প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

বরিশাল অফিস :: পটুয়াখালির গলাচিপায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে কিশোর মারুফের (১৫) বিরুদ্ধে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত মারুফকে আসামি করে গলাচিপা থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। পরে অভিযুক্ত মারুফকে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ।

রাতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান বিষয়টি জানিয়েছেন।

মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামের মো. ফেরদাউস আকনের ছেলে মো. মারুফ, একই গ্রামের গলাচিপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। সপ্তম শ্রেণির ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত মারুফ। বুধবার বিকেলে ওই কিশোরী হরিদেবপুর থেকে বোনের বাড়িতে অটোরিকশায় করে রওনা দেয়। পথে বখাটে কিশোরও ওই অটোরিকশায় ওঠে। এ সময় সে কিশোরীকে বলে ‘তোকে পথে নামিয়ে দিয়ে, আমরা চলে যাবো’।

তবে কিছুদূর যাওয়ার পর অটোরিকশা থেকে নেমে যায় তারা। এরপর গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে ভয় দেখিয়ে, বড়াগাবুয়ার ‘খলিল খানের’ পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায় ভুক্তভোগী কিশোরীকে। সেখানে মারুফ ওই কিশোরীকে নানারকম ভয় দেখায়। রাতে কয়েকবার ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তাকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখে সে। পরে আবারও ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে এলাকাবাসীর মধ্যে জানাজানির ভয়ে বৃহস্পতিবার ভোরে কিশোরীকে, তার বাবার বাড়ির সামনে নামিয়ে দিয়ে মারুফ পালিয়ে যায়। এ সময় মারুফ ঘটনাটি কাউকে না জানানোর জন্য কিশোরীকে ভয় দেখিয়ে শাসিয়েও যায়।

এ বিষয়ে অভিযুক্ত মারুফের বাবা ফেরদাউস আকন বলেন, আমার ছেলে নবম শ্রেণিতে পড়ে। ঘটনার রাতেও আমার ছেলে বাড়িতে ছিল। কী ঘটেছে, আমি তা জানি না।

ওসি মো. ফেরদৌস আলম খান বলেন, ভিকটিমকে (ভুক্তভোগী) উদ্ধার করে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে, অভিযুক্ত মারুফকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

 




এমবিবিএস ভর্তি পরীক্ষার আজ ফল প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলফল। এ দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

তিনি জানান, ১১ ফেব্রুয়ারি (রোববার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে। এ নিয়ে ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার ১৯টি কেন্দ্রের মধ্যে ঢাকায় কেন্দ্র ছিল পাঁচটি, ঢাকার বাইরে ১৪টি। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি আসন এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট ছয় হাজার ২৯৫টি আসনের বিপরীতে এবার এক লাখ চার হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। সে হিসাবে প্রায় ১৯ জন আসনপ্রতি লড়বে। আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে অংশ নেন শিক্ষার্থীরা। সে ক্ষেত্রে আসনপ্রতি লড়ছেন প্রায় ৯ জন শিক্ষার্থী।

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) গতবারের মতো এবারও ৪০ রাখা হয়েছে। মাইগ্রেশনের জন্য তিনবার সময় পাবেন শিক্ষার্থীরা। বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য সব কলেজকে উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা সব কলেজে চয়েজ একবারে দিতে পারবেন, সরকারি মেডিকেল কলেজগুলোতেও একই নিয়ম বহাল।

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি থাকা দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ১০ নম্বর কাটা হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জেলা কোটা বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় নির্ধারিত সময়ে আসন পূরণ করা না গেলে সেসব আসনে সাধারণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।




দশমিনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ধোধন

মো: আল-আমিন (পটুয়াখালী): দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ে ৫৪ তম তিন দিন ব্যাপি ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি  সকাল ১০ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)নাফিজা নাজ নীরা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশমিনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অনুপ দাশ, বেতাগীসানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, সিনিয়র শিক্ষক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আহাম্মেদ ইব্রাহিম অরবিল,ওই ইউনিয়ন আ,লীগের সভাপতি মো.শাহ আলম হাওলাদারসহ, বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

এসময় তিন দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধনে কোরআন থেকে তেলোয়াত, গীতা পাঠ,  জাতীয় সঙ্গীতের সূরে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, ক্রীড়া মশাল প্রদক্ষিণ করা হয়।




পানিসম্পদ প্রতিমন্ত্রী উদ্যোগে শিক্ষার্থীদের পদ্মা সেতু ভ্রমণ

বরিশাল অফিস ::  পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র উদ্যোগে শনিবার ১০ ফেব্রুয়ারী সকাল ৮ টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (সদরগার্লস) এর সামনে থেকে স্কুলের শিক্ষার্থীদের স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণের আয়োজনে ৭ টি বাসে ভ্রমণ করে এসেছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল ৮ টায় নগরীর বগুড়া রোডস্থ সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে  দ্বিতীয় পর্যা‌য়ে ৪০০ জন‌ শিক্ষার্থী ৭ টি বাস যো‌গে পদ্মা সেতু দেখতে যায়। দ‌ক্ষিণাঞ্চলবাসীর স্ব‌প্নের পদ্মা সেতু দেখার সু‌যোগ ক‌রে দেওয়ায় খু‌শি সদরগার্লস স্কুলের শিক্ষার্থীরা।
এমন উ‌দ্যোগ নেওয়ায় প্রতিমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী সহ তাদের অভিবাবকরা।
জানা গে‌ছে, পদ্মা সেতু ভ্রম‌ণ আ‌য়োজ‌নের উ‌দ্বোধন নগরীর ৩০ নম্বর ওয়ার্ড থে‌কে শুরু হ‌লেও পর্যা‌য়ক্রমে ৩০‌টি ওয়ার্ড ও সদর উপ‌জেলার ১০ ইউনিয়নের দ‌রিদ্র মানুষ অর্থাৎ যা‌দের সামর্থ‌্য নেই স্ব‌প্নের পদ্মা সেতু‌কে দেখার তা‌দের নি‌য়ে যাওয়া হ‌বে পদ্মা সেতু‌তে। প্রতি‌টি ওয়ার্ড ও ইউনিয়ন থে‌কে বৃদ্ধ‌দের প্রাধান‌্য দি‌য়ে ৩শ জন ক‌রে পদ্মা সেতু ভ্রম‌ণে নেওয়া হ‌বে। প্রথম দি‌নেই ৬‌টি বা‌সে ৩শ জন পদ্মা সেতু ভ্রম‌নের উ‌দ্দে‌শে রওনা হ‌য়ে‌ছে। যা‌দের খাবার খরচ থে‌কে শুরু ক‌রে সব কিছুই বহন কর‌বেন আ‌য়োজক।
পদ্মা সেতু দেখ‌তে যাওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্তি দাস ব‌লেন, এত‌দিন টি‌ভি মোবাই‌লে পদ্মা সেতু দে‌খেছি। ত‌বে এবার নিজ চো‌খে পদ্মা সেতু দেখ‌তে যাওয়া বেশ খু‌শি ও আনন্দিত আমরা।
ইসরাত জাহান  ব‌লেন, বান্ধবীদের সবাই‌কে নি‌য়ে পদ্মা সেতু দেখ‌তে যা‌চ্ছি।
এই ভ্রম‌নের আ‌য়োজক পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী ও ব‌রিশাল সদর আস‌নের সংসদ সদস‌্য জা‌হিদ ফারুক শামীম ব‌লেন, এ‌দি‌কে যে সেতু নির্মা‌ণের কার‌ণে বি‌শ্বের বু‌কে বাংলা‌দেশ মাথা উঁচু ক‌রে দা‌ঁড়ি‌য়ে‌ছে সেই সেতু দেখার সু‌যোগ আমা‌দের অঞ্চ‌লের অ‌নে‌কেরই হয়‌নি। পদ্মা সেতুর কার‌ণে সব থে‌কে বে‌শি লাভবান হ‌য়ে‌ছে ব‌রিশা‌লের মানুষ। আর এই অঞ্চ‌লের যা‌দের পদ্মা সেতু দেখ‌তে যাওয়ার সামর্থ‌্য নেই তা‌দের পদ্মা সেতু ঘু‌রে দেখার সু‌যোগ ক‌রে দি‌য়ে‌ছি আ‌মি।
১২ সহস্রা‌ধিক মানুষ এই সু‌যোগ পাবে। বি‌শেষ ক‌রে দ‌রিদ্র বৃদ্ধ পুরুষ ম‌হিলা‌দের পদ্মা সেতু দেখা‌নোর জন‌্য গুরুত্ব দি‌চ্ছি আমরা। বাঙালির গর্ব অহংকার ও আত্মবিশ্বাসের প্রতীক পদ্মা সেতু দেখানোর এই আয়োজন নিম্ন আয়ের এসব মানুষের মনে তৈরি করবে নতুন স্বপ্ন। যে স্বপ্নে ভর করে পদ্মা সেতুর মতো মাথা উঁচু করে বাঁচার সাহস জাগবে তাদের মনে।



পবিপ্রবিতে অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র গড়ছে সরকার

মো: আল-আমিন (পটুয়াখালী): দেশের ভবিষ্যৎ সাফল্যের কথা চিন্তা করে গবেষণা ও উদ্ভাবনের উপরে গুরুত্ব বাড়াতে বাংলাদেশ সরকার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র গড়ে তুলতে চলেছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সুযোগ পাবে মানসম্পন্ন গবেষণা করার।

গত ৬ ফেব্রুয়ারি মিরপুরের ইয়ুথ টাওয়ারে এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সম্মেলনকক্ষে ইডিজিই প্রকল্প ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পৃথক পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উক্ত স্বাক্ষরতা অনুষ্ঠানে ইডিজিই প্রকল্প পবিপ্রবিতে আরআইসি প্রতিষ্ঠাসহ জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে ভালো গবেষণা ও উদ্ভাবনে অর্থায়ন করবে।

উল্লেখ্য যে, পবিপ্রবি ইতিমধ্যেই দেশের প্রথম জলহস্তীর পূর্ণাঙ্গ কঙ্কাল বানিয়ে দেশের শিক্ষাঙ্গনে সাড়া ফেলে দিয়েছে। এছাড়াও কৃষিক্ষেত্রে তাদের গবেষণা ব্যাপক অবদান রেখে চলেছে। এমন মুহূর্তে অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র গড়ার খবরে সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উচ্ছ্বসিত।

এ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব  সামসুল আরেফিন বলেন, আরআইসি প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো বাজার ভিত্তিক পণ্য ও সেবা উৎপাদন ও জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে সরকার, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সমন্বিত ও সহযোগিতা মূলক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করা। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।




কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় তরুণের করুণ মৃত্যু

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুমন মোল্লা নামে এক তরুণ আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিহতের বন্ধু আপন নামে আরো এক তরুণ।

শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনি সংলগ্ন সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বিকেলে আপন তার বন্ধু সুমন মোল্লাকে নিয়ে ওই পথে মাছ বাজারে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ছিটকে পরে দুই তরুণ। পরে হাসপাতালে নেয়া হলে সুমনের মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, খবর পেয়ে হাসাপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




দুমকিতে অধ্যক্ষসহ দুই শিক্ষকের বেতন-ভাতা স্থগিত

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে বিধিবহির্ভূত নিয়োগ, স্বেচ্ছাচারিতা, সহকর্মী শিক্ষিকার সঙ্গে অনৈতিক কার্যকলাপসহ নানা অপরাধে জড়িত থাকায় দুমকি উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসানুল হক ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এবাদুল হকের বেতন-ভাতা স্থগিত করেছে শিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক গত জানুয়ারি মাসের এমপিওতে কলেজটির সব শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা ছাড় করলেও অধ্যক্ষ আহসানুল হক ও প্রভাষক এবাদুল হকের বেতন-ভাতা স্থগিত করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ওই কলেজের অধ্যক্ষ আহসানুল হকের নিয়োগে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতি ও নারী কেলেংকারির অভিযোগের প্রমাণ মেলায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তার বেতন-ভাতা স্থগিত করেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অধিভুক্ত কলেজগুলোর পরিদর্শক সমন্বয়ে গঠিত দুই সদস্যের তদন্ত টিম সরেজমিন পরিদর্শন করে।
তদন্তকালে অধ্যক্ষ আহসানুল হকের নিয়োগ সংক্রান্ত নথিপত্র, কলেজের গভর্নিং বডি গঠন কার্যক্রমের নথি পর্যালোচনা, অভিযোগকারী অভিভাবক সদস্য, সাময়িক বরখাস্তের শিক্ষকসহ সংশ্লিষ্টদের লিখিত বক্তব্যে অভিযোগের প্রমাণ পেয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত টিম।

একই সঙ্গে ওই প্রতিবেদনে কলেজটির ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এবাদুল হকের নিয়োগের বৈধতা না থাকায় তার বেতন-ভাতা বন্ধেরও সুপারিশ করা হয়।




জুমার দিনে সূরা কাহ্ফ তেলওয়াতের ফজিলত

চন্দ্রদীপ ডেস্ক : জুমার দিনের বিশেষ আমল সূরা আল কাহ্ফ তেলওয়াতের অসামান্য ফজিলত বর্ণিত হয়েছে একাধিক হাদিসে।

নবী করীম স. বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে। (মিশকাত ২১৭৫)।

যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে। (মুসলিম)(মিশকাত)।

‘যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে, যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে।

আর যে ব্যক্তি উহার শেষ দশটি আয়াত পাঠ করবে, তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না। ’ (সিলসিলায়ে সহীহা -২৬৫১)।

যে ব্যক্তি জুমার রাত্রিতে সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য স্বীয় অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর হবে। ’ (সহীহ তারগীব ওয়াত্ তারহীব – ৭৩৬)।

জুমার দিনে সূরা কাহফ পাঠ করলে কিয়ামতের দিন তার পায়ের নীচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে এবং দুই জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হবে। (আত তারগীব ওয়াল তারহীব- ১/২৯৮)

জনৈক ব্যক্তি সূরা আল কাহফ পড়ছিল। তখন লোকটি তাকিয়ে দেখতে পেল একখণ্ড মেঘ তাকে পরিবেষ্টন করে নিয়েছে। বারা ইবনু আযিব বর্ণনা করেছেন যে, লোকটি বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এর কাছে বললেন। তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, হে অমুক তুমি সূরাটি পড়তে থাক। কারণ এটি ছিল আল্লাহর রহমাত বা প্রশান্তি যা কোরআন তেলাওয়াতের কারণে বা কোরআন তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছিল। (মুসলিম- ১৭৪২)।

অর্থাৎ এটা হলো আল্লাহ  তায়ালার পক্ষ থেকে ওই ‘সাকীনা’ বা প্রশান্তি যা কোরআন পাঠের সময় অবতীর্ণ হয়ে থাকে।

পবিত্র গ্রন্থ আল কোরআন বা এর যে কোন সূরা যে কোন সময় আমল করা যাবে। তবে আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট সময় দিয়েছেন যে সময়গুলোতে কিছু নির্দিষ্ট আমল করলে সওয়াব বেশি হয়।

তেমনি ভাবে সূরা কাহফ বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় সূরা কাহাফ পাঠ করলে হাদিস অনুযায়ী আমল করা হবে।

সূরা আল কাহ্ফ পবিত্র কোরআন শরীফের ১৮ নম্বর সূরা। এ সূরার আয়াত সংখ্যা ১১০টি এবং রুকুর সংখ্যা ১১টি। সূরা আল কাহাফ মক্কায় অবতীর্ণ তাই এটি মাক্কী সূরা।




দুমকিতে অজ্ঞাত রোগে ৬ শিক্ষার্থী অসুস্থ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে অজ্ঞাত রোগাক্রান্তে একই শ্রেণির ছয় শিক্ষার্থীর অসুস্থতায় স্কুলজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার দুমকি আপ্তুন্নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মীম ও বৃষ্টি আক্তার অসুস্থ হলে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর চার শিক্ষার্থীকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এতে স্কুলটির অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষ ছুটি দিলে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি যাওয়ার পথে মাহফুজা, রত্না ও কারিমাসহ একই শ্রেণির ছয়জন শিক্ষার্থী পর পর অসুস্থ হলে স্বজনরা তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দু’জনকে বরিশাল শেরে-ই-বাংলা (শেবাচিম) ও চারজনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে।

এ দিকে অসুস্থ ছাত্রীদের চিকিৎসার উদ্যোগ না নিয়ে স্কুল ছুটি দেয়ায় স্কুলকর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রশ্ন তুলেছেন অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা। এর আগের দিনও ওই স্কুলের দুই শিক্ষার্থী এভাবে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, এটি গণ হিস্টিরিয়া। কেউ এই গণহিস্টিরিয়া আক্রান্ত রোগীর সংস্পর্শ বা কাছাকাছি অবস্থানে আক্রান্ত হতে পারেন। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে যাবে।

দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার হেপি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ডিসি স্যারের মিটিংয়ে আছি। স্কুল থেকে আমাকে খবর জানানো হয়েছে। অসুস্থ ছাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াসমিন বলেন, খবর শুনেছি। ছয়ছাত্রী অসুস্থতার কারণে স্কুল ছুটি দেয়া হয়েছে। কিভাবে কেন অসুস্থ হলো তা স্কুল কর্তৃপক্ষ দেখছে। এ বিষয়ে শিক্ষা প্রশাসনের আপাতত: কোনো করণীয় নেই।




রমজানে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়ও

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রোজার মধ্যে খোলা থাকবে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে বাৎসরিক ছুটির তালিকা সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) আক্তারুন্নাহারের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

এর আগে মাধ্যমিক পর্যায়ের স্কুল রমজানের ১৫ দিন খোলা থাকবে বলে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার এতে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনক্রমে আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

জানা গেছে, গত ১২ ডিসেম্বর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ওই তালিকা অনুযায়ী- ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটি রাখা হয়েছিল। পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কিছু সরকারি ছুটির সমন্বয়ে দীর্ঘ এসময় ক্লাস বন্ধ রাখার কথা ছিল।

তবে তা থেকে সরে এসে নতুন সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম, অর্থাৎ ক্লাস চালু থাকবে।