সৌদিপ্রবাসীকে আটকে মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতা আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি আরব প্রবাসী এক তরুণকে আটক করে মুক্তিপণ দাবি করার ঘটনায় মো. নাঈম হোসেন (তাজ নাঈম) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে মঠবাড়িয়া পৌর শহরে দলীয় কর্মসূচি শেষে ফেরার সময় তাকে গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া বিকাশ নম্বর ও মোবাইল নম্বর মিলিয়ে এই অভিযান পরিচালনা করে পুলিশ।
আটক নাঈম হোসেন বাগেরহাটের শরণখোলা উপজেলার মো. শাহ আলমের ছেলে এবং মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী প্রবাসী তরুণ রিয়াজুল ইসলাম রণি মঠবাড়িয়া উপজেলার পাঁচশতকুড়া গ্রামের খালেক হাওলাদারের ছেলে। তিনি গত চার বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে রিয়াজুলের মোবাইল নম্বর বন্ধ থাকায় পরিবার তার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। ২৪ জুন এক আত্মীয় আল আমিনের নম্বরে কল দিয়ে এক চক্র জানায়—রিয়াজুলকে আটক রাখা হয়েছে এবং তার মুক্তির জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। চক্রটি বিকাশ নম্বরও প্রদান করে।
পরিবার ২০ হাজার টাকা পরিশোধ করে এবং বাকি ৩০ হাজার টাকার জন্য সময় চায়। ঘটনার পর রিয়াজুলের দুলাভাই মো. ইসমাইল আকন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে চক্রের দেওয়া বিকাশ নম্বরের সঙ্গে ছাত্রদল নেতা নাঈমের নাম্বার মিল পাওয়ায় তাকে আটক করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযুক্ত নাঈম হোসেনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে পরিবার জানিয়েছে, প্রবাসী রিয়াজুলকে ছেড়ে দেওয়া হয়েছে।”
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








