ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর এবার পা রাখছেন ঢাকাই সিনেমার রঙিন জগতে। দীর্ঘদিন নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করলেও, বড় পর্দায় এখনও দেখা যায়নি তাকে। এবার সেই অপূর্ণতা পূরণ হচ্ছে ঈদুল আজহায়। প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি, তাও আবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে।
‘তাণ্ডব’ নামের এই সিনেমা আসছে ঈদে মুক্তি পাচ্ছে। আর এর মাধ্যমেই সাবিলা বড় পর্দায় যাত্রা শুরু করলেন এক ঝলক আলোয়। এমন একটি বড় প্রজেক্টে, দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে ক্যারিয়ারের জন্য বিশাল পাওয়া। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে শুটিং অভিজ্ঞতা ও শাকিব খানকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন সাবিলা।
শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় প্রসঙ্গে সাবিলা বলেন, শাকিব খানের একটা আলাদা উপস্থিতি আছে। সেটে এলেই বোঝা যায়—একজন মেগাস্টার এসেছেন। তবে এত বড় একজন তারকা হয়েও তিনি সেটে অনেক বন্ধুসুলভ। কাউকে বোঝান না যে তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। সবসময় সবাইকে নিয়ে আনন্দ করেন, চরিত্র নিয়ে ভাবেন এবং পুরো ইউনিটকে স্বাচ্ছন্দ্যে রাখেন।
সাবিলা আরও জানান, তাণ্ডবের শুটিংয়ে তার প্রথম দৃশ্যই ছিল শাকিব খানের সঙ্গে। প্রথম দিনের জন্য ভেতরে কিছুটা নার্ভাসনেস থাকলেও, শাকিব খান সেটা সহজেই কেটে দিয়েছেন। সাবিলার ভাষায়, “তিনি এমনভাবে মিশে যান, মনে হয়নি আমি নতুন কারো সঙ্গে কাজ করছি। বরং এমন লেগেছে, আমরা আগেই পরিচিত।”
নায়িকা জানান, সিনেমার পরিচালক রায়হান রাফীর ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গেই তার ভয় দূর হয়ে যায়। শাকিব খানকে আর তখন তারকা হিসেবে নয়, বরং নিজের চরিত্রের সঙ্গে মিলিয়ে ‘স্বাধীন’ হিসেবে দেখেছেন। সিনেমার গল্পের গভীরে প্রবেশ করতে পেরেছেন বলেই সাবিলা মনে করেন, এমন অভিজ্ঞতা তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
শাকিব খানের ভেতরের এক দিকের সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছেন সাবিলা। তিনি বলেন, “আমি একটু শান্ত স্বভাবের, সেটে নিজের মতো থাকি। শাকিব খানও একদম সেই রকম। কোনো অহংকার নেই, নিজের কাজ নিয়ে সবসময় চিন্তিত থাকেন।”
সব কিছু ঠিক থাকলে ‘তাণ্ডব’ সিনেমাটি ঈদুল আজহার প্রথম দিন থেকেই দেশের দেড় শতাধিক হলে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমে শাকিব খান ও সাবিলা নূরের নতুন জুটি কতটা জায়গা করে নিতে পারে দর্শকের মনে, সেটাই এখন দেখার অপেক্ষা।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম