বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এইচএসসি পরীক্ষা, স্বাস্থ্যবিধিতে জোর

সারা দেশের মতো বরিশালেও শুরু হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছেন মোট ৬১ হাজার ২৫ জন পরীক্ষার্থী।
করোনাভাইরাস ও ডেঙ্গুর সাম্প্রতিক প্রাদুর্ভাব মাথায় রেখে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। পরীক্ষার্থীদের জন্য মাস্ক বিতরণ, হাত ধোয়ার জন্য সাবান ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ৫৫০ জন। এছাড়া জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৮৯ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। বরিশাল বোর্ডের অধীনে ৩৪৯টি কলেজের শিক্ষার্থীরা ১৪৪টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।
তিনটি বিভাগে পরীক্ষার্থীদের অংশগ্রহণের চিত্রঃ
- বিজ্ঞান বিভাগ: ১১,৮৪১ জন
- মানবিক বিভাগ: ৪৩,০০৯ জন
- ব্যবসায় শিক্ষা বিভাগ: ৬,১৭৫ জন
মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছেন ২৮,৭৯৪ জন এবং ছাত্রী ৩২,২৩১ জন। আগের বছরের মতো এবারও ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের চেয়ে বেশি।
পরীক্ষার্থীরা জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ যথেষ্ট অনুকূল ও স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশ করতে পারায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিভিন্ন কেন্দ্রে ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মধ্যে মাস্ক, কলম ও পানির বোতল বিতরণ করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দীকি জানিয়েছেন, “পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। করোনা ও ডেঙ্গুর সংক্রমণ রোধে কেন্দ্রগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








