ববিতে ভর্তি হতে না পারা ছাত্রীকে সহায়তা দিল ছাত্রদল

অর্থনৈতিক সংকটে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভর্তি হতে না পারা এক ছাত্রীকে মানবিক সহায়তা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীর দুরবস্থা প্রকাশ পাওয়ার পর বিষয়টি নজরে আসে ছাত্রদল নেতাদের। এরপরই তারা তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।
সোমবার (৩০ জুন) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ববি ছাত্রদলের নেতা মোশাররফ হোসেন। তিনি জানান, তার সঙ্গে কাইউম তালুকদার ও মেহেদী হাসান বাপ্পি মিলে ওই ছাত্রীকে ভর্তি সহ সকল আনুষঙ্গিক খরচ বহনের দায়িত্ব নিয়েছেন।
ছাত্রদল নেতা মোশাররফ হোসেন বলেন, “শিক্ষা কোনো বিলাসিতা নয়, এটি মৌলিক অধিকার। আর্থিক কারণে যেন কেউ পিছিয়ে না পড়ে, সেটাই আমাদের উদ্বেগের জায়গা। আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, শিক্ষার্থীদের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ একটি পরিবার।”
ছাত্রদল নেতা কাইউম তালুকদার বলেন, “ছাত্রদল বিশ্বাস করে, প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন পূরণে মানবিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই সহানুভূতির জায়গা থেকেই এগিয়ে এসেছি।”
মেহেদী হাসান বাপ্পি বলেন, “আমাদের নেতা তারেক রহমান দেশে অসংখ্য শিক্ষার্থীর পড়াশোনার খরচ গোপনে বহন করেন। তার পথ অনুসরণ করেই আমরা আজ এক শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পেরে গর্বিত।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতি করেছে এবং আগামীতেও ন্যায্য দাবিতে শিক্ষার্থীদের পাশে থাকবে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /








