বাংলাদেশ সরকার ২০২৫ সালের একুশে পদকের জন্য বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে মনোনীত করেছে। সংস্কৃতি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত ঘোষণা করেছে গত বৃহস্পতিবার। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় মেহেদী হাসান খানকে (অভ্র ফন্ট তৈরির জন্য) এই পুরস্কার দেওয়া হয়েছে, তবে তিনি এই পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এ প্রসঙ্গে, বর্তমান সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আজ (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌণে ছয়টায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি জানান, মেহেদী হাসান খানের চাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার একই কাজের জন্য যৌথভাবে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
ফারুকী ফেসবুকে লিখেছেন, “আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণে আগ্রহী নন। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিলো। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করবো।”
তিনি আরও লেখেন, “কালকে তার সাথে যখন কথা হয়, তিনি অসম্মতই ছিলেন। তবে ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন, কিন্তু তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা, যারা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন্য দলগতভাবে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
ফারুকী তার স্ট্যাটাসে শেষ করেন, “তারা চার বন্ধু পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। ক্যান্ট ওয়েট টু ওয়েলকাম ইউ অল। আই অ্যাম শিওর দিজ ইজ গোয়িং টু ইনসপায়ার আ লট অফ ইয়াং পিপল টু মুভ ফরওয়ার্ড নো ম্যাটার হোয়াট। বাংলাদেশ, অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস।”
প্রসঙ্গত, ২০২৫ সালের একুশে পদকের জন্য অন্যান্য মনোনীত ব্যক্তিরা হলেন:
- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর),
- সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা,
- আলোকচিত্রে নাসির আলী মামুন,
- চিত্রকলায় রোকেয়া সুলতানা,
- সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর),
- সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান,
- সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম,
- শিক্ষায় নিয়াজ জামান,
- সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর),
- ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর),
- গবেষণায় মঈদুল হাসান,
- ক্রীড়ায় একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম