ঝালকাঠিতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আজ ১ নভেম্বর শুক্রবার, রাত ৮টায় বাংলা সংবাদের পর প্রচারিত হবে ঝালকাঠিতে ধারণকৃত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ২০২২ সালের সেপ্টেম্বরে ঝালকাঠির প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সামনে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি ধারণ করা হয়। মঞ্চ সাজানো হয়েছিল ঝালকাঠির ঐতিহ্যবাহী পণ্য ও নদীর মোহনীয় পরিবেশকে কেন্দ্র করে।
এ পর্বে রবি চৌধুরী ও শফি মণ্ডলের দ্বৈত সংগীতের পাশাপাশি, শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী ঝালকাঠির নদী ও সংস্কৃতির ওপর একটি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেছে। এছাড়াও রয়েছে ঝালকাঠির ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, এবং কীর্তিমান ব্যক্তিদের উপর তথ্যভিত্তিক প্রতিবেদন।
অনুষ্ঠানে স্থান পেয়েছে ইলিজারভ চিকিৎসা পদ্ধতি এবং নীলফামারীর এক মহৎ ব্যক্তির তৈরি মুসাফিরখানার উপর একটি অনন্য প্রতিবেদন। নোয়াখালীর জনাব সৈয়দ আহমেদের জীবন সংগ্রামের কাহিনীও রয়েছে, যিনি ভ্যানচালক হয়েও একটি কলেজের জন্য নিজের জমি দান করেছেন। বিদেশি প্রতিবেদনে আমেরিকার মিনেসোটা রাজ্যের উপর একটি বিস্তারিত প্রতিবেদন যুক্ত হয়েছে।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, এবং এ পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে কেয়া কসমেটিকস এর সৌজন্যে প্রচারিত হবে।








