চঞ্চল চৌধুরীকে ‘গৃহবন্দি’ করা হয়েছে: ভারতীয় গণমাধ্যমের মিথ্যা দাবি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে ‘গৃহবন্দি’ করা হয়েছে বলে দাবি করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। বুধবার (১১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের ‘এক্সক্লুসিভ’ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। এই খবরের পরে হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮সহ আরও কিছু ভারতীয় সংবাদমাধ্যমে চঞ্চল চৌধুরীকে গৃহবন্দি করার খবর ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৭ দিন আগে চঞ্চল চৌধুরী ঢাকা থেকে নিউইয়র্ক যাওয়ার পথে ছিলেন। তার ভ্রমণ পরিকল্পনা ছিল দুবাই হয়ে নিউইয়র্ক পৌঁছানোর। বিমানেও তিনি সঠিকভাবে বসেছিলেন, তবে বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনাসদস্যরা বিমানে উঠে চঞ্চল চৌধুরীকে জিজ্ঞেস করেন, “তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন?” এর উত্তরে চঞ্চল জানান, তিনি কাজের উদ্দেশ্যে নিউইয়র্ক যাচ্ছেন। এরপর তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, এরপরই চঞ্চলকে গৃহবন্দি করা হয় এবং বর্তমানে তিনি তার বাড়িতে অবস্থান করছেন। তবে এই প্রতিবেদনটি কোনও নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে প্রকাশিত হয়নি।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় চঞ্চল চৌধুরীর সঙ্গে। অভিনেতা জানান, এমন কোনও ঘটনা ঘটেনি তার সঙ্গে। তিনি বলেন, “এমন কোন ঘটনাই ঘটেনি। এই খবরের কোনো সত্যতা নেই, এটি পুরোপুরি মিথ্যা। গত কয়েক মাসে কোনো সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি, তাই কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।”

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বিজয় দিবসের কনসার্টে অনেক শিল্পীর অনুপস্থিতি নিয়ে প্রিন্স মাহমুদের আক্ষেপ

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হতে যাচ্ছে ‘সার্বজনীন কনসার্ট’। সেখানে দেশের খ্যাতিমান শিল্পী ও ব্যান্ডরা অংশ নেবে। তবে কনসার্টের তালিকায় জুলাই আন্দোলনে সক্রিয় শিল্পীদের অনেকের নাম না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন বিখ্যাত গীতিকার প্রিন্স মাহমুদ।

‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এই কনসার্টের ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা এবং নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করাই মূল লক্ষ্য। এছাড়া ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তির আহ্বানও জানানো হবে।

কনসার্টের অংশগ্রহণকারী শিল্পী ও ব্যান্ড
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এছাড়াও নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেন, অ্যাভয়েড রাফা এবং সোনার বাংলা সার্কাস পরিবেশনায় অংশ নেবে।

প্রিন্স মাহমুদের পোস্ট
বুধবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ কনসার্টের শিল্পীদের তালিকা নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি লেখেন, “‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে যারা পুরো জুলাই, এমনকি আগস্ট ৩-এ রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে মিছিলে ছিল, এমন অনেকের নাম দেখলাম না।”

তিনি আভাস ব্যান্ডের তানজীর তুহিন, লেমনেডের লিমন, সিনা হাসান, আরমিন মুসা, আহমেদ হাসান সানি, মেকানিকস, কাকতাল, সাবরিনা সাবা, ইমন চৌধুরীসহ আরও কয়েকজনের অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করেন। তার স্ট্যাটাসে ভক্তরাও সমর্থন জানান এবং তাদের প্রিয় শিল্পীদের কনসার্টে অন্তর্ভুক্তির আহ্বান করেন।

কনসার্ট ঘিরে প্রত্যাশা
এই আয়োজন নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই কিছু বিতর্কও সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা করছেন, বিজয় দিবস উপলক্ষে এই কনসার্ট দেশের সংগীত ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গান বাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ

দেশের একমাত্র সংগীতভিত্তিক টেলিভিশন চ্যানেল গান বাংলা বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) কর্তৃপক্ষ চ্যানেলটির দীর্ঘদিনের স্যাটেলাইট ফি বকেয়া থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির জানান, চ্যানেলটির বকেয়া ফি বাবদ ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা পাওনা রয়েছে। বারবার চিঠি ও তাগিদ সত্ত্বেও বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় চ্যানেলটির সম্প্রচার বন্ধ করা হয়েছে। তিনি আরও জানান, গান বাংলা কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ করলে পুনরায় সম্প্রচার চালু করা হবে।

গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস এবং চেয়ারম্যান ফারজানা মুন্নীর সঙ্গে বিএসসিএলের কোনো যোগাযোগ সম্ভব হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। চ্যানেলটির কার্যক্রমে মূলত তাপসের বাবা দেলোয়ার হোসেন রাজা সংশ্লিষ্ট ছিলেন। তিনি সম্প্রতি বিএসসিএলের সঙ্গে যোগাযোগ করেছেন, তবে সমস্যার সমাধান করতে পারেননি।

বিএসসিএলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও চ্যানেল কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

গান বাংলা টেলিভিশন বন্ধ হওয়ার বিষয়টি সংগীতপ্রেমীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। চ্যানেলটি তার ব্যতিক্রমী অনুষ্ঠান ও সংগীতশিল্পীদের প্রমোশনের জন্য প্রশংসিত ছিল।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পূজা চেরির বিরুদ্ধে ছড়ানো রিউমরসের প্রতিবাদ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি, যিনি তার অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি রিউমরস নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। জানা গেছে, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, পূজা চেরি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন। এ বিষয়ে পূজা চেরি তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পূজা চেরি লিখেছেন, “মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমরস নিয়ে মাথা ঘামাই না, তবে তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটা স্বাভাবিক। কিন্তু আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।”

তিনি আরও বলেন, “এটা শুধু রিউমরস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমরস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।”

পূজা চেরি আরো জানান, “আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।”

প্রসঙ্গত, পূজা চেরির জন্ম ২০০০ সালের ২০ আগস্ট। তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে নূর জাহান চলচ্চিত্রে প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করার পর পরী চরিত্রে তার অভিনয় বিশেষ জনপ্রিয়তা লাভ করে, যা তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বিটিভিতে নতুন ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ গঠন

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি নতুন ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান।

পদাধিকার বলে বিটিভির মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-২) এবং বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) এ প্রিভিউ কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া, চলচ্চিত্র ও নাটকসহ সংস্কৃতি সংশ্লিষ্ট ১২ গুণী ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই কমিটিতে আছেন বিখ্যাত বিনোদন সাংবাদিক ও দৈনিক আজকালের খবর’র জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ তেপান্তর (মো. রবিউল আউয়াল হোসেন), যিনি দীর্ঘদিন দেশের সাহিত্য-সংস্কৃতি নিয়ে কাজ করছেন এবং একজন লেখক ও সমাজসেবক হিসেবে পরিচিত।

কমিটিতে আরও আছেন, অভিনেত্রী ইলোরা গহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব এবং অভিনেতা আরশ খান।

এ কমিটির মূল দায়িত্ব হল বাইরের নির্মাতাদের অনুষ্ঠানগুলোর মান নির্ণয় করা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’ মুক্তি পাবে চলতি মাসেই

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’ মুক্তির জন্য প্রস্তুত। আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী সিনেমাটি প্রদর্শিত হবে। এ উপলক্ষ্যে সম্প্রতি সিনেমাটির ট্রেইলার ‘Democracy Pvt. Ltd.’ মুক্তি পেয়েছে, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি পায় ‘৮৪০’ সিনেমার অফিসিয়াল পোস্টার। একই দিনে সিনেমাটির মুক্তির তারিখও প্রকাশ করা হয়। এই সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম এবং রাজশাহী ও নওগাঁর স্থানীয় অভিনয়শিল্পীরা।

সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহযোগিতায় রয়েছে ইম্প্রেস টেলিফিল্ম। সিনেমার চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম এবং সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। সাউন্ড ডিজাইনে ছিলেন রিপন নাথ। সম্পাদনার দায়িত্বে ছিলেন তাহসিন মাহিম এবং শিল্প পরিকল্পনায় ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী এবং মেকআপে ছিলেন মো. খাইরুল ইসলাম।

এর আগে ফারুকী ‘৪২০’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেন, যা বাংলাদেশে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলোকে স্যাটায়ার হিসেবে তুলে ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘৮৪০’ সিনেমায় সেই একই ধারার প্রতিফলন দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নিউ ইয়র্কে জায়েদ খানের নতুন যাত্রা

চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া এবং দুবাইসহ বিভিন্ন দেশে শোতে পারফর্ম করছেন তিনি। তার শোয়ের ছবি ও ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

সম্প্রতি একটি ভিডিওর ক্যাপশনে জায়েদ খান লেখেন, “ডিগবাজি থেকে নিউ ইয়র্ক সিটিতে। ঠিকানায় সবার সাথে দেখা হবে, আগে কখনো দেখা হয়নি এমন শোতে। জায়েদ খান ২.০, বেবি!”

নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানা-এর উদ্যোগে একটি টক শো’র উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জায়েদ খান। সেলিব্রেটিদের নিয়ে এই টক শো প্রচারিত হবে খুব শিগগির। এই অভিজ্ঞতাকে নিজের জন্য বিশেষ কিছু বলে মনে করছেন জায়েদ খান।

তিনি বলেন, “প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি এক্সাইটেড এবং নার্ভাস। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে।”

তিনি আরও যোগ করেন, “বিদেশের মাটিতে ঠিকানা পত্রিকা দেশের জন্য এবং বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে যুক্ত করায় আমি কৃতজ্ঞ।”

‘ভাইরাল বয়’ হিসেবে পরিচিত জায়েদ খান তার নানা কর্মকাণ্ডের জন্য আলোচনায় থাকেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি বা সমালোচনা তার কাজকে থামাতে পারেনি। শো এবং অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাকে নিয়মিত দেখা যাচ্ছে।

জায়েদ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘সোনার চর’, যা চলতি বছরের শুরুতে মুক্তি পায়। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, পাপিয়া মাহি প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পুষ্পা টু: বক্স অফিসে নতুন ইতিহাস

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে নিয়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’। সুকুমার পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তির পর ভারতের সর্বোচ্চ আয়ের সিনেমার খেতাব দখল করে নিয়েছে। ‘বাহুবলি টু’ এবং ‘ট্রিপল আর’-এর মতো বিখ্যাত সিনেমার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ‘পুষ্পা টু’।

সিনেমাটির সাফল্যে মুগ্ধ হয়েছেন দর্শক ও সমালোচকরা। ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জিৎ সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ এক পোস্টে লেখেন, “পুষ্পা টু’ দেখলাম, সত্যিই আমি অভিভূত। আল্লু অর্জুনসহ সিনেমার প্রতিটি সদস্য অসাধারণ কাজ করেছেন। আল্লু অর্জুন আবারও প্রমাণ করলেন, তিনিই সেরা।”

জিৎ-এর এই প্রশংসা নজর কাড়ে আল্লু অর্জুনেরও। পাল্টা জবাবে তিনি লিখেছেন, “জিৎ গারু, আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করেছে।”

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার তুলনায় এর সিক্যুয়েল ‘পুষ্পা টু’-এর বাজেট প্রায় দ্বিগুণ। প্রথম সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি, আর ‘পুষ্পা টু’-এর বাজেট ধরা হয়েছে প্রায় ৪০০-৫০০ কোটি রুপি। নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই সিক্যুয়েল হবে আরও চমকপ্রদ এবং তা যেন পুরোপুরি প্রমাণিত হয়েছে।

সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও, এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে ফাহাদ ফাসিল দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। সিনেমার প্রথম অংশের মতো সিক্যুয়েলেও তার দুর্দান্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

‘পুষ্পা টু’ সিনেমা শুধুমাত্র আয়ের দিক থেকেই নয়, গল্প ও নির্মাণশৈলীতেও নতুন উচ্চতায় পৌঁছেছে। এমনকি চলচ্চিত্রপ্রেমীদের মনে গভীর ছাপ ফেলতে সক্ষম হয়েছে এই চলচ্চিত্র।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



রণবীরের সেলফিতে মেহজাবীন

চন্দ্রদ্বীপ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় চলছে চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ ডিসেম্বর শুরু হয়েছে উৎসব, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবারের রেড সি উৎসবে আছে বাংলাদেশও। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’ প্রদর্শিত হবে উৎসবে। এই উৎসবে অংশ নিতে মেহজাবীন আছেন এখন জেদ্দায়। আজ সন্ধ্যায় বলিউড তারকা রণবীর কাপুরের সেলফিতে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন তিনি।
রেড সি উৎসবে আজ ছিল ‘সাবা’ সিনেমার প্রদর্শনী। স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে ছবিটির প্রদর্শনী হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে উৎসব দেখে দুটি ছবি পোস্ট করেছেন মেহজাবীন।
একটিতে তাঁকে দেখা যাচ্ছে রণবীর কাপুরের সঙ্গে। রণবীরের সেলফিতে মেহজাবীন, এমন ছবি পোস্টার পর প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। মাত্র ৪৬ মিনিটে পোস্টে প্রতিক্রিয়া এসেছে প্রায় ছয় হাজার। সেলফিতে মেহজাবীনকে দেখা গেছে লাল শাড়িতে, তাঁর লুকের প্রশংসা করেছেন অনেক অনুরাগী।




মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না: পরীমনি

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে বেশ আনন্দেই সময় কাটছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেম, বিয়ে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন।

পরীমনি বলেন, মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না। নায়কদের সঙ্গে প্রেম হয় না। একজনের সঙ্গে হয়েছিল, বাচ্চা হওয়ার পরে সব শেষ। এসব নিয়ে আমার অনুশোচনা হয় না।