কাজ করতে পারেনি বলেই ওদের ভরাডুবি হয়েছে: মিশা

বরিশাল অফিস :: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর। নির্বাচনের পর আজ প্রথমবারের মতো সমিতিতে যান তিনি। সেখানে গিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রতি দেওয়ার পাশাপাশি নিপুণ প্যানেলের ভরাডুবির কারণও উল্লেখ করেন এই দাপুকে খল অভিনেতা।

আজ ২১ এপ্রিল দুপুরে এফডিসিতে গিয়ে মিশা সওদাগর বলেন, ‘২৩ তারিখের পর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবো। এর পরে আমরা অপর প্যানেল থেকে বিজয়ী তিনজনকে সঙ্গে নিয়ে কাজ করবো। পাশাপাশি চলচ্চিত্রের অন্যান্য সংগঠনের সঙ্গে বসে আমরা পর্যায়ক্রমে কাজগুলো সম্পন্ন করবো ইনশাল্লাহ।’

নিপুণ প্যানেলের ভরাডুবি উল্লেখ করে দাপুটে এই খল অভিনেতা বলেন, ‘ওরা কাজ করতে পারেনি বলেই ওদের ভরাডুবি হয়েছে।’

নিপুণ আক্তারের বিপরীতে সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। এদিকে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন এবং কোষাধ্যক্ষ পদে কমল। এর মধ্যে নিপুণ প্যানেল থেকে কেবল ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন জয়ী হন।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির ও চুন্নু। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি ও সনি রহমান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়। এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যে শুক্রবার সকাল সাড়ে নয়টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।




শিল্পী সংঘের সম্মাননা পেলেন রোজিনা-মিমি-জয়া

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে তার অভিনয়ের শেকড় এদেশের মাটিতেই। তাকে সহ শনিবার সাভারের লাজপল্লীতে টিভি নাটকের শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ ২০২২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীদেরকে সম্মাননা প্রধান করেন।

জয়ার সঙ্গে সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা রোজিনা, আফসানা মিমি, নাসির উদ্দিন খান, এস এ হক অলিক, শুভাশিস ভৌমিকসহ অনেকে।

অভিনয় শিল্পী সংঘের সম্মাননা স্মারক হাতে নিয়ে সেই কৃতজ্ঞতাই ঝরল গুণী এই অভিনেত্রীর কণ্ঠে। তিনি বলেন, আমার মনে পড়ে দেশে করা আমার ধারাবাহিক নাটকগুলোর কথা। এই মাটিতেই আমার বেড়ে উঠা। অভিনয়ের ডালপালা হয়ত ওদিকে (ভারত) গেছে, কিন্তু আমি তৈরি হয়েছি এখানে, ধীরে ধীরে অভিনয়ের বেড়ে উঠা যেটাকে বলে।

‘বাংলাদেশই আমার অভিনয়ের সবচেয়ে বড় জায়গা। আমি অভিনয় শিল্পী সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সম্মানিত করার জন্য।’

অভিনয় শিল্পী সংঘের সম্মাননা পেলেন রোজিনা-মিমি-জয়া সেসময় উপস্থিত সবার অনুরোধে চট্টগ্রামের স্থানীয় ভাষায় ‘বাড়ির কাছে বাড়ি নাই’ গান ধরেন নাসির উদ্দিন খান।

অভিনেতা আফজাল হোসেনের হাত থেকে সম্মাননা নেন অভিনেত্রী আফসানা মিমি। এই অভিনেত্রী বলেন, এই পরিবারটা আমার খুব ভালোবাসার। আফজাল ভাইয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করছি, এটা খুব সম্মানের। সকলের কাছ থেকে এই ভালোবাসা সারাজীবন পেতে চাই।

সাভারের লাজপল্লীতে এদিন ‘বৈশাখী উৎসব’ উদযাপন করে অভিনয় শিল্পী সংঘ। পাশাপাশি সাধারণ সভাও হয়েছে। সভায় উপস্থিত ছিলেন আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফজাল হোসেন, আমিরুল হক চৌধুরী, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, নাজনীন চুমকি, তানভীন সুইটি, দীপা খন্দকারসহ অনেকে।




আমির-শাহিনের তোপে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি ভেসে গিয়েছিল বৃষ্টি বাধায়। সেই ম্যাচ দিয়েই প্রায় চার বছর পর পাকিস্তানের জার্সিতে ফিরেছিলেন মোহাম্মদ আমির।

কিন্তু বল হাতে কিছু করার সুযোগ পাননি এই বাঁহাতি পেসার। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই নিজেকে নতুন করে চেনালেন তিনি।

দারুণ বোলিং করলেন শাহিন শাহ আফ্রিদিও। তাদের দাপুটে বোলিংয়ে ভর করে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান।

শনিবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আমির-শাহিনদের তোপে আগে ব্যাট করে স্রেফ ৯০ রানে গুটিয়ে যায় কিউইরা।

লক্ষ্য তাড়ায় মোহাম্মদ রিজওয়ানের ৪৫ রানের ইনিংসে ভর করে ৪৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় পাকিস্তান।




দেশীয় খেলাকে সমান সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় খেলাধুলাকে সমান সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু ফুটবল নয়, আমাদের নিজস্ব যেসব খেলাধুলা রয়েছে, সেখানে খুদে খেলোয়াড়রা সুযোগ পেতে পারে। এর মাধ্যমে কোমলমতিদের মেধা বিকাশের সুযোগ তৈরি হবে।

শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এর পুরস্কার বিতরণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।

সরকারপ্রধান বলেন, আমরা সরকারে এলেই ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি অনুরাগী করে তুলতে চেষ্টা করেছি। কারণ, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তির বিকাশ ঘটায়। শৃঙ্খলা, আনুগত্যের শিক্ষা দেয় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি; বিশ্বের কাছে পরিচিত করতে পারি।

তিনি বলেন, সব ধরনের খেলাধুলার বিকাশে সরকার প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছে। আমি চাই, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলবে।

প্রধানমন্ত্রী দ্বিতীয়ার্ধে মাঠে এসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা উপভোগ করেন। বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে লালমনিরহাটের পাটগ্রাম টেপুরগাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে জামালপুরের মাদারগঞ্জ চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রংপুরের মিঠাপুকুর তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রধানমন্ত্রী দুটি টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, প্রাইজমানির চেকের রেপ্লিকা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার তুলে দেন। টেপুরগাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহমুদা আক্তার সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট ও একই বিদ্যালয়ের রিশা আক্তার সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল লাভ করেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপের চ্যাম্পিয়ন জামালপুরের মাদারগঞ্জ চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাজ্জাদ হোসেন গোল্ডেন বুট ও মো. আকাশ গোল্ডেন বল জয় করেন। পুরস্কার বিতরণী পর্বে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এবং মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বক্তৃতা করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সাল থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং ২০১১ সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে। চার মাসব্যাপী এবারের দুটি টুর্নামেন্টে পুরুষ ও নারী বিভাগে ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ ছাত্র এবং ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ ছাত্রী ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অংশ নিয়েছে।

প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে এ খেলায় নৈপুণ্য প্রদর্শনের জন্য বক্তৃতার শুরুতেই খুদে খেলোয়াড়দের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। দুটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে খেলার কারণে কোমলমতিদের শারীরিক কোনো সমস্যা হয় কিনা, তা নিয়ে চিন্তিত ছিলেন বলে জানান।

বঙ্গবন্ধু থেকে শুরু করে তাঁর পরিবারের সদস্যদের ক্রীড়াঙ্গনে জড়িত থাকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ফুটবল খেলা প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। দেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়েছে। ছেলেরাই শুধু নয়, মেয়েরাও বিদেশে পারদর্শিতা দেখাতে পারছে। আমি বিশ্বাস করি, আমাদের খুদে ফুটবলাররা একদিন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে থেকে আরও বেশি সম্মান বয়ে আনবে।




শিল্পী সমিতির নির্বাচন: ভিলেনদের কাছে নায়ক-নায়িকার হার!

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।



শাড়ি কোমরে গুঁজে নিজ হাতে পান্তা-ভর্তার আয়োজন করলেন জয়া




ফের একসঙ্গে তাহসান-মিথিলা




ম্যান সিটির হৃদয় ভেঙে সেমিফাইনালে রিয়াল

চন্দ্রদ্বীপ ডেস্ক : রদ্রিগোর গোলে আলো ছড়িয়ে শুরুটা হয় রিয়াল মাদ্রিদের। এরপর একের পর এক আক্রমণে দলটির রক্ষণে ভীতি ছড়ায় ম্যানচেস্টার সিটি।

পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয়ার্ধে গোলও পায়। ড্র নিয়ে ম্যাচ অতিরিক্ত সময় পার করে গড়ায় টাইব্রেকারে।

সেখানেই রিয়াল করে বাজিমাত। আন্দ্রে লুনিন নৈপুণ্যে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কোয়ালিফাই করলো ইউরোপের সবচেয়ে সফলতম দলটি।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-৩ ড্রয়ের ফলে ৪-৪ ব্যবধানের কারণে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদের শুরুটা হয়েছে দারুণ। এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি স্প্যানিশ ক্লাবটি। ম্যাচের দ্বাদশ মিনিটেই রদ্রিগোর গোলে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে আক্রমণে গিয়ে ভালভার্দেকে খুঁজে নেন বেলিংহ্যাম। উরুগুয়ে মিডফিল্ডার থেকে বল নিয়ে রদ্রিগোকে বাড়ান ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রথম শট এদারসন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন।

গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সিটি। ১৯তম মিনিটে দারুণ এক সুযোগ পায় তারা। ডি ব্রুইনার জোরালো শট ঠেকিয়ে দেন লুনিন। ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে হেড নেন হালান্ড, যেটি গোলবারে লেগে ফিরে আসে। ফিরতি শটে বল বাইরে পাঠিয়ে দেন বের্নান্দো সিলভা। ২৪তম মিনিটে ব্যবধান বাড়াতে পারত রিয়াল। তবে ভিনিসিয়ুসের দেওয়া দারুণ পাস ঠিকঠাক শট নিতে পারেননি ভালভার্দে।

২৮তম মিনিটে ডি ব্রুইনা নৈপুণ্যে আরও এক দারুণ সুযোগ পায় সিটি। তবে তার দেওয়া ক্রস ঠিকঠাক হেড নিতে পারেননি হালান্ড। ফলে সহজেই বল নিয়ন্ত্রণে নেন লুনিন। ৩২তম মিনিটে আরও একটি সুযোগ পায় স্বাগতিকরা। তবে গ্রিলিসের নেওয়া শট ঠেকিয়ে দেন দানি কারভাহাল।

বিরতির পর আক্রমণ আরও বাড়ায় ম্যান সিটি। তার সুফলও পায় তারা। তবে অপেক্ষা করতে হয় লম্বা সময়। ৭৬তম মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে সমতায় ফিরে ইংলিশ ক্লাবটি। বদলি হয়ে নামা দোকু বল টেনে নিয়ে শট নিলে সেটি ঠেকিয়ে দেন রুডিগার। কিন্তু বক্সে থাকা ডি ব্রুইনা ফিরতি বল লুনিনের মাথার ওপর দিয়ে জালে পাঠান। পরবর্তীতে আরও কয়েকটি আক্রমণ করে তারা। তবে নির্ধারিত সময়ে গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৯তম মিনিটে এগিয়ে যেতে পারত ম্যান সিটি। তবে সিলভার দেওয়া ক্রস ফোডেনের পায়ে লেগে লুনিনের কাছে চলে যায়। অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে রুডিগারের বুলেট গতির ভলি উপর দিয়ে উড়ে যায়। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দারুণ এক সুযোগ তৈরি করে সিটি। ডান দিক থেকে আক্রমণে গিয়ে বল টেনে নিয়ে বক্স থেকে শট নেন আলভারেস। যদিও লুনিন সেটি সহজেই ঠেকিয়ে দেন। পরে আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে।

টান টান উত্তেজনার টাইব্রেকারে আলভারেস শুরুতেই স্পট কিকে সফল হন। কিন্তু রিয়ালের প্রথম পেনাল্টি মিস করেন মদ্রিচ। সিটির পরের পেনাল্টি নিতে গিয়ে লুনিনের হাতে বল তুলে দেন সিলভা। তবে রিয়ালের হয়ে এবার সফল কিক নেন বেলিংহ্যাম। তৃতীয় পেনাল্টিতে সিটির কোভাচিচের স্পট কিক ঠেকিয়ে দেন লুনিন। আর রিয়ালের হয়ে গোল করেন লুকাস ভাসকেস। পরবর্তীতে সিটির ফিল ফোডেন ও এদেরসন গোল পায়। আর রিয়ালের নাচো ও রুডিগারের পেনাল্টি মিস না হলে আনন্দে ভাসে ক্লাবটি।

একই রাতের আরেক কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে আর্সেনালকে ১-০ ব্যবধানে হারায় বায়ার্ন। প্রথম লেগে ২-২ ড্রয়ের ফলে ৩-২ ব্যবধানের অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করে জার্মান ক্লাবটি। ফিরতি লেগে তাদের হয়ে একমাত্র গোলটি করেন জশুয়া কিমিচ।




পরীমনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই, শুনানি আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলচ্চিত্র নায়িকা পরীমণির ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় কোনো প্রমাণ পায়নি পুলিশ। তবে পিবিআই গত ১৮ মার্চ নাছিরের করা পাল্টা অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে পরীমণি ও জিমি-র বিরুদ্ধে তদন্তের চার্জশিট দাখিল করেছে।

আজ বৃহস্পতিবার এ মামলার প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছে।

পিবিআইয়ের তদন্তে বলা হয়েছে, অ্যালকোহল পার্সেল দিতে রাজি না হওয়ায় পরীমণি অকথ্য ভাষায় গালি দেন ও কাচের জিনিসপত্র দিয়ে নাছির ইউ মাহমুদকে আঘাত করতে থাকেন। এ বিষয়ে নাছির আদালতে পরীমণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন করলে আদালত মামলা করার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও ক্লাবের মূল্যবান জিনিসপত্র ভাঙচুরের অভিযোগে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মামলা ৯৫০/২০২২ দায়ের করেন নাছির ইউ মাহমুদ।




টিভিতে আজ যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক :  আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। রাতে এভারটনের বিপক্ষে মাঠে নামবে চেলসি।