নিলয় আলমগীরের পোস্টে শোরগোল, কুকুর হত্যা নিয়ে তীব্র ক্ষোভ

ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। সম্প্রতি, তার ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে।
ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, “দেশে যার যা ইচ্ছা তাই করছে। জাপান গার্ডেন সিটির লোকজন এতই সভ্য যে তারা কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলতেসে। আল্লাহর সৃষ্টির সাথে এই অবিচার।”
পোস্টটি শেয়ার করার পর, নিলয় আলমগীর উল্লেখ করেছেন মোহাম্মদপুরের জাপান গার্ডেনে কিছু কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলার ঘটনা নিয়ে। এই বিষয়ে তিনি সালমা নামক এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি বলেন, “আল্লাহর দোহায় লাগে, মোহাম্মদপুর জাপান গার্ডেন এর আশপাশে কেউ থাকলে একটু হেল্প করেন। কুকুর গুলোকে বিষ দিয়ে মেরে ফেলছে। দয়া করে যারা কাছাকাছি আছেন, একটু লোকেশনে যান।”
নিলয়ের পোস্টের মাধ্যমে এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।
নিলয় আলমগীর ২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর শোবিজে প্রবেশ করেন। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি রুপালি পর্দায় পা রাখেন। তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ ২০১৪ সালে মুক্তি পায়, এরপর থেকে তিনি নিয়মিত কাজ করছেন টিভি নাটকে।








