ববিতা ৭২ বছরে, কোথায় কাটছে তার দিন?

ঢালিউডের কিংবদন্তি নায়িকা ববিতা আজ ৭২ বছরে পা দিয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় নাম, যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে তাঁর অভিনয় তাঁকে বিশ্বখ্যাত করেছে। ‘ডার্লিং অব রেড কার্পেট’ উপাধিতে সজ্জিত ববিতা বর্তমানে বেশিরভাগ সময় কাটান কানাডায়, একমাত্র ছেলে অনীকের সঙ্গে।

জন্মদিন বেশ কিছু বছর ধরে ছেলের সঙ্গে পালন করার চেষ্টা করেন ববিতা, যদিও গত বছর অসুস্থতার কারণে ছেলেকে ছাড়া বাংলাদেশেই দিনটি কাটাতে হয়েছিল। কানাডায় সময় কাটানোর ব্যস্ততার মাঝেও ছেলের সঙ্গে ঘুরতে যাওয়া ও ছবি তোলা তাঁর রোজকার একটি অংশ। দেশের মানুষকে অনেক মিস করেন তিনি।
১৯৫৩ সালে বাগেরহাটে জন্মগ্রহণ করা ববিতার আসল নাম ফরিদা আক্তার পপি। তাঁর বড় বোন সুচন্দা ছিলেন দেশের নামকরা চিত্রনায়িকা, যিনি ববিতার চলচ্চিত্র জীবনের বড় অনুপ্রেরণা। ১৯৬৮ সালে শিশুশিল্পী হিসেবে ‘সংসার’ ছবিতে অভিষেক হয় তাঁর, এরপর ‘শেষ পর্যন্ত’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৬৯ সালে।
ববিতার সর্বোচ্চ সফল সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নয়নমনি’, ‘বসুন্ধরা’, ‘বাঁদী থেকে বেগম’, ‘রামের সুমতি’, ‘পোকামাকড়ের ঘর বসতি’, ‘হাছন রাজা’ প্রভৃতি। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সর্বমোট সাতবার এবং ২০১৬ সালে পেয়েছেন আজীবন সম্মাননা।

যুক্তরাষ্ট্রের ডালাসে আয়োজিত চলচ্চিত্র উৎসবে তাঁর সম্মানে ‘ববিতা দিবস’ ঘোষণা করা হয়। ববিতা ২৫০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে সত্তর থেকে বর্তমান পর্যন্ত বহু সফল ও জনপ্রিয় ছবি রয়েছে।
বর্তমানে তিনি দেশের বাইরে থাকলেও শোবিজের সঙ্গে সংযোগ রেখেছেন এবং তরুণ প্রজন্মের কাছে এখনও আদর্শ নায়িকা।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম











