বরিশালে গর্ভের সন্তান হত্যায় রুবেল গ্রেফতার

চাঁদার টাকা না পেয়ে গর্ভবতী নারীর পেটে লাথি মেরে গর্ভে থাকা সন্তানকে হত্যার ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি রুবেল শরীফকে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার (৫ জুলাই) সকালে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের খালেদাবাদ কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার রুবেল শরীফ (৪০) পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামের মৃত আলতাফ শরীফের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী গর্ভবতী শিউলির বোন সিম্মী ৩০ জুন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় রুবেলসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। রুবেলকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গর্ভবতী শিউলির স্বামী সোহাগ কাজীর কাছে আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। গত ৩ এপ্রিল রাতে নগরীর খালেদাবাদ কলোনিতে রুবেলের দোকানের সামনে চাঁদা না দেওয়ায় সোহাগকে মারধর করা হয়। এসময় ঘটনাস্থলে ছুটে আসা গর্ভবতী শিউলিকে রুবেল পেটে লাথি মারেন। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত সন্তান প্রসব করেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম






