বরিশালের গৌরনদীতে চিকিৎসকের টেস্ট বাণিজ্য ও ভুল ওষুধের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গাণিতিক চিহ্ন ব্যবহার করে ডায়াগনষ্টিক সেন্টারের টেস্ট বাণিজ্যে নিয়োজিত থাকার এবং রোগীর ব্যবস্থাপত্রে একই ওষুধ দুইবার লেখার মাধ্যমে ভুলভাল চিকিৎসা সেবা দেওয়ার।

স্থানীয়রা বলছেন, উপজেলা হাসপাতালের বাইরে থাকা ডায়াগনষ্টিক সেন্টারগুলোর সঙ্গে এক শ্রেণীর চিকিৎসকরা গোপনে কমিশন বাণিজ্য করছেন। রোগীর টেস্টের ব্যবস্থাপত্রে চিকিৎসক গাণিতিক চিহ্ন দিয়ে নির্দিষ্ট ডায়াগনষ্টিক সেন্টারে পাঠানোর নির্দেশ দেন। এর ফলে রোগীরা বাধ্য হয় ওই সেন্টারে টেস্ট করাতে, অন্যত্র গেলে হয়রানির শিকার হন।

ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে এমনই অভিযোগ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাহাদাত মৃধা নামে এক ব্যক্তি জানান, তার মামিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক টেস্টের জন্য ‘৭’ নাম্বারের গাণিতিক চিহ্ন দিয়ে নির্দিষ্ট ডায়াগনষ্টিক সেন্টারে পাঠান। অন্য ডায়াগনষ্টিক সেন্টারে গেলে রোগীর প্রতি গরম আচরণ করা হয় এবং ভুল ওষুধও দেওয়া হয়।

গত ২০২২ সালে দায়িত্বগ্রহণের পর থেকে নানা অনিয়মের অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও স্থানীয়রা অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনের পর ডা. মনিরুজ্জামান রাজনৈতিক ভোল পাল্টে বিএনপির সমর্থক দাবি করে ক্ষমতার প্রভাব বজায় রেখেছেন।

অভিযুক্ত ডা. মনিরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করলেও ভুলভাল ওষুধ লেখার কথা স্বীকার করেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইতোমধ্যে সিভিল সার্জনকে দেওয়া হয়েছে এবং প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




নিষিদ্ধ পাহাড়ি ট্রেইলে প্রাণ গেল দুই তরুণের, আহত ৩

চট্টগ্রামের মীরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত পাহাড়ি ট্রেইল ‘মেলখুম’ এলাকায় ভ্রমণে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন দুই তরুণ পর্যটক। দুর্গম ও ঝুঁকিপূর্ণ ওই অঞ্চলে ঘুরতে গিয়ে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৯ জুলাই) দুপুরে জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন—গালিব (২২) ও হৃদয় (২২)। আহত তিনজন হলেন মোহাম্মদ মিয়া, রায়হান ও ফাহিম। তারা বর্তমানে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর হলেও এখন সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, মঙ্গলবার সকালে ফেনী থেকে আসা তিন তরুণ এবং স্থানীয় আরও দুইজন মিলে ভ্রমণে বের হন মেলখুম ট্রেইলে। এটি বহু আগে থেকেই প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জনশূন্য ও বিপজ্জনক পাহাড়ি পথ। মঙ্গলবার রাত পর্যন্ত তারা ফেরেননি দেখে বুধবার সকালে শুরু হয় খোঁজাখুঁজি। দুপুর আড়াইটার দিকে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সদস্যরা গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করেন এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, “এলাকাটি একাধিক মৃত্যুর ঘটনার পর দুই বছর আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবুও কিছু তরুণ এসব সতর্কতা উপেক্ষা করেই বিপদের মুখে পড়ছেন।”

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজু সিংহ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, “প্রশাসনের তরফ থেকে সোনাপাহাড় মেলখুম ট্রেইলে না যাওয়ার জন্য বহুবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমরা সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি—নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেন কেউ এসব এলাকায় প্রবেশ না করেন। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, অতীতে এই ট্রেইলে প্রাণঘাতী দুর্ঘটনার নজির থাকলেও পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা প্রতিরোধ করা যাচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




বরগুনায় অস্ত্রোপচারে ভয়াবহ ভুল: রোগীর পেটে ৭ ইঞ্চি ফরসেপ রেখেই সেলাই!

বরগুনার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ৭ ইঞ্চি লম্বা ফরসেপ (চিকিৎসা যন্ত্র) রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে বরগুনা জেনারেল হাসপাতালের এক আবাসিক সার্জনের বিরুদ্ধে। সাত মাস পর ফরসেপ অপসারণ করা হলেও, বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন ৭০ বছর বয়সী কহিনুর বেগম নামের এক নারী।

জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী গ্রামের কহিনুর বেগম মেয়ের বাড়ি বেড়াতে এসে হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন। এরপর তাকে বরগুনা পৌর শহরের ‘কুয়েত প্রবাসী হাসপাতাল’-এ ভর্তি করা হয়। সেখানেই জরায়ুর সমস্যার কথা জানিয়ে ২০২৩ সালের ১৮ নভেম্বর অস্ত্রোপচার করেন বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. ফারহানা মাহফুজ এবং হাসপাতালের নিয়মিত চিকিৎসক ডা. সাফিয়া পারভীন।

অপারেশনের পর থেকেই কহিনুর বেগমের অবস্থার অবনতি হতে থাকে। পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে করার পর তার পেটে কাঁচি সদৃশ বস্তু শনাক্ত হয়। গত ১৮ জুন সেখানে পুনরায় অস্ত্রোপচারের মাধ্যমে ফরসেপটি অপসারণ করা হয়। তবে ততক্ষণে তার দেহে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং খাদ্যনালী কেটে ফেলে বিকল্প পথ তৈরি করতে হয়।

রোগীর জামাতা হুমায়ুন বলেন, “আমার শাশুড়ির শরীরের মধ্যে কাঁচি রেখে চিকিৎসা করা হয়েছে। এখন তিনি মৃত্যুর মুখে। আমরা বিচার চাই।”

রোগীর মেয়ে ফাহিমা বেগম বলেন, “ভুল চিকিৎসার কারণে আমার মা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার খাবার খাওয়ার পথ কেটে ফেলতে হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই এবং দ্রুত আইনি পদক্ষেপ নেব।”

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক গাজী (মন্টু) দাবি করেন, অপারেশনের পর হাসপাতালের যন্ত্রপাতি চেক করে কিছু হারানোর প্রমাণ মেলেনি। তবে রোগীর অবস্থা জানার পর তিনি বরিশালে গিয়ে খোঁজ নিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সার্জন ডা. ফারহানা মাহফুজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “বিষয়টি শুনেছি। বরগুনার সব অনিয়মতান্ত্রিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি মানুষের জীবনের নিরাপত্তা ও চিকিৎসা খাতের শৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টদের দ্রুত তদন্ত ও যথাযথ বিচার দাবী করছেন সচেতন মহল।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




হাদিসে যেসব সময় ঘুমাতে নিষেধ করা হয়েছে

ঘুম মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপার নেয়ামত। এটি যেমন শরীরের ক্লান্তি দূর করে, তেমনি মানসিক প্রশান্তিও এনে দেয়। পবিত্র কোরআন এবং হাদিসে ঘুমের গুরুত্ব ও সঠিক সময়ের প্রতি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ইসলাম ঘুমকে শুধু বিশ্রামের মাধ্যম হিসেবে দেখেনি, বরং এর নির্দিষ্ট সময় ও আচরণকে গুরুত্ব দিয়েছে। কিছু সময় রয়েছে, যেসব সময়ে ঘুমাতে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে বা তা অনুত্তম হিসেবে বিবেচিত।

আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী।’ (সুরা নাবা : ৯)। অন্যত্র তিনি বলেন, ‘তিনি রাতকে করেছেন তোমাদের জন্য আবরণস্বরূপ, বিশ্রামের জন্য দিয়েছেন নিদ্রা এবং দিনকে করেছেন জীবিকার অনুসন্ধানের সময়।’ (সুরা ফুরকান : ৪৭)। অর্থাৎ ইসলামে রাতে ঘুম এবং দিনে কাজের প্রতি জোর দেওয়া হয়েছে।

তবে হাদিসে দিনের কিছু সময় ঘুম না দেওয়ার ব্যাপারে বিশেষভাবে নির্দেশনা রয়েছে। চলুন জেনে নিই, হাদিস অনুযায়ী কোন সময়গুলোতে ঘুম না করাই উত্তম—

ফজরের নামাজের পর ঘুমাতে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। যদিও তা হারাম নয়, তবে রাসুলুল্লাহ (সা.) এ সময়টিতে বরকতের দোয়া করেছেন:
“হে আল্লাহ! আপনি আমার উম্মতকে সকালবেলায় বরকত দান করুন।” (সুনানে আবু দাউদ : ২৬০৬)
সকালের সময় কর্মমুখরতা, উৎপাদনশীলতা ও মানসিক সক্রিয়তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা বিজ্ঞানের গবেষণায়ও দেখা গেছে, সকালবেলা ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

আসরের পর ঘুমানো
হাদিস অনুযায়ী, আসরের নামাজের পর ঘুমানোকে ‘মাকরুহ’ বলা হয়েছে। এই সময় ঘুমালে বুদ্ধি ও স্মৃতিশক্তির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
একটি হাদিসে বলা হয়েছে: “যে ব্যক্তি আসরের পর ঘুমায় এবং তার বুদ্ধি কমে যায়, সে যেন নিজেকে দোষ দেয়।” (মুসনাদে আবি ইয়ালা : ৪৮৯৭)

মাগরিবের পর ও ইশার আগে ঘুমানো
এই সময় ঘুমানোকে হারাম বলা হয়নি, তবে এটি অনুত্তম বা অপছন্দনীয় বলে হাদিসে উল্লেখ আছে। কারণ এই সময়ে ঘুমালে ইশার নামাজ আদায়ে সমস্যা হতে পারে।
রাসুলুল্লাহ (সা.) ইশার নামাজের আগে ঘুমানো এবং ইশার পরে অহেতুক গল্পগুজব করা অপছন্দ করতেন। (সহিহ বুখারি : ৫১৪)
তবে যদি কারো বিশ্রামের প্রয়োজন হয় এবং ইশার নামাজে বিঘ্ন না ঘটে, তাহলে ঘুমাতে বাধা নেই।

ইসলামের দৃষ্টিতে ঘুম এক মহৎ ইবাদতের অংশ, তবে তা যেন দৈনন্দিন ইবাদত ও দায়িত্ব-কর্তব্যের পথে প্রতিবন্ধক না হয়, সেদিকে লক্ষ রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




ভিটামিন ডি’র ঘাটতিতে শরীরে দেখা দিতে পারে যেসব উপসর্গ

শরীরের সঠিক গঠন ও রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য ভিটামিন ডি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি হাড়ের ঘনত্ব রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ত্বকের স্বাস্থ্য ঠিক রাখার কাজে ভূমিকা রাখে। সাধারণত রোদে ঘোরাঘুরি করলে শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করতে পারে, তবে অনেকেই পর্যাপ্ত রোদে না যাওয়ায় কিংবা খাদ্যাভ্যাসে ঘাটতির কারণে ভিটামিন ডি স্বল্পতায় ভোগেন। এই অভাব শরীরে নানা উপসর্গের মাধ্যমে জানান দেয়, বিশেষ করে ত্বক ও পায়ের ওপর তার সরাসরি প্রভাব পড়ে।

ভিটামিন ডি’র ঘাটতির অন্যতম লক্ষণ হলো ধীরে ক্ষত নিরাময়। এটি ত্বকের কোষ পুনরুজ্জীবন ও ক্ষত সারাতে সহায়তা করে। পর্যাপ্ত ভিটামিন না থাকলে সামান্য কাটা-ছেঁড়া বা ঘা সহজেই দীর্ঘস্থায়ী হতে পারে এবং সংক্রমণের ঝুঁকিও বাড়ে।

চুলকানি বা ত্বকের শুষ্কতা আরেকটি সাধারণ লক্ষণ। ভিটামিন ডি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং রুক্ষতা বা একজিমার মতো সমস্যা প্রতিরোধে কার্যকর। এই ভিটামিনের ঘাটতিতে ত্বক দুর্বল হয়ে পড়ে, চুলকায় ও সহজেই ক্ষতিগ্রস্ত হয়।

ভিটামিন ডি’র অভাবে ত্বক হয়ে যেতে পারে নিষ্প্রভ ও ফ্যাকাশে। এই পুষ্টি উপাদান মেলানিন উৎপাদনে ভূমিকা রাখে, যা ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ও রং ধরে রাখতে সাহায্য করে।

শুধু ত্বক নয়, পায়ের ব্যথা কিংবা দুর্বলতাও ভিটামিন ডি’র অভাবের প্রভাব হতে পারে। বিশেষ করে সিঁড়ি বেয়ে ওঠা বা নিচে নামতে সমস্যা হলে তা পেশি দুর্বলতার ইঙ্গিত হতে পারে। দীর্ঘমেয়াদে এই ঘাটতি হাড়ের গঠনেও প্রভাব ফেলতে পারে, এমনকি শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ দেখা দিতে পারে।

আরেকটি লক্ষণ হলো অতিরিক্ত ঘাম। বিশেষ করে মাথা বা মুখে অস্বাভাবিক ঘাম হওয়া ভিটামিন ডি ঘাটতির প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হয়। এটি ঘামগ্রন্থির কার্যকারিতা ব্যাহত করে, যা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এইসব উপসর্গ দেখা দিলে নিয়মিত রোদে যাওয়া, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ, দুগ্ধজাত পণ্য ইত্যাদি গ্রহণ এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া জরুরি।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




পক্ষাঘাতগ্রস্তদের জন্য রোবটিক চিকিৎসায় নতুন যুগের সূচনা

পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে বাংলাদেশে শুরু হচ্ছে প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়। রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সুপারস্পেশালাইজড হাসপাতালে চালু হচ্ছে দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার।

চীনের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই আধুনিক সেন্টারে বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে সীমিত পরিসরে পাইলট প্রকল্প চালু হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই কেন্দ্রটি পক্ষাঘাত, স্ট্রোক, স্নায়ুবিক সমস্যা, দুর্ঘটনাজনিত আঘাত ও দীর্ঘমেয়াদি ব্যথায় ভোগা রোগীদের পুনর্বাসনে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিএমইউ সূত্রে জানা গেছে, চীনের সরকার এই সেন্টারে প্রায় ২০ কোটি টাকার রোবটিক যন্ত্রপাতি অনুদান দিয়েছে। কেন্দ্রটিতে রয়েছে মোট ৬২টি রোবট, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI)। এই রোবটগুলো রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী নির্ভুল ও সুনির্দিষ্টভাবে ফিজিওথেরাপি, স্নায়ুবিক পুনর্বাসন ও চিকিৎসা সেবা দিতে পারবে।

সেন্টারটি চালুর পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে চীনের ৭ সদস্যের একটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার দল ২৭ জন চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টকে উন্নত প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত এই জনবল পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করার পর সেন্টারটি পুরোদমে চালু করা হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই রোবটিক থেরাপি বিশেষত স্ট্রোক, নার্ভ ইনজুরি, ফ্রোজেন শোল্ডার, দীর্ঘমেয়াদি ব্যথা বা শারীরিক দুর্বলতার মতো রোগীদের জন্য কার্যকর হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে গণআন্দোলনে আহতদের এই সেন্টারে বিনামূল্যে সেবা প্রদান করা হবে।

শুধু বিশেষ প্রয়োজন নয়, ভবিষ্যতে ধাপে ধাপে সাধারণ রোগীদের জন্যও চিকিৎসা সেবা উন্মুক্ত করা হবে। একই সঙ্গে রোগীদের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

এই রোবটিক রিহ্যাব সেন্টার শুধু চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিগন্ত নয়, বরং হাজারো পক্ষাঘাতগ্রস্ত ও অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফের মরদেহ ১৫ কিমি দূরে উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ অবশেষে পাওয়া গেছে। বুধবার (৯ জুলাই) সকালে সৈকত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার সৈকত সংলগ্ন এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।

খবর পেয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে। নিহত আসিফ আহমেদের বড় ভাই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী হিমছড়ি পয়েন্টে ঘুরতে গিয়ে সমুদ্রে গোসলে নামলে স্রোতের টানে তারা নিখোঁজ হন। কিছু সময় পর কে এম সাদমান রহমান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আসিফ আহমেদের মরদেহ পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছেন অপর শিক্ষার্থী অরিত্র হাসান।

তিন শিক্ষার্থীই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন আবাসিক হলের ছাত্র ছিলেন। সাদমান রহমান ঢাকার মিরপুরের, আর আসিফ ও অরিত্র বগুড়ার বাসিন্দা।

সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা ও সতর্কতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এই ঘটনা। সংশ্লিষ্টরা বলছেন, সমুদ্রে নামার সময় পর্যাপ্ত নির্দেশনা এবং সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




ভোলায় অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা, ছিনতাইয়ের আশঙ্কা পরিবারের

ভোলায় এক মর্মান্তিক ঘটনায় অটোরিকশাচালক মো. মতলব ফরাজী (৬০) কুপিয়ে হত্যা হয়েছেন। সোমবার (৭ জুলাই) রাতে সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের চরকুমারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতলব ফরাজী ছিলেন ফরাজীবাড়ির আব্দুল মুনফ ফরাজীর ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে ১০ সদস্যের পরিবার চালাতেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, মতলব ফরাজী প্রতিদিনের মতো বিকেলে অটোরিকশা নিয়ে বের হন। রাত সাড়ে ৮টার দিকে চরকুমারিয়া এলাকার রেবা রহমান কলেজের পেছনে বারেক মিয়ার বাড়ির পাশে সড়কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে। তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. ওমর ফারুক বলেন, “আমার বাবার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। সম্ভবত ছিনতাইকারীরা অটোরিকশা ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু বাধা দেওয়ায় তাকে হত্যা করেছে।”

ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের চেষ্টা চালায়। তবে নিহতের স্বজনেরা এতে বাধা দিলে কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




বরিশালে সেতুর রেলিং ভেঙে খালে যাত্রীবাহী বাস

বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী পৌরসভার লালপোল এলাকায়।

জানা গেছে, মামুন পরিবহনের একটি বাস ঢাকা থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে পথিমধ্যে বেপরোয়া গতি ও টানা বৃষ্টিপাতের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি একটি ব্রিজের রেলিং ভেঙে সোজা খালের পানিতে পড়ে যায়।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং দ্রুত গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানায় খবর দেন। গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত তিনজনকে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিরিক্ত গতি এবং খারাপ আবহাওয়াই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

 

আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আ. মালেক (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় শ‌নিবার দিবাগত রা‌তে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পু‌লিশ রাতে অভিযান চালিয়ে আ. মালেককে গ্রেফতার করে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আ. মালেক ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের লামছিবাড়ি এলাকার মৃত জয়নাল আবেদিনের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়ির পাশে খালপাড়ে জাল ভাসানোর কাজে ব্যবহৃত ফ্লুট কুড়া‌তে যায়। শিশুটিকে একা পেয়ে বি‌ভিন্ন কিছুর লোভ দে‌খি‌য়ে স্থানীয় নজু মেম্বারের বাড়ির মসজিদের পাশে একটি মুদি দোকানের পিছনে নিয়ে যায় বৃদ্ধ আ. মালেক। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। প‌রে স্থানীয়রা ছু‌টে আস‌লে আ. মা‌লেক পা‌লি‌য়ে যায়।

বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, শিশুটির বাবা বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে আ: মালেককে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রোববার সকা‌লে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম