টাকার অভাবে মুখের ক্যানসার নিয়ে মৃত্যুর প্রহর গুনছেন দিনমজুর ফারুক

 

বরিশাল, ৩ জুলাই—বানারীপাড়ার করপাড়া গ্রামের দিনমজুর মো. ফারুক হাওলাদার আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। মুখে একটি সামান্য আঘাত থেকে শুরু হওয়া যন্ত্রণাদায়ক পরিস্থিতি এখন ভয়াবহ ক্যানসারে রূপ নিয়েছে। চিকিৎসা খরচ যোগাতে গিয়ে পরিবার হারিয়েছে সর্বস্ব—বিক্রি করে দিয়েছে ভিটেমাটি, নিয়েছে ঋণ, আজ তারা নিঃস্ব। চিকিৎসাও থেমে গেছে।

ঘটনার শুরুতে অন্যের সাহায্যে এগিয়ে গেলে ছুটে আসা একটি রশি ফারুকের মুখে লাগে। এরপর মুখে অস্বাভাবিক ফোলা দেখা দিলে প্রথমে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে শের-ই-বাংলা মেডিকেলে। মুখে অপারেশন করা হলেও ক্যানসার সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে। এখন মুখের এমন অবস্থা যে, তাকে শুধুই ভাতের মার বা সুজি খাওয়ানো সম্ভব।

তার স্ত্রী মুকুল বেগম কাঁদতে কাঁদতে বলেন, “সব শেষ হয়ে গেছে। কিছুই আর হাতে নেই। এখন আর চিকিৎসাও হচ্ছে না। সরকারের কাছে সাহায্য চাই, দেশের মানুষ যদি পাশে না দাঁড়ায়, তাহলে আমার স্বামীকে বাঁচানো সম্ভব হবে না।”

বড় ছেলে আল মামুন বলেন, “আমি নিজেও দিনমজুর। বাবার চিকিৎসা করাতে গিয়ে শেষ সঞ্চয়টুকুও নেই। এখন উন্নত চিকিৎসার জন্য দরকার ১০ থেকে ১৫ লাখ টাকা, যা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব।”

এলাকার তরুণ সমাজসেবক কাইয়ুম হাওলাদার বলেন, “আমরা চেষ্টা করছি, এলাকার যুবকরা সামান্য সাহায্য দিচ্ছে। কিন্তু এই সাহায্যে কিছুই হচ্ছে না। দেশবাসী যদি পাশে দাঁড়ায়, তাহলে হয়তো ফারুক কাকার জীবন বাঁচানো সম্ভব।”

বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ জানান, “ঘটনাটি জানার পর আমরা বানারীপাড়া উপজেলা সমাজসেবা অফিসকে ব্যবস্থা নিতে বলেছি। আবেদন এলে সরকারি অনুদান দেওয়া হবে।”

বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, “ফারুক হাওলাদারের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পরিবার যদি যথাযথভাবে আবেদন করে, তাহলে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।”

মানবিক এ বিপর্যয়ের সময়ে সমাজের হৃদয়বান মানুষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সহানুভূতি ও সহায়তা এখন ফারুক হাওলাদারের একমাত্র আশ্রয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম




বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ছাড়াল

বরিশাল, ১ জুলাই—বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানায়, ১ জুলাই পর্যন্ত বিভাগের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ৫,০৫৯ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪,৫৭০ জন, এখনও চিকিৎসাধীন রয়েছেন ৪৭৭ জন এবং প্রাণ হারিয়েছেন ১২ জন।

তবে বেসরকারি হাসপাতাল ও ঢাকায় স্থানান্তরের পর মৃত্যুর ঘটনার হিসাব না থাকায় প্রকৃত সংখ্যাটা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরগুনা জেলায়। সেখানে মোট ৩,০৩৯ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ২,৭১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৬ জন মারা গেছেন। বর্তমানে সেখানে ২৩৬ জন রোগী চিকিৎসাধীন।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। মোট ভর্তি ৭৩৬ জনের মধ্যে ৬৩৭ জন সুস্থ হয়েছেন, ৯৪ জন চিকিৎসাধীন এবং মারা গেছেন ৫ জন।

পটুয়াখালী জেলার সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৬ জন রোগী; এদের মধ্যে ৩৮৮ জন সুস্থ, ৬৭ জন চিকিৎসাধীন এবং ১ জন মারা গেছেন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১৭৮ জনের মধ্যে ১৫৭ জন সুস্থ, ২১ জন চিকিৎসাধীন।

বরিশাল জেলায় আক্রান্ত হয়েছেন ৩১৪ জন, যার মধ্যে ২৮৬ জন সুস্থ হয়েছেন এবং ২৮ জন চিকিৎসাধীন।

অন্যান্য জেলার চিত্র:

* পিরোজপুর: ২০৬ জন আক্রান্ত, ১৮৫ জন সুস্থ, ২১ জন চিকিৎসাধীন
* ভোলা: ৭৭ জন আক্রান্ত, ৭২ জন সুস্থ, ৫ জন চিকিৎসাধীন
* ঝালকাঠি: ৫৩ জন আক্রান্ত, ৪৮ জন সুস্থ, ৫ জন চিকিৎসাধীন

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জ্বর হলে দ্রুত পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি মশা নিধন ও সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম




বরিশালে প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার মধ্য চাত্রিশিরা গ্রামে শারীরিক প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার হয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা এবং দুই সন্তানের জনক।

নির্যাতিতার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে প্রতিবেশী পলাশ সরদার কৌশলে ওই নারীকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য বিভিন্নভাবে ভয় দেখানো হয়, ফলে ভয়ে ঘটনাটি গোপন রাখেন ওই প্রতিবন্ধী নারী।

সম্প্রতি শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবারের সদস্যরা চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করান। তখন জানা যায়, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানার পর নির্যাতিতাকে জিজ্ঞেস করলে সে ঘটনার বিস্তারিত জানান।

ঘটনার পর এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। তারা নির্যাতিতার পরিবারকে মামলা না করতে নানাভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছে বলেও দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

নির্যাতিতার মা বলেন, “ঘটনার পর আমার মেয়েকে ভয় দেখানো হয়েছিল বলে সে কিছু জানায়নি। এখন স্থানীয় কিছু ব্যক্তি অর্থের প্রলোভন ও হুমকির মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি এর সঠিক বিচার চাই।”

অভিযুক্ত পলাশ সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ওই নারীকে ঠিকমতো চিনি না। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

অন্যদিকে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ছালাম মোল্লা ঘটনার মীমাংসার চেষ্টা করার কথা স্বীকার করে বলেন, “আমরা আপোস-মীমাংসার কথা বলেছি, তবে আমি বিস্তারিত জানি না।”

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বলেন, “এখনও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /

 




পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাত বছরের শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিয়া পারসাতুরিয়া গ্রামের মো. দুলাল মোল্লার মেয়ে। স্থানীয়রা জানান, সামিয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, “শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।”

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, “এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। মোটরসাইকেল চাপায় শিশুটি মারা গেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 

 




এক সঙ্গে তিন ছেলে, দুশ্চিন্তায় দিনমজুর বাবা

একদিকে নতুন প্রাণের আগমনে খুশি, অন্যদিকে সংসারের ব্যয় সামলাতে দুশ্চিন্তায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক গরিব দম্পতি। দিনমজুর অলি মিয়ার স্ত্রী হাছেনা বেগম একসঙ্গে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আগেই তাদের তিন ছেলে রয়েছে।

রবিবার (২৯ জুন) রাতে কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হাছেনা বেগম (৩২) তিন নবজাতকের জন্ম দেন। চিকিৎসকরা জানান, মা ও সন্তানরা সুস্থ রয়েছেন।

হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. শফিকুল ইসলাম বলেন, “সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নিরাপদে প্রসব করানো হয়েছে। মা ও তিন নবজাতক সবাই ভালো আছেন।”

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম জানান, “একসঙ্গে তিন সন্তানের জন্ম আমাদের হাসপাতালের জন্যও একটি ব্যতিক্রমী ঘটনা। আমরা তাদের যতটা সম্ভব সহযোগিতা করছি।”

তবে খুশির পাশাপাশি দুশ্চিন্তাও ঘিরে ধরেছে পরিবারটিকে। পেশায় দিনমজুর অলি মিয়া বলেন, “একদিকে আনন্দ, কিন্তু অন্যদিকে চিন্তা থামছে না। আগে থেকেই তিন সন্তান, এখন নতুন করে আরও তিন জন। দিন আনি দিন খাই, খরচ সামলানো কঠিন হয়ে যাচ্ছে।”

হাছেনার শাশুড়ি আওলিয়া বেগম বলেন, “আল্লাহর রহমতে তিন নাতি পেয়েছি। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে আমার ছেলে অন্যের বাড়িতে খেটে সংসার চালায়। এখন তার কাঁধে চাপ আরও বেড়ে গেল।”

স্থানীয় প্রশাসন কিংবা সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে এই দরিদ্র পরিবারের মুখে কিছুটা হলেও হাসি ফোটতে পারে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম




বাউফলে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত

পটুয়াখালীর বাউফলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা জাকির বয়াতি। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের সানু মীর (৪৫) ও জাকির বয়াতির (৫০) মধ্যে জমি ও পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলছিল। কিছুদিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় একটি সালিস বৈঠকে বিরোধ নিষ্পত্তির চেষ্টা হলেও সানু মীর সেই রায় মানতে অস্বীকৃতি জানান।

এরই জেরে মঙ্গলবার বিকেলে সানু মীরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে জাকির বয়াতির ওপর হামলা চালায়। এ সময় ছেলে ফাহিম বয়াতি বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়।

আহত জাকির বয়াতিকে গুরুতর অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত সানু মীর ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




জুলাই স্মরণে বিএমইউ’র আলোচনা সভা: উন্নত চিকিৎসা ও মানবিক গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ যেন অমূল্য না হয়, তা নিশ্চিত করতে চিকিৎসা ও প্রশাসনিক অঙ্গনের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার (১ জুলাই) বিএমইউ আয়োজিত র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক, মানবিক ও দক্ষ চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, “২০২৪ সালের জুলাই ছিল আমাদের ইতিহাসের এক মোড় ঘোরানো সময়। সেই দুঃসময়ে ছাত্র-জনতার ঐক্য, সাহসিকতা ও আত্মত্যাগে যে সম্ভাবনার সূচনা হয়েছিল, তা আজ বাস্তবে রূপ দিতে হবে। বিএমইউ শুধু একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়—এটি গণতন্ত্র, মানবতা ও আত্মত্যাগের প্রতীক হয়ে উঠতে হবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতের দক্ষ চিকিৎসক ও মানবিক স্বাস্থ্যসেবা গড়ে তোলা এখন আমাদের কর্তব্য। তাহলেই আমরা শহীদদের ঋণ শোধ করতে পারব।”

বিএমইউ-এর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, “বিগত সরকার মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল। সেই সময় ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এখন এই ঐক্য ধরে রাখতে না পারলে সামনের দিনগুলোতে আরও বড় চ্যালেঞ্জ আসবে।”

গবেষণা ও উন্নয়ন বিভাগের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, “ছাত্রজনতা জীবন দিয়ে যে পথ খুলেছে, আজ আমাদের দায়িত্ব সেই পথ রক্ষা করা। আধুনিক, মানবিক ও জনগণকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠাই হবে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা।”

বিএমইউ-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, “এই আন্দোলনের কারণেই আমরা আজ নেতৃত্বের জায়গায় আছি। আমাদের কর্তব্য—আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করা।”

জুলাই মাসজুড়ে বিএমইউ হাতে নিয়েছে একগুচ্ছ কর্মসূচি। এর মধ্যে রয়েছে শহীদ দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শনী, রক্তদান ও স্বাস্থ্য স্ক্রিনিং ক্যাম্প, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, উন্নতমানের রোগী আহার বিতরণ, কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং স্মরণসভা।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ডা. ইকবাল মাহমুদ রনি, ডা. সাখাওয়াত হোসেনসহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।




উজিরপুরে খ্রিস্টান পল্লীতে গভীর রাতে হামলা, ছাগল লুট ও অগ্নিসংযোগের অভিযোগ

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের একটি পল্লীতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ছাগল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে রাজাপুর গ্রামের বাসিন্দা অথরা বাড়ৈ (৩০) একা ঘরে ছিলেন। তিনি জানান, রাতের গভীরে দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল দিয়ে তার ঘরের প্রধান দরজায় আঘাত করে ভেতরে ঢোকার চেষ্টা করে। তিনি চিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে তিনি দেখতে পান, তার বাড়ির পেছনে থাকা ছাগলের খামারে আগুন লাগানো হয়েছে এবং সেখান থেকে ১৮টি ছাগল লুট করে নিয়ে যাওয়া হয়েছে। একই রাতে তার নিজস্ব পেঁপে বাগানের প্রায় শতাধিক গাছ কেটে ফেলা হয়।

ঘটনাস্থলে একটি বাটন মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। ভুক্তভোগী অভিযোগে উল্লেখ করেছেন, ফোনটির নম্বর ছিল ০১৮৬২-৯২৮৯৬০।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




বরিশালে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ক্যামেরা ভাঙচুর

বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া বাজারে পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় এক বখাটের হামলার শিকার হয়েছেন সাংবাদিক সৈয়দ মাজহারুল ইসলাম রুবেল। হামলাকারী তার ব্যবহৃত মোবাইল ক্যামেরা ছিনিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চেঙ্গুটিয়া বাজারের নির্মাণাধীন ঈদগাহ মাঠে।

সাংবাদিক রুবেল জানান, ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা দিচ্ছিলেন স্থানীয় আব্দুল হক তালুকদারের ছেলে রিয়াদ তালুকদার। তিনি এ ঘটনার ভিডিও ধারণ করলে রিয়াদ ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান এবং জোরপূর্বক মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন।

এ বিষয়ে অভিযুক্ত রিয়াদ তালুকদারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এক বিবৃতিতে অবিলম্বে হামলাকারী রিয়াদ তালুকদারকে গ্রেপ্তারের দাবি জানান।

স্থানীয় সাংবাদিকরা হামলাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ সংবাদকর্মীদের পেশাগত কাজে বাধা না দেয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




গৌরনদীতে নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদীতে পড়ে নিখোঁজ হওয়া শাওন মাতুব্বরের (২২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

শাওন মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রতন মাতুব্বর।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) ভোরে হোসনাবাদ-নাজিরপুর খেয়াঘাট পারাপারের সময় হঠাৎ মাথা ঘুরে নৌকা থেকে পড়ে যান শাওন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সরিকল ইউনিয়নের হোসনাবাদ গ্রামের ইউপি সদস্য আতাহার হোসেন জানান, ঘটনার পরপরই স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পাওয়ার পর থেকেই ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যায়। অবশেষে মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫