পরীমনি, সিনেমার মতোই তাঁর জীবন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বছর পাঁচেক আগের কথা। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান চলছে। প্রায় সব পুরস্কার দেওয়া শেষ। সেরা নায়িকার মনোনয়ন থাকলেও পুরস্কারে চিত্রনায়িকা পরীমনির নাম নেই! তিনি কেঁদে একাকার। একসময় ঘোষণা এল, বিশেষ সমালোচক পুরস্কার পেয়েছেন তিনি। চোখ মুছতে মুছতে মঞ্চে উঠলেন। বরেণ্য অভিনেত্রী কবরীর হাত থেকে পুরস্কার নিলেন ভেজা চোখে। কবরী বললেন, ‘পরীদের কাঁদতে নেই।’ কাঁদো কাঁদো স্বরে পরী বললেন, ‘আমি তো ডানাকাটা পরী।’

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর। দেশে ফেরার পথে বিমানবন্দরে সবার সামনে কাঁদছেন পরী। কর্মকর্তারা কিংকর্তব্যবিমূঢ়! হেতু কী? জানা গেল, একটি ফুটবল নিয়েছিলেন ঢাকায় আনবেন বলে। কলকাতা থেকে ফেরার পথে সেটা বিমানে তুলতে দেবে না কর্মীরা। শেষমেশ বাতাস বের করে চ্যাপটা বলটি বাংলাদেশে এল পরীর সঙ্গে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সার্চ দিলে পরীর কান্নার অনেক ভিডিও পাওয়া যাবে। আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন। কেঁদেছেন সংবাদ সম্মেলনে। এক জীবনে অনেকবার কেঁদেছেন পরী। দুঃখে কেঁদেছেন, সুখে কেঁদেছেন। তবে পরীর কান্নার লোনাজলে যেন হাসিটাই লুকিয়ে থাকে। ফেসবুকজুড়ে পরীর হাসিমুখের জয়জয়কার। আজ বৃহস্পতিবার সকাল থেকে পরীর হাসিমুখের ছবি ভেসে বেড়াচ্ছে ফেসবুকে। আজ পরীর জন্মদিন। নেট দুনিয়ায় জানান দিয়েছেন, এক কোটি ছয় লাখ ভক্তকে নিয়েই কেক কেটেছেন।

পরীর গল্প কে না জানে। যাঁর জীবনটাই যে একটা গল্প। যে গল্পে এই হাসি, এই কান্না। মন চাইলে নাচ করেন। বেদনার সুরে গুনগুন করেন। মন চাইলে সেজেগুজে বেরিয়ে পড়েন। আজ ঢাকা তো কাল পিরোজপুর, পরশু কক্সবাজার কিংবা কলকাতা! মন চাইলে এর ওপর, তার ওপর রাগ ঝাড়ছেন। রান্না করছেন। সন্তানের ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন।




১৬ মিলিয়ন অনুসারীর সঙ্গে কেক কাটলেন পরীমণি (ভিডিও)

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢালিউডের গ্ল্যামার-কন্যা পরীমণি জন্মদিনে নতুন এক উপলক্ষ উদযাপন করলেন। তার জন্মদিন মানেই বিলাসবহুল আয়োজন, তবে এবারের উদযাপন ছিল ঘরোয়াভাবেই। বিশেষ করে, প্রতি বছর পরীমণি আলাদা থিমে জন্মদিন উদযাপন করেন, কিন্তু এবারের জন্মদিন ছিল ভিন্ন।

গতকাল রাত ১টার দিকে পরীমণি তার ১৬ মিলিয়ন ফেসবুক অনুসারীর সঙ্গে লাইভে এসে কেক কাটেন। এসময় তিনি জানান, “নানু ভাই আমার জীবনের সবকিছু। প্রতি বছর তার জন্য কেক কাটতাম। তাকে হারানোর পর বড় আয়োজনে কেক কাটছি না। তার ছাড়া মন স্থির করতে পারি না।”

তিনি আরো বলেন, “কিছু ভালোবাসার মানুষদের জন্য না চাইলেও কেক কাটতে হয়েছে। বিগত বছরগুলোতে সহকর্মীদের নিয়ে বড় আয়োজনের কেক কাটলেও গত দুই বছর ধরে তা হচ্ছে না।”

জন্মদিন উপলক্ষে পরীমণি শহরের কোলাহল থেকে দূরে গিয়ে নিজের মতো করে দিন কাটাতে চেয়েছিলেন, কিন্তু কিছু শারীরিক অসুস্থতা এবং মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজের প্রচারণার ব্যস্ততার কারণে তা হয়নি।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে পরীমণির। এরপর তিনি ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া, খুব শিগগির ভারতীয় বাংলা সিনেমা ‘ফেলুবক্সী’তে পরীমণিকে দেখা যাবে এবং আগামী মাসে তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তি পাবে।




আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর প্রেম নিয়ে চিত্রনায়িকার ব্যাখ্যা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর সম্পর্ক নিয়ে চলচ্চিত্রপাড়ায় নানা গুঞ্জন চলছে। গত কয়েক মাস আগে শুভ তার ৮ বছরের সংসার জীবন শেষ করেছেন। এদিকে, নানা অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ঐশীর জন্যই শুভর সংসার ভেঙেছে।

এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঐশী। তিনি স্পষ্ট করে বলেছেন, “আমার মাথা খারাপ না যে, বিবাহিত লোকের সঙ্গে প্রেম করব। এটা আমার জন্য খুবই লজ্জাজনক।” তিনি বলেন, “একটি সম্পর্ক ভাঙা খুবই দুঃখজনক এবং আমি কখনোই চাইব না যে, আমার জন্য কারো সংসার ভাঙুক।”

ঐশী আরও বলেন, “আমি বিশ্বাস করি, আপনি যেটা করবেন, সেটি ফিরে আসবে। যদি আমি আজ কারো সংসার ভাঙি, তাহলে অন্য কেউ এসে আমার সংসারও ভাঙবে। প্রকৃতি কখনো ছাড় দেয় না।”

শুভ ও ঐশীর সম্পর্কের খবরকে ‘নোংরামি’ হিসেবে উল্লেখ করেছেন ঐশী। তিনি বলেন, “শুভ ভাইয়ের সঙ্গে আমার কোনো দিন প্রেমের সম্পর্ক ছিল না এবং ভবিষতেও হবে না।”

এছাড়া, শুভকে নিজের মেন্টর হিসেবে উল্লেখ করে ঐশী জানান, “সহশিল্পী হিসেবে আমি তাকে খুবই সম্মান করি। আমাদের মধ্যে কোনো আবেগ কাজ করেনি।”

শুভের সঙ্গে যোগাযোগ নেই বলেও জানান ঐশী। তিনি বলেন, “শুভ ভাইয়ের সঙ্গে সর্বশেষ ‘তুফান’ সিনেমা দেখতে গিয়ে কথা হয়েছিল। আমি কাজের পর কারো সঙ্গে খুব একটা যোগাযোগ রাখি না।”

শুভ ও ঐশী বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’, ও ‘নূর’।




আসছে স্পাইডার-ম্যানের চতুর্থ কিস্তি: টম হল্যান্ডের ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: হলিউডের জনপ্রিয় সুপারহিরো সিনেমা সিরিজ ‘স্পাইডার-ম্যান’ এবার হাজির হচ্ছে চতুর্থ কিস্তি নিয়ে। এই খবরটি নিশ্চিত করেছেন টম হল্যান্ড, যিনি পর্দায় স্পাইডার-ম্যান চরিত্রটি রূপায়ণ করছেন।

টম হল্যান্ড সম্প্রতি ‘দ্য টুনাইট শো স্টেয়ারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, “স্পাইডার-ম্যান ফোর আসছে। আগামী গ্রীষ্মে সিনেমাটির শুটিং শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমি সিনেমাটি নিয়ে খুব উচ্ছ্বসিত।”

২০২১ সালে মুক্তি পায় ‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’, যেখানে টম হল্যান্ডের সঙ্গে পূর্বের স্পাইডার-ম্যান টোবি ম্যাগুইরে এবং অ্যান্ড্রু গারফিল্ডের মত অভিনেতারা একসাথে অভিনয় করেন। নতুন কিস্তিতে পূর্বের স্পাইডার-ম্যানেরা থাকবেন কিনা, সে সম্পর্কে কিছু জানাননি টম।

এদিকে, মার্ভেল স্টুডিওস বা সনি পিকচার্স থেকে নতুন কিস্তির নির্মাণের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সিরিজটির পরিচালক স্যাম রাইমি এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।




‘টারজান’ অভিনেতা রন এলির মৃত্যু

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মার্কিন অভিনেতা রন এলি, যিনি ‘টারজান’ চরিত্রের জন্য বিখ্যাত, মারা গেছেন। তিনি গত ২৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার লস আলামোসে নিজ বাড়িতে ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রন এলির কন্যা কার্স্টেন।

গতকাল সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি দেন কার্স্টেন। তিনি বলেন, “মহান একজন মানুষকে হারালো পৃথিবী, আমি হারালাম আমার বাবাকে।”

কার্স্টেন রন এলির ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, “আমার বাবা এমন একজন ছিলেন, যাকে সবাই ‘হিরো’ বলে ডাকতেন। তিনি ছিলেন অভিনেতা, কোচ, মেন্টর, পরিবারে একজন প্রিয় মানুষ এবং একজন নেতা। তিনি যেখানেই যেতেন, সেখানেই ইতিবাচক প্রভাব ফেলতেন। সত্যি তার মাঝে জাদুকরী কিছু ছিল।”

রন এলির জন্ম ১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। ১৯৫৯ সালে তিনি স্কুলজীবনের প্রেমিকা জেন ট্রিপলেটকে বিয়ে করেন, তবে দুই বছর পর তাদের সংসার ভেঙে যায়। আশির দশকে মিস আমেরিকা প্রতিযোগিতা সঞ্চালনার সময় ভ্যালেরি লুনডেনের সঙ্গে পরিচয় হয় এবং পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই সংসারে তাদের তিনটি সন্তান রয়েছে। দুঃখজনকভাবে, ২০১৯ সালে রন এলির স্ত্রী ভ্যালেরি গুলিতে নিহত হন।

রন এলির চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৫৮ সালে ‘সাউথ প্যাসিফিক’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ১৯৫৯ সালে ‘ফাদার নোস বেস্ট’ সিরিজের মাধ্যমে টেলিভিশনে কাজ শুরু করেন। ষাটের দশকের মাঝামাঝি সময়ে ‘টারজান’ টিভি সিরিজের মূল ভূমিকায় অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন, যা ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশনে প্রচারিত হয়।




নতুন সিনেমায় ‘যাত্রী’ হয়ে ফিরছেন ঐশী

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী নতুন সিনেমায় নাম লেখালেন। তিনি ‘যাত্রী’ শিরোনামের এই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন, যা পরিচালনা করছেন আসিফ ইসলাম। ঐশী ইতিমধ্যে ‘মিশন এক্সট্রিম’, ‘আদম’, এবং সর্বশেষ ‘নূর’ সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম অভিনেত্রীকে সিনেমাটিতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “ছয় মাস আগে প্রথমবার গল্পটি জানালে এটি তার কাছে ভালো লাগে। কিন্তু পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।” তবে কিছুদিন আগে আসিফ আবার ঐশীর সঙ্গে যোগাযোগ করেন, যা তাকে নতুন করে আশাবাদী করে।

গল্প সম্পর্কে আসিফ ইসলাম বলেন, “এটি একটি ভালোবাসার গল্প। আগের দিকে আমি এ ধরনের সিনেমা নির্মাণ করিনি। গল্পটা অনেক আগে লিখেছিলাম কিন্তু তখন নির্মাণ করা হয়নি। হয়তো ভালোর জন্যই হয়নি। এই সিনেমায় একই গল্প দুই ভিন্ন প্রেক্ষাপটে বলার চেষ্টা করব।”

তিনি জানান, ‘যাত্রী’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে শুটিং শুরু হবে ঢাকায় এবং আগামী শীতের মৌসুমে কাজটি সম্পন্ন হবে।

নির্মাতা আসিফ ইসলাম এর আগে ‘পাঠশালা’ এবং ‘নির্বাণ’ সিনেমাগুলো পরিচালনা করেছেন। ‘নির্বাণ’ সিনেমাটি ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড লাভ করেছে।




শারীরিক অসুস্থতায় চলচ্চিত্র থেকে দূরে, খোঁজ নিচ্ছেন না কেউ : প্রবীর মিত্র

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র বর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন। এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা আজ ঘরবন্দী জীবন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি, যার ফলে হুইলচেয়ারে বসেই তার দিন কাটছে। তার ছেলে মিঠুন মিত্র জানান, প্রবীর মিত্র আর আগের মতো চলাফেরা করতে পারেন না এবং অসুস্থতার কারণে কথাবার্তাতেও অসুবিধা হয়। ডিমেনশিয়ার কারণে মাঝেমধ্যে তিনি অনেক কিছু ভুলে যান, এমনকি কাছের মানুষদেরও।

চলচ্চিত্রাঙ্গনের কেউ প্রবীর মিত্রের খোঁজ না নেওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন মিঠুন মিত্র। টিভি দেখা ও পত্রিকা পড়াই এখন প্রবীর মিত্রের সময় কাটানোর অন্যতম মাধ্যম। এফডিসি বা তার অভিনয়জীবন নিয়ে তেমন কোনো স্মৃতিচারণ করেন না তিনি।

প্রবীর মিত্র ১৯৬৯ সালে ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন। নায়কের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে চরিত্রাভিনেতা হিসেবে চলচ্চিত্র জগতে মুগ্ধতা ছড়ান। দীর্ঘ চার দশকের বেশি সময়ে তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে।




নায়িকা নিপুণ কোথায়?

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নিপুণ আক্তার সম্প্রতি মিডিয়ার নজর থেকে দূরে রয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিতর্কিত ভূমিকার জন্য তিনি সমালোচনার শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

অন্তবর্তীকালীন সরকার গঠনের পর নিপুণের ক্ষমতার উৎস নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, তিনি নীরবে দেশ ছেড়েছেন। তবে তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেখে মনে হচ্ছে, তিনি কোথাও আছেন। কিন্তু ঠিক কোথায়, তা স্পষ্ট নয়। চলচ্চিত্রাঙ্গনের অনেকেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, ফলে প্রশ্ন উঠেছে—নিপুণ কি দেশে নাকি বিদেশে আছেন?

চলচ্চিত্র পাড়ায় আলোচনা চলছে যে, কিছু মানুষ দাবি করছেন নিপুণ দেশে রয়েছেন কিন্তু নিরাপত্তাহীনতা ও মামলা-হামলার ভয়ে বাসা থেকে বের হচ্ছেন না। অন্যদিকে, আবার কেউ কেউ বলছেন, তিনি ১০ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনে গেছেন এবং সেখানে বাঙালি কমিউনিটির ভয়ে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। নিপুণের দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নিপুণের ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।




বড় পরিসরে আসছে কেজিএফ থ্রি: যশের নতুন ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ‘রকিং স্টার’ যশের বহুল আলোচিত সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘কেজিএফ’ নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হতে চলেছে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ-চ্যাপটার টু’র পর থেকে তৃতীয় পর্বের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে যশ জানালেন, বড় পরিসরে আসছে ‘কেজিএফ থ্রি’।

হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে যশ বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ‘কেজিএফ থ্রি’ আসবে। তবে বর্তমানে আমি দুটি প্রকল্প নিয়ে কাজ করছি। আমাদের চিন্তাভাবনা বিশাল কিছু, যার জন্য পূর্ণ মনোযোগ ও ফোকাস প্রয়োজন।” যশ জানান, তারা এমন কিছু করতে চান যা দর্শকদের গর্বিত করবে এবং তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নয় বরং পরিকল্পিতভাবে এটি তৈরি করা হবে।

‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় এবং তা বিশ্বব্যাপী আড়াই শ কোটি রুপির বেশি আয় করে। এরপর ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পায় ‘কেজিএফ-চ্যাপ্টার টু’, যা ১২০০-১২৫০ কোটি রুপি আয়ের মাধ্যমে বিশাল সাফল্য অর্জন করে। তবে ভক্তদের ‘কেজিএফ থ্রি’ দেখতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ যশ বর্তমানে দুটো প্রকল্পে কাজ করছেন।




দাফন না সৎকার: জটিলতায় মর্গে মনি কিশোরের মরদেহ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নব্বই দশকের জনপ্রিয় গায়ক মনি কিশোরের মরদেহ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে। দাফন নাকি সৎকার—এমন প্রশ্নে জটিলতায় দুই দিন ধরে অপেক্ষমাণ রয়েছে তার দেহ।

গত শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রামপুরা টিভি সেন্টার রোডের ৩৩৫ নম্বর বাড়ি থেকে গায়কের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে এবং মরদেহটি ফ্ল্যাটে পড়ে গিয়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।

মনির ধর্মীয় পরিচয় সম্পর্কে জানা যায়, তিনি সনাতন ধর্মালম্বী ছিলেন, তবে নব্বইয়ের দশকে মুসলিম মেয়েকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার একমাত্র মেয়ে নিন্তি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং মনি কিশোর মৃত্যুর পর তার মরদেহ দাফনের ব্যবস্থা করতে বলেছেন।

মনি কিশোরের বড় ভাই অশোক কুমার জানান, “মনি বেঁচে থাকা অবস্থায় তার দাফনের বিষয়টি একমাত্র মেয়ে নিন্তিকে জানিয়েছিলেন। মেয়েও জানিয়েছে, তার বাবাকে যেন দাফন করা হয়।”

মর্গে মনি কিশোরের মরদেহ কবে দাফন করা হবে, জানতে চাইলে অশোক কুমার বলেন, “মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে, মনি কিশোরের ভগ্নিপতি নাট্যশিক্ষক বিপ্লব বালা জানান, তার মেয়ে দেশে ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রামপুরা থানার ওসি শাহাদাত হোসেন বলেন, “দাফন বা সৎকারের বিষয়টি মনি কিশোরের মেয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”

মনি কিশোর ক্যারিয়ারে পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন, যার মধ্যে ৩০টির বেশি একক অ্যালবাম রয়েছে।