মৃত্যুবার্ষিকীতে এলো মাসুম আজিজের ছবি মুক্তির ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: প্রয়াত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যু আজ দুই বছর পূর্ণ হলো। ভক্ত-অনুরাগীরা তাকে স্মরণ করছেন গভীর ভালোবাসায়। তার মৃত্যুদিবসে ঘোষিত হলো তার অভিনীত ‘মধ্যবিত্ত’ সিনেমাটির মুক্তির তারিখ।

সিনেমাটি ২০২৪ সালের ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দীর্ঘদিন সেন্সর বোর্ডের টেবিলে আটকে থাকার পর গত ৩০ জুলাই ‘মধ্যবিত্ত’-কে সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়েছে। অবশেষে আসলো মুক্তির ঘোষণা।

সিনেমাটি সমাজের মধ্যবিত্ত শ্রেণির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মাণ করেছেন তানভীর হাসান। তিনি নিজেই গল্প ও চিত্রনাট্য লিখেছেন। ছবিটি সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে।

নির্মাতা তানভীর হাসান বলেন, “আজ প্রয়াত অভিনেতা মাসুম আজিজের স্মরণে ‘মধ্যবিত্ত’ মুক্তির তারিখ ঘোষণা করছি। এটি আমার প্রথম নির্মাণ। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নির্মাণ করেছি। সিনেমাটিতে শ্রেণী বিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জীবন রেখা এবং সংগ্রাম ফুটিয়ে তুলেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।”

নির্মাতা আরও জানান, শিগগিরই ছবিটির ট্রেলার প্রকাশ করা হবে। সিনেমাটিতে অভিনয় করেছেন মাইশা প্রাপ্তি, শমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, আমির সিরাজী, রেবেকা রউফ, হান্নান শেলী, সোহেল রানা, এইচ কে স্বাধীন, রিয়াজুল রিজু প্রমুখ।




বিয়ের পিড়িতে দীঘি

চন্দ্রদ্বীপ ডেস্ক: কয়েক মাস আগে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির হাতে বিয়ের কার্ড দেখে রীতিমতো তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। জল্পনা ওঠে, বিয়ে করছেন দীঘি! পরে জানা যায়, আদতে সেই বিয়ের কার্ডটি ছিল ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ ওয়েবফিল্মের প্রচারণা। এবার নতুন খবর, রেজাউর রহমান পরিচালিত সেই ওয়েবফিল্মটি এবার আসছে বড় পর্দায়; সেখানে দেখা যাবে দীঘির বিয়ে।
জানা গেছে, ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ সিনেমাটিতে প্রিয়ন্তীর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার সেই গল্পে থাকছে মূল চরিত্র প্রিয়ন্তীর বিয়ে। সেখানে লাল শাড়িতে, ব্রাইডাল লুকে, বউ হয়ে ধরা দেবেন দীঘি।

সম্প্রতি চরকির ফেসবুক পেজে ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’র একটি পোস্টার শেয়ার করে ওটিটি প্লাটফর্মটি। সেখানে এক বিয়ের অনুষ্ঠানের আবহে দেখা যায় প্রার্থনা ফারদিন দীঘি, সৈয়দ জামান শাওন ও কারিনা কায়সারকে।




আবার ‘রুমা ভাবি’ হয়ে ফিরছেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’–এ ‘রুমা ভাবি’ চরিত্রে দর্শক পরিচিতি পেয়েছিলেন তানজিকা আমিন। গত বছর শেষ হয় সেই ধারাবাহিক। এটির সিকুয়েল বানানোর উদ্যোগ নিয়েছেন পরিচালক সাগর জাহান। ইতিমধ্যে শুটিংও শুরু হয়ে গেছে। সেই ধারাবাহিকে রুমা ভাবি চরিত্রে আবার ফিরছেন তানজিকা আমিন।
তানজিকা আমিনকে ধারাবাহিক নাটকে খুব বেশি একটা দেখা যায় না। জানালেন ‘সিটি লাইফ’ নামে একটিমাত্র নাটক এখন চলছে। এর মধ্যে অন্য কোনো ধারাবাহিকে নাম লেখাননি। কিন্তু ‘রুমা ভাবি’ চরিত্রটিকে ফিরিয়ে দিতে পারেননি। এই চরিত্র নিয়ে দর্শকের কাছে এখনো প্রশংসা পান। রুমা ভাবিকে কেন্দ্র করেই নাটকটির গল্প এগিয়ে যায়। সবার বিপদে পাশে দাঁড়ানো এই মানুষ নিজেই একসময় বিপদে পড়ে।

তানজিকা আমিন বলেন, ‘অনলাইন অফলাইন প্রচারের পর ব্যাপক সাড়া পেয়েছি। বাইরে বের হলেই বুঝতাম নাটকটির দর্শকপ্রিয়তা রয়েছে। আমার চরিত্রটি নিয়েও দর্শকেরা কথা বলতেন। যে কারণে এবার পরিচালক দ্বিতীয় কিস্তি নিয়ে কথার বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। নাটকে আমার যে চরিত্র দর্শক পছন্দ করেছেন, সেটার সঙ্গে থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আর নাটকের টিমটাও আমার অনেক পছন্দের ছিল। এ কারণে ধারাবাহিকটির শুটিংয়ে ফিরেছি।’




ওমর সানীর পালাতক তারকাদের প্রকাশ্যে আসার আহ্বান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর থেকেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়ে বিদেশেও পালিয়ে গেছেন। এর মধ্যে দলটির সঙ্গে সম্পৃক্ত সিনেমা, সংগীত ও সাংস্কৃতিক জগতের ক’জন তারকাও আছেন।

এই পালাতক তারকাদের উদ্দেশ্যে মুখ খুলেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। মঙ্গলবার (১৫ অক্টোবর) একটি ভিডিও বার্তায় তিনি পলাতক তারকাদের প্রকাশ্যে এসে তাদের ভুল স্বীকার করার আহ্বান জানিয়েছেন।

ভিডিওর শুরুতে ওমর সানী বলেন, “যারা আমার ফিল্ম এবং সংগীত শিল্পী আছেন, তাদের উদ্দেশ্যে বলছি। সরকার পতনের পর যারা পালিয়ে আছেন, তাদের পালিয়ে থাকার প্রয়োজন নেই। তোমরা দলের সঙ্গে ছিলে, কিন্তু মার্ডার তো করো নাই। তোমাদের উচিত প্রকাশ্যে এসে কথা বলা, এবং কিছু ভুল হয়ে থাকলে তা স্বীকার করা।”

তিনি আরও বলেন, “পালিয়ে না থেকে তোমরা যদি প্রকাশ্যে এসে বলো যে, আমরা এটা করেছি, যা ঠিক হয়নি, তাহলে সঠিক বিচার হবে। পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে মানুষের সঙ্গে কথা বলাই ভালো।”




‘রুমা ভাবি’ রূপে ফিরছেন তানজিকা আমিন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’ শেষ হয় ২০২৩ সালে। নাটকটিতে ‘রুমা ভাবি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তানজিকা আমিন। এবার সেই চরিত্রে তিনি আবারও ফিরছেন।

ধারাবাহিক নাটকটির সিকুয়েলের শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে, যেখানে তানজিকা আবারও ‘রুমা ভাবি’ চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রটি দর্শকদের মাঝে এখনো খুবই জনপ্রিয়, এবং এর প্রতি দর্শকের ভালোবাসাই তাকে আবারও এই চরিত্রে ফিরিয়ে এনেছে।

এছাড়া, তানজিকা আমিন বর্তমানে ‘সিটি লাইফ’ নামে একটি ধারাবাহিকে কাজ করছেন, তবে এর বাইরে অন্য কোনো ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে না। এছাড়াও, ওয়েব সিরিজ ‘মহানগর ২’ এবং ‘কালপুরুষ’-এ তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। তার আরেকটি ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশীপ’ও বেশ সাড়া ফেলেছে।

**ট্যাগ:** তানজিকা আমিন, রুমা ভাবি, অনলাইন অফলাইন, সাগর জাহান, নাটক, বিনোদন, সিকুয়েল, ওয়েব সিরিজ




জাতীয় দিবস বাতিলের প্রতিবাদে তারকাদের পোস্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিলের বিষয়ে দেশের জনপ্রিয় তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

খ্যাতিমান অভিনেতা সোহেল রানা ফেসবুকে লেখেন, “ভাই নাহিদ, যখন আপনাদের জন্মই হয়নি, তখনকার দেশ ও নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য অনুচিত। অজ্ঞ বলতে বাধ্য করবেন না।”

অভিনেত্রী মেহের আফরোজ শাওন লিখেছেন, “৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো! আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিছুদিন পর হয়তো ২৬ মার্চ স্বাধীনতা দিবসও বাতিল হবে।”

তিনি আরও লেখেন, “৭ মার্চের পক্ষে কথা বলার জন্য যদি আমাকে দালাল বলা হয়, তবে আমি মুক্তিযুদ্ধের দালাল।”

ব্যান্ড তারকা মাকসুদুল হক ফেসবুকে লেখেন, “নয়া বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি ও পহেলা বৈশাখও বাতিল করা হবে নাকি?”

অভিনেত্রী সোহানা সাবা এবং কাজী নওশাবা আহমেদও নিজেদের মতামত প্রকাশ করে জাতীয় দিবসগুলো বাতিলের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন।




গজনি টু’ আসছে ১৬ বছর পর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বলিউডের সুপারস্টার আমির খান অভিনীত সিনেমা ‘গজনি’ ২০০৮ সালে মুক্তি পায়, যা পরিচালনা করেছেন এ. আর. মুরুগাদোস। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে রেকর্ড সাফল্য অর্জন করে এবং দর্শকদের প্রশংসা কুড়ায়।

বর্তমানে খবর পাওয়া যাচ্ছে যে, ‘গজনি’র ১৬ বছর পর নির্মিত হচ্ছে ‘গজনি টু’। পিঙ্কভিলার একটি সূত্র জানায়, “আমির খান ‘গজনি টু’র জন্য একটি শক্তিশালী গল্প নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন। তিনি প্রযোজক আল্লু অরবিন্দ, মধু মান্তেনা এবং টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন। যদি গল্পটি চূড়ান্ত হয়, তাহলে আমির খান ভারতীয় সিনেমার ইতিহাসে ১০০ কোটি রুপি আয় করা সিনেমার সিক্যুয়েল নির্মাণের মাধ্যমে নতুন ইতিহাস গড়বেন। মধু ও তার টিম ‘গজনি টু’ সিনেমার জন্য বিভিন্ন আইডিয়া তৈরি করছে এবং তা আমির খানের সঙ্গে শেয়ার করছে।”

এখনো পর্যন্ত প্রযোজক কিংবা আমির খান সিক্যুয়েলটির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এছাড়া, ‘গজনি’র সিক্যুয়েল নির্মাণে কে পরিচালনা করবেন, সে বিষয়েও কিছু জানা যায়নি।

‘গজনি’ সিনেমার সিক্যুয়েল ছাড়াও আমির খান আরও কিছু প্রকল্প নিয়ে কাজ করছেন। সূত্রটি জানায়, “আমির খান ও লোকেশ কঙ্গরাজ গত কয়েক মাসে একাধিকবার আলোচনা করেছেন, যার মধ্যে একটি সুপারহিরো সিনেমা রয়েছে। লোকেশ বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ করছেন এবং সবকিছু ঠিক থাকলে আগামী বছর সুপারহিরো সিনেমার শুটিং শুরু হবে।”




বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বুধবার ঢাকা পৌছেছে দক্ষিণ আফ্রিকা দল। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সকাল ৯টার কিছুক্ষণ আগেই পা রাখে প্রোটিয়া দল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা অবশ্য স্পিনারদের প্রধান্য দিয়ে দল গড়েছে এই সিরিজে।

স্পিনার কেশভ মহারাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরও দুই স্পিনার সেনুরান মুত্তুস্বামী এবং ড্যান পিড। তাদের পেস আক্রমণও যথেষ্ট সমৃদ্ধ। অভিজ্ঞ কাগিসো রাবাদার সঙ্গে আছেন লুঙ্গি এনগিডি, ড্যান প্যাটারসন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার। এই সিরিজে প্রোটিয়া দলে নতুন মুখ ম্যাথু ব্রিটজ। তিনি প্রোটিয়াদের হয়ে ৮টি টি-টোয়েন্টি খেললেও সাদা পোশাকে খেলার সুযোগ হয়নি কখনো।

আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এদিকে এই সিরিজ দিয়েই বাংলাদেশে শুরু হবে নতুন কোচ ফিল সিমন্স অধ্যায়। গতকালই এক ঘোষণায় কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছিল বিসিবি। একইসঙ্গে চূড়ান্ত হয় ফিল সিমন্সের নিয়োগ। বাংলাদেশের জন্য তাই এই সিরিজে থাকবে বিশেষ নজর। সেইসঙ্গে মিরপুরে প্রথম টেস্টে নিজের বিদায়ী টেস্ট খেলতে নামবেন সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড-

ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টিয়ান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে, ডিওয়াল্ড ব্রেভিস ও লুঙ্গি এনগিডি।

এসএইচ




নুরের সঙ্গে নতুন অধ্যায়ে পরীমণি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর।

কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন।

সম্প্রতি রঙিলা কিতাবের নতুন পোস্টার প্রকাশ করা হয় হইচই বাংলাদেশের ফেসবুক পেজে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান।




ঢাকায় ৩ দিনব্যাপী লালন তিরোধান উৎসব শুরু বৃহস্পতিবার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: উপমহাদেশের আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পালিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে।

প্রথম দিন ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘আশাসিন্ধু তীরে’ নামে একটি অনুষ্ঠান। এতে শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী গান ও তত্ত্বের মাধ্যমে লালন শাহকে উপস্থাপন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।

দ্বিতীয় দিন শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে আয়োজন করা হবে সাধুমেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। এতে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

শেষ দিনে, শনিবার (১৯ অক্টোবর) বিকেল চারটায় নাট্যশালার সেমিনার কক্ষে ‘জাতিসত্তার প্রশ্ন এবং বাউল-ফকির পরিবেশনার রাজনীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক আ-আল মামুন। আলোচনায় অংশ নেবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম, লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান।

শেষ দিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে লালন স্মরণোৎসব ‘ধরো মানুষ রূপ নেহারে’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, এবং সভাপতিত্ব করবেন নাট্যব্যক্তিত্ব ড. সৈয়দ জামিল আহমেদ।