বিদেশি জাহাজের ধাক্কায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে, ১৩ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরের গভীরে ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার বিদেশি জাহাজের ধাক্কায় ডুবে গেছে। প্রাণে রক্ষা পেয়েছেন ট্রলারে থাকা ১৩ জেলে। সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডুবুরে উদ্ধার হওয়া জেলেরা পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে সমুদ্রে ভেসে থাকা অবস্থায় তাঁদের উদ্ধার করে অপর একটি মাছ ধরার ট্রলার। পরে তাদের উপকূলে এনে হাসপাতালে ভর্তি করা হয়।
ট্রলার মালিক হেলাল মৃধা জানান, গত শুক্রবার (১ আগস্ট) সকালে মাঝি শাহাজাহান হাওলাদার ট্রলারটি নিয়ে ১৩ জন জেলেকে সঙ্গে নিয়ে ডুবলার চর এলাকায় মাছ ধরতে পাঠান। সোমবার বিকেলে ডুবলার চর থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীরে জাল ফেলার পরই একটি বিদেশি জাহাজ এসে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়।
তিনি বলেন, “জাহাজের ধাক্কায় ট্রলারটি উল্টে যায় এবং সঙ্গে সঙ্গেই ডুবে যায়। তবু জেলেরা বাঁশ ও ফ্লোট ধরে ভেসে থাকার চেষ্টা করে। ভাগ্য ভালো, একটি ট্রলার তাদের দেখতে পেয়ে উদ্ধার করে।” ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন জানান, “উদ্ধার হওয়া জেলেদের খোঁজ নেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই নিরাপদ ও সুস্থ রয়েছে। ট্রলার ডুবির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
টানা ২২ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর জীবিত ফিরে আসায় জেলেদের পরিবার ও গ্রামজুড়ে স্বস্তির পাশাপাশি গভীর সমুদ্রে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, বিদেশি জাহাজের চলাচল নির্দিষ্ট নিয়ম না মানলে এমন দুর্ঘটনা আরও বাড়তে পারে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








