সাবিত্রীর পর নূতনও ট্রলের শিকার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে অপ্রাসঙ্গিক ও অমানবিক ট্রলের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ওপার বাংলার কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জির পর এবার ঢালিউডের বর্ষীয়ান অভিনেত্রী নূতনও ট্রলের শিকার হয়েছেন।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে নূতন জর্জেট শার্ট ও প্যান্ট পরেছেন। সঙ্গে তার চুলের ট্রেডমার্ক ফ্যান্সি স্টাইল, কানে বড় রিং, চোখে গাঢ় ভ্রু মেকাপ এবং মেরুণ লিপস্টিক। সামাজিক মাধ্যমে এই সাজ পোশাক নিয়ে নানা কটাক্ষ ছুটে আসে।

নূতন সাংবাদিকদের বলেন, “খুব বেশি মেকাপ করলে মনে হয় আলগা মাস্ক পরা হয়েছে। আমি অল্প মেকাপ পছন্দ করি। মুখে হালকা ক্রিম, ফাউন্ডেশন বা ফেস পাউডারের প্রলেপ এবং চোখ-ভ্রু একটু এঁকে লিপস্টিক দিলেই আমার জন্য যথেষ্ট।”

ভিডিওটি অনলাইনে প্রকাশের পর শুরু হয় তুমুল ট্রল ও কটাক্ষ। কেউ লিখছেন, “বয়স বিবেচনা করুন”, কেউ বলছেন, “নিজেকে আপডেট করুন।” নূতন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে অনেকেই সামাজিক মাধ্যমে তার পাশে দাঁড়িয়েছেন।

এদিকে মডেল পিয়া জান্নাতুল ভিডিওটি শেয়ার করে ট্রলকারীদের সঙ্গে একাত্মতা না রাখার বার্তা দিয়েছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পূজায় জুলফিকার রাসেলের নতুন গান ‘একই ভুল হবে না আর’

দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে প্রকাশ হলো ভালোবাসার নতুন গান ‘একই ভুল হবে না আর’। গানটির কথার রচয়িতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল, সুর করেছেন ভারতের সুরকার টুনাই দেবাশীষ গাঙ্গুলি, এবং গানটির কণ্ঠ দিয়েছেন সারেগামাপা বিজয়ী জনপ্রিয় শিল্পী শোভন গাঙ্গুলি

গানের ভিডিওতে মডেল হয়েছেন পল্লবী ও দেবরাজ। এটি নির্মাণ করেছেন নীলাদ্রি, এবং ১৬ সেপ্টেম্বর জুটি মিউজিকের ব্যানারে ইউটিউব চ্যানেলসহ বিশ্বের নামজাদা অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে প্রকাশিত হয়েছে।

গানের বিষয়ে জুলফিকার রাসেল বলেন, “অনেকদিন পর নতুন গান রিলিজ হলো। এর পুরো কৃতিত্ব বন্ধু টুনাই-এর। শোভন অসাধারণভাবে গেয়েছে। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের কাজ পূর্ণতা পাবে।”

কণ্ঠশিল্পী শোভন গাঙ্গুলি জানান, “আমাদের টুনাই দা এবং বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি রাসেল দা আমার খুব প্রিয় দু’জন। তাদের কথা-সুরে গানটি করতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি শ্রোতা ও দর্শকও গানটি উপভোগ করবেন।”

সুরকার টুনাই দেবাশীষ গাঙ্গুলি বলেন, “উৎসবে নতুন গান করা তো স্বাভাবিক। বন্ধু জুলফিকার রাসেল-এর লেখায় সুর করার মজা আলাদা। আমরা একসঙ্গে অনেক গান করেছি এবং আরও কিছু জমা আছে। এই গানটি পুজোর উপহার হিসেবে শ্রোতাদের দিলাম। সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মালাইকা অরোরা: পোশাক নিয়ে সমালোচনায় আমি মুক্তি পেয়েছি

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সম্প্রতি তার ব্যক্তিগত জীবন এবং পোশাক সংক্রান্ত সমালোচনা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ক্যারিয়ার বা কাজের তুলনায় মানুষের নজর বেশি থাকে তার ব্যক্তিগত জীবন ও সাহসী পোশাকের দিকে। দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়েই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, “আমার কী করা উচিত, কী উচিত নয় তা নিয়ে মানুষ উপদেশ দেয়। আমার কর্মজীবন, পোশাক কিংবা সম্পর্ক—সবকিছু নিয়ে বিচার করা হয়। যেদিন থেকে আমি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করেছি, সেদিনই মুক্তি পেয়েছি। এখন আমি নিজের গল্প নিজের মতো লিখি, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।”

অভিনেত্রী আরও বলেন, তাকে অনেক সময় ‘খুব সাহসী’ বা ‘স্পষ্টভাষী’ বলা হয়। মালাইকা জানালেন, এখন তিনি এটাকে দুর্বলতা হিসেবে না দেখিয়ে শক্তি হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, “যদি আমি কারও জন্য ‘খুব বেশি’ হই, তবে হয়তো তারা আমার জন্য যথেষ্ট নয়।”

মালাইকা অরোরা ১৯৯৮ সালে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিয়ে করেছিলেন। প্রায় ১৯ বছর সংসার করার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর অর্জুন কাপুরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন আলোচনায় ছিলেন মালাইকা। তবে সেই সম্পর্কও কিছু আগে শেষ হয়েছে।

বলিউড মহলে মালাইকার সাহসী স্টাইল এবং খোলামেলা বক্তব্য সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তার নিজের ক্যারিয়ার এবং জীবনধারাকে কেন্দ্র করে সমালোচনাকে এখন তিনি ইতিবাচক শক্তিতে রূপান্তর করেছেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার আসছেন ঢাকায়। দেশের বাইরে যেমন, তেমনি বাংলাদেশেও তার বিপুল জনপ্রিয়তা রয়েছে। দর্শকপ্রিয়তার কারণে তাকে বলিউড নায়িকাদের সঙ্গে তুলনা করা হলেও তিনি একটুও কম নন—এমন মন্তব্য করছেন অনেকে।

একটি আন্তর্জাতিক প্রসাধনী কোম্পানির আমন্ত্রণে প্রথমবারের মতো হানিয়া আমির বাংলাদেশে আসতে যাচ্ছেন বলে জানানো হয়েছে। যদিও সঠিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে আয়োজনকারী প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

হানিয়া আমিরের ঢাকায় কয়েক দিন অবস্থানের পরিকল্পনা রয়েছে। এ সফরে তিনি শুধুমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই অংশ নেবেন বলে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য যে, তিনি দীর্ঘদিন ধরে পাকিস্তানে ওই ব্র্যান্ডটির সঙ্গে কাজ করছেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

হানিয়া আমিরের ক্যারিয়ার শুরু হয় ২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্র দিয়ে। এরপর তিনি একে একে অভিনয় করেছেন ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। টিভি নাটক থেকে সিনেমা—সব মাধ্যমেই তার প্রতিভার ছাপ রেখেছেন। সম্প্রতি বলিউডে মুক্তিপ্রাপ্ত ‘সরদারজি ৩’ ছবির মাধ্যমে হানিয়া প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছেন ভারতে, যা আলোচনায় আসে এবং পাকিস্তানেও বাণিজ্যিকভাবে সফলতা পায়।

শুধু রোমান্টিক চরিত্রই নয়, কমেডি ও জীবনঘনিষ্ঠ চরিত্রেও প্রশংসা কুড়িয়েছেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি গ্ল্যামার এবং ব্যক্তিত্ব দিয়ে তিনি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

বাংলাদেশে তার আগমনকে কেন্দ্র করে ভক্তদের মাঝে এখন থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঢাকায় অবস্থানকালে তিনি কোনো বিশেষ আয়োজন বা অনুষ্ঠানে অংশ নেবেন কিনা, সে বিষয়েও জল্পনা শুরু হয়েছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আইটেম গার্ল হিসেবে পর্দায় আবার ও ঝড় তুলতে হাজির হচ্ছেন তামান্না ভাটিয়া

চন্দ্রদ্বীপ ডেক্স: শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এবার তিনি নির্মাণ করেছেন  ‘ব্যাড্স অব বলিউড’ নামের একটি সিরিজ।

ইতিমধ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিরিজটির প্রিভিউ, টিজার, ট্রেলার এমনকি গানও।টিজার এবং ট্রেলার উন্মোচনের পর সিরিজটি নিয়ে অন্তর্জালে হৈচৈ শুরু হয়ে গেছে।

কারণ, এক সিরিজে পুরো বলিউডকেই হাজির করেছেন শাহরুখপুত্র। শাহরুখ, সালমান, আমির থেকে শুরু করে কে নেই এই সিরিজে! সিরিজ মুক্তির আগেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন আরিয়ান।

সিরিজটিতে দেখা যাবে দক্ষিণি তারকা তামান্না ভাটিয়াকেও, যিনি সাম্প্রতিক সময়ে আইটেম গানে একের পর এক বাজিমাত করছেন। ‘ব্যাড্স অব বলিউড’ সিরিজেও আইটেম গার্ল হিসেবে হাজির হচ্ছেন এই দক্ষিণী সুন্দরী।

রবিবার অন্তর্জালে এসেছে সিরিজটির একটি প্রমোশনাল ভিডিও, যেখানে তামান্নার এক ঝলক দেখা গেছে। ‘মিটস দ্য আসলি ব্যাডস’ ইন ‘ব্যাড্স অব বলিউড’ ক্যাপশনের এই ভিডিও এখন সোশ্যালে সয়লাব।




মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন সাফা কবির

২০২৪ সালে দেশের শোবিজ অঙ্গনে আলোড়ন সৃষ্ট করা মাদককাণ্ডের বিষয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। দীর্ঘ প্রায় এক বছরের নীরবতা ভেঙে তিনি দেশের একটি টেলিভিশন পডকাস্টে এ বিষয়ে কথা বলেন।

সাফা জানান, অরিন্দম রায় দীপ গ্রেপ্তারের পর অনেক অভিনেত্রীদের নাম আলোচনায় আসার কারণে তারকাদের জীবন ও কর্মজীবনে ব্যাপক প্রভাব পড়েছিল। তিনি বলেন, “আমার বিরুদ্ধে খবরটি প্রকাশিত হওয়ার পর একটি ব্র্যান্ডের সঙ্গে আমার চুক্তি বাতিল হয়ে যায়। আমি তাদের বোঝানোর চেষ্টা করি, এটি শুধু একটি নিউজ এবং আমার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু প্রমাণ দেখানোর সুযোগ পাইনি।”

তিনি আরও বলেন, সংবাদ ও সোশ্যাল মিডিয়ার প্রচারণার কারণে তার সিনিয়র শিল্পীরা তার সঙ্গে কাজ বাতিল করতেন। সাফা বুঝতে পেরেছিলেন যে এই বিতর্ক শোবিজ ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, “এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন ও সমাজে কী প্রভাব ফেলবে, তা আমরা আগে চিন্তা করি না। আমাদের পরিবার ও ওয়ার্ক লাইফ আছে, যা প্রভাবিত হয়।”

সাফা কবির তার বন্ধু ও সহকর্মীদের পাশে থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “তৌসিফ মাহবুব, জোভান ও সিয়াম সেই সময় মানসিকভাবে পাশে ছিল। তাদের সাহসিকতার কারণে আমি পরিস্থিতি সামাল দিতে পেরেছি।”

এ ঘটনার পর সাফা জানান, এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবা জরুরি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বাংলাদেশ ক্রিকেট নিয়ে সিনেমা,

চন্দ্রদ্বীপ নিউজ..বাংলাদেশ ক্রিকেট নিয়ে চলচিত্র নির্মানের জন্য বিসিবিকে প্রস্তাব ‍দিয়েছে একটি নির্মাতা প্রতিষ্ঠান। তারা বাংলাদেশ ক্রিকেটের ওপর একটা সিনেমা বানাতে চায়। আর সেটি হবে বাংলাদেশ ক্রিকেটের মানচিত্র বদলে দেওয়া সেই আইসিসি ট্রফির ওপর।

১৯৯৭ সালে বাংলাদেশের আইসিসি ট্রফি জয় ইতিহাসের একটি মাইলফলক।যা বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করেছে ।এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, আমাদের কাছে একটা সিনেমা নির্মাতা হাউস এসেছিল। তারা একটা সিনেমা বানাতে চায়। তাদের সিনেমার বিষয়বস্তু: বাংলাদেশের আইসিসি ট্রফি জয়, ১৯৯৭ সালে কী ঘটেছিল। মিটিংয়ে আকরাম খানও ছিল।’

এরপরই আকরামকে নিয়ে বুলবুলের রসিকতায় হাসিতে ফেটে পড়ল পুরো মিলনায়তন, ‘আকরাম খানকে নিয়ে যখন কথা হচ্ছিল, তখন তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে তাঁর নায়িকা কে হবেন! কারণ, তিনি অধিনায়ক ছিলেন। তাঁর ভূমিকাটা ছিল অনেক বড়। তিনি বলছিলেন, আচ্ছা আমি না হয় সিনেমায় মাঝে মাঝে আসব, কিন্তু আমার নায়িকা কে হবে? ভাবিকে কিছু বলব না। তবে ওঁর চোখ, আগ্রহ ছিল অবিশ্বাস্য!’




রোগাক্রান্ত ‘স্পাইডারম্যান’ খ্যাত বিখ্যাত হলিউড অভিনেতা

চন্দ্রদ্বীপ ডেস্ক

স্পাইডারম্যান মুভি দেখে শিহরিত হয়নি এমন সিনেমা প্রেমিক দর্শক বোধ হয়  কমই আছে ।এই মুভির জনপ্রিয় হলিউড অভিনেতা টম হল্যান্ড বর্তমানে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির কাজে ব্যস্ত।

আর ব্যস্ত সময়ে তিনি তার ভক্তদের  নিজের অসুস্থতা সম্পর্কে জানালেন , দীর্ঘদিন ধরে ডিসলেক্সিয়া (পঠনবিকার) ও এডিএইচডি’র (অতি-চঞ্চলতা ও অমনোযোগ) মতো বিরল রোগে আক্রান্ত তিনি।

ছোটবেলায় এই তারকার ডিসলেক্সিয়া ধরা পড়ে। তখন তার বয়স মাত্র ৭। স্পাইডারম্যান তারকা জানান, কোনো লেখা বানান করতে গেলে তাকে বড় অসুবিধায় পড়তে হয়। যদিও বাবা-মায়ের উৎসাহ তাকে সবসময় সামনে এগোতে সাহায্য করেছে।

তিনি নিজেও এ বিষয়ে অন্যদের উৎসাহিত করেন, যা ডিসলেক্সিয়া আক্রান্ত ব্যক্তিদের ভিন্নভাবে চিন্তা করতে শেখায়।

সম্প্রতি বিনোদনভিত্তিক ওয়েব পোর্টাল আইজিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ডিসলেক্সিয়া ও অ্যাটেনশন-ডেফিসিট/হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার (এডিএইচডি) রোগ নিয়ে কথা বলেন। কখনও কখনও এই রোগ দুটি তার কাজে ব্যাঘাত ঘটায়, তখন সেই বাধা কীভাবে কাটিয়ে উঠেন—এ বিষয়েও কথা বলেন তিনি।

টম হল্যান্ড বলেন, ‌আমার এডিএইচডি আছে এবং আমি ডিসলেক্সিয়াতে আক্রান্ত। মাঝেমধ্যে কেউ যখন আমাকে শূন্য ক্যানভাস দেন, তখন আমি কিছুটা ঘাবড়ে যাই। কখনও কখনও চরিত্র ফুটিয়ে তোলার সময়েও এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।

 




আজও হৃদয়ে অমলিন স্বপ্নের নায়ক সালমান শাহ

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারেই তিনি জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয়। রোমান্টিক, প্রতিবাদী, পারিবারিক কিংবা অ্যাকশন—সব চরিত্রেই অনন্য অভিনয়ে তিনি হয়ে ওঠেন সময়ের সেরা নায়ক।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়েই শুরু হয়েছিল তাঁর স্বপ্নযাত্রা। মৌসুমীর সঙ্গে সেই জুটি দর্শককে মুগ্ধ করেছিল। এরপর শাবনূরের সঙ্গে জুটি বেঁধে বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সফল অধ্যায় রচনা করেন তিনি। একে একে ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’সহ ২৭টি চলচ্চিত্রে কাজ করেছেন। এর বেশিরভাগই ছিল ব্যবসাসফল।

স্টাইল, ফ্যাশন ও অভিনয়ের দাপটে তিনি হয়ে উঠেছিলেন তারুণ্যের আইকন। হুডি, লং কোট, কাউবয় হ্যাট কিংবা গগলস—প্রতিটি ফ্যাশনই দর্শকের কাছে ছিল নতুনত্বের প্রতীক। তাঁর সিনেমার গানগুলোও আজও মানুষের মুখে মুখে ফেরে।

কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ করেই থেমে যায় এই উজ্জ্বল নক্ষত্রের জীবন। মাত্র ২৫ বছর বয়সে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করা হলেও আজও তাঁর মৃত্যুর রহস্য ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন। সে সময়ের সংবাদে হতবিহ্বল হয়ে পড়েছিল পুরো জাতি। অসংখ্য ভক্ত মেনে নিতে পারেননি প্রিয় নায়কের অকাল মৃত্যু। এমনকি কয়েকজন ভক্ত আত্মহত্যা পর্যন্ত করেছিলেন বলে সংবাদ প্রকাশিত হয়।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া শাহরিয়ার চৌধুরী ইমনই চলচ্চিত্রের আকাশে হয়ে ওঠেন ‘সালমান শাহ’। তাঁর বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, মা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছোটবেলা থেকেই অভিনয় ও শিল্পের প্রতি ঝোঁক থাকলেও সিনেমায় আগমন ছিল হঠাৎ। আর সেই আগমনের মধ্য দিয়েই বাংলা চলচ্চিত্র পেল এক অবিস্মরণীয় নায়ক।

বর্তমান প্রজন্মের অভিনেতারাও স্বীকার করেন, তাঁদের অনুপ্রেরণার উৎস সালমান শাহ। শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভসহ অনেকে তাঁকে অনুসরণ করেন।

আজ তাঁর মৃত্যুর দিন, কিন্তু সালমান শাহকে হারালেও তিনি চিরকাল অমলিন থেকে গেছেন দর্শকের হৃদয়ে। বাংলা সিনেমার প্রতিটি অধ্যায়ে তাঁর নাম থাকবে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




শবনম ফারিয়ার পোস্টে সারজিস আলমের কমেন্ট ভাইরাল

অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি পরিবারের সঙ্গে পঞ্চগড় বা তেঁতুলিয়ায় ২-৩ দিনের থাকার জন্য রিসোর্ট বা হোমস্টে সাজেশন চেয়েছিলেন।

ভক্তরা পোস্টের কমেন্টে তাকে বিভিন্ন পরামর্শ দেন, তবে সবচেয়ে আলোচিত কমেন্ট আসে এনসিপির নেতা সারজিস আলম থেকে। তিনি লিখেছেন,

“তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে। কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্ট আছে। পঞ্চগড়ে স্বাগতম।”

সোশ্যাল মিডিয়ায় তার এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়েছে। ব্যবহারকারীরা কৌতূহল প্রকাশ করেছেন, কেউ তা নিয়ে মজা করছেন আবার কেউ তথ্যগত সাহায্য হিসেবে গ্রহণ করছেন।

শবনম ফারিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ও ভ্রমণ বিষয়ক পোস্ট সবসময়ই দর্শকদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি করে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫