‘টু বি অর নট টু বি’: জাকিয়া বারী মমর নতুন নাটক

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম আবারও আলোচনায় আসছেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটক ‘টু বি অর নট টু বি’ নিয়ে। নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে মমকে।

২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এক ধর্ষণের ঘটনা নাটকটির মূল প্রেক্ষাপট। সেই হৃদয়বিদারক ঘটনার ছায়া নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

নাটকটি নিয়ে জাকিয়া বারী মম বলেন, “কাজটি করতে গিয়ে সেই চার বছর আগের ঘটনা মনে পড়ল। এ ধরনের চরিত্রে কাজ করা মানসিকভাবে অত্যন্ত কঠিন। কিন্তু একজন অভিনয়শিল্পী হিসেবে এমন চরিত্রে কাজ করাটা আমার দায়িত্ব।”

তিনি আরও যোগ করেন, “ধর্ষণ হলো এক নিকৃষ্টতম অপরাধ, যা একজন নারীর জীবনে গভীর প্রভাব ফেলে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা একজন নারীর জীবনে যে মানসিক ও সামাজিক প্রভাব ফেলে, সেই ভাবনা থেকেই নাটকটি নির্মিত হয়েছে।”

নাটকটিতে মমর পাশাপাশি অভিনয় করেছেন আজাদ আবুল কালাম এবং মোহাম্মদ ইকবাল হোসেন। নির্মাতা জানিয়েছেন, নাটকটি চলতি মাসেই ইউটিউবে মুক্তি পাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ফারজানা সিঁথি আসিফ আকবরের গানে, নতুন রূপে ভাইরাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার শক্তিশালী প্রতিবাদী ভূমিকার কারণে ফারজানা সিঁথি দেশের বিভিন্ন অঞ্চলে ভাইরাল হন। আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর তার প্রতিবাদী রূপ প্রশংসিত হয়েছিল। কিন্তু আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে ফের আলোচনায় আসেন সিঁথি, তবে এবার নেতিবাচক অর্থে ভাইরাল হন। সেই ঘটনায় দুঃখও প্রকাশ করেছিলেন তিনি।

কিন্তু পুরোনো ঘটনাগুলো ছেড়ে নতুন গল্পে হাজির হয়েছেন ফারজানা সিঁথি। এবার তিনি আসিফ আকবরের গানের মডেল হিসেবে সবার সামনে এসেছেন। গায়ক আসিফ আকবরের নতুন গান ‘ইচ্ছেরা’-তে মডেল হয়ে ভাইরাল তরুণী সিঁথি মঞ্চে ধরা দিয়েছেন। গানের ভিডিওতে তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী।

গানটির লিরিক্স এমন: “আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা,
মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা,
ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার,
ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার।”

এ গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন আসিফ আকবর এবং মুম্বাইয়ের নিকিতা গান্ধী। গানটির সুর এবং সংগীত করেছেন রাজীব ও মোনা, এবং কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জী। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানের ভিডিওতে প্রায় পাঁচ মিনিট ব্যাপী দেখা গেছে সিঁথি এবং সাদীর রোমান্টিক দৃশ্য।

মঙ্গলবার রাতেই আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে এবং ইতোমধ্যেই প্রায় আড়াই লাখ মানুষ গানটি দেখেছেন, যেখানে ভাইরাল তরুণী সিঁথি এবং আসিফ আকবরের যুগলবন্দী চমক সৃষ্টি করেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



অপু বিশ্বাসের নতুন মেকওভার: নীল এবং সাদা লুকে মুগ্ধ ভক্তরা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ সক্রিয়। তার নতুন লুকের ছবি এবং ভিডিওগুলো নিয়মিতই প্রশংসা পাচ্ছে ভক্তদের কাছ থেকে। সম্প্রতি, অপু বিশ্বাস তার নতুন মেকওভারে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন।

চার দিন আগে, তিনি রয়েল ব্লু ব্লেজার পরিধান করে একেবারে নীলাঞ্জনার রূপে হাজির হন। এই লুক দেখে তার অনুরাগীরা অবাক হয়ে যান এবং একজন কমেন্টে লেখেন, “নীলপরী”। অপু বিশ্বাসের এই নতুন রূপ দেখে ভক্তরা মন্তব্য করেন, “এত সুন্দর কেন দিদি আপনি?”

এর পাশাপাশি, অপু বিশ্বাস সাদা রঙের পোশাকেও নিজের সৌন্দর্য মেলে ধরেছেন। সদ্য তার টাইমলাইনে কিছু ছবি ভেসে বেড়িয়েছে, যেখানে সাদা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা ওড়না পরা অপু বিশ্বাস সবার নজর কেড়ে নিয়েছেন। সাদা ওড়নার ওপর রুপালি পুঁথির কাজ এবং মিলিয়ে সাদা হিল তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার কানে পাথরের দুল এবং হাতে রতনচূড়ও ভক্তদের চোখে পড়েছে।

এক নেটিজেন মন্তব্য করেন, “নতুন এক্সপ্রেশন, নতুন লুকে সুন্দর।” অন্য একজন লেখেন, “পরী!” এবং একজন লিখেছেন, “এত সুন্দর কেন দিদি আপনি?”

অপু বিশ্বাসের এই লুকের প্রশংসা শুধু তার ভক্তদের কাছেই সীমাবদ্ধ ছিল না। চিত্রনায়িকা পূজা চেরি নিজেও অপু বিশ্বাসের পোস্টে মন্তব্য করেছেন, “ইসসস! কি সুন্দর! দিদি”। অপু বিশ্বাসও পূজার মন্তব্যে জবাব দেন, “তোমার মতো না হানি”।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




অহনা রহমান অভিনয় থেকে বিরতি নেবেন, ২৫ সালের পর কাজ কমাবেন

২০২৪ সাল সম্পর্কে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান বলেন, তার জীবনে অনেক কিছু ঘটেছে, এবং তিনি আগামী বছর ২৫ সাল থেকে অভিনয় জগতে কাজ কমিয়ে দেবেন।

অভিনয় থেকে বিরতি নেবার কারণ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়, তখন অহনা সরাসরি জানান, “না, আমি বিয়ে করছি না। কারণ, এখন আর প্রেম-ভালোবাসা বিশ্বাস করি না, তাই বিয়ে নিয়েও ভাবি না।”

তিনি আরও বলেন, “একসময় মা অনেক চাপ দিয়েছেন বিয়ের জন্য, কিন্তু যখন তিনি বুঝলেন আমি কিছু নিয়ে কষ্ট পেয়েছি, তখন থেকে আর আমাকে চাপ দেননি।”

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে অহনা বলেন, প্রেম-বিয়েতে কষ্ট পাওয়ার পর তিনি এখন বিয়ে নিয়ে ভাবছেন না।

অহনা আরও বলেন, “ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালে আমি পারলে কাজ করব না, আর কাজ করলেও সেটা খুবই কম হবে।”

তিনি ব্যক্তিগত জীবন নিয়েও কিছু কথা বলেন, “এখন আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। আমার মন ভেঙে গেছে, তাই কাউকে বিশ্বাস করতে পারি না। মনে হয়, আমার ক্ষেত্রে প্রত্যেকটি মানুষই স্বার্থপর।”

অহনা ২০০৭ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন এবং তার সাম্প্রতিক জনপ্রিয় কাজ ‘প্রবাসীর স্ত্রী’ নাটক। এই নাটকে শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন তিনি, যা দর্শকদের মন জয় করেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




জীবনের প্রথম ক্রাশের নাম জানালেন পরীমনি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি কাজের থেকে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন। বিশেষ করে ভক্তদের কাছে নিজের কিছুই আড়াল করেন না। ফলে ভক্তদেরও তার প্রতি ব্যাপক কৌতূহল আগ্রহও দেখা যায়।

পরীমনি তার ব্যক্তিজীবনে বহু প্রেমে জড়িয়েছেন। করেছেন একাধিক বিয়েও। বলা যায়, সঙ্গী পালটে সহসাই থামেননি পরী; যা কারোই অজানা নয়।

এবার এক সাক্ষাৎকারে পরী জানালেন তার জীবনের সবকিছু প্রথম নিয়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উঠে আসে তার বিস্তারিত। পরী জানান, জীবনের প্রথম দিনে অনেক খারাপ কিছু হলে তার কোনো আবেগ কাজ করে না, তবে যদি দারুণ কিছু হয় তাহলে সেটা সারাজীবন থেকে যায়।

এ সময় পরীর কাছে তার প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতিসহ নানান কিছু জিজ্ঞাসা করা হয়। প্রায় সব প্রশ্নের উত্তর তখন অকপটে দেন পরীমনি।

প্রথম ক্রাশ কে, জবাবে পরী বলেন, ‘ক্রাশ! রণিত রায়।’ বলে রাখা ভালো, পরীমনি সেই রণিত রায়ের কথাই হয়তো উল্লেখ করেছেন, যিনি একজন ভারতীয় অভিনেতা। ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ হিসেবেও যার পরিচিতি রয়েছে।

এরপর প্রথম প্রেম কবে এসেছিল, জানতে চাওয়া হলে পরী বলেন, ‘২০১৪!’ এ সময় পরীর বয়স কত ছিল, এ প্রসঙ্গ এড়িয়ে যান। বলেন, ‘এটা তো হিসেব করে বলতে হবে।’ সিনেমায় আসার পর প্রেম হয়েছে কি না, উত্তরে পরীমনি বলেন, ‘ওই কাছাকাছি সময়ে আরকি।’ সাক্ষাৎকারে আরও জানান, তার জীবনের প্রথম আয় ছিল ২১ হাজার টাকা।

যখন প্রথম ছবি মুক্তি হয়, তখনকার অনুভূতি নিয়ে পরী বলেন, ‘ওইটা একটা অন্যরকম জোশ। আমি তখন আউটডোরে ছিলাম, একটা সিনেমার শ্যুটিংয়ে, আমার কো আর্টিস্ট ছিলেন শাকিব খান। এরপরে ওই সময়, ওই সেটে থাকাকালীন আমার সিনেমা রিলিজ হয়। তখন শাকিব খান জিজ্ঞাসা করেন, কেমন লাগে, হিরোইন? আজকে থেকে হিরোইন’ -হাসতে হাসতে বললেন পরী।

পরীমনি আরও বলেন, ‘তখন হার্টবিটটা বেড়ে গিয়েছিল, কবে নিজেকে বড় পর্দায় দেখব, কবে ঢাকায় আসব! সব মিলিয়ে একরকম ভালোলাগা, একরকম এক্সাইটমেন্ট, একরকম নার্ভাসনেস, এইতো!’




বিশ্বের ছয় প্রভাবশালী সংগীতশিল্পী: বিবিসির ১০০ নারীর তালিকায় তাদের গল্প

প্রতি বছর, বিশ্বের ১০০ জন প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর তালিকা প্রকাশ করে বিবিসি। এবার এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ছয়জন সংগীতশিল্পী। তাদের শিল্পকর্ম এবং সমাজে তাদের অবদানের গল্প তুলে ধরেছে এই প্রতিবেদন।

ফিরদা মারসিয়া কুরনিয়া (ইন্দোনেশিয়া)

ইন্দোনেশিয়ার হেভি মেটাল ব্যান্ড ভয়েস অব বাচেপ্রত-এর প্রধান গায়িকা ফিরদা মারসিয়া কুরনিয়া, হিজাব পরিহিত নারীদের সংগীত জগতে সাফল্যের প্রতীক। ইংরেজি ও সুন্দানিজ ভাষায় গাওয়া তাদের গান পুরুষতন্ত্রের প্রতি প্রতিবাদের মাধ্যম। ২০২৩ সালে, গ্লাস্টনবারি সংগীত উৎসবে অংশ নিয়ে প্রথম ইন্দোনেশিয়ান ব্যান্ড হিসেবে ইতিহাস গড়েন তারা।

ইলাহা সরুর (আফগানিস্তান)

আফগান গায়িকা ইলাহা সরুর তার গান ‘নান, কার, আজাদি!’ (রুটি, কাজ, স্বাধীনতা!) দিয়ে নারীর অধিকারের কথা বলেছেন। প্রায় এক দশক আগে সহিংসতার মুখে দেশ ছাড়লেও, সংগীতের মাধ্যমে এখনও তিনি নারীর ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে যাচ্ছেন।

গ্যাবি মোরেনো (গুয়াতেমালা)

লাতিন পপ ও আমেরিকানার প্রখ্যাত গায়িকা গ্যাবি মোরেনো, ২০২৪ সালে সেরা লাতিন পপ অ্যালবামের জন্য গ্র্যামি জিতে নতুন উচ্চতায় পৌঁছেছেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে, তিনি গুয়াতেমালার শিশুদের শিক্ষার উন্নতিতে কাজ করছেন।

হাদিকা কিয়ানি (পাকিস্তান)

পাকিস্তানের আইকনিক পপ শিল্পী হাদিকা কিয়ানি সংগীত এবং মানবিক কাজের মাধ্যমে সমাজে অবদান রেখে চলেছেন। তিনি ‘ভাসিলা-এ-রাহ’ প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উদ্যোগী হয়েছেন।

নোয়েলা উইয়ালা এনওয়াদেই (ঘানা)

উইয়ালা, যার নামের অর্থ ‘কর্মপরায়ণ’, তার সংগীতের মাধ্যমে আফ্রিকান নারীদের শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। নিজ শহরে একটি আর্টস সেন্টার, রেডিও স্টেশন এবং রেস্তোরাঁ স্থাপন করে তিনি স্থানীয় শিল্প ও কর্মসংস্থান বাড়িয়েছেন।

রে (যুক্তরাজ্য)

ব্রিটিশ গায়িকা রে, ২০২৩ সালে তার প্রথম স্টুডিও অ্যালবাম মুক্তি দিয়ে শিল্পী হিসেবে নিজের পরিচয় তুলে ধরেন। ব্রিট অ্যাওয়ার্ডসে ছয়টি পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি।

এই ছয় শিল্পীর গল্প শুধুমাত্র তাদের সংগীত প্রতিভার নয়, বরং সমাজ পরিবর্তনে তাদের অবদানেরও উদাহরণ। তাদের কাজ নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক বাধা দূর করার ক্ষেত্রে দৃষ্টান্ত।

 




বডি শেমিং নিয়ে আবেগপ্রবণ কেট উইন্সলেট

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট বডি শেমিংয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি একটি টক-শোতে অংশ নিয়ে তিনি ২২ বছর বয়সে ঘটে যাওয়া এই অপমানজনক ঘটনার স্মৃতিচারণা করেন। তার বক্তব্যের সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

১৯৯৮ সালে ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে কেট উইন্সলেটকে লক্ষ্য করে এক সাক্ষাৎকার গ্রহণকারী মন্তব্য করেন, “এ পোশাকে শরীর গলে পড়ছে। আপনার আরো বড় সাইজের পোশাক পরা উচিত ছিল।” এই মন্তব্য শুনে মর্মাহত কেট বলেন, “তারা কী ধরনের মানুষ, যারা একজন তরুণ অভিনেত্রীর শরীর নিয়ে এমন সমালোচনা করতে পারে?”

কেট জানান, সেই সময় এ ধরনের অপমানের শিকার তিনি নিয়মিত হতেন। তবে সেগুলো প্রকাশ্যে আনতে তিনি দ্বিধাবোধ করতেন। এখন সেই স্মৃতি মনে করে তিনি বলেন, “আমি এসব সহ্য করেছিলাম এবং মনে মনে বলতাম, এদের জন্যও একদিন এমন কিছু ঘটবে। এটি ছিল আমার জীবনের অন্যতম ভয়ংকর অভিজ্ঞতা।”

কেট উইন্সলেটের ক্যারিয়ার বড় মাত্রায় পরিবর্তিত হয় জেমস ক্যামেরনের পরিচালিত ব্লকবাস্টার সিনেমা টাইটানিক-এ অভিনয়ের পর। সেখানে তিনি রোজ চরিত্রে এবং লিওনার্দো ডিক্যাপ্রিও জ্যাক চরিত্রে অভিনয় করেন। বাস্তব জীবনের বডি শেমিংয়ের পাশাপাশি, এই সিনেমাটি তাকে তার প্রতিভার স্বীকৃতি এনে দেয়।

‘টাইটানিক’ শুধু একটি সিনেমা নয়; এটি ভালোবাসা, আত্মত্যাগ, এবং মানবিক সংকটের একটি চিরন্তন গল্প। সিনেমাটি মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় হয়।

কেটের বক্তব্য তার ভক্তদের মনে গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেছেন, “আমার অভিনয়ের শিক্ষক বলতেন, ‘তোমাকে মোটা মেয়ে হিসেবে পরিচিত হতে হবে।’ আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, চুপচাপ কাজ করে প্রমাণ করব যে আমি অন্য রকম কিছু করতে পারি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



তাসনুভা তিশা: “বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল”

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। তিনি বিয়ে করাকে জীবনের সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেন। তবে এর পেছনের কারণ খোলাসা করেননি।

২০১৪ সালে ভালোবেসে ফারজানুল হককে বিয়ে করেন তিশা। তাদের সংসারে একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু ২০১৮ সালে সেই সংসার ভেঙে যায়। পরে, দীর্ঘদিন সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের লালন-পালনের পর ২০২২ সালে আজগর নামের এক যুবককে বিয়ে করেন তিনি।

তাসনুভা বলেন, “আমি মনে করি, আমার সন্তানদের বিয়ের জন্য কখনো চাপ দেব না। যদি তাদের ইচ্ছা হয়, তবে আটকাবো না। তবে তাদের উৎসাহিত করবো না। কারণ বিয়ে একটি বিশাল দায়িত্ব, বিশেষ করে মেয়েদের জন্য। তাদের নতুন পরিবেশে মানিয়ে নিতে হয়, যা সহজ নয়।”

তবে তাসনুভার এই মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হলেও তিনি স্পষ্ট করে বলেছেন, এটি তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মতামত।

বর্তমানে তিশাকে অভিনেতা আরশ খানের সঙ্গে একাধিক নাটকে কাজ করতে দেখা যাচ্ছে। এ নিয়ে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তাসনুভা জানিয়েছেন, এটি শুধু কাজের সম্পর্ক।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




অভিনেতা ওমর সানীর বাসায় চুরির ঘটনা

ঢাকাই চলচ্চিত্রের ত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ ২২ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে পালিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা।

জানা গেছে, সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে মর্নিং ওয়াকে বের হন ওমর সানী। প্রায় ৪০ মিনিট পর, সকাল ৯টা ২০ মিনিটে বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং অপ্পো ব্র্যান্ডের একটি ফোন ড্রয়িং রুম থেকে উধাও। একই সঙ্গে ড্রয়ারে রাখা নগদ ২২ হাজার টাকাও খুঁজে পাননি তিনি।

এছাড়া তার ব্যক্তিগত সহকারী আরিফের ইনফিনিক্স ব্র্যান্ডের একটি মোবাইল ফোনও চুরি গেছে। ঘটনাটি বুঝতে পেরে সেদিনই ঢাকার ভাটারা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

অভিনেতা জানান, “চুরির সময় আমি হাঁটতে বাইরে ছিলাম। ধারণা করছি, এই সুযোগে চোরেরা ঘরে প্রবেশ করে। মোবাইল ফোনগুলোর আইএমইআই নম্বরসহ সব তথ্য পুলিশের কাছে দিয়েছি। আশা করছি, খুব দ্রুত চোরদের শনাক্ত করা সম্ভব হবে।”

পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মেহজাবীন-ফারিণের বন্ধুত্ব ও শপিং অ্যাডিকশন: একে অপরের সাথে হাস্যরসের মুহূর্ত

বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ, পর্দায় যেমন সাফল্যের শীর্ষে, তেমনি ব্যক্তিগত জীবনে তাদের বন্ধুত্বও অনন্য। সিনেমা, ওটিটি এবং নাটকে সমানতালে বিচরণ করা এই দুই তারকা দর্শকের মন জয় করেছেন এবং একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রেখে নিজেদের পথ চলছেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেহজাবীন ও ফারিণ তাদের সম্পর্ক এবং একসাথে কাটানো সময় নিয়ে অনেক কথা শেয়ার করেছেন। এক ফাঁকে ফারিণ মেহজাবীনের একটি গোপন তথ্য ফাঁস করে দেন, যা মেহজাবীন নিজেই স্বীকার করেন। ফারিণ বলেন, “মেহজাবীন আপু অনলাইন শপিং অ্যাডিক্ট, প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করেন, এবং তার পার্সেল আসে প্রতিদিনই।”

এ কথা শুনে মেহজাবীন হাসতে থাকেন এবং স্বীকার করেন, “হ্যাঁ, এটা ভেরি ভেরি ট্রু। আমার এধরণের একটা ‘সুস্থ অ্যাডিকশন’ আছে।” মেহজাবীন আরো বলেন, “আমি শপিং পছন্দ করি, এবং শুধু নিজের জন্যই না, আমার পরিবার এবং বন্ধুর জন্যও যদি কিছু ভালো দেখলে কিনতে ইচ্ছা করে।”

তিনি আরও বলেন, “ফারিণ দেখেছে, আমরা ট্রিপে একটি ফাঁকা লাগেজ নিয়ে যাই, শুধুমাত্র কেনাকাটা করে, অনলাইন থেকে কিনে তা নিয়ে আসি।”

বর্তমানে মেহজাবীন তার নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে ব্যস্ত, যা বর্তমানে আন্তর্জাতিক ট্যুরে রয়েছে। অন্যদিকে, ফারিণ তার নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ নিয়ে কাজ করছেন। দুই অভিনেত্রীই সমানতালে নিজেদের ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং কাজের পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কও অটুট রাখছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম