মির্জাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে হালিম হাওলাদার (৬২) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সময় উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হালিম হাওলাদার ওই গ্রামের মৃত সাদেম হাওলাদারের ছেলে। প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হালিম হাওলাদার মাঠে গরুর জন্য ঘাস কাটতে বের হন। কিছু সময়ের মধ্যেই আকাশে মেঘ জমে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় মাঠে অবস্থানরত অবস্থাতেই বজ্রপাতের প্রবল আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি প্রাণ হারান। চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্ত শেষে নিশ্চিত হয় বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, হালিম হাওলাদার একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। নিয়মিত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এক ধরনের বিষণ্ণতা বিরাজ করছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বজ্রপাতে প্রাণ হারানো পরিবারের জন্য সরকারি সহায়তা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে দুর্যোগপ্রবণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগের এই ভয়াবহতার মাঝে স্থানীয় প্রশাসন সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলছেন, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে কৃষক, গবাদি পশুর রাখাল এবং খোলা মাঠে কাজ করা শ্রমিকদের জন্য এ ধরনের সচেতনতা জীবন রক্ষা করতে পারে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








