাস ছড়ানো উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। এটি নাক ও মুখ ঢেকে পরুন এবং হাঁচি বা কাশির সময় সুরক্ষিত থাকুন।

৩. রেসপিরেটরি ম্যানার্স মেনে চলুন

কাশি বা হাঁচি দেওয়ার সময় কনুই বা টিস্যু দিয়ে মুখ ঢাকুন। ব্যবহৃত টিস্যু সঠিকভাবে ফেলে দিয়ে দ্রুত হাত স্যানিটাইজ করুন।

৪. স্পর্শকৃত জিনিস পরিষ্কার রাখুন

দরজার হাতল, স্মার্টফোন, আলোর সুইচ এবং কীবোর্ডের মতো জিনিসগুলো নিয়মিত পরিষ্কার করুন। সঠিক জীবাণুনাশক ব্যবহার নিশ্চিত করুন।

৫. অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকুন

শ্বাসকষ্টজনিত অসুস্থতার লক্ষণযুক্ত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলুন। আপনার আশেপাশে কেউ অসুস্থ হলে তাদের দ্রুত চিকিৎসার পরামর্শ দিন।

৬. অসুস্থ হলে বাড়িতে থাকুন

জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হলে জনবহুল জায়গায় যাওয়া এড়িয়ে চলুন। চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং বিশ্রামে থাকুন।

৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন

তাজা ফল, শাক-সবজি, হোল গ্রেইনসহ সুষম খাদ্য গ্রহণ করুন। প্রচুর পানি পান এবং নিয়মিত ব্যায়াম করুন। এই অভ্যাসগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

এইচএমপিভির সংক্রমণ প্রতিরোধে এগুলো মেনে চললে ঝুঁকি অনেকটাই কমবে। স্বাস্থ্যবিধি বজায় রেখে সুস্থ থাকুন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম