তারকাবহুল ধারাবাহিক ‘বাহানা’

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পারিবারিক ও কমেডি ঘরানার গল্প জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান একঝাঁক তারকা নিয়ে নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বাহানা’। পরিবারের বিভিন্ন টালবাহানা নিয়ে ধারাবাহিকটির গল্প।

জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আ খ ম হাসান, জামিল হোসাইন, নাদিয়া আহমেদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, তাহমিনা মৌ, সাবিহা জামান, শেলী আহসান, ফারুক আহমেদ, ডা. এজাজ, সিদ্দিকুর রহমান, সাইদুর রহমান পাভেল, শহীদ-উন-নবী, আইরিন তানি, এমিলা হক, সামিনা বাশার, জামাল রাজা, হেদায়ত নান্নু, তানিয়া রিতু, রেশমী, সাজু খাদেম, সূচনা সিকদার, রাজা হাসান, শ্রাবন্তী খান, ফারজানা মিথিয়া প্রমুখ।

ধারাবাহিকটির গল্পে দেখা যাবে—শিমুলতলী গ্রামের একটি বাড়ি তালুকদার বাড়ি। এই বাড়ির গৃহকর্তা মরহুম মোহরম তালুকদার সংসারে ছয় মেয়ে এবং প্রচুর বিষয়সম্পত্তি রেখে গেছেন। বংশ রক্ষার তাগিদে একে একে ছয়টি মেয়ে হয় তার কিন্তু শেষ পর্যন্ত আর পুত্র সন্তানের মুখ দেখা হয়নি। তার আগেই মৃত্যু হয়েছে তার। মোবারক তালুকদারের স্ত্রী আমেনা ছয় মেয়ে জুই, জবা, বেলী, শাপলা আর টগর শিউলীকে নিয়ে দিন কাটান।

ধারাবাহিকটি নিয়ে ফরিদুল হাসান বলেন, নাটকটিতে পরিবারের গল্প বলা হয়েছে। বর্তমানে সেরকম পরিবারের গল্প হয় না বললেই চলে। আমি বরাবরই পারিবারিক গল্পে কাজ করে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই নির্মাণ করি। হাস্যরসের মধ্যে গল্পে রয়েছে সামাজিক বার্তা। আশা করি, দর্শকদের ধারাবাহিক নাটকটি ভালো লাগবে।

নির্মাতা জানান, ‘বাহানা’ ধারাবাহিকটি আসছে ৩০ এপ্রিল বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে। এরপর টেলিভিশনটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।




নিজেকে এখন প্রাণভরে দেখি : পরীমণি




তামান্না ভাটিয়াকে তলব করেছে পুলিশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনায় চলছে আইপিএলের ১৭তম আসর। বিশাল এ টুর্নামেন্টের খেতাব জয়ের আশায় ১০ দল প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে।

ক্রিকেট ভক্ত-অনুরাগীদের উন্মাদনার মাঝে এক বড় খবর। অবৈধভাবে আইপিএল সম্প্রচারকাণ্ডে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে তলব করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগ। এই অবৈধ সম্প্রচারের জন্য আইপিএলের অনলাইন সম্প্রচারকারী প্রতিষ্ঠান ‘ভিয়াকম ১৮’র কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।

এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের আইপিএল অবৈধভাবে মহাদেব বেটিং অ্যাপের অংশ ফেয়ারপ্লে অ্যাপে সম্প্রচার করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তামান্নাকে ডেকে পাঠানো হয়েছে।

খবর অনুযায়ী আরেক বলিউড তারকা সঞ্জয় দত্তের নামও এ ঘটনায় জড়িয়েছে। তাকে এ সপ্তাহের শুরুর দিকেই জিজ্ঞসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তবে নিজের ব্যস্ত সূচি থেকে তিনি সময় বের করতে পারেননি। সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য অন্য একদিনের অনুরোধ করেছেন সঞ্জয় দত্ত।




আগামীকাল থেকে চট্টগ্রামে রুদ্ধদ্বার অনুশীলন করবে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন সেশন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বিসিবির কর্মকর্তারা জানিয়েছে, আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামে সিরিজের প্রথম তিন ম্যাচ এবং ঢাকায় শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে রুদ্ধদ্বার অনুশীলন সেশনের পর সিরিজের জন্য মূল দল ঘোষণা করা হবে।
দেশের বাইরে থাকার কারণে প্রাথমিক দলে রাখা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে থাকলেও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ।
আইপিএল শেষ না করেই ২ মে দেশে ফিরবেন মুস্তাফিজ। আর চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে সাকিবের।
আগামী ২৮ এপ্রিল ঢাকায় পৌঁছে  সরাসরি চট্টগ্রামে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।




সিঙ্গেল থেকে ডাবল? ‘প্রয়োজন হলে’ ভেবে দেখবেন জয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক : জয়া বলেন, “আমি খুব ভালো আছি, শান্তিতে আছি চারদিক থেকে। এই অবস্থার প্রতি সম্মান রেখেই বলছি আমার আপাতত সংসার জীবন নিয়ে কোনো পরিকল্পনা নেই। “

বয়স পেরিয়েছে চল্লিশ, জীবন ভরপুর কাজ-খ্যাতিতে। তবু অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে ভক্ত আর সংবাদকর্মীদের আগ্রহের কমতি নেই।

তাদের জন্য অভিনেত্রীর উত্তর হল, একাকী জীবন থেকে সংসার জীবনে প্রবেশ করার কোনো পরিকল্পনা আপাতত তার নেই।

সম্প্রতি সাভারের লাজপল্লীতে অভিনয় শিল্পী সংঘের আয়োজনে বৈশাখী উৎসবে গিয়েছিলেন জয়া। সেখানে গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে জয়ার ব্যক্তিজীবন প্রসঙ্গ।

গ্লিটজকে জয়া বলেন, “আমার এই জীবন আমি খুব উপভোগ করছি। পরিবার তো শুধুমাত্র স্বামী-স্ত্রী বা পার্টনার হলেই হয় না। আরও অনেকেই আছে। আমার মা আছে, বোন আছে, পরিবারে যেসব লোক কাজ করে তারা আছে, আমার পালিত পশু আছে, যাদের সঙ্গে সময় কাটাতে আমি খুবই উপভোগ করি।“

তাহলে কি জীবন এভাবেই কেটে যাবে?

অভিনেত্রীর উত্তর, “যদি কখনো মনে হয় এই সিঙ্গেল জীবন থেকে ডাবল হওয়া প্রয়োজন বা দরকার আছে তাহলে সেটা সময় হলে ভেবে দেখব। এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। আমি খুব ভালো আছি, শান্তিতে আছি চারদিক থেকে। এই অবস্থার প্রতি সম্মান রেখেই বলছি আমার আপাতত কোনো পরিকল্পনা নেই। “

এই বয়সেও চেহারায় তারুণ্য ধরে রাখতে পারার রহস্যটা কী?

জয়া বলেন, “তরুণ কতটা রয়েছি আমি ঠিক জানি না। তবে আমি আমার মত থাকছি। এই সময়টা খুব করে উপভোগ করছি।“

নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ দিয়ে ২০১০ সালে জয়া নাম লেখান বড় পর্দায়। এর আগে মডেল এবং টেলিভিশন নাটকে পাওয়া যেত তাকে। অবশ্য ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় ছোট একটি চরিত্র তিনি করেছিলেন।

২০১০ সালের পর জয়ার সিনেমা ক্যারিয়ার মূলত গড়ে ওঠে কলকাতায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। কলকাতা ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন চারবার।

কিছুদিন আগে ঢাকায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘পেয়ারার সুবাস’। আর কলকাতার হলে এসেছে এ অভিনেত্রীর ‘ভূতপরী’।

জয়া বর্তমানে ব্যস্ত আছেন নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় একটি ওয়েব সিরিজ নিয়ে ৷ এটি হবে দেশে জয়ার প্রথম ওয়েব সিরিজ।

এছাড়া কলকাতায় অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় শিগগিরই ‘ডিয়ার মা’ নামে একটি সিনেমার শুটিং শুরু করতে চলেছেন তিনি। আপাতত বলিউডের কোনো কাজ হাতে নেই জয়ার।




এফডিসিতে মারধর : ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) মারধরের শিকার হওয়ার ঘটনায় শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে গণমাধ্যমকর্মীদের একটি প্রতিনিধিদল চলচ্চিত্র সমতির ভেতরে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন।



ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন বন্যা

চন্দ্রদ্বীপ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক ‘পদ্মশ্রী’ পদক গ্রহণ করেছেন। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নেন তিনি। রবীন্দ্র সঙ্গীতের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে এ সম্মাননা দিয়েছে ভারত সরকার। খবর বার্তা সংস্থা এএনআই-এর

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর পাঁচজন গুণী ব্যক্তিত্বকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ ও ১১০ জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। তাদের মধ্যে ৩০ জন নারী, ৮ জন বিদেশি এবং ৯ জন মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন।




 শাকিব খানের পছন্দের খাবার কি  জানালেন বুবলী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  তাঁদের সম্পর্ক নাকি টালমাটাল! শোনা যাচ্ছে, প্রথম পক্ষের স্ত্রী অপু বিশ্বাসের দিকেই সম্প্রতি ঝুঁকেছেন অভিনেতা শাকিব খান। নিন্দকেরা বলছেন, সেই কারণে এ বার ময়দানে নেমেছেন অভিনেতার দ্বিতীয়া স্ত্রী বুবলী। অন্তত তিনি নিজেকেই অভিনেতার স্ত্রী বলেই দাবি করেন।অবশ্য শাকিব এই মুহূর্তে অপু না কি বুবলী, কার সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও অভিনেতার দুই স্ত্রী এবং দুই সন্তানের যাতায়াত রয়েছে তাঁর বাড়িতে। দুই ছেলের কারণেই নাকি স্ত্রীদের শাকিবের সঙ্গে যোগাযোগ বর্তমান। কোন স্ত্রী শাকিবের বেশি কাছের, তা নিয়ে দু’পক্ষের নিজস্ব বক্তব্য রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে তাঁর সমীকরণ ও তাঁদের দাম্পত্য জীবনের অনেক খুঁটিনাটি ফাঁস করেছেন বুবলী। এ বার শাকিব খান তাঁর হাতে কী খেতে ভালবাসেন, সেটাই জানালেন অভিনেত্রী।

সম্প্রতি অপু বিশ্বাস জানান, শাকিব খান তাঁর হাতের মোরগ পোলাও খেতে পছন্দ করেন। এ বার বুবলীও জানিয়েছেন, তাঁর হাতের কোন খাবারটি শাকিবের পছন্দের। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘ আমার রান্না করা হাঁসের মাংস খেতে শাকিব পছন্দ করেন। এ ছাড়া একটা ছোট চিংড়ির ফ্রাই করি, ওটাও খুব পছন্দ করেন। তিনি যখন খান, প্রচুর কিছু খেতে পছন্দ করেন।’’ তবে নায়ক বলে কথা! এমন রসেবসে থাকলে স্বাস্থ্যের কি হবে? ক্যামেরার সামনে ফিট দেখাতে কিংবা ওজন কমাতে কী করেন? বুবলীর কথায়,‘‘যখন ওজন কমাতে হয়, তখন ডায়েট করেন। একদমই ক্র্যাশ ডায়েটে চলে যান। দেখা যায়, এক সপ্তাহের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পারছেন।’’




মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অলিউল হক রুমি

বরিশাল অফিস:: বরগুনায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। তিনি ক্যানসার আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে রুমির মরদেহ বরগুনা পৌরসভার পিটিআই সড়কে ভাইরের বাসায় পৌঁছায়। প্রিয় অভিনয় শিল্পীকে এক নজর দেখতে ভিড় করেন তার স্বজনরা।

পরে পৌনে ছয়টায় বরগুনার শহীদ আবুল হোসেন ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে বরগুনা পৌর গণকবরে তার মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।

এসময় তার সজকর্মী রাশেদ সিমান্ত, শফিক খান নীলুসহ তার সহকর্মী শিল্পীবৃন্দ, আত্মীয় স্বজনসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ভোর ৩টা ৫৮ মিনিটে ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর সকাল ৯টায় রাজধানী শহীদবাগ জামে মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন করে লাশ বরগুনা পৌর শহরের পিটিআই সড়কে ছোট ভাই জিয়াউল হক জুয়েলের বাড়িতে আনা হয়।

বরগুনা জেলার বামনা উপজেলায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে রুমি মেজো। ভাইদের মধ্যে তিনি বড়। রুমির দুই সন্তান। মেয়ে আফরা আঞ্জুম রুজবা স্বামী সন্তান নিয়ে থাকেন কানাডায়। আর ছেলে ফারদিন হক রিতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি লেখাপড়া শেষ করেছেন।

রুমির অভিনয়ের শুরু থিয়েটার দিয়ে। বেইলি রোডের ‘এখনো ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। সেটা ১৯৮৮ সালে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এরপর থেকে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো- সাজেশন সেলিম, বোকাসোকা তিনজন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ-বেটা দৌড়ের ওপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, রতনে রতন চিনে, আকাশ চুরি, চৈতা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর ইত্যাদি।




অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ভাগিনা ফয়সাল আহমেদ।

বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন রুমি। এ ভাষাতেই দর্শকদের হাসান ও কাঁদান।

 ১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু তার। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অলিউল হক রুমির।

তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‌‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি।

বর্তমানে তার অভিনীত ‘বকুলপুর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।