বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিদেশি সহায়তা: প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ

সাম্প্রতিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিদেশি মেডিকেল টিমের অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুর, চীন ও ভারতের মোট ২১ জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এই আন্তর্জাতিক সহযোগিতাকে মানবিকতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, “এই দল শুধু দক্ষতা নয়, হৃদয় নিয়েও এসেছে। তাদের উপস্থিতি আমাদের বৈশ্বিক অংশীদারিত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, বিদেশি চিকিৎসকদের দ্রুত আগমন ও কার্যক্রম শুরুর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে বিদেশি চিকিৎসকদের সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
আহতদের তাৎক্ষণিক ট্রমা কেয়ারে এই চিকিৎসক দল স্থানীয় চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে নিরলসভাবে কাজ করছেন। বিশেষ করে শিশুদের সেবা প্রদানে তারা বিশেষ দক্ষতা ও সহানুভূতির পরিচয় দিয়েছেন।
চিকিৎসা সহায়তার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ভার্চুয়াল সংযুক্ততা বজায় রাখার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “এর মাধ্যমে চিকিৎসা শিক্ষায় আদান-প্রদান, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং উদ্ভাবনী স্বাস্থ্যসেবা গড়ে তোলার নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, যিনি বলেন, “এই কঠিন সময়ে আপনাদের সহানুভূতি ও সাহায্য জাতি কখনো ভুলবে না।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, “বিদেশি চিকিৎসকদের দ্রুত পদক্ষেপের কারণেই অনেক মূল্যবান জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।”
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, “আবারো প্রমাণিত হলো, চিকিৎসকদের কোনো সীমানা নেই।”
প্রতিনিধি দলে ছিলেন সিঙ্গাপুরের ১০ জন, চীনের ৮ জন এবং ভারতের ৩ জন চিকিৎসক ও নার্স। বৈঠকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ঢাকায় সিঙ্গাপুর মিশনের প্রধানও উপস্থিত ছিলেন।








