গোপনে বাগদান সেরে ফেলার গুঞ্জন জাহ্নবীর

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর বরাবরই চর্চায় থাকেন। বাবা প্রযোজক বনি কাপুর ও মা শ্রীদেবীর কন্যা হওয়ায় এমনিতেই পাদপ্রদীপের আলোয় থাকেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত সম্পর্ক নিয়েই শিরোনামে উঠে আসেন লাস্যময়ী এ তরুণ নায়িকা। এবার তাকে ঘিরে গুঞ্জন, চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে গোপনে বাগদান সেরে ফেলার।

বলিউড অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এই প্রশ্ন, তবে কি শিখরের সঙ্গে গোপনে বাগদান সেরে ফেললেন জাহ্নবী? অবশ্য এই প্রশ্ন উঁকি দেওয়ার পেছনে যথেষ্ট কারণও আছে। ইদানীং বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে শিখর-জাহ্নবীকে। সম্প্রতি এই জুটিকে দেখা গেছে তিরুপতি মন্দিরে। নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, শিখরের পাশে মন্দিরে পূজা দিয়ে প্রার্থনা করছেন অভিনেত্রী। এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জল্পনা।

ভাইরাল হওয়া ভিডিওতে জাহ্নবীকে বেগুনি রঙের শিফন শাড়ি এবং শিখরকে সাদা ধুতিতে দেখা গেছে। এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে গুঞ্জন শুরু হয়েছে। নেটিজেনদের অনেকেই অনুমান করছেন, গোপনে বাগদান সেরে নিয়েছেন জাহ্নবী। এছাড়াও জাহ্নবীর হাতের হিরের আংটি দেখে জল্পনা আরও বেড়েছে। যদিও বিষয়টি নিয়ে জাহ্নবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি নিজের প্রথম প্রেম নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন জাহ্নবী। তিনি জানান, রুপালি পর্দায় পা রাখার আগে প্রথম প্রেমের সম্পর্কে জড়ান। কিন্তু বাবা-মায়ের কারণে তার এ সম্পর্ক ভেঙে যায়। যদিও সেই প্রেমিকের নাম পরিচয় প্রকাশ করেননি তিনি।

জাহ্নবী বলেন, ‘আমরা গোপনে দেখা করতাম। আমরা আমাদের ভালোবাসার সম্পর্ক গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু মা-বাবার কারণে এ সম্পর্ক ভেঙে যায়। কারণ তারা এ সম্পর্কের পক্ষে ছিলেন না। মা-বাবাকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার বাবা-মায়ের বক্তব্য ছিল, তোমার কোনো প্রেমিক থাকবে না। এ বিষয়ে বাবা-মা খুবই রক্ষণশীল দৃষ্টিভঙ্গির ছিলেন। এরপর আমি অনুধাবন করি, একটি সম্পর্কে বাবা-মায়ের গুরুত্ব কতখানি! প্রেমের সম্পর্কে তাদের সম্মতি আত্মবিশ্বাসী করে তোলে এবং সবকিছু সহজ করে দেয়।’




নির্মাতা থেকে এবার অভিনেতা ফারুকী

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স : প্রায় ২৫ বছর ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমা, নাটক, ধারাবাহিকসহ কালজয়ী সব কাজ দর্শককে উপহার দিয়েছেন তিনি। দেশ-বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে তার পরিচালিত সিনেমা। এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ফারুকী। তিনি অভিনয় করছেন তারই পরিচালিত সিনেমায়।

চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম নির্মাণ করছেন। পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজেই নির্মাণ করছেন দুটি সিনেমা। কিছুদিন আগেই ঘোষণা দেওয়া হয় ফারুকীর প্রথম সিনেমা ‘মনোগামী’র। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ বা ‘অটোবায়োগ্রাফি’ ফারুকী পরিচালিত আরেকটি সিনেমা।

আরেকটি আনন্দের ও বড় সংবাদ হচ্ছে, ‘অটোবায়োগ্রাফি’ বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী অক্টোবরে এ উৎসবেই হবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘কিম জিসুক’ নামে এ প্রতিযোগিতা বিভাগে ‘অটোবায়োগ্রাফি’ এবছর এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। যার মধ্যে ফিলিপিনো মাস্টার ফিল্মমেকার ব্রিলান্টে মেন্ডোজা, শ্রীলঙ্কার পাওয়ার হাউস প্রসন্ন ভিটানেজ, ইন্দোনেশিয়ার ইয়োসেপ অ্যাঙ্গি নোয়েনসহ আরও অনেকে।

ওয়ার্ল্ড প্রিমিয়ার উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মিডিয়াস্টার’র হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন জারায়েফ আয়াত হোসেন, চরকির সিইও রেদওয়ান রনি, পরিচালক ফারুকী ও অভিনেত্রী তিশাকে।




অভিনেত্রী জেবা চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স:   অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ড ছাড়াও এই অভিনেত্রীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জেবা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বুধবার মামলার বাদী ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাহবুব হাসান রানা বিষয়টি জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী রানার কাছে সাত লাখ টাকায় জেবা চৌধুরী প্রাইভেট কার বিক্রি করেন। একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা চৌধুরী সব টাকা বুঝে নেন। তবে গাড়ির কাগজপত্র আপডেট না থাকায় গাড়ি হস্তান্তর করেননি।

চুক্তিপত্রে বলা হয়েছিল বিআরটিএ থেকে সমস্ত কাগজপত্র ঠিক করে ১৫ দিনের মধ্যে গাড়ি হস্তান্তর করবেন। কিন্তু টাকা নিয়ে আসামি আর গাড়ি হস্তান্তর করেননি। পরে ২০২২ সালের ৮ মে ভুক্তভোগী রানা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন। মামলার পর আসামি গ্রেপ্তার হন। এরপর জামিনে গিয়ে পলাতক হন।

এতে আরও বলা হয়, এ বছর ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালীন বিভিন্ন সময়ে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।




‘একাধিক বিয়ে-বাচ্চা-বয়স’ নিয়ে মুখ খুললেন ‘হাবু ভাই’

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স:   কয়দিন আগে ব্যাচেলর তকমা মুছে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম। এই অভিনেতার স্ত্রীর নাম তুলতুল ইসলাম মোহনা। গেল ২৫ আগস্ট গায়েহলুদ ও ২৬ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চাষী আলমের গায়েহলুদ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসার পর এ দম্পতির বয়স নিয়ে জোর চর্চা শুরু হয়।

অনেকের দাবি, চাষী আলমের বয়স ৫৬ এবং তার স্ত্রীর বয়স ২১ বছর। বয়সের এ ব্যবধান নিয়ে কয়েক দিন ধরে নানারকম চর্চা চলছে। কথা উঠেছে চাষী আলমের ‘প্রাক্তনের’ প্রসঙ্গ।

অবশেষে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন চাষী আলম। অভিনেতার ভাষ্য, বেশ কিছু নিউজ হয়েছে যেগুলোর শিরোনাম- ‘কাবিলাকে না পেয়ে হাবুকে বিয়ে করলেন তুলতুল’, ‘৫৬ বছর বয়সী হাবুকে বিয়ে করলেন তুলতুল’। এগুলো খুব ফানি নিউজ। আমাদের যখন কাবিন হয়েছে, তখন আমার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নেওয়া হয়েছিল; একইভাবে আমার স্ত্রীর পরিচয়পত্র ও পাসপোর্ট নেওয়া হয়েছিল। কাবিনের সময়ে গার্ডিয়ানরা দেখেন নাই আমার বয়স কত! নিউজ হচ্ছে, মানুষ মজা নিচ্ছে। মানুষ মজা নিক, অসুবিধা নেই। কারণে এসবের কোনো মূল্য নেই।

কলেজ জীবনে এক সহপাঠির সঙ্গে সম্পর্কের খবরে চাষী আলম বলেন, আরেকটি নিউজ দেখলাম, যাতে বলা হয়েছে, এক কলেজ ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক ছিল। অথচ কলেজ জীবনে ওই নামে আমার কোনো বান্ধবী ছিল না। আবার বলা হচ্ছে, প্রেম ভাঙার ৩৩ বছর পর বিয়ে করলেন হাবু। এবার আমি একটা হিসাব করি। আমি যখন কলেজে পড়ি, তখন আমার বয়স কম হলেও ১৮ বছর ছিল। ৩৩ আর ১৮ যোগ করলে কত হয়? অথচ ৫৬ কিংবা ৬৬ বছর লিখতেছে।

তিনি যোগ করেন, তারপর খবর উড়ছে, এটা নাকি আমাদের দ্বিতীয় বিয়ে। শুধু তাই না, বাচ্চাও নাকি আছে। আমার মা আমাকে জিজ্ঞাসা করলেন, ‘এটা নাকি তোর তিন নাম্বার বিয়ে? সেটাই যদি হয় তবে তোর অন্য বউ-পোলাপান কোথায়?’ আমার ছোট বোনও মজা করে বলছে, ‘তোর অন্যান্য বউগুলো কোথায়?’ আমি বললাম, অন্যান্য বউ মানে? ও বলতেছে, ‘এরকম নিউজ আসছে, ওইখানে দেখলাম। ’ আসলে এরকম খবর আসবেই। এসব নিয়া আমার কোনো মাথা ব্যথা নাই। ’




শুটিংয়ে ফিরলেন পরীমণি

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স:  সন্তান জন্মের আগে থেকেই নিজেকে শুটিং থেকে সরিয়ে নিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। আবারও আজ থেকে শুটিংয়ে ফিরলেন তিনি। বিষয়টি বুধবার (৩০ আগস্ট) সকালে জাগো নিউজকে নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। তিনি বলেন, একটু আগে কাজ শুরু করলাম। বিষয়টি নিয়ে এখনি বিস্তারিত কিছু বলা যাবে না।

এদিকে সকালে পরীমণি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, সে মায়ের সাথে শুটিং এ যাচ্ছে। ফেসবুক পোস্টের মন্তব্যে পরীমণির ছেলে রাজ্যকে অনেক ভালোবাসা জানাচ্ছে শিল্পীরা। ফারিয়া খন্দকার নামে একজন লিখেছেন, মা, ছেলের জন্য অনেক ভালোবাসা।

আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গ-তে মুক্তি পাবে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। ওয়েব ফিল্মটিতে নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক, সবাই সাহায্যের জন্য তার কাছে ছুটে আসে। এই ‘বাবা’র আশীর্বাদ পেলেই যেন জাদুকরী উপায়ে প্রসন্ন হয়ে যায় সবার ভাগ্য! এতে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরীমণি। যিনি তার সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন। তাদের অন্তরঙ্গ দৃশ্যও উঠে এসেছে সম্প্রতি প্রকাশ হওয়া ওয়েব ফিল্মটির ট্রেলারে। এছাড়া তরুণ রাজনীতিকের ভূমিকায় থাকা সজলের সঙ্গেও টিনা তথা পরীমণির ঘনিষ্ঠতা দেখা গেছে।

ওয়েব ফিল্মটি নিয়ে পরিচালক সহিদ উন নবী বলেছেন, প্রতিটি মানুষের জীবনে একটা ফাদার ফিগার বা বস থাকে। তাদের আমরা ‘বাবা’ বলি। সাফল্য পাওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয়। কেউ মন থেকে সহযোগিতা করে, আবার কেউ নিজের সুবিধার জন্য করে। মানুষের জীবনে সেই বাবাদের প্রভাব নিয়েই ‘পাফ ড্যাডি’র গল্প।

এ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ।




সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স: সিঙ্গাপুর যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তার ভক্ত-অনুরাগী। প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে কয়েকদিন আগে তিনি যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন। এবার সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।

জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এ ‘ঢালিউড কুইন’। এতে তার সঙ্গে আরও অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী ও রাহি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে অপু বিশ্বাস জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি। সিঙ্গপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করেছেন তারা।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যে নতুন বেশ কয়েকটি সিনেমা মুক্তি অপেক্ষা রয়েছে।




উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা পেলেন তানজিন তিশা

চন্দ্রদ্বীপ ‍নিউজ ডেক্স: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ে নিয়মিত মুগ্ধতা ছড়াচ্ছেন, অনুপ্রেরণা জোগাচ্ছেন অনেককে। শোবিজ অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননায় ভূষিত হলেন এ অভিনেত্রী।

নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কর্তৃক ১২ জন নারীকে ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা প্রদান করা হয়।

জেসিআই কর্তৃক জানানো হয়, পুরস্কারপ্রাপ্ত নারীরা তাদের নেতৃত্বগুণ, লক্ষ্যের প্রতি অসামান্য উৎসর্গ এবং অগণিত মানুষকে তাদের কাজের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন।
সম্মাননা পেয়ে এক প্রতিক্রিয়ায় তানজিন তিশা বলেন, “উইমেন অব ইন্সপিরেশন’-এই সম্মাননাটা সত্যিকার অর্থেই নারীদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও ভালো কিছু করতে উৎসাহিত করবে। অন্যান্য অনেক সম্মাননার চেয়ে এটা অনেক আলাদা এবং সম্মানের। বিনোদন অঙ্গনে আমার অবদানকে মূল্যায়ন করে এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা প্রদান করায় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ।’
তিশা ছাড়াও এ বছর পুরস্কারপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে ছিলেন শিক্ষা ক্ষেত্রে মুনজেরিন শহীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সারাবন তহুরা তুরিন, বাণিজ্য ক্ষেত্রে ফাদিয়া খান, করপোরেট ক্ষেত্রে ফারহা নাজ জামান, খেলাধুলায় রূপনা চাকমা, স্টার্টআপ ক্ষেত্রে সাদিয়া হক, শিল্প ও সাহিত্য ক্ষেত্রে রোকেয়া সুলতানা, ব্যাংকিং ক্ষেত্রে নুরুন নাহার বেগম, চিকিৎসা উদ্ভাবনে ডা. সায়েবা আর্থতার, উঠতি নারী নেতৃত্বে শবনম ওয়াজেদ এবং আজীবন সম্মাননা দিলারা জামান।




নেত্রী হওয়ার দৌড়ে অভিনেত্রী মাহি

চন্দ্রদ্বীপ ‍নিউজ: মা হওয়ার আগ থেকেই অভিনয়কে সাময়িক বিরতি জানান জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত মার্চে ফুটফুটে পুত্রসন্তান জন্ম দেওয়ার পর তাকে নিয়েই পুরোটা সময় কাটে এই অভিনেত্রীর। নিয়মিত রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানেও দেখা মেলে তার। তবে কি অভিনয়ে ফিরবেন না মাহি?

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ অভিনেত্রী। তার কথায়, ‘মানুষের জন্য এর আগেও কাজ করেছি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকা চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদে মনোনয়ন কিনব ইনশাআল্লাহ।’
নেত্রী ও অভিনেত্রীর মধ্যে পার্থক্য টেনে মাহি আরও বলেন, ‘দুটি জীবন সম্পূর্ণ আলাদা। সিনেমার নায়িকারা সাধারণ মানুষের কাছ থেকে আড়ালে থাকেন। অন্যদিকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ রাজনীতিবিদ সাধারণ মানুষের কাছ থেকে আড়ালে নয়, বরং তাদের খুব কাছাকাছি থাকে।’
এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহিয়া মাহি। শুধু তাই নয়, আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন এই চিত্রনায়িকা। কিন্তু তাকে সেসময় মনোনয়ন দেওয়া হয়নি। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন তিনি।




দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে অমিতাভ-শাহরুখ!

বিনোদন ডেক্স: বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান একসঙ্গে অনেক সিনেমায় কাজ করছেন। শাহরুখ খান-অমিতাভ বচ্চন জুটি বক্স অফিসে ব্যাপক সফলতার প্রমাণও রেখেছে।
অমিতাভ-শাহরুখের ‘কাভি খুশি কাভি গাম’, ‘মহব্বতেঁ’কিংবা ‘বীর জরা’সিনেমা তুমুল জনপ্রিয়। তবে শেষবার তারা একসঙ্গে কাজ করেছিলেন ১৭ বছর আগে।
করণ জোহরের সিনেমা ‘কাভি আলভিদা না কাহনা’সিনেমায় তারা সব শেষ জুটি হয়ে কাজ করেছিলেন। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে আবারও এক সিনেমায় দেখা যাবে বলিউডের দুই মেগা স্টারকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একসঙ্গে দৌড়াচ্ছেন শাহরুখ-অমিতাভ। পরনে তাদের কালো সুট।
জানা গেছে, সিনেমার নাম নাকি ‘ওয়াদা’, যদিও তা এখনো নিশ্চিত নয়। সম্প্রতি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার প্রসঙ্গে শাহরুখ খানিকটা ইঙ্গিত দিয়েছেন মাত্র।
সম্প্রতি আস্কএসআরকে সেশনে অমিতাভ বচ্চনকে নিয়ে বেশ কিছু কথা বলেন শাহরুখ। আসলে এক অনুরাগী তাদের জুটি নিয়ে প্রশ্ন করলে উত্তরে শাহরুখ লেখেন, ‘এত বছর পর সিনিয়র বচ্চনের সঙ্গে কাজ করা খুব মজার ছিল। এই শুটিংটা আমার কাছে অনুপ্রেরণার। তার সঙ্গে কাজ করতে পারা আশীর্বাদের মতো। শুধু আপনাকে জানাতে চাই, দৌড়ে কিন্তু আমাকে উনি হারিয়ে দিয়েছেন।’
শাহরুখ খান সব কথা পরিস্কার করে না বললেও কিছুটা আভাস দিয়েছেন। তবে ১৭ বছর পর কি সত্যিই আবার জুটি বাঁধবেন তারা। উত্তরের অপেক্ষায় রয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা। তবে এই দুই মহাতারকার ভক্তরা তাদের কাছ থেকে নতুন কিছুর প্রত্যাশায় রয়েছেন।




ফাঁদে পা দিলেন পরীমণি!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। প্রায় চার বছর আগে শুরু হয় ‘পাফ ড্যাডি’র কাজ। শুরুতে এটি ছিল ওয়েব সিরিজ, পরিচালনায় ছিলেন মাসুদ হাসান উজ্জ্বল। তবে এরপরে উজ্জ্বল সরে যান, নির্মাণে যুক্ত হন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। আরও একটি পরিবর্তন এ প্রজেক্টে দেখা গেলো সম্প্রতি। সিরিজ হিসেবে শুটিং হলেও এটি মুক্তি পাচ্ছে সিনেমা ফরম্যাটে। আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গ-তে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।
এ যেন রহস্যে ঘেরা, অদৃশ্য এক শক্তির ছোঁয়া! আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে গড়ে উঠেছে ‘পাফ ড্যাডি’র গল্প। গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য। আর সেই ফাঁদে পড়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। যার প্রমাণ মেলে ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্মের ট্রেলারে।
সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক, সবাই সাহায্যের জন্য তার কাছে ছুটে আসে। এই ‘বাবা’র আশীর্বাদ পেলেই যেন জাদুকরী উপায়ে প্রসন্ন হয়ে যায় সবার ভাগ্য! এতে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরীমণি। যিনি তার সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন। তাদের অন্তরঙ্গ দৃশ্যও উঠে এসেছে সিনেমার ট্রেলারে। এছাড়া তরুণ রাজনীতিকের ভূমিকায় থাকা সজলের সঙ্গেও টিনা তথা পরীমণির ঘনিষ্ঠতা দেখা গেছে।
এদিকে সিনেমাটি নিয়ে পরিচালক সহিদ উন নবী বলেছেন, প্রতিটি মানুষের জীবনে একটা ফাদার ফিগার বা বস থাকে। তাদের আমরা ‘বাবা’ বলি। সাফল্য পাওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয়। কেউ মন থেকে সহযোগিতা করে, আবার কেউ নিজের সুবিধার জন্য করে। মানুষের জীবনে সেই বাবাদের প্রভাব নিয়েই ‘পাফ ড্যাডি’র গল্প।
এ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ।