সাইফ আলি খানের হামলাকারীর বাড়ি ঝালকাঠিতে, দাবি মুম্বাই পুলিশের
written by Chandradip News24 | January 20, 2025
বলিউড তারকা সাইফ আলি খান সম্প্রতি ব্রান্দার নিজ বাসায় ছুরি হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তিকে মুম্বাই পুলিশ থানে বনের ভেতর থেকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তি বাংলাদেশি কি না, তা নিয়ে বিতর্ক চলছে।
পুলিশ জানিয়েছে, শরিফুলের কাছে একটি বাংলাদেশি জন্মসনদ পাওয়া গেছে, যেখানে তার বাড়ি ঝালকাঠি উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের পর শরিফুল প্রথমে নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা দাবি করলেও তার কথায় অসামঞ্জস্য থাকায় পুলিশ বিষয়টি খতিয়ে দেখে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন, সাত মাস আগে তিনি অবৈধভাবে পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে প্রবেশ করেন।
পুলিশ আরও জানিয়েছে, শরিফুল ভারতীয় পাসপোর্ট সংগ্রহের পরিকল্পনা করছিলেন। তবে অর্থ উপার্জনের তাগিদে ডাকাতির পরিকল্পনা করেন এবং পরে বাংলাদেশে ফিরে যাওয়ার চিন্তা ছিল তার। হামলার পর শরিফুল বান্দ্রা রেলস্টেশনে গিয়ে কাপড় পরিবর্তন করেন, তবে তার ব্যবহৃত ব্যাগের মাধ্যমেই তাকে শনাক্ত করা সম্ভব হয়।
তবে শরিফুলের আইনজীবী দাবি করেছেন, যথেষ্ট প্রমাণ ছাড়াই তাকে বাংলাদেশি বলা হচ্ছে। এই বিষয়ে আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
‘রিকশা গার্ল’ কেন দেখবেন জানালেন নভেরা
written by Chandradip News | January 20, 2025
চন্দ্রদ্বীপ ডেস্ক: বর্তমান প্রজন্মের ভার্সেটাইল অভিনেত্রী নভেরা রহমান। মা মোমেনা চৌধুরীর যোগ্য উত্তরসূরি। ‘রিকশা গার্ল’ নামে একটি সিনেমায় মা-মেয়ে অভিনয় করেছেন একসঙ্গে। পরিচালনা করেছেন অমিতাভ রেজা। এটি ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কয়েক বছর আগে এ সিনেমার কাজ শেষ করেছেন নভেরা। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণসহ নানাবিধ কারণে মুক্তিতে বিলম্ব হয়েছে। অবশেষে এটি প্রেক্ষাগৃহে আসছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা।
সিনেমাটি দর্শক কেন দেখবেন, সম্প্রতি সে কথাই জানিয়েছেন এ অভিনেত্রী। বলেছেন, ‘রিকশা গার্ল যে গল্প নিয়ে তৈরি হয়েছে, এ ধরনের গল্পের সিনেমা এর আগে দর্শক দেখেননি। আমার চরিত্রের নাম নাঈমা। সে একজন আর্টিস্ট, তার স্বপ্ন ছিল বড় আর্টিস্ট হওয়ার। কিন্তু জীবনের প্রয়োজনে রাজধানীতে এসে সে ছেলে সেজে রিকশা চালায়। গল্পটা আমার কাছে জুতসই লেগেছে। আমার কাছে মনে হয়েছে এ সিনেমাটিতে অভিনয় করা যেতে পারে।
তিনি বলেন, আমি দেখতে একটু শ্যামলা, অনেক ফর্সা নই। নাঈমা যে চরিত্রটি, এমন চরিত্রে অভিনয়ের জন্য অনেক সময় শিল্পীকে আলাদা করে কালো করা হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে নাঈমা চরিত্রের জন্য আমিই পারফেক্ট, তাই বলা যেতে পারে চরিত্রটিতে প্রবল আগ্রহ নিয়েই অভিনয় করা। কেমন করেছি, সিনেমার গল্পটাই বা কেমন-সবকিছু জানতে বুঝতে দর্শককে হলে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল।’
উল্লেখ্য, রিকশা গার্ল, এ পর্যন্ত বিশ্বের ৩০টিরও বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এদিকে ‘রিকশা গার্ল’ই নভেরার প্রথম সিনেমা নয়। এর আগে তিনি মান্নান হীরার ‘৭১-এর ক্ষুদিরাম’ ও রুবায়েত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ (বাংলাদেশে শিমু নামে মুক্তি পায়) সিনেমায় অভিনয় করেছেন।
এমপি ও মন্ত্রীদের কাছ থেকে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি
written by Chandradip News24 | January 20, 2025
চন্দ্রদ্বীপ ডেস্ক চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ সম্প্রতি একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে, তিনি সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন। তিনি বলেন, “অনেক নায়িকাই এমন প্রস্তাব পান, আমিও ব্যতিক্রম নই।” সুবাহ আরও জানান, ভবিষ্যতে তার নিজেরই এমপি হওয়ার ইচ্ছা রয়েছে।
উল্লেখ্য, মূলত নাসিরের প্রেমিকা হিসেবেই তিনি আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম-বিচ্ছেদ কাণ্ড নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। নাসিরের কাছ থেকে বিচ্ছেদের পর গায়ক ইলিয়াসের সঙ্গে মনের লেনাদেনা করেন সুবাহ। কিন্তু এই সম্পর্কও টেকসই হয়নি। সুবাহ ২০২১ সালের ১ ডিসেম্বর কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে কয়েকদিন পরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়, যা পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশ পায়।
সুবাহর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। তিনি জানান, অনেক টাকাওয়ালা, গুণী, সুদর্শন পুরুষের প্রস্তাব পেলেও মেয়েরা কেবল বিশ্বস্ততার জন্যই তাদের প্রতি আকৃষ্ট হয়।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি
written by Chandradip News24 | January 20, 2025
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর শেষ হলো। গত ১১ জানুয়ারি শুরু হওয়া দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এ উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ঘোষণা করা হয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর নাম। নির্মাতাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় সেরার স্মারক।
এবারের উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে অসংখ্য আন্তর্জাতিক সিনেমা। শিশু বিভাগে ‘হয়্যার দ্য হোয়াইট ক্রেন্স ড্যান্স’ সিনেমাটি পেয়েছে বাদল রহমান অ্যাওয়ার্ড। বিশেষ দর্শক পুরস্কার পেয়েছে ফিলিপাইনসের ‘দ্য গার্ডিয়ান অব অনার’। ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ জিতে নিয়েছে বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড।
প্রিয় মালতী, হাড্রেট ইয়ার্ডস ও পদাতিক ছবির পোস্টার
নারী নির্মাতা বিভাগে ‘মলডোভা’ সিনেমাটি পেয়েছে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড এবং ‘স্কারলেট’ জিতে নিয়েছে বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড। বেস্ট ফিচার ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ফ্রান্সের ‘কুম্ভা’, আর বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড অর্জন করেছে আর্জেন্টিনা ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ‘আওয়ার ওউন স্যাডো’।
স্পিরিচুয়াল ফিল্ম বিভাগে পর্তুগিজ সিনেমা ‘মন্টে ক্লেরিগো’ পেয়েছে বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড। অভিলাষ শর্মার ‘ইন দ্য নেম অব ফায়ার’ সিনেমাটি পেয়েছে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড।
বেস্ট ফুল লেন্থ সিনেমার পুরস্কার নেন ‘প্রিয় মালতী’র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। ছবি: উৎসব কর্তৃপক্ষের সৌজন্যে
বাংলাদেশ প্যানারোমা বিভাগে মনন মুনতাকার নির্মিত ‘আ লেজি নুন’ অর্জন করেছে ফিফ্রেসি জুরি প্রদত্ত সেরা চলচ্চিত্রের পুরস্কার। পুরো দৈর্ঘ্যের সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’।
উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য স্থায়ী ভেন্যু এবং বার্ষিক বাজেট নিশ্চিত করার আশ্বাস দেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় জলতরঙ্গ নৃত্যদল। সমাপনী প্রদর্শনী হিসেবে দেখানো হয় ইকবাল এইচ চৌধুরী পরিচালিত ‘বলী’ সিনেমাটি।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে অনুষ্ঠিত এ উৎসবে প্রদর্শিত হয় ৭৫ দেশের ২০৩টি চলচ্চিত্র। রাজধানীর ছয়টি ভেন্যুতে নয় দিনব্যাপী আয়োজিত এ উৎসবে অংশগ্রহণ করেন ৪৪ জন বিদেশি প্রতিনিধি।
উৎসবের বিশেষ আকর্ষণ ছিল চীনা সিনেমার প্রদর্শনী, রাশিয়ান নির্মাতা আলেক্সেই ফেদোরচেনকোর রেট্রোস্পেকটিভ এবং মাস্টারক্লাস ও উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
মেহজাবীনের ‘প্রিয় মালতী’ পেল সেরা সিনেমার পুরস্কার
written by Chandradip News24 | January 20, 2025
‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর পর্দা নেমেছে ১৯ জানুয়ারি। এ উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতেছে মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘প্রিয় মালতী’। দেশ-বিদেশের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এবার দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে এই সিনেমা মর্যাদাপূর্ণ পুরস্কারটি অর্জন করলো।
মেহজাবীন নিজেই তার ভক্তদের সঙ্গে এই আনন্দ সংবাদ শেয়ার করেছেন। ফেসবুকে পুরস্কার হাতে তোলা ছবি পোস্ট করে তিনি লেখেন, “প্রিয় মালতী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে।”
এই সিনেমায় মেহজাবীন চৌধুরীর চরিত্র এবং অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়েছে। তিনি তার সহশিল্পী ও পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে, মুক্তির পর থেকেই ‘প্রিয় মালতী’ প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় দেখেছে। সিনেমাটি ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছিল।
‘প্রিয় মালতী’র গল্প লিখেছেন শঙ্খ দাসগুপ্ত। চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন আবু সাঈদ রানা। সিনেমাটিতে মেহজাবীনের সঙ্গে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, এবং রিজভী রিজু। গল্পটি একটি সংগ্রামী নারীর জীবন, তার চ্যালেঞ্জ এবং স্বপ্নপূরণের উপর ভিত্তি করে তৈরি।
মেহজাবীনের এই অর্জন তার ভক্তদের জন্য এক বড় প্রাপ্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য অনুরাগী তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসিয়েছেন।
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
বুবলী হাজির নতুন রহস্যময় চরিত্রে
written by Chandradip News24 | January 20, 2025
ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী নতুন বছরে হাজির হয়েছেন এক ভিন্নরূপে। তার নতুন সিনেমা ‘পিনিক’-এর দ্বিতীয় পোস্টারে দেখা গেছে তাকে খাঁচায় বন্দি অবস্থায়, যা দর্শকদের মধ্যে রহস্য ও কৌতূহল সৃষ্টি করেছে।
ছবিটির ফার্স্ট লুকে অভিনেতা আদর আজাদকে বিশাল অস্ত্রভাণ্ডারের সামনে দেখা গেলেও এবার বুবলীকে এমন অদ্ভুতভাবে উপস্থাপন করার কারণ সম্পর্কে এখনই কিছু বলতে রাজি নন নির্মাতারা। বুবলী বলেন, “গল্পটা দারুণ, চরিত্রগুলো অনন্য। রহস্য ও সাসপেন্সে ভরা এই সিনেমা দর্শককে মুগ্ধ করবে। সব প্রশ্নের উত্তর মিলবে রোজার ঈদে ‘পিনিক’-এর মুক্তির পর।”
পরিচালক জাহিদ জুয়েল জানান, ছবিটি অ্যাকশন, রোমান্স ও মনস্তাত্ত্বিক থ্রিলারের মিশেলে নির্মিত। তার ভাষায়, “ছবিটি দর্শকদের এমন এক জগতে নিয়ে যাবে, যা থেকে বের হতে মন চায় না। রহস্যময় গল্পের ঘোরে থাকা একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হবে এটি।”
ছবির কাহিনি ও চিত্রনাট্য তৈরি করেছেন আখিউজ্জামান মেনন। ছবিটির প্রযোজক আশরাফ কিটো। কক্সবাজারে সিনেমাটির শুটিং চলছে এবং নির্মাণ কাজ শেষ হলে আসন্ন রোজার ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বুবলী ও আদর আজাদের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, ও নবাগত কেয়া আল জান্নাহ।
“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”
পরীমণি: একা, ক্লান্ত, নাকি সুখী?
written by Chandradip News24 | January 20, 2025
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন। সম্প্রতি, শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর পরীমণি কাজে ফিরেছেন এবং একক মায়ের ভূমিকা পালন করছেন। তিনি তার ছেলে পুণ্য (পদ্ম) এবং দত্তক কন্যাসন্তানকে নিয়ে জীবনযাপন করছেন, যেখানে তার প্রধান উদ্দেশ্য হলো সন্তানদের ভালোভাবে বড় করে তোলা এবং পেশাগত জীবনে সফল হওয়া।
ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরীমণি জানালেন, “নিজেকে নিয়ে কখনো এত গভীরভাবে ভাবিনি। তবে হ্যাঁ, কখনো কখনো একা একা ক্লান্ত লাগলেও আমি এখন আর রাগ বা মনখারাপের অনুভূতি নিয়ে জীবন অতিবাহিত করি না।” পরীমণি আরও বলেন, “আমি নামেই পরী, কিন্তু আমার জীবন কোনো পরীর মতো নয়। আমি রক্ত-মাংসের মানুষ, আমারও মন খারাপ হয়, রাগ হয়, দুঃখ হয়। তবে সেসব অনুভূতি এখন আমার জীবনে নেই।”
পরীমণি তার জীবনের চ্যালেঞ্জের কথা বলতে গিয়ে বলেন, “আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এক হাতে সন্তান মানুষ করে পেশাগত জীবনে সফল হওয়া। আমি চাই আমার দ্বিতীয় ইনিংস দেখে সবাই গর্বিত হোক। যদি এই মনোযোগ একটু আগে দিতাম, তবে হয়তো আমার অবস্থান কিছুটা ভিন্ন হতে পারতো।”
এখন, পরীমণি তার ক্যারিয়ারে এক নতুন দিগন্ত উন্মোচন করছেন। তার অভিনীত সিনেমা “ফেলুবক্সী” ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমে তিনি টলিউডে অভিষেক করবেন। যদিও ভিসা জটিলতার কারণে কলকাতায় যেতে পারেননি, তবে তার ফিল্ম ক্যারিয়ারে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে হচ্ছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
তাহসান কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন
written by Chandradip News24 | January 20, 2025
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। গত জানুয়ারি মাসের শুরুতেই মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপে উড়ে যান। আর সেখান থেকে ফেরার পর, তিনি রোহিঙ্গা শিবিরে গিয়ে জীবন বাঁচানোর কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে সময় কাটান এবং বাস্তুচ্যুত শরণার্থীদের সহায়তা দেখতে যান।
১৭ জানুয়ারি তাহসান তার ফেসবুক পেজে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি শিবিরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করছেন। ছবির ক্যাপশনে তিনি জানিয়েছেন, শরণার্থী শিবির পরিদর্শন করার মূল উদ্দেশ্য ছিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনে সাহায্য করা।
তাহসান বলেন, “কিছু সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে রোহিঙ্গা শিবিরের বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জীবনে বিপর্যয়ের পরও যেভাবে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে, তা দেখে আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি। এই দুর্ঘটনায় উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকদের অনুপ্রেরণা আমাকে আরও বেশি মানবিক কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে।”
তাহসান খান বর্তমানে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। শরণার্থী সহায়তার কাজ এবং তাদের জীবনযাত্রার উন্নতির জন্য তিনি দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছেন। তার এই সফর এক অনুপ্রেরণার গল্প হিসেবে হাজির হয়েছে।
তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্কে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তাদের পরিচয় অনেক আগেই হলেও, গত বছরের শেষদিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। ৪ জানুয়ারি পারিবারিক আয়োজনে তারা বিয়ে করেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
সাইফের ওপর হামলা: শাহরুখের মান্নাতেও নজরদারির অভিযোগ
written by Chandradip News24 | January 20, 2025
মুম্বাই পুলিশের ধারণা, সাইফ আলী খানের হামলাকারীরা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর ওপর নজরদারি করেছিল। হামলার ঘটনার পর পুলিশ মান্নাত পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
পুলিশের সূত্র জানায়, গত ১৪ জানুয়ারি মান্নাতের আশপাশে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখা যায়। মান্নাতের পেছনে একটি লোহার সিঁড়ি ব্যবহার করে নজরদারি চালানোর প্রমাণ পাওয়া গেছে। ফুটেজে দেখা ওই ব্যক্তির গড়ন সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজের সন্দেহভাজনের সঙ্গে মিলে গেছে।
পুলিশ মনে করছে, এই কাজ একজনের পক্ষে সম্ভব নয়। লোহার সিঁড়িটি বেশ ভারী, যা বহন করতে দুই-তিনজনের সহযোগিতা প্রয়োজন।
গত ১৫ জানুয়ারি রাতে সাইফের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত প্রবেশ করে। স্টাফ নার্স লিমার চিৎকারে সাইফের ঘুম ভাঙে। এরপর দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সাইফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
সাইফকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সাইফের ওপর হামলাকারীকে গ্রেপ্তার করতে পুলিশের ৩৫টি টিম কাজ করছে। একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। মান্নাতের ঘটনায় শাহরুখ কোনো অভিযোগ দায়ের না করলেও পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
কলকাতার প্রথম ছবিতে পরীমনি, ভিসা না পাওয়ায় প্রচারে যেতে পারছেন না
written by Chandradip News24 | January 20, 2025
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তার অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। এই সিনেমার মাধ্যমে কলকাতার সিনেমায় প্রথমবার অভিনয় করেছেন তিনি। তবে ভিসা না পাওয়ার কারণে প্রচারণার জন্য ভারতে যেতে পারছেন না।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ফেসবুকে একটি পোস্টে পরীমনি লিখেছেন, ‘ ১৭ জানুয়ারি ২০২৫ আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে। এটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটি আমার কলকাতার প্রথম ছবি।’
পরীমনি তার পোস্টে আরও লিখেছেন, ‘ছবি মুক্তি অবশ্যই আনন্দের বিষয়, তবে মনটা ভীষণ খারাপ। ভিসা হয়নি, তাই কলকাতায় যেতে পারছি না। ফেলুবক্সী টিমকে ভীষণ মিস করছি। কান্না পাচ্ছে। ডানাকাটা পরী বলেই উড়ে যেতে পারি না। তবে লাবণ্য চরিত্রে আমাকে সবাই কাল থেকে দেখতে পাবেন। প্রিয় কলকাতা, ভালোবাসা নিও।’
দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এটি একটি থ্রিলার সিনেমা। পরীমনি জানান, ‘লাবণ্য চরিত্রটি আমাকে গভীরভাবে আকর্ষণ করেছে। আত্মবিশ্বাস ছিল যে আমি এটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। দর্শক কীভাবে গ্রহণ করেন, সেটাই এখন দেখার অপেক্ষা।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকার। সোহম ছবির নাম ভূমিকায় রয়েছেন, যেখানে তিনি রহস্য সমাধানে পটু একজন সাধারণ বাঙালি চরিত্রে অভিনয় করেছেন। আর রহস্যের মূল কেন্দ্রবিন্দু লাবণ্য, যা ফুটিয়ে তুলেছেন পরীমনি।
পরীমনির প্রথম কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’ ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছে। সিনেমাটি কাল থেকে কলকাতা এবং ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম