মেহজাবীনের ‘প্রিয় মালতী’ দেখা যাবে বিনামূল্যে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ গত বছরের শেষের দিকে মুক্তি পায়। ছবিটি এখনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। তবে এবার দর্শকদের জন্য রয়েছে দারুণ এক সুযোগ। বিনামূল্যে দেখা যাবে ছবিটি।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ছবির পরিচালক শঙ্খ দাশগুপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই প্রদর্শনীর কথা সবাইকে মনে করিয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্খ দাশগুপ্ত লিখেছেন, ‘প্রিয় মালতী টিমের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘‘প্রিয় মালতী’’ ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে।’

‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট এবং রিজভী রিজু।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন মেহজাবীন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের টিভিসি থেকে জনপ্রিয়তা পান তিনি। এরপরে এটিএন বাংলার নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’ দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু করেন। এরপর তিনি অসংখ্য টিভি নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে আহত সাইফ আলী খান

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলী খান।

বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, গতরাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সেসময় সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরসহ পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন।

পুলিশ জানায়, বাড়ির বাসিন্দারা জেগে উঠলে ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অপরাধীকে ধরতে পুলিশের একাধিক দলও গঠন করা হয়েছে।

একজন সিনিয়র আইপিএস অফিসার জানান, সাইফ আলী খানকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতের সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছিল কি না তা এখনো স্পষ্ট নয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও এ ঘটনার তদন্ত করছে।

লীলাবতী হাসপাতালের সিওও ডা. নিরাজ উত্তমানি বলেন, ‘ভোররাত সাড়ে তিনটার দিকে সাইফকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।’




শাকিব খানের ‘দরদ’ এবার ওটিটিতে

দেশের সিনেমাহলে বিপুল সাড়া জাগানোর পর ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। গত বছর ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি দুই মাসের ব্যবধানে আসছে আইস্ক্রিন প্ল্যাটফর্মে।

সম্প্রতি আইস্ক্রিন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টটি বুধবার দুপুর ১২টার দিকে শেয়ার করেন সিনেমার পরিচালক অনন্য মামুন। যদিও এখনো নির্দিষ্ট মুক্তির তারিখ জানানো হয়নি।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশ ও ভারত। এটি রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার। গল্পের কেন্দ্রবিন্দুতে বারানসির একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের ঘটনা। হত্যাকারী হিসেবে সন্দেহের তীর যায় দুলু মিয়া নামে এক চরিত্রের দিকে, যে চরিত্রে দেখা গেছে শাকিব খানকে।

সিনেমার প্রধান নারী চরিত্র ফাতিমা হিসেবে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান। অনন্য মামুনের লেখা কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত এই সিনেমার প্রযোজক অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া এবং অনন্য মামুন।

অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় আছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ এবং তানভীর তারেক। সিনেমাটি এরই মধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

সিনেমার গল্প, অভিনয়, চিত্রগ্রহণ এবং সংগীতের সমন্বয়ে ‘দরদ’ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। শাকিব খান ও সোনাল চৌহানের অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বজুড়ে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর আশা করছে নির্মাতারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




এফডিসিতে শুটিংয়ের খরচ কমেছে, আকর্ষণ বাড়ানোর উদ্যোগ

চলচ্চিত্র নির্মাতাদের জন্য সুখবর—বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) শুটিং ও ফ্লোর ভাড়ার খরচ কমিয়েছে। দীর্ঘদিন ধরে এফডিসির উচ্চ খরচ নিয়ে নির্মাতাদের মধ্যে অভিযোগ ছিল। তুলনামূলক কম খরচ ও বেশি সুবিধা পাওয়ার আশায় নির্মাতারা এফডিসির বাইরে শুটিং করতে আগ্রহী ছিলেন।

ফ্লোর ভাড়ার নতুন হার

এফডিসি কর্তৃপক্ষ ২০২৪ সালের শুরুতেই পরিচালক (প্রকল্প) মো. রেজাউল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন ভাড়ার হার ঘোষণা করে।

১ ও ৬ নম্বর ফ্লোরের ভাড়া ছিল ২,৫৫০ এবং ৬,৫০০ টাকা, যা কমিয়ে যথাক্রমে ২,০০০ এবং ৫,০০০ টাকা করা হয়েছে।

২ নম্বর ফ্লোর (এসি ছাড়া) ভাড়া ৫,১০০ টাকা থেকে কমিয়ে ৪,০০০ টাকা এবং শুটিং ভাড়া ১৩,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২ নম্বর ফ্লোর (এসিসহ) শুটিং ভাড়া ১৮,৫৪০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১১,৫০০ টাকায়।

ক্যামেরা ভাড়ায় পরিবর্তন

রেড ড্রাগন ক্যামেরা: ইনডোর শুটিংয়ের ভাড়া ৬,১২০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা এবং আউটডোরে ৬,৬৩০ টাকা থেকে কমিয়ে ৩,৫০০ টাকা করা হয়েছে।

সনি ক্যামেরা: ইনডোর শুটিংয়ের ভাড়া ৫,১০০ টাকা থেকে কমিয়ে ২,০০০ টাকা এবং আউটডোরে ৫,৬১০ টাকার পরিবর্তে ২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাইরের জন্য ক্যামেরা ভাড়া ১৬,৫০০ টাকার পরিবর্তে এখন ১০,০০০ টাকা।

সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের খরচ

ডিজিটাল সম্পাদনা মেশিন চার্জ প্রতিশিফটে ২,১০০ টাকার পরিবর্তে ১,৫০০ টাকা এবং ডিজিটাল কালার গ্রেডিং ৩,১৫০ টাকার পরিবর্তে ২,৫০০ টাকা করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ছাড়

এফডিসি শিক্ষাপ্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠানের শুটিংয়ের জন্য সর্বোচ্চ ২০% ছাড়ের সুবিধা দিচ্ছে।

 

শুটিং খরচ কমানোর এই উদ্যোগ নির্মাতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এফডিসি আশা করছে, শুটিংয়ের খরচ কমানো নির্মাতাদের আবারও এফডিসিমুখী করবে এবং দেশের চলচ্চিত্র শিল্পে নতুন প্রাণ সঞ্চার করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শাবনূরের প্রশ্ন: “আমার এখানে এসে ভণ্ডামি করছেন কেন?”

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর অভিনয় জগতে একসময় তরুণদের হৃদয়ে রাজত্ব করেছেন। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও তিনি এখনও ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করছেন এবং সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন।

সম্প্রতি শাবনূর নিজের ফেসবুক পেজে বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করলে, তার ভক্তরা নানা প্রতিক্রিয়া জানান। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেন, আবার কেউ কেউ তার পোশাক নিয়ে সমালোচনা করেন। এসব মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শাবনূর।

এক দীর্ঘ স্ট্যাটাসে শাবনূর উল্লেখ করেন, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তিনি নিজেই পরিচালনা করেন। পোস্ট করা ছবি ও ভিডিও নিয়ে কিছু মানুষ বাজে মন্তব্য করেন, যা তাকে কষ্ট দেয়। তিনি বলেন, “আমি ক্যাজুয়াল পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করি। কে কী পরবে, সেটা তার ব্যক্তিগত পছন্দের বিষয়।”

তিনি অনুরোধ করেন, “যদি আমার শেয়ার করা কিছু ভালো না লাগে, তবে শালীনতার সঙ্গে সমালোচনা করুন। বারবার বাজে মন্তব্য করবেন না। আর আমার পোস্ট পছন্দ না হলে আমাকে ফলো না করলেই পারেন।”

শাবনূর জানান, কিছু মানুষ তার নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় পেজ চালিয়ে ব্যবসা করছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, “আমার পোস্ট করা ছবি-ভিডিও নিয়ে যারা ব্যবসা করছেন, তারা আমার ওয়ালে এসে ভণ্ডামি করছেন কেন?”

অনেকেই শাবনূরকে আড়ালে যাওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, “আমি আড়ালে যাব না, প্রকাশ্যে থাকব—তা একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।”

শাবনূর মন্তব্য করার সময় একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণ আমাদের পারিবারিক শিক্ষার প্রতিফলন। সবাই ভালো থাকবেন।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মোশাররফ ভাই’র সাথে কাজ করতে মুখিয়ে থাকি: জাকিয়া বারী মম

বিভিন্ন সময়ে একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় শিল্পী মোশাররফ করিম এবং জাকিয়া বারী মম। সম্প্রতি তারা আবারও একত্রিত হয়েছেন, ভিকি জাহিদ পরিচালিত ওয়েব ফিল্ম *‘অন্ধকারের গান’* এ। এই ওয়েব ফিল্মটি বিঞ্জ প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়েছে এবং এর শেষ দৃশ্যে স্ক্রিন শেয়ার করেছেন মম ও মোশাররফ করিম।

মম বলেন, “আমি যখনই মোশাররফ ভাইয়ের সাথে কাজ করি, নতুন কিছু শেখার অভিজ্ঞতা হয়। তার সাথে প্রতিটি কাজই অসাধারণ হয়ে থাকে। এবারের কাজটিও তার ব্যতিক্রম ছিল না। সত্যি বলতে, আমি ওনার সাথে বারবার কাজ করার আশা করি। তিনি একজন অসাধারণ সহশিল্পী।”*

এফটিভি ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’এ মম অভিনয় করেছেন রুমালি চরিত্রে, যিনি একজন গ্রামের সহজ সরল গৃহবধূ। তার এই চরিত্রটি নিয়ে মম ব্যাপক প্রশংসা পাচ্ছেন। তিনি বলেন, “রুমালি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা সমৃদ্ধ ছিল। আমি এর আগে বিঞ্জের সাথে কাজ করেছি এবং ভিকি জাহিদ নিঃসন্দেহে একজন প্রতিভাবান পরিচালক। এই প্রজেক্টটি আমার অভিনয় ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।”

গল্পে রুমালি তার ছোট সন্তান এবং অসুস্থ শাশুড়ির সাথে গ্রামে থাকে। সেখানেই শুরু হয় একটি রহস্যময় ঘটনা, যেখানে তার স্বামী মুকুল শহরে কাজ করতে গিয়ে এক রহস্যময় সম্পর্ক তৈরি করে। তবে গল্পের শেষ দৃশ্যের টুইস্ট পুরো কাহিনীকেই একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়।

বর্তমানে মম বিভিন্ন নাটক এবং অন্যান্য প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। বাংলা অভিনয় শিল্পের পুনরুদ্ধারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, *“আমাদের শিল্প একটি অস্থায়ী মন্দার সম্মুখীন হয়েছিল। তবে খুব দ্রুতই আবার ট্র্যাকে ফিরে এসেছে। আমি নিশ্চিত যে আমরা শীঘ্রই দর্শকদের কাছে ভালো কাজ নিয়ে হাজির হবো।”

এছাড়া, ৮ জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম *‘অন্ধকারের গান’* এ তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামীর মৃত্যু

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তনি তার স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেগঘন সেই পোস্টে তনি লিখেছেন, “সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।”

 

তনির পোস্টের কমেন্টে অনেকেই তাদের সমবেদনা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “আল্লাহ পাক বেহেশত নসীব করুন আমীন। তোমাকে আল্লাহ শোক সহ্য করার ক্ষমতা দিক। আমি তোমার ভালোবাসাটা ফিল করতাম সব সময়। তুমি খুব ভালো থেকো আপু, আমীন।”

শাহাদাৎ ছিলেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদে যান তনি। পরে শাহাদাৎকে ভালোবেসে বিয়ে করেন। যদিও তাদের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটাক্ষের শিকার হন তনি। তবে এসবের সাহসিকতার সঙ্গে জবাব দিয়েছেন তিনি।

রোবাইয়াত ফাতিমা তনি বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




জয়া আহসান তার প্রথম বাংলা ওয়েব সিরিজে, নতুন ক্যামিও চরিত্রে অভিনয়

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, যিনি মডেলিং এবং নাটকে সাফল্য পাওয়ার পর এক যুগেরও বেশি সময় ধরে শুধুমাত্র চলচ্চিত্রে কাজ করছেন, এবার দেশের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি, চরকির ‘২ ষ’ ওয়েব সিরিজের ‘বেসুরা’ পর্বে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। যদিও এটি ছিল মাত্র একটি ছোট চরিত্র, তবে তার নতুন কাজটি দেশের প্রথম বাংলা ওয়েব সিরিজে একটি পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করা।

জয়া আহসান বর্তমানে পাবনায় ‘জিম্মি’ নামক ওয়েব সিরিজের শুটিং করছেন, যেখানে তিনি একজন সরকারি চাকরিজীবী নারীর চরিত্রে অভিনয় করছেন। শুটিং শেষ হলে তিনি ঢাকায় ফিরে আসবেন।

এই সিরিজটি তার প্রথম দেশীয় ওটিটি কনটেন্টে অভিনয় করার অভিজ্ঞতা, যেখানে তার চরিত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এদিকে, জয়ার অভিনীত ‘নকশী কাঁথা’র জমিন ছবিটি বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে চলছে, এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।

নুহাশ হুমায়ূন পরিচালিত ‘২ ষ’ সিরিজের ক্যামিও চরিত্র নিয়ে জয়া বলেন, “এই চরিত্র করতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে এবং শুটিং নানা বাধার সম্মুখীন হয়েছিলো। তবে শেষ পর্যন্ত কাজটি ভালোভাবে শেষ হয়েছে।”

কলকাতার ‘পুতুল নাচের ইতিকথা’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন জয়া, যেখানে তার অভিজ্ঞতা অসাধারণ ছিল। তিনি আরও জানান, “এই ছবির শিল্পীরা অসাধারণ, এবং ছবিটি রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হতে যাচ্ছে।”

এদিকে, জয়া আহসান সম্প্রতি কলকাতায় একটি ফটোশ্যুট করেছেন, যেখানে তিনি রেড হল্টার নেক ইভিনিং গাউন পরিধান করেছেন এবং ছবিগুলি তার ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “সন্দেহের ছায়ায়,” যা তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এক ঘণ্টার মধ্যে তার পোস্টে প্রায় চার হাজার রিঅ্যাকশন এবং পাঁচ শতাধিক মন্তব্য পড়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

গায়ক তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদের মধুচন্দ্রিমার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নতুন বছরের শুরুতেই এই দম্পতি জীবনযাত্রার একটি নতুন অধ্যায়ে পা রেখেছেন। তাহসান এবং রোজা বিয়ে করেছেন সম্প্রতি, আর এই খবরটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

বিয়ের এক সপ্তাহ পর, ৭ জানুয়ারি, তাহসান ও রোজা মালদ্বীপে তাদের মধুচন্দ্রিমা কাটাতে যান। সেদিন সকাল ৮টা ৫৫ মিনিটে তারা দেশের একটি এয়ারলাইন্সের বিমানে চড়ে সুদূর মালদ্বীপের জন্য রওনা দেন। সূর্যময় দ্বীপরাজ্যে তাদের বিশেষ মুহূর্তগুলো উপভোগ করছেন এই দম্পতি।

মধুচন্দ্রিমার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন রোজা আহমেদ। ছবিতে দেখা যাচ্ছে, রোজা মালদ্বীপের সাগর পাড়ে দাঁড়িয়ে আছেন, সাদা বালিতে পা রেখে এবং লাল রঙের গাউন পরিহিত অবস্থায়। রোজার এই ছবি দেখে মনে হচ্ছিল যেন তিনি এক সোনালী পরী, যা সাগরের নীল পানির মাঝে একদম মায়াবীভাবে আলোকিত হয়ে উঠেছে।

এর আগে, ৪ জানুয়ারি, তাহসান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন। গায়ে হলুদের ছবি প্রকাশের পরই তাহসান বিয়ের ছবি দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে কসমেটোলজি লাইসেন্স নিয়ে নিউইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী

জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ জানুয়ারি) গভীর রাত ২টা ৩৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ সোমবার (১৩ জানুয়ারি) ভোরে অভিনেত্রী তমা মির্জা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, “রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।”

তমা মির্জা আরও লেখেন, “এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।”

তিনি শোক প্রকাশ করে লেখেন, “আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।”

প্রসঙ্গত, সিরাজ উদ্দিন চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম