নকল করায় ৪১ পরীক্ষার্থীকে শাস্তি দিলো বরিশাল শিক্ষাবোর্ড

বরিশাল অফিস :: নকলের দায়ে বরিশালে ৪১ জন এইচএসসি পরীক্ষার্থীকে শাস্তি প্রদান করা হয়েছে। এরা সবাই ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছিলো। বোর্ডের শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন ধাপে এই সাজা প্রদান করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ও চন্দ্রদীপ নিউজকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শৃঙ্খলা কমিটির ৪০ তম সভার সিদ্ধান্ত মোতাবেক অপরাধের ধরণ ও প্রকৃতি অনুযায়ী দোষী সাব্যস্ত করে ক খ ও গ শ্রেণিভুক্ত করা হয়েছে।ক শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হয়েছে ৩৩ জন। এদের ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৪ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।

খ শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হয়েছে ৭ জন। এদের ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং ২০২৪ সালের পরীক্ষায়ও অংশ গ্রহণ করতে পারবে না। রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৫ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।

গ শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হয়েছে একজন। এই পরীক্ষার্থীর ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের পরীক্ষায়ও অংশ নিতে পারবে না সে। রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।




প্রাথমিকে শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা ২ ফেব্রুয়ারি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।  (মঙ্গলবার) গণশিক্ষা মন্ত্রণালয়ের‌ নতুন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



শীতে স্কুল বন্ধে যে নির্দেশনা দিল মাউশি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সারা দেশে তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে শিশুরা। এ কারণে তীব্র শীতে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে সেখানে স্কুল বন্ধ রাখা যাবে।



পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ২১০ শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী পৌরসভার ১৩০ বছরে এই প্রথম পৌরসভাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২১০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ১৫ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালী পৌরসভা প্রাঙ্গণে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও শিক্ষাবৃত্তি প্রদান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী প্রাক্তন কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় মেধাবী শিক্ষার্থী বৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, বাংলাদেশ রেলওয়ের সাবেক অডিটর জেনারেল রাধেশ্যাম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক মো. বাবুল হোসেন, অভিভাবক মো. তোফাজ্জেল হোসেন, অভিভাবক মো. আসাদুজ্জানান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহিদা আক্তার পারুল।

আরও বক্তব্য রাখেন কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন, কাউন্সিলর মো. নিজামুল হক, কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার, কাউন্সিলর মো. শাহরিয়াহ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. আল আমিন, সামিয়া আক্তার অন্তি, মো. হাসিবুল আহসান ও তানজিলা আক্তার।




সরকারি কলেজ তদারকি করবে জেলার পাবলিক বিশ্ববিদ্যালয় : মতবিনিময়ে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী প্রত্যেক জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এছাড়া জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজগুলো পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।



শিশু আয়ানের মৃত্যু: ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ

চন্দ্রদীপ নিউজ: খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় নিবন্ধন না থাকা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদফতরের এক অফিস আদেশে বলা হয়েছে, সাম্প্রতিককালে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের (৫+ বছর) মৃত্যুতে তার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের পরিচালকের (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) নেতৃত্বে ১০ জানুয়ারি হাসপাতালটি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়।

এছাড়া দপ্তরের অনলাইন ডাটাবেজ পর্যালোচনা এবং পরিদর্শনকালে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় যে, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল নামে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের নিকট নিবন্ধন/লাইসেন্স প্রাপ্তির জন্য কখনোই অনলাইন আবেদন করেনি।

প্রতিষ্ঠানটি কোনো প্রকার আইনানুগ নিবন্ধন অথবা লাইসেন্স ব্যতিরেকে চিকিৎসা সেবা নির্মাণাধীন ভবনে পরিচালনা করে আসছে, যা সরকারের প্রচলিত আইনের পরিপন্থী। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুপারিশক্রমে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে এ আদেশ জারি করা হলো।

এর আগে এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করেছেন এক আইনজীবী।




রজব মাসে রাসূল সা: যে আমল করতেন

চন্দ্রদীপ ডেস্ক : শুরু হয়েছে হিজরি মাস রজব। ‘রজব’ শব্দের অর্থ সম্মানিত। ইসলামপূর্ব জাহেলিয়াতের যুগে আরবরা এ মাসকে অন্য মাসের তুলনায় অধিক সম্মান করত। এজন্য তারা এ মাসের নাম রেখেছিল রজব।

ইসলাম আগমনের পর বছরে ১২ মাসের মধ্য থেকে রজবসহ ৪টি মাসকে ‘আশহুরে হুরুম’ তথা সম্মানিত মাস বলে ঘোষণা করা হয়। এ সম্পর্কে কুরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে গণনায় মাস ১২টি, তন্মধ্যে ৪টি (সম্মানিত হওয়ার কারণে) নিষিদ্ধ মাস, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান।’ (সূরা তাওবা, আয়াত : ৩৬)

এ মাস আসলে আল্লাহর রাসূল বিশেষ একটি আমল করতেন। হজরত আনাস ইবনে মালেক রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রজব মাস শুরু হলে হজরত রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন- `আল্লাহুম্মা বারিকলানা ফি রাজাবা ওয়া শাবান। ওয়া বাল্লিগনা রামাজান।’ অর্থ, ‘আয় আল্লাহ! রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দাও। আয় আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও (জীবন দাও)।’ (সুনানে নাসাঈ, হাদিস : ৬৫৯)

হজরত আবু বকর বলখি রহ: বলেন, ‘রজব ফসল রোপনের মাস। শাবান ফসলে পানি সেচ দেয়ার মাস। আর রমজান হলো- ফসল তোলার মাস।’ তিনি আরো বলেন, ‘রজব মাস ঠান্ডা বাতাসের মতো, শাবান মাস মেঘমালার মতো। আর রমজান মাস হলো- বৃষ্টির মতো।’ (লাতায়েফুল মাআরেফ: ১৪৩)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। অধিক নফল রোজা ও ইবাদতে কাটাতেন রজব ও শাবান মাস। তাই আমাদেরও কর্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে রজব মাসের হক আদায় করা। বেশি বেশি নফল নামাজ ও রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের তাওফিক দান করুক। আমিন।

লেখক : শিক্ষার্থী, আততাখাসসুস ফিল ইফতা, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা।




বরিশালের স্কুলগুলোতে এখনও পৌঁছায়নি ৭ লাখ বই

বরিশাল অফিস :: বরিশাল জেলার স্কুলগুলোতে এখনও পৌঁছায়নি প্রায় ৭ লাখ নতুন বই। শিক্ষা বিভাগ থেকে দ্রুতই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার কথা বলা হলেও তা আসেনি শিক্ষার্থীদের কাছে। সপ্তম,অষ্টম ও নবম শ্রেণির মোট ১১টি বই এখন পর্যন্ত পায়নি শিক্ষার্থীরা।

এদিকে সারা দেশের ন্যায় গত ১ জানুয়ারি বরিশালেও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এর পর থেকেই শুরু হয় নতুন কারিকুলামে পাঠদান পদ্ধতি। তবে মাধ্যমিক শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণির সব বই বিতরণ সম্পন্ন হলেও সপ্তম শ্রেণির দুটি, অষ্টম শ্রেণির তিনটি ও নবম শ্রেণির ছয়টি বই এখনো পায়নি শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নতুন বছরে বই পেলেও এখনও দুই-একটি বই পাইনি। এতে নতুন শিক্ষা কারিকুলামের মূল্যায়নে আমরা পিছিয়ে পড়ব। শুরুতে এসব বই হাতে পেলে আমরা উপকৃত হতাম।

বরিশাল জেলার ৪৬৯ মাধ্যমিক বিদ্যালয়,২৩৮টি দাখিল মাদ্রাসাসহ বেশ কিছু মাদ্রাসায় এ বছর বইয়ের চাহিদা ৩৭ লাখ ৯০ হাজার কপি। কিন্তু বই মিলেছে ৩১ লাখ ৯ হাজার কপি। এত বড় সংখ্যার বই সংকটে বিড়ম্বনায় শিক্ষকরাও।

হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান বলেন, শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত এসব বই পৌঁছে যাবে। সব বই না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা বার বার শিক্ষকদের কাছে জানতে চাইছে। এতে কিছুটা বিড়ম্বনা হচ্ছে।

বরিশাল জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গির হোসাইন বলেন, অল্প কিছু বই এখনও আসেনি সেগুলো দ্রুত এসে পড়বে। আশা করি আগামী সপ্তাহের মধ্যেই বই পৌঁছে যাবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।




সফলতার দশ বছরে পবিপ্রবিতে প্রফেশনাল এমবিএ

মো: আল-আমিন (পটুয়াখালী): দেশের দক্ষিণাঞ্চলে ‘পটুয়াখালী কৃষি কলেজ’-এর ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এ রূপান্তর শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক উদ্যোগ। এটি দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় যার প্রধান লক্ষ্যই ছিল এই গ্রামীণ অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার দুয়ার খুলে দেওয়া। বিভিন্ন অনুষদ, বিভাগ, প্রোগ্রাম সমন্বিতভাবে চালু করার কারণে সম্প্রতি উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নয়রের পথ আরও বেগবান হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ (বিবিএ) প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে। বর্তমানে অনুষদটিতে ৬টি বিভাগের অধীনে সর্বমোট ২৫ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। অনুষদের ৬ টি বিভাগের মাঝে ৪টি বিভাগ (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম) থেকে নিয়মিত স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ২০১৪ সালে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম প্রোগ্রাম চালু হয়। বর্তমানে এ প্রোগ্রামটি সফলতার দশ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পন করেছে। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে চালু হওয়া পবিপ্রবির প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম (যার পূর্বনাম-ইএমবিএ) থেকে এ পর্যন্ত ৪১২ জন শিক্ষার্থী এমবিএ ডিগ্রি অর্জন করেছে। বর্তমানে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ৮০ জন শিক্ষার্থী বিভিন্ন বর্ষে ও মেজরে অধ্যয়নরত আছেন।

৪র্থ সেমিস্টারে অধ্যয়নরত ছাত্র সাদমান ফয়জুল বলেন, ‘বর্তমানে চাকরির বাজারে কোনো ভালো চাকরির জন্যে যে সকল শর্ত দেওয়া থাকে, তার মাঝে শুরুতেই থাকে এমবিএ ডিগ্রির আবশ্যকতা। কাজের ক্ষেত্রে এ ডিগ্রি প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করে আসছে।’

এমবিএ ডিগ্রী প্রাপ্ত সাবেক শিক্ষার্থী ওমর ফারুক জানায়, ‘এ প্রোগ্রাম পেশাগত জীবনে খুবই কার্যকরী ভূমিকা পালন করছে।’

প্রোগ্রামটির দশ বছর পূর্তিতে ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন ও প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের সাবেক ডিরেক্টর প্রফেসর মো. জাকির হোসেন বলেন, ‘প্রফেশনাল এমবিএ প্রোগ্রামটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ব্যবসায় শিক্ষা ও কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিসহ গত ১০ বছর ধরে নানাবিধ যুগপযোগী চাহিদা পূরণ করে আসছে।’

ব্যবসায় প্রশাসন অনুষদের বর্তমান ডিন ও প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের উপদেষ্টা প্রফেসর আবুল বাশার খান বলেন, ‘প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বৃদ্ধি করেছে। পাশাপাশি ডিগ্রিধারী শিক্ষার্থীদের জ্ঞান, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা বৃদ্ধিতে সহয়তা করছে।’

‘প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম’ প্রশাসনিক কমিটির সদস্য মো. মমিন উদ্দিন বলেন, ‘এসডিজি-৪ কে মাথায় রেখে এ প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। এখানে বিভিন্ন পেশা ও পর্যায়ে কর্মরত ব্যক্তিরা তাদের পেশাগত উন্নতির লক্ষ্যকে সামনে রেখে প্রফেশনাল এমবিএ করেছেন এবং করছেন। এমবিএ ডিগ্রি প্রাপ্ত সাবেক শিক্ষার্থী যারা বরিশাল বিভাগে কর্মরত ছিলেন তাদের অধিকাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট এবং অন্যান্য নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এতে স্পষ্ট প্রতীয়মান হয়, পবিপ্রবির প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম কোয়ালিটি সম্পন্ন এবং লিডারশিপ গঠনের একটি আকর্ষণীয় প্লাটফর্ম।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘প্রফেসনাল এমবিএ প্রোগ্রামটা চাকরিজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে। চাকরিরত অবস্থায় দক্ষতার বৃদ্ধির জন্য এ প্রোগ্রাম চালু থাকা দরকার।’




বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বরিশাল অফিস :: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তার সহযোগীদের মারধরের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র ছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে আরও ১৪ জনকে।

শুক্রবার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিরাজ।

এর আগে. ৭ জানুয়ারি দুপুরে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হুমাহুম রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এরপর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির গত ১০ জানুয়ারি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, হিসাব বিজ্ঞান বিভাগের ইব্রাহিম খান শাওন, শরিফুল ইসলাম, একে আরাফাত। বাংলা বিভাগের রাকিবুল হাসান, তুষার রহমান, রাকিব হোসেন, পলাশ দাস। ইংরেজী বিভাগের তানজিদ মঞ্জু, সাইমুন হোসন, শাহারিয়ার শাকিল। ইতিহাস ও সভ্যতা বিভাগের ফারদিন খান। রসায়ন বিভাগের নাহিদ রাফিন ও নজরুল রিফাত। এছাড়া সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস, ২৬ নং ওয়ার্ডের বাসিন্দা হান্নান বাপ্পী, মামুন ফরাজী, শরিফুল ইসলাম। মামলায় আরো ১০ জন অজ্ঞাত আসামী রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিরাজ বলেন, হামলাকারী আসামীদের গ্রেফতারে আমরা অভিযান শুরু করেছি। এছাড়া পুরো ঘটনা তদন্ত কাজ শুরু করা হয়েছে। ঘটনার মূল ভূক্তভোগী মাসুম হাসপাতালে ভর্তি। তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তার বক্তব্য নেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দুপুরে রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হুমাহুম রেস্টুরেন্টে দুপুর আড়াইটার দিকে খাবারের বিল পরিশোধ করছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির। সঙ্গে তার মোটরসাইকেল চালক মাসুম ছিলেন। এই সময়ে স্থানীয় কয়েকজনের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ২৫/৩০ জনের একটি দল রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে প্রথমে কাউন্সিলরের মোটরসাইকেল চালক মাসুমকে মারধর শুরু করে। হামলাকারীরা স্প্রাইট-পেপসির কাঁচের বোতল দিয়ে মাসুমের মাথায় ও শরীরের আঘাত করে। এসময়ে পরিস্থিতি শান্ত করতে গেলে কাউন্সিলর হুমায়ূন কবিরকে ঘুষি ও লাথি মেরে নিচে ফেলে দেন। ঘটনার খবর পেয়ে হুইসেল বাজিয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগ।

তবে অভিযুক্ত আসামিদের দাবি, তারা ওই হোটেলে খাবার খেতে গেলে কয়েকজন ব্যক্তি এসে তারাতারি খাবার খেয়ে টেবিল ছাড়তে বলে। তাতে রাজি না হওয়ায় তর্কবিতর্কের এক পর্যায়ে আমাদের উপর হামলা চালানো হয়। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, রূপাতলীর একটি রেস্টুরেন্টে মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। কিন্তু মামলার আসামী করা তা আমি জানি না।

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা বাইরে কোন শিক্ষার্থী বিপদে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বদা পাশে পাবে। কিন্তু ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে অন্যায় কোন কাজে জড়িত হলে তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবে না। এই দায় শিক্ষার্থীকে নিজেকেই নিতে হবে।

অন্যায় করলে আইন আইনের গতিতে চলবে উল্লেখ করে ড. আব্দুল কাইউম বলেন, কোন শিক্ষার্থী ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কোন অঘটন ঘটালে তার দায় আমরা কেন নিবো? রূপাতলীর ঘটনায় মামলা হয়েছে। এখন প্রশাসন বিষয়টি দেখবে।