জন্মদিনে একাকিত্বে ভোগেন ববি

চন্দ্রদীপ বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার বর্তমান সময়ের ব্যস্ত নায়িকা ইয়ামিন হক ববি। আজ শুক্রবার তারকা অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে একাকিত্বে ভোগেন নায়িকা।

ঢাকায় একাই থাকেন ববি। মা ও বোনেরা থাকেন অস্ট্রেলিয়ায়। বিশেষ দিনটিতে পরিবারের কেউ তার পাশে নেই, ভাবতেই যেন মন খারাপ হয় তার। তাই রাখছেন না কোনো আয়োজন। তবে ইচ্ছে আছে ঢাকা কিংবা দেশের বাইরে উড়াল দেওয়ার, এমনটাই জানালেন তিনি।

ববি বলেন, ‘জন্মদিনের এই সময় খুব একা ফিল হয়। কারণ মা ও বোনেরা দেশের বাইরে। তাই আগামীকাল একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে।’

সম্প্রতি ‘খোয়াব’ সিনেমার কাজ শেষ করেছেন ববি। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আদর আজাদ। সাহিত্যনির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। অন্যদিকে মেকআপম্যানের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে।

ছবিটি নিয়ে ববি বলেন, ‘নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো অভিনয় করে। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করছি।’

মুক্তির অপেক্ষায় রয়েছে ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। শিগগিরই শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ সিনেমার কাজ। ববির গল্প ভাবনায় ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির।




মান-অভিমান শেষে আবারও একসঙ্গে রাজ-পরী

চন্দ্রদীপ বিনোদন ডেস্ক : গত ১০ আগস্ট শরীফুল রাজ ও পরীমণি দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু অনুষ্ঠানে দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। পুরো অনুষ্ঠানটি একাই সামলিয়েছেন রাজ্যের মা পরীমণি। এবার রাজ্যের কথা ভেবে বিবাদ ভুলে এক হলেন পরীমণি ও শরীফুল রাজ।

বুধবার রাতে রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা গেল রাজ-পরীকে।

গানবাংলার স্টুডিওতে সংগীত আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা যায় তাঁদের। বিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে তাপসের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’




ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জ়ারিন

চন্দ্রদীপ বিনোদন ডেস্ক : অসুস্থ অভিনেত্রী জারিন খান। ডেঙ্গুতে আক্রান্ত তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ার হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি সমাজিক মাধ্যমে হাসপাতালে ভর্তি হওয়ার এই খবর সবার সঙ্গে শেয়ার করেন জ়ারিন। আপাতত অভিনেত্রীর ঠিকানা হাসপাতাল হলেও তাঁর অবস্থা স্থিতিশীল ।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের হাতের একটি ছবি শেয়ার করেছেন জ়ারিন। হাতে স্যালাইনের চ্যানেল করা, তার মধ্য দিয়েই প্রয়োজনীয় ওষুধ পৌঁছে যাচ্ছে শরীরে। এই ছবি সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে হ্যাশট্যাগ দিয়ে জ়ারিন লেখেন, ‘লাইফ আপডেট’।




মুক্তি পেয়েছে রিজার্ভ চুরি নিয়ে নির্মিত ‘বিলিয়ন ডলার হাইস্ট’

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স: হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে নির্মিত বলিউডের তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’ মুক্তি পেয়েছে। গতকাল সোমবার থেকে যুক্তরাজ্যে সাবস্ক্রিপশন ভিত্তিতে অ্যামাজন ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এটি দেখা যাচ্ছে। এ ছাড়া আজ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্ল্যাটফর্মেও দর্শকেরা তথ্যচিত্রটি দেখতে পাবেন। খবর দ্য গার্ডিয়ানের।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন বা ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ চুরির ঘটনা সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল। এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক অপরাধগুলোর একটি মনে করা হয়। ২০১৬ সালের আলোচিত সেই ঘটনা নিয়ে তথ্যচিত্র বা ডকুমেন্টারি বানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট।

একদল হ্যাকার কীভাবে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৮১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয় এবং হ্যাকারদেরই সামান্য একটি ভুল টাইপের কারণে আরও ২০ মিলিয়ন বা ২ কোটি ডলার হাতিয়ে নেওয়া থেকে বাংলাদেশ ব্যাংক রক্ষা পায়—বাস্তব এই গল্পই দেখানো হয়েছে তথ্যচিত্রে।

বিলিয়ন ডলার হাইস্টের পরিচালক হলেন ডেনিয়েল গর্ডন। তথ্যচিত্রে তিনি বলেন, মানব জাতি বর্তমানে চারটি ক্ষেত্রে অস্তিত্বের হুমকির মুখোমুখি রয়েছে। এগুলো হচ্ছে মহামারি, গণবিধ্বংসী অস্ত্র, জলবায়ু পরিবর্তন ও সাইবার ঝুঁকি। তথ্যচিত্রে তিনি সাইবার ঝুঁকির মারাত্মক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন।

বেশ কয়েকটি দেশ, টাইম জোন ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই সাইবার অপরাধের ঘটনা তথ্যপূর্ণ বিনোদনে পরিণত করেছেন পরিচালক ডেনিয়েল গর্ডন। তিনি অ্যানিমেশন ও হ্যাকিংয়ের বিভিন্ন আর্কাইভাল ফুটেজের পাশাপাশি ব্রিটিশ সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞ মিশা গ্লেনির সাক্ষাৎকারের মাধ্যমে রিজার্ভ চুরি ও সাইবার নিরাপত্তার বিষয়টি সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন।




কেন ইরান সরকার ‘ক্রিটিক্যাল জোন’-এ নিষেধাজ্ঞা দিয়েছিলো

চন্দ্রদীপ বিনোদন ডেস্ক: ১৯৯৬ সালের গল্প। সেই গল্প দিয়েই ইরানের সমাজব্যবস্থার একটি চিত্র দেখিয়েছেন পরিচালক আলী আহমদ। সে সিনেমা সম্প্রতি শেষ হওয়া ৭৬তম লোকার্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে। কিন্তু আগে থেকেই ইরান সরকারের বাধার মুখে উৎসবে যেতে পারেননি পরিচালক। শুধু তাই নয়, সিনেমাটি নিয়ে হুমকির মুখে পড়তে হয়েছে পরিচালক, প্রযোজক ও ডিস্টিবিউটরদের। পুরস্কার প্রাপ্তির পর ইরান থেকে পরিচালক ভিডিওতে সিনেমাটি নির্মাণসহ নানা প্রসঙ্গে আয়োজকদের সঙ্গে কথা বলেন।

‘ক্রিটিক্যাল জোন’ নামের এই সিনেমা সুইজারল্যান্ডের গুরত্বপূর্ণ উৎসবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার খবর প্রকাশের পর থেকেই বাধার মুখে পড়েন এর প্রযোজক ও পরিচালক। তাঁদের বিভিন্নভাবে ই–মেইলে হুমকি দেওয়া হয়। উৎসব কর্তৃপক্ষকেও ইরান সরকারের পক্ষ থেকে সিনেমাটি স্ক্রিনিং থেকে বিরত থাকতে বলা হয়। তাদের একটাই বার্তা ছিল, উৎসব থেকে সিনেমাটি সরিয়ে ফেলা।

ডেডলাইন সূত্রে আরও জানা যায়, ইরান সরকার মনে করছে দেশকে ছোট করা হয়েছে ‘ক্রিটিক্যাল জোন’ নামের এই সিনেমায়। একই সঙ্গে সিনেমায় যে নারীদের ক্ষমতা, মাদক, অবাধ জীবনযাপন ও স্বাধীনতার কথা বলা হয়েছে, সেটা ইরানের সমাজব্যবস্থার সঙ্গে কোনোভাবেই মানানসই নয়।

আলী আহমদের ক্যারিয়ারের এটি চতুর্থ সিনেমা। এবার ‘ক্রিটিক্যাল জোন’ এই সিনেমায় তুলে ধরা হয়েছে, তেহরানের অন্ধকার জগতের গল্প। আমির নামের এক ড্রাগ ডিলারকে দিয়েই গল্প শুরু হয়। যে গল্পে উঠে এসেছে মাদক, অমানবিক জীবনযাপন, নারীদের সাহসসহ বেশ কিছু বিষয়। এই বিষয়ে পরিচালক পুরস্কারের পর ভিডিও সাক্ষাৎকারে জানান, সিনেমাটির মনোনয়ন তাঁর কাছে গুরত্বপূর্ণ ছিল। কারণ, তিনি সিনেমাটিতে একটি সময়ের গল্পের মধ্যে অতীতের ইরানকে দেখিয়েছেন। সেটার সঙ্গে বর্তমান সময়ের তরুণের ভিন্ন এক ধারণা পাবে। যাঁরা আসলেই ইরানের সমাজের সত্যকারের পরিবর্তন চায়।

আলীকে এক মাস আগে ইরান থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এমনকি তিনি অফিশিয়ালি ইরানে কোনো সিনেমার কাজ করতে পারবেন না। তবে স্বাধীন একজন নাগরিক হিসেবে ‘ক্রিটিক্যাল জোন’ সিনেমা তিনি সরকারের কোনো অনুমতি ছাড়াই নির্মাণ করেছেন। সিনেমাটি ইতিমধ্যে উৎসবে প্রশংসিত হয়েছে। আয়োজন সূত্রে জানা যায়, সিনেমার গল্প তাদের মন ছুঁয়েছে। গল্প বর্ণনায় আছে নতুনত্ব। সবার অভিনয় ছিল প্রশংসনীয়। সিনেমাটি উৎসবে গোল্ডেন লিয়োপ্যার্ড পুরস্কার জিতেছে।




এবার আমেরিকান নায়িকার সঙ্গে রোমান্সে শাকিব খান

চন্দ্রদীপ বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি দেশ ও দেশের বাইরে এখনো চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে। এর মধ্যেই  শিগগির শুরু হতে যাচ্ছে এই অভিনেতার পরবর্তী সিনেমার কাজ।

গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ‘রাজকুমার’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এতে শাকিবের নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফিকে। হিমেল আশরাফের পরিচালনায় ছবিটি প্রযোজনা করবেন আরশাদ আদনান।

জানা গেছে, শিগগির শুরু হবে ছবিটির শুটিং। আগামী বছর রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সেভাবেই এগোচ্ছে প্রি-প্রোডাকশনের কাজ।

প্রযোজক আরশাদ আদনান জানান, ‘রাজকুমার’ ছবিতে মিষ্টি এক প্রেমের গল্প থাকছে। যেখানে গল্পের নায়ক গ্রামের ছেলে। অনেক চড়াই উতরাই পার করে আমেরিকা যাবে। সেখানে আমেরিকান এক সুন্দরী মেয়ের বাড়িতে ভাড়া থাকবে। তারপরই দুষ্টু মিষ্টি কাহিনির বাঁকে এগিয়ে যাবে তাদের প্রেম।

‘প্রিয়তমা’র বিশাল সফলতার পর আবারও জুটি বাঁধছেন শাকিব-হিমেল-আদনান ত্রয়ী। ‘রাজকুমার’ দিয়ে আরও একবার দর্শকদের চমক উপহার দিতে চান তারা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন নির্মাতা হিমেল আশরাফ।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে বসে ‘প্রিয়তমা’ সিনেমাটি উপভোগ করেন কোর্টনি কফি। ছবিটি দেখে নিজের ভালো লাগার কথা জানান মার্কিন এ অভিনেত্রী। শাকিব খানের সঙ্গে অভিনয়ের আগে বড় পর্দায় সহ-অভিনেতাকে একবার পরখ করে নেওয়ার সুযোগ হয়তো একদমই হাতছাড়া করতে চাননি তিনি।




সাড়ে আট বছরের প্রেম শেষে বিয়ের ঘোষণা ফারিণের

চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স: দীর্ঘদিনের প্রেমিককে প্রকাশ্যে এনে বিয়ের ঘোষণা দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার এক ফেসবুক পোস্টে ফারিণ জানান, গত ১১ আগস্ট আকদ সেরেছেন তিনি। স্বামীর নাম শেখ রেজওয়ান, দেশের বাইরে থাকেন।

দুজনের ছবি পোস্ট করে ফারিণ লিখেছেন, ‘তিনি দেশের বাইরে কাজ করেন, ফলে তাড়াহুড়োর মধ্যে সবকিছু ঘটেছে। আমাদের ঘনিষ্ট বন্ধু ও সহকর্মীদের নিয়ে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। ’

২০২০ সালে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে ফারিণ বলেছিলেন, ‘আমার বয়স মোটে ২২ বছর চলছে। আমি ভাগ্যবান এই ভেবে, ক্যারিয়ার খুব তাড়াতাড়ি শুরু হয়েছে। এই সময়ে অনেকের পড়াশোনাও শেষ হয় না। বিউপি থেকে কেবল বিবিএ শেষ করেছি। মাস্টার্সের পরিকল্পনা আছে। বিয়ের ব্যাপারটি পরিবার থেকে আমার ওপর ছেড়ে দিয়েছে। তার মানে এই নয় যে ৩০ বছর পর বিয়ে করব। কিছুদিন পর হয়তো তাঁরাও পীড়াপীড়ি করবে।’




সমকামিতার অভিযোগে কুয়েতের পর লেবাননও নিষিদ্ধ করছে ‘বার্বি’

চন্দ্রদীপ নিউজ ডেস্ক: সমকামিতা প্রচারের অভিযোগে হিট সিনেমা ‘বার্বি’ নিষিদ্ধ করছে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। এর আগে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত জানিয়েছে যে তারাও একই কারণে ‘বার্বি’ নিষিদ্ধ করেছে।

কারণ দেখিয়ে লেবাননের সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ মোরতাদা বলেন, ‘বার্বি’ ছবিটি ‘সমকামিতা ও যৌন রূপান্তর’ প্রচার করছে, যা তাদের ‘বিশ্বাস ও নৈতিকতার পরিপন্থী’।

মোরতাদা বলেন, ‘ছবিটি লেবাননের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী, কারণ এটি বিকৃতি ও লিঙ্গ রূপান্তরকে উৎসাহিত করে।’

মোরতাদা বলেন, লেবানিজে ইনটেরিয়র মিনিস্ট্রিকে তিনি দেশটিতে ‘বার্বি’ প্রদর্শন নিষিদ্ধ করার জন্য ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে’ বলেছেন।

তিনি বলেন, ছবিটি ‘সমকামিতা ও লিঙ্গ রূপান্তর প্রচার করে…বাবার অভিভাবকত্বকে প্রত্যাখ্যান করে, মায়ের ভূমিকাকে খাটো ও অপমান করে। আর বিয়ে ও পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।’

মোরতাদার অনুরোধের পর স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম মাওলাউই দেশটির সেন্সরশিপ কমিটিকে ছবিটি পর্যালোচনা করে নিজেদের সুপারিশ দিতে বলেছেন।

মধ্যপ্রাচ্যে ছবিটি ১৯ জুলাই মুক্তি পাওয়ার কথা।

এদিকে সৌদি আরবে প্রথমে ১০ আগস্ট মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে ৩১ আগস্ট করা হয়েছে। স্থানীয় সেন্সররা ছবিটিতে সমকামী-সংক্রান্ত বিবরণ ও সংলাপ থাকার অভিযোগ তোলার পর সৌদিতে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।

এদিকে মার্গট রবি ও রায়ান গসলিং অভিনীত ‘বার্বি’ ইতিমধ্যে বিশ্বজুড়ে ১.০৩ বিলিয়ন ডলার আয় করে নিয়েছে।




রঙ্গিন রূপবান’-এর রাজকুমারকে কেউ মনে রাখেনি

চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স: পরিবার নিয়ে সিনেমা হলে সিনেমা দেখার সেই সোনালি দিনে রাজকুমার রহিম হয়ে বড় পর্দায় আবির্ভূত হয়েছিলেন তরুণ চিত্রনায়ক আবদুস সাত্তার; আলোচিত সিনেমা ‘রঙ্গিন রূপবান’–এ অনবদ্য অভিনয়ের সুবাদে দেশজুড়ে তাঁর পরিচিত ছড়িয়ে পড়েছিল।

রহিম চরিত্রে লাল রঙের জ্যাকেটের সঙ্গে ঝলমলে পাগড়ি আর মুকুটে দ্যুতি ছড়িয়েছিলেন সাত্তার, দর্শকদের কাছে রাজকুমারের প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন তিনি। দর্শকদের আগ্রহের জন্য ফোক–ফ্যান্টাসিনির্ভর চলচ্চিত্রে সাত্তারের ব্যস্ততা বাড়তে থাকে, হয়ে ওঠেন পোশাকি সিনেমার ‘পোস্টার বয়’।

আশির দশকে ঢাকাই সিনেমায় রাজ্জাক, বুলবুল, উজ্জ্বল, ফারুকের রাজত্বে লোক ঘরানার সিনেমায় আলাদা পরিচয় তৈরি হয়েছিল সাত্তারের। মান্নাসহ সমসাময়িক শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাঁর দেড় শতাধিক সিনেমার মধ্যে বেশির ভাগ সিনেমাই ছিল হিট। ‘সাত ভাই চম্পা’, ‘মধুমালা মদন কুমার’, ‘অরুণ বরুণ কিরণ মালা’, ‘সাগরকন্যা’, ‘শিশমহল’, ‘জেলের মেয়ে রোশনী’সহ বেশ কয়েকটি সিনেমায় তাঁকে রাজকুমারেরর বেশে পেয়েছেন দর্শকেরা।




শাহরুখ কার সুপারিশে প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ পান

চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স: বলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের কেরিয়ারের গোড়ার দিকের কথা উল্লেখ করেন। তিন দশক হিন্দি ফিল্মজগতে সময় কাটালেও শাহরুখ তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছোট পর্দার মাধ্যমে।

‘ফৌজি’ ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করে রাতারাতি ছোট পর্দায় নিজের পরিচিতি গড়ে নিয়েছিলেন শাহরুখ। পাশাপাশি অভিনয় দক্ষতার মাধ্যমে নজর কেড়েছিলেন বলিপাড়ার ছবি নির্মাতাদের।

হেমা সাক্ষাৎকারে জানান, ‘ফৌজি’ ধারাবাহিকে শাহরুখের অভিনয় দেখে তাঁকে বেশ ‘মিষ্টি’ লেগেছিল। সেই সময় নিজের ছবি ‘দিল আশনা হ্যায়’-এর চিত্রনাট্য নির্মাণ নিয়ে ব্যস্ত ছিলেন হেমা।

শাহরুখ থেকে বলিউডের ‘কিং খান’ হওয়ার যাত্রা। যা এখনও চলমান। কারণ বলিউডের ‘বাদশা’ থামতে জানেন না।
তিন দশক ধরে বলিপাড়ায় রাজত্ব করে চলেছেন বলি অভিনেতা শাহরুখ খান। চার বছর বিরতির পর শাহরুখের ‘পাঠান’ ছবিটি মুক্তি পায়। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে সাফল্যের চূড়ায় পৌঁছয় ‘পাঠান’। আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে শাহরুখের এই বছরের দ্বিতীয় ছবি ‘জওয়ান’।

‘জওয়ান’ ছবির ‘প্রিভিউ’ বা তথাকথিত প্রথম ঝলক প্রকাশের পর দর্শকের মধ্যে শাহরুখের লুকের পাশাপাশি অভিনয় নিয়েও চর্চা শুরু হয়েছে। অভিনেতার সমস্ত কিছুই যেন ‘বাদশা’সুলভ।

শাহরুখের নতুন ছবি নিয়ে চর্চা তুঙ্গে থাকাকালীন তাঁর কেরিয়ার নিয়েও আলোচনা শুরু হয়। সম্প্রতি এক বলি অভিনেত্রী শাহরুখের কেরিয়ারের শুরুর দিন নিয়ে অজানা তথ্য ভাগ করে নেন। অভিনেত্রী দাবি করেন, শাহরুখের কেরিয়ার তৈরির নেপথ্যে রয়েছেন অন্য কেউ।