আলোচনা-সমালোচনা, বিতর্ক ও প্রশংসার মাঝখানে দীর্ঘ এক দশক পার করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। বারবার চর্চার কেন্দ্রে আসা এই তারকাকে নিয়ে এবার ফের আলোচনা শুরু হয়েছে। কারণ, তার বাসার গৃহকর্মী পিংকি আক্তারের অভিযোগ—যেখানে বলা হয়েছে, পরীমণি তাকে মারধর করেছেন এবং তার উচ্ছৃঙ্খল জীবনযাপনের নানা অভিযোগও তোলেন। বিশেষ করে, উঠতি গায়ক শেখ সাদীর সঙ্গে সম্পর্কের বিষয়ে সরাসরি মন্তব্য করেন পিংকি।
তিনি একাধিক সাক্ষাৎকারে দাবি করেন, শেখ সাদী প্রায়ই পরীমণির বাসায় আসেন এবং এক বিছানায় থাকেন। এই অভিযোগ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক নিন্দা, সমালোচনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঝরাতে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন পরীমণি। তিনি সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
পরীমণির এই অবস্থানে সমর্থন জানাতে শুরু করেন তারকাদের একাংশ। তবে যাঁর নাম সরাসরি এসব আলোচনায় এসেছে, সেই শেখ সাদী এতদিন ছিলেন নীরব। অবশেষে তিনিও মুখ খুলেছেন এবং একটি বিস্তারিত ফেসবুক স্ট্যাটাসে নিজের অবস্থান স্পষ্ট করেন।
সাদী লেখেন, “একটু ভাবেন তো, অনলাইনে আপনার ছবি পোস্ট করে কেউ জানালো আপনি একজন ধর্ষক! কোনো প্রমাণ নেই, ঘটনাটাও অবাস্তব। তারপরও আপনার পরিবার, আত্মীয়স্বজন, এমনকি পাশের বাসার লোকজনও আপনাকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে। অথচ আপনার কিছুই করার নেই। এটা কতটা ভয়ানক হতে পারে, বুঝতে পারছেন?”
তিনি অভিযোগ করেন, মিডিয়ার একটি অংশ শুধু ভিউ বাড়ানোর জন্য সত্য যাচাই না করেই সংবাদ প্রকাশ করছে। তার কথায়, “একজন অপরিচিত নারী যা খুশি বলে যাচ্ছে, অথচ যাচাই না করেই মিডিয়ায় তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কি দায়িত্বশীল সাংবাদিকতা?”
সবশেষে সাদী বলেন, “পরী আপনাদের ভালোবাসায় আজকের পরীমণি। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে যেভাবে তাকে বারবার হেয় করা হচ্ছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। আমি, আমার পরিবার—আমরা এটা ডিজার্ভ করি না। পরী একজন অভিনেত্রী হলেও সে একজন নারী, একজন মা, একজন মানুষ। তাকে সেই সম্মানটুকু দেওয়া উচিত।”
এই স্ট্যাটাসের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক নতুন মোড় নেয়। অনেকেই সাদীর পক্ষ নিয়েছেন, আবার কেউ কেউ তার বক্তব্যকে কৌশলী আত্মরক্ষা হিসেবে দেখছেন। তবে একথা অনস্বীকার্য যে, পরীমণিকে ঘিরে চলমান বিতর্ক আবারও দেশের বিনোদন জগতে আলোচনার ঝড় তুলেছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম