গোয়েন্দা গল্পে ভাঙন, ভিন্ন রূপে আসছেন মোশাররফ করিম ‘মির্জা’ হয়ে

বাংলা বিনোদনে গোয়েন্দা চরিত্র মানেই সাধারনত স্মার্ট, ফিট আর অ্যাকশনপ্রেমী হিরো। কিন্তু এবার সেই চেনা ছক ভেঙে নতুন এক গোয়েন্দা চরিত্রে হাজির হচ্ছেন মোশাররফ করিম। নাম ‘মির্জা’।
সুমন আনোয়ার পরিচালিত এই ওয়েব ফিল্মে দেখা যাবে ৫০ বছর বয়সী একজন মোটা, অবিবাহিত অথচ অদ্ভুত বুদ্ধিমান এক গোয়েন্দাকে, যিনি না দৌড়ান, না মারামারি করেন—তবুও শুধু মস্তিষ্কের জোরে জটিল রহস্যের জাল ভেদ করেন।
‘মির্জা’ ওয়েব ফিল্মের মূল কাহিনি শুরু হয় এক তরুণী লুনাকে ঘিরে। তার যমজ বোন নিখোঁজ। সেই বোনের খোঁজেই লুনা সাহায্য চান গোয়েন্দা মির্জার কাছে। প্রথমে সাধারণ মনে হলেও, সময়ের সাথে রহস্য এমনভাবে ঘনীভূত হয়, যেখানে জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর মাফিয়া চক্র, এক সন্দেহপ্রবণ পুলিশ কর্মকর্তা ও বেশ কিছু বিস্ময়কর সত্য।
মির্জার ব্যক্তিগত জীবনও কম নাটকীয় নয়। সাত বোন নিয়ে তার পরিবার। তারা প্রত্যেকেই ব্যস্ত ভাইয়ের জন্য পাত্রী খোঁজায়, যদিও মির্জার নিজস্ব আগ্রহ বিয়ের প্রতি প্রায় নেই বললেই চলে। খেয়ালি ও আনাড়ি হলেও, গোয়েন্দাগিরিতে মির্জার পর্যবেক্ষণ ক্ষমতা ঈর্ষণীয়।
মোশাররফ করিম ছাড়াও ওয়েব ফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা (লুনা), জুনায়েদ বোগদাদী, খালিদ হাসান রুমি, রাসেল, মামুন, অরণ্য, সৌমি, সামিরা, দোয়েল, বর্না, ঐশী এবং শিবলু।
পরিচালক সুমন আনোয়ার তার ‘রাতারগুল’, ‘কালাগুল’ এবং ‘সদরঘাটের টাইগার’-এর মতো নাটকীয় ও রহস্যময় কাজের জন্য সুপরিচিত। ‘মির্জা’-তেও তিনি তার সেই মুন্সিয়ানার ছাপ রেখেছেন।
ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে আগামীকাল (২৩ মে) স্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। গোয়েন্দা ঘরানার গল্পে নতুন মাত্রা আনবে বলেই মনে করছেন নির্মাতা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /








