শীতকালেও সুস্থ থাকার সহজ উপায়

শীতের আগমন সঙ্গে আনে কম রোদ, দীর্ঘ রাত ও ঠান্ডা বাতাস। দিন যত ছোট হচ্ছে, শরীরের ইমিউন সিস্টেম ততই পরীক্ষা হচ্ছে। সচেতন না হলে শীত নানা রোগের সুযোগ দেয়। সর্দি, কাশি, ফ্লু এবং শ্বাসকষ্ট শীতকালে সাধারণ সমস্যা।

ঠান্ডা ও রোগ প্রতিরোধ
শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্ত রাখতে পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য ও হালকা ব্যায়াম অপরিহার্য। ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা, কিউই ও পেয়ারা নিয়মিত খেলে ঠান্ডা ও ভাইরাস থেকে শরীরকে রক্ষা করা যায়।

খাদ্যাভ্যাসে সতর্কতা
শীতকালে ভারি, তেল-মশলাযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায়। ভাজাভুজি বা অতিরিক্ত তেলযুক্ত খাবার শরীরকে ক্লান্ত ও স্থূল করে। হালকা, গরম ও পুষ্টিকর খাবার যেমন ডাল, হালকা স্যুপ, শাক-সবজি শরীরকে গরম রাখে এবং হজম সহজ হয়। পর্যাপ্ত পানি খাওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যায়াম ও সক্রিয় থাকা
শীতকালে ঘরে বসে সময় কাটানো সাধারণ হলেও শরীরকে সক্রিয় রাখা জরুরি। মাত্র ২০–৩০ মিনিট হাঁটা, যোগব্যায়াম বা স্ট্রেচিং রক্ত চলাচল ঠিক রাখে এবং শরীর গরম রাখে।

শারীরিক ও মানসিক সুস্থতা
শীতকালে মানসিক চাপও বেড়ে যায়। কম আলো, ঘন কুয়াশা ও দীর্ঘ রাত মানুষকে বিষণ্ণতায় ফেলতে পারে। গান শোনা, বই পড়া বা পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করে।

সতর্কতা
হঠাৎ ঠান্ডায় বের হলে গরম পোশাক ও মোজা ব্যবহার বাধ্যতামূলক। ঠান্ডার সময় ঠান্ডা পানির বদলে হালকা গরম পানীয় বা স্যুপ বেশি স্বাস্থ্যকর। শীতকালে জীবনধারা ও শরীরের যত্ন নিলে এই ঋতুকে সুন্দরভাবে উপভোগ করা সম্ভব।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শীতে সর্দি-কাশি বাড়লে ভরসা হতে পারে তুলসী পাতা

শীত মৌসুম শুরু হলেই অনেকের শরীরে একের পর এক সমস্যা দেখা দেয়। সর্দি-কাশি, গলা ব্যথা, নাক বন্ধ, হালকা জ্বর কিংবা শরীর ব্যথা যেন এই সময়ের নিত্যসঙ্গী। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকিও বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক ভেষজ হিসেবে তুলসী পাতা সহজ, নিরাপদ ও কার্যকর সমাধান হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আয়ুর্বেদ ও ভেষজ চিকিৎসায় তুলসী পাতার ব্যবহার বহু শতাব্দী ধরে চলে আসছে। এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান শীতকালীন বিভিন্ন অসুস্থতা প্রতিরোধে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। নিয়মিত তুলসী পাতা গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বলে জানিয়েছেন ভেষজ চিকিৎসকরা।

বিশেষজ্ঞদের মতে, তুলসী পাতায় থাকা ইউজেনল, ফ্ল্যাভোনয়েড এবং ভিটামিন-সি শরীরকে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা দেয়। শীতকালে ভাইরাসজনিত সর্দি-কাশি ও সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে তুলসী পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কাশি ও গলা ব্যথার ক্ষেত্রে তুলসী পাতার রস কিংবা তুলসী চা বেশ কার্যকর। গলার ভেতরের জ্বালা, খুসখুসে ভাব ও শুষ্কতা কমাতে এটি স্বস্তি দেয়। প্রাকৃতিক প্রদাহনাশক উপাদান থাকার কারণে শ্বাসনালীর ভেতরের ফোলা ভাবও ধীরে ধীরে কমে আসে।

শীতকালে সর্দির কারণে অনেকের নাক বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। এ সময় তুলসী পাতার উষ্ণ চা নাকের ভেতরে জমে থাকা শ্লেষ্মা পাতলা করতে সাহায্য করে। ফলে শ্বাস নেওয়া সহজ হয় এবং বুকের ভারীভাবও কমে।

হালকা জ্বর, শরীর ব্যথা ও ক্লান্তি দূর করতেও তুলসী পাতার ক্বাথ উপকারী বলে মনে করেন ভেষজ চিকিৎসকরা। এটি শরীরকে উষ্ণ রাখতে সহায়তা করে এবং ঘাম বের হওয়ার মাধ্যমে শরীরের ভেতরের টক্সিন দূর করতে সাহায্য করে।

তুলসী পাতা ব্যবহার করা খুবই সহজ। কয়েকটি তাজা তুলসী পাতা গরম পানিতে ফুটিয়ে তাতে মধু বা লেবু মিশিয়ে চা হিসেবে পান করা যেতে পারে। সকালে খালি পেটে এক থেকে দুই চা চামচ তুলসী পাতার রস গ্রহণ করলে উপকার পাওয়া যায়। আবার তুলসী পাতার সঙ্গে আদা ফুটিয়ে পান করলে সর্দি-কাশিতে দ্রুত আরাম মেলে।

তবে চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সর্দি-কাশি, জ্বর কিংবা শ্বাসকষ্টের সমস্যা থাকলে শুধুমাত্র ঘরোয়া পদ্ধতির ওপর নির্ভর না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ঢাকা বরিশাল মহাসড়কে মর্মান্তিক বাস দুর্ঘটনা ৬ জনের মৃত্যু

চন্দ্রদ্বীপ নিউজ:দেশের মহাসড়ক গুলো যেন একএকটা মৃত্যু ফাদ যার বাকে বাকে মিশে আছে মৃত্যুর ভয় ।  যানবাহনের বেপরোয়া গতি আর মহাসড়কে ধীর গতির যানবাহন এই মৃত্যু ঝুকি আরো বাড়িয়ে দিয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

 




বোমা তৈরীর সময় বিস্ফোরণে, ১ জন নিহত

চন্দ্রদ্বীপ নিউজ:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৎপর দেশের অপরাধ জগৎ,নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ তৈরীতে করতে মাঠে নেমেছে তারা ।   তাই দেশের গোপন ডেরায় তৈরী হচ্ছে ককটেল ,হাতবোমা সহ  আরও মারাত্নক প্রানঘাতী অস্ত্র ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে  বোমা তৈরীর সময় এক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একজন নিহত হন । নিহতের নাম সোহান সে একই  এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি ঘরের দেয়াল ও চালা উড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং পুলিশ সতর্ক অবস্থানে ছিল। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরটি লন্ডভন্ড অবস্থায় দেখতে পান। ঘর থেকে কিছুটা দূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।




ভোলায় ট্রাক-সিএনজির সংঘর্ষে ৩ জন নিহত, ২ জন আহত

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পর ঘাতক ট্রাকচালক পলাতক রয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

নিহতরা হলেন –

  • লালমোহন উপজেলার ভেদুরিয়া গ্রামের মো. মিজান (তাহেরের ছেলে),
  • মো. রিয়াজ উদ্দিন (বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি),
  • লালমোহন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের আজমির আমিন (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ভোলার লালমোহন উপজেলা থেকে যাত্রী নিয়ে ভোলা সদর অভিমুখে যাচ্ছিল। বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন মাদ্রাসার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

ঘটনার ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আরও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ এখন ঘাতক ট্রাকচালককে খুঁজছে এবং আহতদের চিকিৎসা ও তদন্ত কার্যক্রম তৎপরভাবে চালানো হচ্ছে।

 

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরিশালে শীতে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ, হাসপাতালে রোগীর চাপ বেড়েছে

শীতে বরিশালে শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় রোগীর চাপ এত বেশি, যে এক বেডে ৩ থেকে ৪ জন শিশু ভর্তি থাকতে হচ্ছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সরা অতিরিক্ত পরিশ্রম করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সব রোগীকে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে।

হাসপাতালের শিশু ওয়ার্ডে মোট ৪১টি শয্যা থাকলেও প্রায় ৩০০ শিশু ভর্তি রয়েছে। প্রতিদিন গড়ে ১৫০ জনের বেশি শিশু ঠান্ডাজনিত রোগে ভর্তি হচ্ছেন। বহির্বিভাগেও রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে, যেখানে শিশুরাই প্রধান। পাঁচজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক বহির্বিভাগে রোগীদের চিকিৎসা দিচ্ছেন।

রোগীদের স্বজনরা জানান, শীতে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া নিয়ে তারা হাসপাতালে আসছেন। অনেকেই প্রথমে গ্রামে চিকিৎসা নিয়েছিলেন, কিন্তু সুস্থ না হওয়ায় বরিশাল হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি থাকা রোগীর স্বজন আকলিমা বেগম জানান, “এক বেডে দুই থেকে তিন শিশু থাকায় চরম দূর্ভোগ পোহাচ্ছি।” অন্য স্বজন লিমা বেগম বলেন, “স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানোর পরও জ্বর ও কাশি কমেনি, তাই হাসপাতাল এনেছি।”

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. নুরুল আলম জানিয়েছেন, ঠান্ডাজনিত রোগের সংখ্যা বাড়ছে এবং আরও বৃদ্ধি পেতে পারে। তিনি মা ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে শিশুরা শীত থেকে সুরক্ষিত থাকে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মসিউল মুনীর বলেন, “শিশু ওয়ার্ডে বেড সংখ্যা কম থাকলেও আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। নার্সদের ওপর চাপ বেশি, তবে সব রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিভাবকরা শিশুদের ঘরের তাপমাত্রা ও কাপড়ের প্রতি খেয়াল রাখবেন।”

বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, সাম্প্রতিক তিন দিনে সর্বনিন্ম তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। দিনের মধ্যে সূর্যের আলো সীমিত সময়ের জন্য উপস্থিত থাকায় শীত অনুভূত বেশি হচ্ছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




ফরিদপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভাই-বোন ও দুলাভাই নিহত

ফরিদপুরের ভাঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা যশোরের মণিরামপুর উপজেলার বাসিন্দা এবং একে অপরের ভাই, বোন ও দুলাভাই। ঢাকার দিকে রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, রাজগঞ্জ বাজার এলাকার রহমতউল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান (২৩), তার বোন নীলা খাতুন (২৫) এবং মেয়েজামাই মিজানুর রহমান (৩৫)। মিজানুর রহমান ছিলেন একটি বেসরকারি ঋণদান সংস্থার শাখা ব্যবস্থাপক, নিশান রাজগঞ্জে একটি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক এবং নীলা গৃহিণী ছিলেন।

দুর্ঘটনা শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় ঘটে। প্রতিবেশীরা জানান, মিজানুর রহমান একমাস ধরে যশোরের একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণের চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তিনি স্ত্রী নীলা ও শ্যালক নিশানের সঙ্গে অ্যাম্বুলেন্সে ঢাকার পথে রওনা হন। ভাঙ্গায় পৌঁছার পর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং তারা ঘটনাস্থলেই নিহত হন।

নিহত নীলা-মিজানুর দম্পতির ৬ ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। নিশানের ঘরে রয়েছে কয়েক মাস আগে বিয়ে করা স্ত্রী। স্থানীয়রা জানিয়েছেন, পুরো রাজগঞ্জ এলাকা শোকমগ্ন হয়ে উঠেছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্বজনরা পৌঁছানোর পর যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে। মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানিয়েছেন, নিহতদের পরিবার চাইলে সর্বোচ্চ আইনি সহায়তা প্রদান করা হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




ভয়াবহ তুষারঝড়ে জাপানে মহাসড়কে গাড়ির পর গাড়ি সংঘর্ষ, নিহত ১

জাপানে প্রবল তুষারপাতের মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন। দুর্ঘটনায় অর্ধ-শতাধিক গাড়ি একের পর এক সংঘর্ষের কবলে পড়ে, যা দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মহাসড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। জাপানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বছরশেষের ছুটির মৌসুম শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ ছিল বেশি। এর মধ্যেই শুরু হয় ভারী তুষারপাত, যা চালকদের জন্য পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে।

গুনমা প্রিফেকচারের হাইওয়ে পুলিশের তথ্যমতে, রাজধানী টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিনাকামি শহরের কান-এৎসু এক্সপ্রেসওয়েতে প্রথমে দুটি ভারী ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। তুষারে ঢাকা পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুটি ট্রাকের ধাক্কার পর পেছন থেকে আসা একের পর এক গাড়ি এতে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো এক্সপ্রেসওয়ে পরিণত হয় দুর্ঘটনাস্থলে।

পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়, এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে আগামী কয়েকদিন আরও ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে অপ্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলা এবং মহাসড়কে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




যশোরে তীব্র শীত, টেকনাফে গরম: দেশের তাপমাত্রার উল্টো চিত্র

ঢাকা: দেশের শীতের তীব্রতা বাড়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা এ সময়ের জন্য দেশের সর্বনিম্ন।

এর বিপরীতে, চট্টগ্রামের টেকনাফে রেকর্ড করা হয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা দেশজুড়ে তাপমাত্রার উল্টো চিত্র তুলে ধরেছে।

অবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

পরবর্তী আবহাওয়ার পূর্বাভাস:

  • ২৭ ডিসেম্বর: সারাদেশে আংশিক মেঘলা এবং শুষ্ক আবহাওয়া। মাঝারি থেকে ঘন কুয়াশা কোথাও কোথাও, বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
  • ২৮ ডিসেম্বর: আবহাওয়া আংশিক মেঘলা, শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
  • ২৯ ডিসেম্বর: আংশিক মেঘলা, শুষ্ক আবহাওয়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
  • ৩০ ডিসেম্বর: নদী অববাহিকার জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা, অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা।
  • ৩১ ডিসেম্বর: আংশিক মেঘলা এবং শুষ্ক আবহাওয়া। নদী অববাহিকার জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পাঁচ দিনের সময়ে দেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ জন নিহত, ২ গুরুতর আহত

ফরিদপুর: ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এক ভয়াবহ ট্রাক ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভাঙ্গা থেকে খুলনার দিকে যাওয়া একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের নাম পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি, তবে শনাক্তের চেষ্টা চলছে। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, পরে তা স্বাভাবিক হয়। ঘটনার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫