এইচএসসিতে মেয়েদের পাসের হার বেশি, পিছিয়ে যাচ্ছে ছেলেরাল : প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এইচএসসিতে ছাত্রীদের পাসের হার বেশি, এটার জন্য ধন্যবাদ। সবসময় আমাদের শুনতে হয়— জেন্ডার ইকুয়ালিটি। এখন তো দেখি উল্টো হচ্ছে, ছেলেরা মেয়েদের থেকে পিছিয়ে যাচ্ছে। প্রতিবারই দেখি মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে। এখন ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে।



এইচএসসি সমমানের ফল প্রকাশ: গড় পাশের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ

চন্দ্রদীপ ডেস্ক : রোববার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল প্রকাশ করেন। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাশের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাশের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানেও ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হয়। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসির ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।




এইচএসসি ও সমমানের ফল হস্তান্তর সকাল ১০টায়

চন্দ্রদ্বীপ নিউজ :  এইচএসসি ও তার সমমানের পরীক্ষার ফলাফল আজ ২৬ নভেম্বর (রোববার) প্রকাশ করা হবে।



এইচএসসির ফল রোববার, অপেক্ষায় সাড়ে ১৩ লাখ পরীক্ষার্থী

চন্দ্রদ্বীপ নিউজ :  এইচএসসি ও সমমান পরীক্ষার ফল রোববার (২৬ নভেম্বর) প্রকাশ করা হবে। এ ফলের অপেক্ষায় রয়েছেন কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থী। ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন বিদেশ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩২৭ পরীক্ষার্থীও।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। পরে বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার  বলেন, ‘ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন। রোববার আনুষ্ঠানিকতা শেষে ফল প্রকাশ করা হবে।’

গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।

এদিকে, এবার পূর্ণ নম্বরের প্রশ্নপত্র ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে আইসিটি বিষয়ের পরীক্ষা ছিল ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে।

ফল জানা যাবে যেভাবে
ফলপ্রার্থী শিক্ষার্থীরা ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে খুব সহজেই ফল জানতে পারবেন।

শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী— এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

অন্যদিকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd-এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থীরা তার রেজাল্ট শিট দেখতে পাবেন।

কলেজগুলো যেভাবে ফলাফল শিট পাবে
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর ফলাফলের শিট পাবে, সেটাও জানিয়েছে শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ইংরেজি অক্ষরে লেখা রেজাল্ট কর্নালে ক্লিক করতে হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর অ্যান্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট ডাউনলোড করা যাবে।




বাউফলে বিদ্যালয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

মো: আল-আমিন (পটুয়াখালী):জেলার বাউফল উপজেলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১-২০২২ ইং অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) আমেনা কনষ্ট্রাকশন নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে ১ কোটি ৪ লাখ টাকা ব্যায়ে ওই বিদ্যালয়ের একটি উর্দ্ধমূখী ভবন নির্মাণ করে। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। বরং একাধিক স্থানের পলেস্তরা আঙ্গুলের খোঁচায় উঠে যাচ্ছে। নিম্মমানের কাঠ দিয়ে শ্রেণী কক্ষের দরজা তৈরি করা হয়েছে। একাধিক স্থানে পলেস্তরা না করেই চুন দিয়ে ঢেকে দেয়া হয়েছে। ঢালাইয়ের সময় ষ্টিল সাটারিং ব্যবহার না করায় ডিজাইন একে বেঁকে গেছে।

আলী হোসেন নামের এক অভিভাবক বলেন, নিম্মমানের উপকরণ দিয়ে নির্মাণকাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে তখন প্রতিবাদ করলেও ঠিকাদার কোনো কর্নপাত করেননি।

অবশ্য অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. মনু বলেন, নির্মাণ কাজে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তা ঠিক করে দেয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।

প্রকল্পের তদারকি কর্মকর্তা পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) উপ সহকারি প্রকৌশলী সম্রাট বাবর বলেন, অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




ঝালকাঠিতে প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে নারীপক্ষের মতবিনিময়

বরিশাল অফিস: ঝালকাঠিতে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে, এখনই (আরএইচআরএন ২), প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

প্রকল্পের কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে আয়োজিত এ সভায় চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশীদ, সমাজসেবা কর্মকর্তা মো.আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার, মেডিকেল অফিসার ডা. সুমিত কুমার মিত্র, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সাংবাদিক এস এম রেজাউল করিম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মহসিন আহম্মেদ, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন, তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের সমন্বয়কারী হাফিজা আক্তার ও উপদেষ্টা মন্ডলীর সদস্য রাফিউল ইসলাম।

এ সময় এনজিও প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, তারণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় কিশোর কিশোরীদের গোপনীয়তা বজায় রেখে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা প্রদানের আহ্বান জানানো হয়।




ফিলিস্তিনে হত্যা বন্ধে পটুয়াখালীতে শিশুদের মানববন্ধন

মো: আল-আমিন (পটুয়াখালী): ফিলিস্তিনের গাজায় ইসরাইলের শিশু হত্যা বন্ধের প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীতে মানববন্ধন করেছে স্কাইলার্ক স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থীরা।

রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় প্রতিষ্ঠানটির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় শিশুদের পাশাপাশি উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. জুবায়ের মামুন, সহকারী অধ্যক্ষ অভিজিৎ কর্মকার, শান্তনু দত্তসহ শিশুদের পরিবারের সদস্যরা।

এ সময় তারা অবিলম্বে শিশু হত্যা বন্ধ ও শিশুদের নিরাপদ জীবন নিশ্চিতের দাবি জানায়।




এবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গেছেন

চন্দ্রদীপ ডেস্ক : রেকর্ড সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে গেছেন। এ সংখ্যা ১৩ হাজার ৫৬৩ জন। গত বছরের তুলনায় তা ২৮% এরও বেশি। ২০২৩ সালের যুক্তরাষ্ট্রের ওপেন ডোরস প্রতিবেদনের বরাত দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।

২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ১৩তম স্থানে আছে। যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আড়াই হাজার। আগের বছরের তুলনায় বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ৫০% বেড়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়ালেখা করছেন।

সংখ্যার হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট পর্যায়ে অধ্যায়নরত বিদেশিদের মধ্যে সপ্তম শীর্ষ স্থানে আছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০০%-এর বেশি বেড়েছে।

২০১১-১২ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র তিন হাজার ৩১৪ জন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ক্রমবর্ধমান হারে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিতে দেখে আমরা আনন্দিত।

যুক্তরাষ্ট্রে ক্যাম্পাস জীবনে নিত্য নতুন গবেষণা থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের চমকপ্রদ অর্জন অব্যাহত রেখেছেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ১০ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গেছেন। তাদের মধ্যে ৫৩ শতাংশই গেছেন চীন ও ভারত থেকে। চীন থেকে গেছেন ২ লাখ ৮৯ হাজার ৫২৬ জন, আর ভারত থেকে ২ লাখ ৬৮ হাজার ৯২৩ জন। চীন থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে কিছুটা কমেছে।

তবে ভারত থেকে শিক্ষার্থী যাওয়ার ৩৫% বেড়েছে।




বাউফলে বিদ্যালয়ের গেইট নির্মাণে অনিয়মের অভিযোগ

বরিশাল অফিস: পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ২৫ নং মেহেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর ও গেইট নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯-২০২০ইং অর্থ বছরে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ওই বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর ও গেইট নির্মাণের জন্য দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

দরপত্র প্রক্রিয়া শেষে প্রকল্পটি বাস্তবায়নের জন্য গিয়াস উদ্দিন ও এসএইচ বিল্ডার্স (জেভি) নামের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ৭ লাখ ৫৭ হাজার টাকায় চুক্তি হয়। এরপর দীর্ঘদিন নির্মাতা প্রতিষ্ঠান কাজ শুরু না করে কালক্ষেপন করতে থাকে। এরইমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। কয়েকদিন আগে মেয়াদ বাড়িয়ে প্রকল্পটির কাজ শুরু করলেও নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ ওঠে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন খান বলেন, দীর্ঘদিন পর কাজ শুরু করলেও সঠিক নিয়মে কাজ করছে না ঠিকাদার। একাধিকবার সিডিউলের কপি চাওয়ার পরও আমাকে তা দেওয়া হয়নি।

তিনি বলেন, আরসিসি গেইট নির্মাণের শর্ত থাকলেও ব্রিকস (ইট) দিয়ে গেইট নির্মাণ করা হচ্ছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এভাবে চোখের সামনে পুকুর চুরি সহ্য করতে পারছি না।

আবদুর রহমান নামের এক ব্যক্তি বলেন, প্রতিদিন এই পথে যাওয়ার সময় নিম্মমানের ইট ও বালু দিয়ে কাজ করতে দেখি। কাজের নামে সরকারি টাকা এভাবে লুটপাট করা দুঃখজনক ব্যাপার।

একটি সূত্র জানায়, এলজিইডির উপজেলা প্রকৌশলীকে ম্যানেজ করে এভাবে ঠিকাদার নির্মাণকাজে অনিয়ম করছেন। অবশ্য ম্যানেজ প্রক্রিয়ার বিষয়টি অস্বীকার করে এলজিইডির উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, নির্মাণকাজে অনিয়ম হলে আমরা দেখবো। এটা নিয়ে পত্রিকায় লেখালেখি করলে লাভ কি? এসব খবর প্রকাশ করলে পত্রিকার ভাবমূর্তি নষ্ট হবে।




প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে ১ ডিসেম্বর

চন্দ্রদীপ নিউজ: সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার সময়সূচি পিছিয়ে ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে এই পরীক্ষাটি ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান তুহিন বলেন, ‘প্রথম পর্বে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের জন্য সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এই তিন বিভাগে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৭০০ জন। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন এবং তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ৩ লাখ ৪০ হাজারের অধিক প্রার্থী।